স্পটলাইট
বোরহানউদ্দিন মাহমুদ
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬ ০৯:৪৭ এএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৬ ০৯:৪৮ এএম
সংস্কারের পর পুরান ঢাকার ফরাশগঞ্জে অবস্থিত ঐতিহাসিক ‘লালকুঠির ঘাট’। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
একসময় এখানে ভিড়ত পণ্যবাহী নৌকা। পদচারণা ছিল রবীন্দ্রনাথেরও। ডিএসসিসির সংস্কার উদ্যোগে প্রাণ ফিরে পাওয়ার আশায় পুরান ঢাকার আত্মপরিচয়ের অনন্য স্মারক লালকুঠির ঘাট। লিখেছেন বোরহানউদ্দিন মাহমুদ
দেড়শ বছর আগে বুড়িগঙ্গার বুকে ভেসে থাকা নৌকার সারি, বণিকদের হাঁকডাক আর দেশি-বিদেশি অতিথিদের পদচারণায় মুখর থাকত যে ঘাট, আজ তা কেবলই এক নিস্তব্ধ স্মৃতি। পুরান ঢাকার ফরাশগঞ্জে অবস্থিত ঐতিহাসিক ‘লালকুঠির ঘাট’ একসময় ছিল ঢাকায় প্রবেশের অন্যতম প্রধান জলদ্বার এবং বাণিজ্যিক ও সাংস্কৃতিক প্রাণকেন্দ্র। কালের আবর্তনে সড়কপথের বিস্তার আর নদীর নাব্যতা সংকটে ঘাটটি তার জৌলুস হারালেও, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাম্প্রতিক সংস্কার উদ্যোগে নতুন করে প্রাণ ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছে পুরান ঢাকার আত্মপরিচয়ের এই অনন্য স্মারক।
ফরাশগঞ্জে অবস্থিত ঐতিহাসিক নর্থব্রুক হলের সামনের এই ঘাটই আজকের লালকুঠির ঘাট। ১৮৭৪ সালে ভারতের তৎকালীন গভর্নর জেনারেল লর্ড নর্থব্রুকের সম্মানে এই হলটি নির্মিত হয়। ভবনের লাল ইট ও লালচে রঙের কারণে স্থানীয়রা একে ‘লালকুঠি’ নামে ডাকতে শুরু করে। সময়ের সঙ্গে সঙ্গে ভবনের সামনের ঘাটটিও ‘লালকুঠির ঘাট’ নামে পরিচিত হয়ে ওঠে।
একসময় বুড়িগঙ্গাই ছিল ঢাকার প্রধান মহাসড়ক। নারায়ণগঞ্জ, বিক্রমপুর, বরিশাল, চাঁদপুর, খুলনাসহ দেশের দক্ষিণাঞ্চল থেকে পণ্যবাহী নৌকা এসে ভিড়ত এই ঘাটে। পাট, চাল, কাপড়, মসলা, নীল ও কাঠসহ নানা পণ্য এখান দিয়ে ঢাকার বাজারে প্রবেশ করত। ঘাটজুড়ে সারাক্ষণ থাকত কুলি, মাঝি, ব্যবসায়ী ও যাত্রীদের ব্যস্ততা। নদীর ধারেই গড়ে উঠেছিল আর্মেনীয়, ফরাসি ও দেশীয় ব্যবসায়ীদের গুদাম ও আবাসিক ভবন। নদীকে কেন্দ্র করে লালকুঠির ঘাট হয়ে উঠেছিল আন্তর্জাতিক বাণিজ্যের এক গুরুত্বপূর্ণ সংযোগস্থল।
সংস্কৃতির প্রাণকেন্দ্র ও রবীন্দ্র-স্মৃতি
লালকুঠি কেবল একটি প্রশাসনিক বা বাণিজ্যিক ভবন ছিল না; এটি ছিল তৎকালীন ঢাকার সংস্কৃতিরও অন্যতম কেন্দ্র। রবীন্দ্র গবেষক আহমদ রফিক তার ‘বাংলাদেশে রবীন্দ্রনাথ’ গ্রন্থে লালকুঠির সাংস্কৃতিক গুরুত্বের কথা তুলে ধরেছেন। ইতিহাসবিদদের তথ্যমতে, ১৯২৬ সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে ঢাকায় যে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছিল, তার অন্যতম আয়োজন ছিল এই নর্থব্রুক হলে। ধারণা করা হয়, সে সময় নদীপথে আগত অনেক অতিথিও এই লালকুঠির ঘাট ব্যবহার করেছিলেন। এখানে নিয়মিত নাটক মঞ্চস্থ হতো, বসত সাহিত্য সভা। এমনকি ষাটের দশকে বর্ষীয়ান অভিনেতা প্রবীর মিত্রও এখানে নাট্যচর্চার সঙ্গে যুক্ত ছিলেন।
প্রবীণদের চোখে হারানো স্মৃতি
কালের পরিক্রমায় লালকুঠির ঘাটের সেই প্রাণচাঞ্চল্য আজ আর নেই। ৮৫ বছর বয়সী ব্যবসায়ী মিজানুল হক দীর্ঘশ্বাস ফেলে প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘একসময় বিকালের পর পরিবার নিয়ে অনেকে নদীর পাড়ে হাঁটতে আসতেন। উৎসবের দিনে নৌকাবাইচ, আলোকসজ্জা এবং নানা আয়োজন দেখা যেত। নদীর বাতাস আর লালকুঠির নান্দনিক স্থাপত্য মিলে এটি ছিল পুরান ঢাকার অন্যতম আকর্ষণ।’
ফরাশগঞ্জ এলাকার ৭৮ বছর বয়সী আরেক প্রবীণ বাসিন্দা মো. আব্দুল আওলাদের কণ্ঠেও একই আক্ষেপ। তিনি এই প্রতিবেদককে বলেন, ‘ ছোটবেলায় সকাল থেকে রাত পর্যন্ত নৌকার আনাগোনা দেখেছি। দূরদূরান্ত থেকে মানুষ এই ঘাটে নেমে শহরে যেত। আজ তার অনেকটাই হারিয়ে গেছে। তবে ভবনটির সংস্কার হচ্ছে, এখন ঘাট ও চারপাশের পরিবেশ সংরক্ষণ করা গেলে নতুন প্রজন্ম অন্তত ইতিহাসটা জানতে পারবে।’
নতুন দিনের হাতছানি
দীর্ঘদিনের অবহেলা, অযত্ন ও পরিবেশগত ক্ষতির পর নতুন রূপে ফিরছে ঐতিহাসিক লালকুঠি। ব্রিটিশ আমলের এই ঐতিহ্যবাহী স্থাপনাটির স্থাপত্য বৈশিষ্ট্য অক্ষুণ্ন রেখে সংরক্ষণ ও সংস্কারের উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ভবনটি সংরক্ষিত প্রত্নসম্পদ হওয়ায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরও এর সংরক্ষণ কার্যক্রমে কারিগরি সহায়তা ও নিবিড় তদারকি করছে।
নগর পরিকল্পনাবিদ ও ঐতিহ্যপ্রেমীরা মনে করেন, শুধু ভবন সংস্কারই যথেষ্ট নয়, এর আশপাশের ঐতিহাসিক পরিবেশও সংরক্ষণ করা জরুরি। আহসান মঞ্জিল, রূপলাল হাউস, ওয়াইজ ঘাট, ফরাশগঞ্জ এবং লালকুঠিকে এক সুতোয় গেঁথে একটি সমন্বিত হেরিটেজ ট্রেইল গড়ে তোলা সম্ভব। এতে দেশি-বিদেশি পর্যটকদের কাছে পুরান ঢাকার ইতিহাস ও সংস্কৃতি আরও আকর্ষণীয়ভাবে তুলে ধরা যাবে, যা স্থানীয় অর্থনীতিতেও নতুন গতি আনবে।
আজ বুড়িগঙ্গার কালচে জলের পাশে লালকুঠির ঘাটে দাঁড়ালে চোখে পড়ে ব্যস্ত নগরজীবন। কিন্তু নদীর ঢেউয়ের শব্দের আড়ালে কান পাতলে যেন আজও শোনা যায় স্টিমারের হুইসেল, মাঝিদের হাঁকডাক আর পুরান ঢাকার সোনালি দিনের গল্প। লালকুঠির ঘাট তাই কেবল অতীতের স্মৃতি নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য ঢাকার আত্মপরিচয় ধরে রাখার এক অমূল্য দলিল।