বোরহানউদ্দিন মাহমুদ ও ইউছুব ওসমান
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬ ১২:০৩ পিএম
গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্ররাজনীতিতে এক অভূতপূর্ব ঐক্যের সুবাস ছড়িয়েছিল ৫ আগস্টের পটপরিবর্তনের পর। ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র ইউনিয়ন ও ছাত্রশক্তিÑ সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ক্যাম্পাসে সহাবস্থানের যে স্বপ্ন দেখিয়েছিল, তা এখন অনেকটাই বিবর্ণ। ঐক্যের সেই চাদর সরে গিয়ে দৃশ্যমান হচ্ছে আধিপত্য বিস্তারের পুরনো লড়াই। বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের পর ক্যাম্পাসের রাজনৈতিক সমীকরণ পুরোপুরি পাল্টে গেছে। মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে একসময়ের রাজপথের মিত্র বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবির।
রাজনৈতিক মতাদর্শে ভিন্নতা থাকলেও ৫ আগস্টের পর বিশ্ববিদ্যালয়ের স্বার্থে সব পক্ষের ঐক্যবদ্ধ হওয়ার যে পরিবেশ তৈরি হয়েছিল, সাধারণ শিক্ষার্থীরা ভেবেছিলেন পুরনো বিভাজন হয়তো চিরতরে ঘুচে গেছে। কিন্তু সাম্প্রতিক সংঘাত সেই আশায় জল ঢেলে দিয়েছে।
প্রশাসনিক পটবদল ও ‘টিম জগন্নাথ’
২০২৪ সালের ১১ আগস্ট তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম পদত্যাগ করার পর প্রশাসনে একধরনের স্থবিরতা নেমে আসে। সেসময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ডেনিয়েল মো. শহীদ উল্লাহ্ সাময়িকভাবে জরুরি দাপ্তরিক কাজ পরিচালনা করেন। এরপর ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর উপাচার্যের দায়িত্ব পান অধ্যাপক ড. রেজাউল করিম। তিনি চলতি বছরের মার্চ মাস পর্যন্ত সপ্তম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। এ বছর ১৬ মার্চ নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। দায়িত্ব নেওয়ার পরপরই তিনি ক্যাম্পাসে ‘টিম জগন্নাথ’ নামের একটি নতুন ধারণা সামনে আনেন। এর মূল লক্ষ্য ছিল, ক্যাম্পাসে কোনো একক ছাত্রসংগঠনের আধিপত্য থাকবে না; বরং সব রাজনৈতিক সংগঠনের নেতাদের সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কাজ করা হবে। রাজনৈতিক পরিচয় ভিন্ন হলেও সবাই যেন উন্মুক্তভাবে অংশ নিতে পারেন, সেটিই ছিল এই উদ্যোগের মূল ভাবনা।
জকসু নির্বাচন ও পাল্টে যাওয়া সমীকরণ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতিতে সবচেয়ে বড় মোড় ঘুরিয়ে দেয় বহুল কাঙ্ক্ষিত জকসু নির্বাচন। দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত এই নির্বাচনে ছাত্রশিবির-সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল অভাবনীয় সাফল্য পায়। ২১টি পদের মধ্যে ১৬টিতেই জয় পান এই প্যানেলের প্রার্থীরা। ভিপি, জিএস ও এজিএসের মতো গুরুত্বপূর্ণ তিনটি পদও যায় তাদের দখলে। অন্যদিকে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্রার্থীরা জয় পান মাত্র পাঁচটি পদে।
নির্বাচনের এই ফলাফল শুধু ছাত্র সংসদের নেতৃত্বই বদলায়নি, ক্যাম্পাসের রাজনৈতিক শক্তির ভারসাম্যেও বড় ধরনের পরিবর্তন এনেছে। জকসু নির্বাচনের পর ক্যাম্পাসে ছাত্রশিবিরের সাংগঠনিক কর্মকাণ্ড অনেক বেশি দৃশ্যমান হয়েছে। বিভিন্ন কর্মসূচি ও সাংগঠনিক তৎপরতার মাধ্যমে তারা নিজেদের শক্ত অবস্থান জানান দিচ্ছে। অন্যদিকে, ক্যাম্পাসের ঐতিহ্যবাহী রাজনৈতিক শক্তি ছাত্রদলও নিজেদের প্রভাব ধরে রাখতে সক্রিয় রয়েছে। ফলে দুই সংগঠনের মধ্যে একধরনের প্রচ্ছন্ন বা কখনও প্রকাশ্য প্রতিযোগিতা ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে।
আধিপত্যের অভিযোগ ও সংঘাত
বর্তমান পরিস্থিতিতে ছাত্রশিবিরের অভিযোগ, ছাত্রদল ক্যাম্পাসে একক আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। তাদের দাবি, ছাত্রদলের নেতাকর্মীদের নানা কর্মকাণ্ডের কারণেই ক্যাম্পাসের পরিস্থিতি মাঝে মাঝেই উত্তপ্ত হয়ে উঠছে।
জবি ছাত্রশিবিরের সভাপতি ও জকসুর জিএস আব্দুল আলিম আরিফ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্টের পর সব ছাত্র সংগঠন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছিল। কিন্তু গত ৪ আগস্ট ছাত্রশিবিরসহ অন্যান্য ছাত্র সংগঠন ও সাংবাদিকদের ওপর যে হামলা চালিয়েছে ছাত্রদল, তা ক্ষমতার নির্মম বহিঃপ্রকাশ। কোনো একক ছাত্র সংগঠনের এমন অভিভাবকসুলভ আচরণ মেনে নেওয়া হবে না।’
জবি ঐক্যের ভবিষ্যৎ প্রসঙ্গে আরিফ বলেন, ‘দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তরসহ শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সবাই পাশে থাকলে ঐক্য অটুট থাকবে। তবে কেউ নিজেদের স্বার্থে শিক্ষার্থীদের অধিকার বলি দিলে আমরা কখনোই তাদের সঙ্গে থাকব না।’
তবে ছাত্রশিবিরের অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে ছাত্রদল। জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল ক্যাম্পাসে সুন্দরভাবে নিজেদের রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অন্যান্য রাজনৈতিক সংগঠনের সঙ্গেও আমরা ঐক্যবদ্ধ হয়েই কাজ করছি।’
গত ৪ আগস্ট একটি কর্মসূচিকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৫০ জন আহত হন। এই সংঘাত দুই সংগঠনের মধ্যকার প্রচ্ছন্ন উত্তাপকে একেবারেই প্রকাশ্যে নিয়ে এসেছে। যে দুই পক্ষ কিছুদিন আগেও বিভিন্ন কর্মসূচিতে একসঙ্গে ছিল, তাদের এই রক্তক্ষয়ী সংঘর্ষ ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে।
রাজনীতির নতুন ইস্যু ‘দ্বিতীয় ক্যাম্পাস’
ছাত্ররাজনীতির এই নতুন মেরুকরণের সঙ্গে যুক্ত হয়েছে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের বিষয়টি। কেরানীগঞ্জে প্রায় ২০০ একর জায়গাজুড়ে গড়ে উঠছে জবির নতুন ক্যাম্পাস। দীর্ঘদিনের আবাসন ও অবকাঠামোগত সংকট দূর করতে এই প্রকল্পটি শিক্ষার্থীদের কাছে অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ।
প্রকল্পটি বাস্তবায়নে বাংলাদেশ সেনাবাহিনী যুক্ত রয়েছে। বাণী ভবন ও ড. হাবিবুর রহমান ভবনসহ চলমান নির্মাণকাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে; লক্ষ্য ২০২৬ সালের শেষ নাগাদ গুরুত্বপূর্ণ কিছু কাজ শেষ করা। কিন্তু এত বড় একটি প্রকল্পের সঙ্গে ভূমি উন্নয়ন, অর্থ বরাদ্দ, টেন্ডার ও ঠিকাদারি প্রক্রিয়ার মতো বিষয়গুলো জড়িত। গত মে মাসে ভূমি উন্নয়ন কাজের জন্য অতিরিক্ত ১০ কোটি ১৯ লাখ টাকা অনুমোদন দেওয়া হয়। প্রকল্প এলাকায় পুকুর ও মাটির গভীরতার কারণে কারিগরি জটিলতায় এই অর্থ বরাদ্দ বাড়ে। এতে প্রকল্পের সংশোধিত চুক্তি মূল্য দাঁড়িয়েছে প্রায় ১৯৯ কোটি ৭৭ লাখ টাকায়।
এখন পর্যন্ত দ্বিতীয় ক্যাম্পাসের টেন্ডার বা ঠিকাদারি প্রক্রিয়ায় কোনো ছাত্র সংগঠনের সরাসরি হস্তক্ষেপের প্রমাণ পাওয়া যায়নি। তবে ক্যাম্পাসের সচেতন মহলের শঙ্কা, ভবিষ্যতে প্রকল্পের কাজ, ব্যয় ও টেন্ডার প্রক্রিয়া ছাত্র সংগঠনগুলোর রাজনৈতিক বিরোধের একটি বড় ইস্যু হয়ে উঠতে পারে।
সামনে যে পরীক্ষা
উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আশা করি, দ্রুতই সবকিছু ঠিক হয়ে যাবে। আমি সব পক্ষের সঙ্গেই কথা বলছি এবং সবাইকে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছি।’ তিনি বলেন, ‘সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। কোনোভাবেই যেন বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন না হয়, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতি এখন একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। একদিকে জকসুতে শিবিরের সংখ্যাগরিষ্ঠতা, অন্যদিকে ছাত্রদলের রাজপথের শক্তি। এর পাশাপাশি ছাত্র ইউনিয়ন, ছাত্রশক্তিসহ অন্যান্য প্রগতিশীল সংগঠন ক্যাম্পাসে একটি সুস্থ পরিবেশের দাবি জানিয়ে আসছে। তাদের চাওয়া, ছাত্র সংগঠনগুলোর মধ্যে প্রতিযোগিতা থাকলেও তা যেন শিক্ষার্থীদের অধিকার ও স্বাভাবিক শিক্ষাজীবনে নেতিবাচক প্রভাব না ফেলে।
ছাত্র সংগঠনগুলো যদি শক্তি প্রদর্শনের রাজনীতি থেকে বেরিয়ে শিক্ষার্থীদের স্বার্থকে অগ্রাধিকার দিতে না পারে, তবে ক্যাম্পাস আবারও সেই পুরনো বিভাজন ও সহিংসতার পথেই ফিরে যাবে।