× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফের চরমপন্থী আতঙ্কে ঝিনাইদহবাসী

অরিত্র কুণ্ডু, ঝিনাইদহ

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬ ১১:২৪ এএম

আপডেট : ০৩ অক্টোবর ২০২৬ ০৯:৪৭ এএম

ঝিনাইদহে চরমপন্থীদের সাম্প্রতিক কিছু ঘটনা আবারও পুরোনো আতঙ্ক সামনে এনেছে। প্রতীকী ছবি

ঝিনাইদহে চরমপন্থীদের সাম্প্রতিক কিছু ঘটনা আবারও পুরোনো আতঙ্ক সামনে এনেছে। প্রতীকী ছবি

একসময় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম চরমপন্থী অধ্যুষিত জেলা হিসেবে পরিচিত ছিল ঝিনাইদহ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক অভিযান, গ্রেপ্তার ও আত্মসমর্পণের মধ্য দিয়ে একপর্যায়ে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসে।

তবে সাম্প্রতিক কিছু ঘটনা আবারও পুরোনো আতঙ্ক সামনে এনেছে।

স্থানীয়দের অভিযোগ, নতুন করে চরমপন্থীদের তৎপরতা বাড়ছে। জোরপূর্বক বিল-বাঁওড় দখল, ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় এবং ঠিকাদারি কাজে হস্তক্ষেপের মতো অভিযোগও উঠেছে।

ফিরছে পুরোনো আতঙ্ক

স্থানীয় অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে, শৈলকুপা ও হরিণাকুণ্ডুর প্রত্যন্ত এলাকায় চরমপন্থীদের চলাচল, রাতের বৈঠক এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে।

এসব ঘটনার সবগুলোর সঙ্গে চরমপন্থী সংগঠনগুলোর জড়িত থাকার তথ্য পাওেয়া গেছে। এমনকি স্থানীয় একাধিক গোয়েন্দা সংস্থার প্রতিবেদনেও এসব তথ্য উঠে এসেছে।

১৯৯৯ সালে তৎকালীন সরকার সশস্ত্র চরমপন্থীদের নিয়ন্ত্রণে অভিযান ও আত্মসমর্পণ কার্যক্রম শুরু করে।

ওই বছরের ৩০ আগস্ট পর্যন্ত ঝিনাইদহে চরমপন্থী বাহিনীর ২২ জন প্রধানসহ ৫৬৪ জন সদস্য নামমাত্র অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেন। তবে শীর্ষ কয়েকজন নেতা আত্মগোপনে চলে যান।

পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে বিভিন্ন চরমপন্থী সংগঠনের বহু সদস্য নিহত হন।

চাঁদাবাজির অভিযোগ

অনুসন্ধানে স্থানীয় সূত্রগুলো জানায়, ঝিনাইদহ সদর ও শৈলকুপা এলাকায় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা সাকি ও আজগরের নেতৃত্বে একটি গ্রুপ সক্রিয় রয়েছে বলে অভিযোগ রয়েছে।

তাদের সহযোগী হিসেবে টোকন মিয়া ও আবু বকরের নামও স্থানীয়ভাবে আলোচিত।

অভিযোগ রয়েছে, সদর ও শৈলকুপার কয়েকটি এলাকার ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করা হচ্ছে। চাঁদা না দিলে গুলি ছোড়ার হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে।

হরিণাকুণ্ডুতে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা বিশ্বজিত কুমারের বিরুদ্ধে নারায়ণকান্দি বাঁওড় দখল এবং প্রবাসীদের পরিবারের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে।

অভিযোগ রয়েছে, কেউ চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে প্রকাশ্যে তাদের বাড়িতে বোমা হামলা করা হয়।

বিশ্বজিতের সদস্যরা সম্প্রতি সিঙ্গাপুর ও ইতালি প্রবাসীদের পরিবারের ৮ থেকে ১০ জনের কাছ থেকে একেক জনের কাছ থেকে ২ থেকে ১৮ লাখ টাকা পর্যন্ত আদায় করেছে বলেও অভিযোগ রয়েছে।

তবে এসব পরিবারের সদস্যরা প্রাণভয়ে আইনি ব্যবস্থা নিতে পারেনি। এমনকি তাদের অনেকেই ভয়ে এলাকা থেকে অন্যত্র বসবাস করছে বলেও অনুসন্ধানে উঠে এসেছে।

স্থানীয়দের দাবি, চাঁদা না দিলে বোমা হামলার ভয় দেখানো হয়। সম্প্রতি কয়েকটি প্রবাসী পরিবারের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা আদায়ের অভিযোগও পাওয়া গেছে।

ভয়ে মুখ খুলছেন না ভুক্তভোগীরা

নাম প্রকাশে অনিচ্ছুক শৈলকুপার বাগনি গ্রামের এক বাসিন্দা বলেন, “কয়েকদিন আগে বাজারে পাট বিক্রি করেছি। এজন্য আমার কাছে চিঠি দিয়ে বাহিনীর লোক ১ লাখ টাকা চাঁদা চেয়েছে। আমি ভয়ে ৫০ হাজার টাকা দিয়ে আসছি।

“এখন আবার বাকি টাকার জন্য চাপ দিচ্ছে। তারা বলেছে, থানা-পুলিশকে জানালে একবারে মেরে ফেলব। আমি পরিবার নিয়ে শঙ্কার মধ্যে রয়েছি।”

নাম প্রকাশে অনিচ্ছুক সিঙ্গাপুরপ্রবাসী হরিণাকুণ্ডুর এক বাসিন্দা বলেন, “মাসের প্রথম সপ্তাহে দাবিকৃত টাকা দিয়ে আসতে হয়। টাকা দিতে দেরি হওয়ায় আমার পরিবারের লোকজনের কাছে তাদের সদস্যরা গিয়ে ভিডিও কল করে নানা ধরনের ভয়ভীতি দেখায়।”

তিনি আরও অভিযোগ করেন, “টাকা দিতে দেরি হওয়ায় এর আগে আমার বাড়ির সামনে একবার বোমা হামলা করেছিল। তাই কাছে টাকা না থাকলেও ধার-দেনা করে যথাসময়ে তাদের টাকা পৌঁছে দিই।”

কঠোর নজরদারি আইনশৃঙ্খলা বাহিনীর

অভিযোগের বিষয়ে বিশ্বজিত কুমারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

তবে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আরেক আঞ্চলিক নেতা সাকি দাবি করেন, তিনি এসব কর্মকাণ্ড এখন আর করেন না এবং নিজ এলাকা ছেড়ে মাগুরার শ্রীপুরে বসবাস করছেন।

অপরাধ বিশ্লেষক লিয়াকত হোসেন বলেন, “শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে চরমপন্থীদের নিয়ন্ত্রণ করা যাবে না। এর পাশাপাশি সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে না পারলে এদের পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়।”

ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহম্মদ আশিস বিন্ হাছান বলেন, “চরমপন্থীদের পুনরুত্থান ঠেকাতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। তাদের তালিকা প্রস্তুত করা হয়েছে। চরমপন্থীদের যেকোনো ধরনের অপতৎপরতা কঠোরভাবে দমন করা হবে।”

তিনি আরও বলেন, “সম্প্রতি বেশ কয়েকজন চরমপন্থী সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা