আজিজুল ইসলাম
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬ ১০:৩০ এএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৬ ১০:৩১ এএম
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্যানোপি ও বহিরাঙ্গনে যাত্রীদের স্বজন ও দর্শনার্থীদের জন্য স্থাপিত ফ্লাইট ইনফরমেশন ডিসপ্লে সিস্টেমের (এফআইডিএস) ২৭টি মনিটরের মধ্যে ১১টি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্যানোপি ও বহিরাঙ্গনে যাত্রীদের স্বজন ও দর্শনার্থীদের জন্য স্থাপিত ফ্লাইট ইনফরমেশন ডিসপ্লে সিস্টেমের (এফআইডিএস) ২৭টি মনিটরের মধ্যে ১১টি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। ফলে ফ্লাইটের আগমন, বিলম্ব ও যাত্রী বের হওয়ার গেট সম্পর্কে তথ্য পেতে ভোগান্তিতে পড়ছেন দূর-দূরান্ত থেকে আসা স্বজনেরা। বারবার দৃষ্টি আকর্ষণের পরও এসব মনিটর সচল না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।
গতকাল মঙ্গলবার বিমানবন্দর এলাকা ঘুরে দেখা গেছে, আগত যাত্রীদের স্বজনদের সুবিধার্থে বিভিন্ন পয়েন্টে উঁচুতে স্থাপিত এলইডি স্ক্রিনগুলোর অধিকাংশই বন্ধ বা অকেজো। কোথাও স্ক্রিন সম্পূর্ণ কালো, আবার কোথাও যান্ত্রিক ত্রুটির কারণে কোনো তথ্য প্রদর্শিত হচ্ছে না। বিমান ল্যান্ড করেছে কি না, অবতরণে বিলম্ব আছে কি না কিংবা যাত্রী কোন গেট দিয়ে বের হবেনÑ এসব তথ্যের জন্য বাইরে অপেক্ষমাণ স্বজনদের অন্যতম ভরসা ছিল এসব মনিটর। সেগুলো বন্ধ থাকায় ঘণ্টার পর ঘণ্টা রোদ-বৃষ্টি মাথায় নিয়ে অপেক্ষা করতে হচ্ছে তাদের।
বিমানবন্দরের আন্তর্জাতিক টার্মিনাল ১ ও ২, অভ্যন্তরীণ টার্মিনাল এবং যাত্রী বিশ্রামাগারে ঘুরে দেখা যায়, বিজ্ঞাপনের জন্য স্থাপিত মোট ১৭টি ডিসপ্লে সচল রয়েছে। অন্যদিকে ছোট-বড় মিলিয়ে ফ্লাইট ইনফরমেশন ডিসপ্লের সংখ্যা ২৭টি। এর মধ্যে ১১টিই বন্ধ। টার্মিনাল ১-এর নিচতলায় থাকা দুটি মনিটরের দুটিই বন্ধ রয়েছে।
মালয়েশিয়া প্রবাসী ভাইকে নিতে আসা কুমিল্লার শফিকুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, সেই ভোরে এসেছি। বিমান ল্যান্ড করেছে কি না, তা জানার কোনো উপায় নেই। বাইরের মনিটরগুলোতে ফ্লাইট শিডিউল দেখানোর কথা, সেগুলো বহুদিন ধরে বন্ধ। কাকে জিজ্ঞেস করলে জানতে পারব, তাও জানি না। আধুনিক বিমানবন্দরের নামে যদি এই সাধারণ ডিসপ্লেগুলোও সচল রাখা না যায়, তবে তা সত্যিই দুঃখজনক।
যাত্রী অধিকার রক্ষা কর্মীদের মতে, বিমানবন্দরের বাইরে অপেক্ষমাণ দর্শনার্থীদের সঠিক তথ্য পাওয়ার সুযোগ থাকা উচিত। তাদের ভাষ্য, এত বড় একটি আন্তর্জাতিক বিমানবন্দরে মাসের পর মাস গুরুত্বপূর্ণ ডিসপ্লে বোর্ড নষ্ট হয়ে থাকা প্রশাসনিক অবহেলা ও অব্যবস্থাপনার বহিঃপ্রকাশ।
এদিকে টার্মিনাল ২-এর একটি এফআইডিএস মনিটর সচল থাকলেও এর লেখাগুলো কাঁপছিল। এ অবস্থা দেখিয়ে সৌদি প্রবাসীর ভাই নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে আসা মো. হাসান বলেন, দেখেন অবস্থা। মনিটর আছে, কিন্তু লেখাগুলো কাঁপছে।
ক্যানোপির মেঝেতে বৃষ্টির পানি জমে ভিজে থাকার বিষয়টি দেখিয়ে তিনি বলেন, এই যদি হয় আমাদের দেশের সবচেয়ে বড় ও ব্যস্ত বিমানবন্দরের অবস্থা, তাহলে অন্য দেশ থেকে ভ্রমণে আসা যাত্রীরা কী বার্তা পাবে?
রোমে আটকা বাংলাদেশ বিমানের ২৫৯ যাত্রীর একজন গুলশানের ড. মেহরাব বিন বখতিয়ার। রবিবার তাকে রিসিভ করতে বিমানবন্দরের টার্মিনাল ২-এর ক্যানোপিতে অপেক্ষা করছিলেন তার ৭৫ বছর বয়সী বাবা শেখ বখতিয়ার হোসেন। তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, বাবা, তুমি দেখো, বাইরে বসে তো বসে থাকার জায়গা নেই। গত ৪০ ঘণ্টা ঘরে আমাদের সন্তানেরা রোমে আটকা। একে তো সার্ভিস ভালো না, তার মধ্যে আবার এখানেও এলইডি (এফআইডিএস) ভাঙা।
বিমানবন্দর থেকে নিয়মিত যাত্রী পরিবহনকারী এক প্রাইভেটকার চালক নাম প্রকাশ না করার শর্তে প্রতিদিনের বাংলাদেশকে বলেন, যে এলইডি (এফআইডিএস) ভাঙা দেখছেন, ওইটা জুলাই অভ্যুত্থানের পরপরই উৎসুক জনতা ভেঙে ফেলেছেন। কারণ ওখানে বঙ্গবন্ধুর ছবি দেখানো হতো।
এ বিষয়ে জানতে চাইলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, এফআইডিএস মনিটরগুলো ইলেকট্রনিকস প্রোডাক্ট। নিয়মিতই সার্ভিসের একটি বিষয়। ওগুলো আমাদের নজরে আনার জন্য আপনাদের ধন্যবাদ।
তবে বিমানবন্দরের টার্মিনাল ১-এর সামনে আন্ডারপাসের কাজে নিয়োজিত এক শ্রমিক ভিন্ন কথা বলেন। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, আমরা দীর্ঘদিন হলো এখানে কাজ করছি। কাজের কারণে কাজের এরিয়া টিন দিয়ে আড়াল করে রাখা হয়েছে। যার কারণে এক নম্বর টার্মিনালের সামনের অংশ ঢেকে যায়। তারপর থেকেই মনিটরগুলো বন্ধ আছে।
শুধু তা-ই নয়, টিন দিয়ে ঢাকা পড়ার কারণে টার্মিনাল ও ওই টিনের দেয়ালের মাঝে একটি সরু পথ তৈরি হয়েছে বলেও জানান তিনি। সেখানে নেশাগ্রস্ত লোকজনের আনাগোনা হয় বলেও অভিযোগ করেন তিনি। এ সময় ওই সরু পথে দুইজনকে শুয়ে থাকতে দেখা যায়।
এ বিষয়ে জানতে চাইলে রাগীব সামাদ বলেন, আমি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বলছি। আশা করি সমাধান হবে। তবে ছিন্নমূল লোকজনকে সরিয়ে দিলে তারা আবার ফিরে আসেন উল্লেখ করে তিনি বলেন, হয়তো কোনো কারণে শৃঙ্খলায় নিয়োজিত লোকজনের নজরে আসেনি।