গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ বহু ফাইলের হদিস মিলছে না। এর মধ্যে আওয়ামী লীগ সরকারের সময় নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের বাস্তবায়ন, চুক্তি, অফিস আদেশ, প্রজ্ঞাপন, অনুমোদন, গোয়েন্দা তথ্য-উপাত্ত, রাজনৈতিক কর্মকাণ্ড, নিয়োগ-বদলি ও ব্যয় সংক্রান্ত নথি রয়েছে বলে মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে। সূত্র বলছে, ২০২৪ সালের ৫ আগস্টের আগেই এসব ফাইল সরিয়ে ফেলা হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে কোনো তদন্ত বা আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, তা জানা যায়নি।
মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বিশেষ করে রাজনৈতিক প্রভাবের অভিযোগ থাকা সিদ্ধান্তগুলোর নথি বেশি খুঁজে পাওয়া যাচ্ছে না। পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকার সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে গিয়ে এসব নথির অনুপস্থিতির বিষয়টি জানতে পারে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি শাখায় আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের আবেদন ও অনুমোদন সংক্রান্ত নথি খুঁজতে গিয়ে বিষয়টি নতুন করে সামনে আসে। সংশ্লিষ্ট শাখায় খোঁজ করেও আগের সময়ের কোনো নথিসহ ফাইল পাওয়া যায়নি। ফলে আওয়ামী লীগ সরকারের সময় কতজনের অনুকূলে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়ার অনুমোদন হয়েছিল, সে তথ্যও পাওয়া যায়নি। দেশে কতটি বৈধ অস্ত্রের ব্যবহার হচ্ছে, সেই পরিসংখ্যানও মেলেনি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এর পরিপ্রেক্ষিতে নতুন করে ফাইল সৃজন করা হয়। পরে গত ১ মার্চ সব জেলার জেলা প্রশাসকের (ডিসি) কাছে চিঠি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ১৬ বছরে কতটি অস্ত্রের লাইসেন্স ইস্যু করা হয়েছে, তা ১৮ মার্চের মধ্যে জানাতে বলা হয়। পাশাপাশি রাজনৈতিক বিবেচনায় বা নীতিমালা-বহির্ভূতভাবে লাইসেন্স দেওয়া হয়েছে কি না, তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট জেলার ডিসিকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। পরে দফায় দফায় তাগাদা দিয়ে ডিসিদের কাছ থেকে প্রতিবেদন নেয় মন্ত্রণালয়।
ডিসিদের পাঠানো তথ্য অনুযায়ী, ওই সময়ে ১৯ হাজার ৭১৯টি অস্ত্রের লাইসেন্স ইস্যু করা হয়েছিল। এর মধ্যে শটগান ৭ হাজার ২৭৫টি, বন্দুক ৫ হাজার ৫৩৩টি, পিস্তল ৫ হাজার ৩১৪টি, রিভলবার ৬১৪টি ও রাইফেল ৯৮৩টি। প্রতিবেদনে বলা হয়েছে, সিংহভাগ লাইসেন্স ওই সময়ের ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নামে ইস্যু হয়েছিল।
এর আগে গত ২৩ ফেব্রুয়ারি আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকের পর সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছিলেন, নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকার বৈধ অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দিলেও ১০ হাজারের বেশি অস্ত্র জমা পড়েনি। এসব অস্ত্র আইনানুগভাবে অবৈধ হয়ে গেছে। আওয়ামী লীগ আমলে দেওয়া লাইসেন্সগুলো পর্যালোচনার সিদ্ধান্ত হয়েছে বলেও তিনি জানান। লাইসেন্সধারী কারা, যথাযথ প্রক্রিয়ায় লাইসেন্স দেওয়া হয়েছে কি না এবং আইন অনুসারে তারা লাইসেন্স পাওয়ার উপযুক্ত কি নাÑ এসব যাচাই করা হবে বলে তিনি জানিয়েছিলেন।
ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। ওই বছরের আগস্টে সরকার আগ্নেয়াস্ত্রের সব লাইসেন্স স্থগিত করে এবং অস্ত্রগুলো ৩ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার নির্দেশ দেয়। নির্দেশনায় বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে অস্ত্র জমা না দিলে সংশ্লিষ্ট লাইসেন্স স্বয়ংক্রিয়ভাবে অবৈধ হিসেবে বিবেচিত হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, শুধু আগ্নেয়াস্ত্রের ফাইল নয়, আরও নথি খুঁজতে গিয়ে বিগত দিনের বিভিন্ন কার্যক্রমের ফাইল না থাকার বিষয়টি সামনে আসে। আওয়ামী লীগ সরকারের সময় নেওয়া বিভিন্ন উদ্যোগ ও রাজনৈতিক কর্মকাণ্ড সংক্রান্ত ফাইলও মন্ত্রণালয়ের হাতে নেই। পুলিশের বিভিন্ন স্তরের নিয়োগ ও পদায়ন, পদাবনতি এবং চাকরিচ্যুতি-সংক্রান্ত ফাইলও পাওয়া যাচ্ছে না। বিভিন্ন অধিদপ্তর, সংস্থা ও অনুবিভাগের গুরুত্বপূর্ণ নথিও এই তালিকায় রয়েছে।
সূত্র বলছে, বহিরাগমন অনুবিভাগের মাধ্যমে বিদেশিদের বাংলাদেশে আসা-যাওয়া এবং ভিসা প্রদানের মতো গুরুত্বপূর্ণ নথিরও খোঁজ পাওয়া যাচ্ছে না। বিশেষ করে প্রতিবেশী ভারতের নাগরিকদের বাংলাদেশে আসা-যাওয়া ও ভিসা-সংক্রান্ত নথির বিষয়ে তথ্য পাওয়া যায়নি। বিগত বছরগুলোতে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বাংলাদেশে ভারতীয় নাগরিকদের আনাগোনা বেড়ে যাওয়ার অভিযোগ করা হলেও কতজন ভারতীয় নাগরিক এবং কথিত গুপ্তচর বৈধভাবে ভিসা নিয়ে বাংলাদেশে এসেছিলেন, সে-সংক্রান্ত তথ্যসমৃদ্ধ নথিও মন্ত্রণালয়ের হাতে নেই বলে সূত্রের দাবি।
এ ছাড়া আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন চুক্তি করা-সংক্রান্ত ফাইল এবং বিভিন্ন প্রকল্পে কত টাকা ব্যয় হয়েছে, তার নথিও পাওয়া যাচ্ছে না। এসব ফাইলের বেশিরভাগেরই আর্থিক সংশ্লিষ্টতা ছিল বলে ধারণা করা হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তা প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ফাইল গায়েবের ঘটনায় বিগত অন্তর্বর্তী সরকারের সময় কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি; বর্তমানেও নেওয়া হচ্ছে না। তবে সব নথি প্রস্তুত করে সমসাময়িক ফাইল সৃজন করা হচ্ছে। অনেক ফাইল সৃজনের পর কাজও যথারীতি চলছে বলে তিনি উল্লেখ করেন।
সরকারি বা প্রাতিষ্ঠানিক গুরুত্বপূর্ণ ফাইল হারিয়ে যাওয়াকে অনেক ক্ষেত্রে অনিয়ম, দুর্নীতি বা তথ্য গোপনের সম্ভাব্য লক্ষণ হিসেবে দেখা হয়। অতীতে সংসদ সচিবালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, রাজউক ও জেলা পরিষদসহ বিভিন্ন দপ্তরে ফাইল উধাও হওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় তদন্ত ও সাধারণ ডায়েরি (জিডি) করার নজিরও রয়েছে। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, বর্তমান ঘটনায় এখন পর্যন্ত তদন্ত বা জিডির কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
এর আগে আওয়ামী লীগ সরকারের পতনের পর সংসদ সচিবালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি, ডাক ও টেলিযোগাযোগ-সম্পর্কিত স্থায়ী কমিটি, অর্থ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিসহ অন্তত ১০টি স্থায়ী কমিটির শতাধিক ফাইল গায়েব হওয়ার ঘটনা ঘটেছে।
গত বছরের সেপ্টেম্বরের শেষদিকে জুলাই অভ্যুত্থানের অন্যতম তরুণ নেতা ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন। বিএনপির এই নেতা তার বিরুদ্ধে বাসায় নিয়ে গুরুত্বপূর্ণ ফাইল গায়েব করার অভিযোগ করেন।
বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মানবসম্পদ ও জীবনের নিরাপত্তা প্রদান, উদ্ধার অভিযান ও তৎপরতা, অপরাধ দমন, অপরাধী শনাক্তকরণ, জল ও স্থলসীমান্ত নিরাপত্তা, চোরাচালান রোধ, প্রবাস ও অভিবাসন-সংক্রান্ত নীতিমালা ও চুক্তি প্রণয়ন, মাদকদ্রব্যের অপব্যবহার ও চোরাচালান রোধ এবং মানব পাচার রোধসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।
মন্ত্রণালয়ের অধীনে ১০টি অধিদপ্তর ও সংস্থা রয়েছে। এ ছাড়া প্রশাসন ও অর্থ অনুবিভাগ, রাজনৈতিক অনুবিভাগ, নিরাপত্তা অনুবিভাগ, বহিরাগমন অনুবিভাগ, পুলিশ অনুবিভাগ, আনসার ও সীমান্ত অনুবিভাগ, অগ্নি-অনুবিভাগ, কারা অনুবিভাগ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অনুবিভাগ, উন্নয়ন অনুবিভাগ, আইন অনুবিভাগ, শৃঙ্খলা অনুবিভাগ, মেডিকেল অনুবিভাগ এবং জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগসহ একাধিক অনুবিভাগ রয়েছে। বিদেশের বিভিন্ন মিশনে প্রেষণে পদায়ন করা কর্মকর্তাদের তালিকাও মন্ত্রণালয়ে ফাইলবন্দি হয়ে থাকে। আবেদনের ভিত্তিতে বৈধ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদানের অনুমোদনও জেলা প্রশাসকদের কাছে এই মন্ত্রণালয় থেকে দেওয়া হয়।