× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাষ্ট্রপতির ক্ষমতা ও মেয়াদের ইতিবৃত্ত

আসাদুজ্জামান সম্রাট

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬ ১০:৪৭ এএম

আপডেট : ১৪ আগস্ট ২০২৬ ১৫:৪০ পিএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাংবিধানিক প্রধান রাষ্ট্রপতি। তিনি রাষ্ট্রের সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত এবং সংবিধান ও আইনবলে তার ওপর অর্পিত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব সম্পন্ন করেন। সরকারের যাবতীয় নির্বাহী কার্যাদিও তার নামে সম্পাদন করা হয়। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পাঁচ বছরের জন্য নির্বাচিত হলেও নানা পরিস্থিতিতে বিগত ৫৫ বছরে ১৮ জন ২২ মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে মাত্র চারজন তাদের দায়িত্ব পূর্ণ করতে পেরেছেন। সর্বোচ্চ দুই মেয়াদ দায়িত্ব পালন করা রাষ্ট্রপতি হলেন মো. আব্দুল হামিদ। রাজনৈতিক টানাপড়েন, হত্যা, গণআন্দোলন, সামরিক শাসনসহ নানা ইস্যুতে বেশিরভাগ রাষ্ট্রপতিই তাদের মেয়াদ পূর্ণ করতে পারেননি। আগামী ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হতে চলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বাংলাদেশের সংবিধানের চতুর্থ অংশের ৪৮-৫৪ অনুচ্ছেদে রাষ্ট্রপতি সম্পর্কিত বিধানাবলি বিধৃত হয়েছে। তত্ত্বীয়ভাবে সকলের ঊর্ধ্বে থাকলেও বাস্তবে তিনি নামমাত্র নির্বাহী হিসেবে শুধু আনুষ্ঠানিক কার্যাদি সম্পন্ন করেন এবং প্রকৃত রাষ্ট্রীয় ক্ষমতা নির্বাহ করে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিপরিষদ। সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) ধারা অনুসারে প্রধানমন্ত্রী নিয়োগ ছাড়া রাষ্ট্রপতি সব সময় প্রধানমন্ত্রীর পরামর্শ অনুসারে কার্যনির্বাহ করেন। 

১৯৭২ সালের সংবিধানের দ্বিতীয় তফসিল মোতাবেক রাষ্ট্রপতি নির্বাচিত হতেন সংসদ সদস্যদের গোপন ভোটে। পরবর্তীকালে সংবিধানে চতুর্থ সংশোধনী অনুসারে প্রত্যক্ষ নির্বাচন পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচনের বিধান প্রবর্তিত হয়। অতঃপর সংবিধানের (১২তম সংশোধনী) আইন ১৯৯১ অনুসারে সংসদীয় পদ্ধতি চালু হলে পরোক্ষ পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচনের বিধান করা হয়। বর্তমানে অনুচ্ছেদ ৪৮ অনুসারে সংসদ সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচন করে থাকেন।

ক্ষমতা ও কার্যাবলি

রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলির মূল দুটি উৎস হলোÑ সংবিধান ও অন্য যেকোনো আইন। রাষ্ট্রপতি কর্তৃক সাধারণভাবে প্রয়োগ করা ক্ষমতার মধ্যে উল্লেখযোগ্য হলোÑ রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান; সরকারের যাবতীয় নির্বাহী কার্যাদি রাষ্ট্রপতির নামে সম্পাদিত হয়। রাষ্ট্রপতি আইনবলে তার নামে প্রণীত আদেশ ও অন্যান্য দলিল সত্যায়িত বা প্রমাণীকৃত হওয়ার ধরন নির্ধারণ করেন। রাষ্ট্রপতি সরকারের কার্যক্রম বণ্টন ও কার্যক্রম সম্পাদনের জন্য বিধি প্রণয়ন করেন। তার বিবেচনায় অধিকাংশ সংসদ সদস্যের সমর্থন লাভে সক্ষম একজন সংসদ সদস্যকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নিয়োগ করেন। প্রধানমন্ত্রী ছাড়াও রাষ্ট্রপতি অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীদেরও নিয়োগ দেন। প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্টের বিচারক, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও অন্যান্য সদস্যের নিয়োগ দেন। প্রধান বিচারপতি নিয়োগের দায়িত্বও রাষ্ট্রপতির। তিনি বাংলাদেশ প্রতিরক্ষা সার্ভিসের সর্বাধিনায়ক।

ক্ষমা প্রদর্শনের ক্ষমতা

সংবিধানের ৪৯ অনুচ্ছেদ রাষ্ট্রপতির বিচার সংক্রান্ত ক্ষমতার উৎস। এতে বলা হয়েছে, রাষ্ট্রপতি কোনো আদালত, ট্রাইব্যুনাল বা অন্যতর কর্তৃপক্ষের প্রদত্ত শাস্তি মার্জনা, স্থগিত, বিলম্বিত ও কমাতে পারেন। প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শে রাষ্ট্রপতি সংসদ অধিবেশন আহ্বান, স্থগিত ও ভেঙে দিতে পারেন। সংসদে ভাষণ দেওয়ার ও বাণী পাঠানোর অধিকার রাষ্ট্রপতির আছে। সংসদে গৃহীত প্রতিটি বিলের জন্য রাষ্ট্রপতির সম্মতি প্রয়োজন, কেননা তার সম্মতি ছাড়া কোনো বিল আইনে পরিণত হয় না। সংসদ ভেঙে দেওয়া হলে বা সংসদ অধিবেশন চালু না থাকলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করে আইন তৈরি করতে পারেন এবং এসব অধ্যাদেশ সংসদে গৃহীত আইনের মতোই কার্যকর ও বিবেচিত হয়।

শপথ পড়ানো

উপর্যুক্ত ক্ষমতা নির্বাহের পাশাপাশি রাষ্ট্রপতি শপথ গ্রহণ করানোর মতো কিছু কিছু কার্যক্রম পরিচালনা করে থাকেন। প্রধান বিচারপতি, প্রধানমন্ত্রী, অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী, স্পিকার ও ডেপুটি স্পিকারকে সংবিধানের তৃতীয় তফসিল অনুসারে রাষ্ট্রপতি শপথ গ্রহণ করান।

দায়মুক্তি

সংবিধানের ৫১ অনুচ্ছেদ রাষ্ট্রপতিকে তার দায়িত্ব পালনকালে ত্রুটিবিচ্যুতির জন্য আদালতে জবাবদিহিতা থেকে মুক্তি দিয়েছে। রাষ্ট্রপতির কার্যকালে তার বিরুদ্ধে কোনো ফৌজদারি কার্যবিধি রুজু করা যাবে না এবং কোনো আদালত তাকে গ্রেপ্তার বা আটকের কোনো ব্যবস্থা নিতে পারবেন না। মেয়াদোত্তীর্ণ হওয়ার আগে জাতীয় সংসদ দুটি প্রক্রিয়ায় রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারে : ক. ইমপিচমেন্টের মাধ্যমে এবং খ. অসামর্থ্যর কারণে অপসারণের মাধ্যমে।

ইমপিচমেন্ট

সংবিধানের ৫২ অনুচ্ছেদ মতে দুটি কারণে রাষ্ট্রপতিকে ইমপিচ করা যেতে পারেÑ সংবিধান লঙ্ঘনের অভিযোগে এবং গুরুতর অসদাচরণের অভিযোগে। সংসদের মোট সদস্যের অধিকাংশের স্বাক্ষরিত নোটিস অব মোশনের মাধ্যমেই শুধু রাষ্ট্রপতির বিরুদ্ধে ইমপিচমেন্টের অভিযোগ আনা যায়। নোটিসটি অবশ্যই স্পিকারের কাছে পেশ করতে হবে এবং তাতে অবশ্যই নির্দিষ্ট অভিযোগের বিবরণ উল্লিখিত থাকবে। এ সম্পর্কে ১৪ দিনের আগে কোনো বিতর্ক শুরু করা যাবে না কিংবা স্পিকারকে নোটিস দেওয়ার পর ৩০ দিনের বেশি দেরিও করা যাবে না। নোটিস পাওয়ার পর সংসদ কার্যরত না থাকলে স্পিকার সংসদের অধিবেশন আহ্বান করবেন। অভিযোগ বিবেচনার পর মোট সদস্যের অন্যূন দুই-তৃতীয়াংশ ভোটে যদি এ প্রস্তাব পাস হয় যে, অভিযোগ প্রমাণিত হয়েছে, তাহলে প্রস্তাব গৃহীত হওয়ার দিনই রাষ্ট্রপতি পদত্যাগ করবেন।

অযোগ্যতা

সংবিধানের ৫৩ অনুচ্ছেদ অনুসারে দুই ধরনের অযোগ্যতার দরুন রাষ্ট্রপতি অপসারিত হতে পারেনÑ শারীরিক অক্ষমতা এবং মানসিক ভারসাম্যহীনতা। রাষ্ট্রপতি শারীরিক বা মানসিকভাবে অক্ষম হয়ে পড়েছেনÑ এ মর্মে একটি নোটিস অব মোশন দেওয়া যেতে পারে। এটি অধিকাংশ সংসদ সদস্য দ্বারা স্বাক্ষরিত হতে হবে এবং অভিযোগে বর্ণিত অসামর্থ্যর বিস্তারিত বিবরণসহ তা স্পিকারের কাছে পেশ করতে হবে। নোটিসপ্রাপ্তির পর সংসদ কার্যরত না থাকলে স্পিকার সংসদের অধিবেশন আহ্বান করবেন এবং মেডিকেল বোর্ড গঠনের জন্য একটি প্রস্তাব উত্থাপন করতে বলবেন। মেডিকেল বোর্ড গঠিত হওয়ার সঙ্গে সঙ্গে স্পিকারের স্বাক্ষরিত নোটিসের একটি কপি রাষ্ট্রপতির কাছে পাঠাতে হবে এবং তিনি যেন প্রজ্ঞাপনপ্রাপ্তির ১০ দিনের মধ্যে মেডিকেল বোর্ডকে তার স্বাস্থ্যপরীক্ষার সুযোগ দেন, সে মর্মে স্পিকার তাকে অনুরোধ জানাবেন। রাষ্ট্রপতি বোর্ডকে স্বাস্থ্য পরীক্ষার সুযোগ দিলে পরীক্ষার ৭ দিনের মধ্যে বোর্ড ফলাফলের রিপোর্ট দাখিল করবে। সংসদে এ প্রস্তাব ও রিপোর্ট আলোচনার পর মোট সদস্যের অন্যূন দুই-তৃতীয়াংশ ভোটে পাস হলে রাষ্ট্রপতি প্রস্তাব পাসের দিনই নিজ কার্যভার ত্যাগ করবেন। আলোচনার সময় তিনি সংসদে উপস্থিত থেকে আত্মপক্ষ সমর্থন করতে পারেন।

বাংলাদেশের রাষ্ট্রপতি ও তাদের মেয়াদকাল

শেখ মুজিবুর রহমান (১৭ এপ্রিল ১৯৭১Ñ১২ জানুয়ারি ১৯৭২), অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম (১৭ এপ্রিল ১৯৭১Ñ১০ জানুয়ারি ১৯৭২), বিচারপতি আবু সাঈদ চৌধুরী (১২ জানুয়ারি ১৯৭২Ñ২৪ ডিসেম্বর ১৯৭৩), মোহাম্মদ মোহাম্মদউল্লাহ (২৪ ডিসেম্বর ১৯৭৩Ñ২৫ জানুয়ারি ১৯৭৫), শেখ মুজিবুর রহমান (২৫ জানুয়ারি ১৯৭৫Ñ১৫ আগস্ট ১৯৭৫), খন্দকার মোশতাক আহমদ (১৫ আগস্ট ১৯৭৫Ñ৬ নভেম্বর ১৯৭৫), আবু সাদাত মোহাম্মদ সায়েম (৬ নভেম্বর ১৯৭৫Ñ২১ এপ্রিল ১৯৭৭), জিয়াউর রহমান (২১ এপ্রিল ১৯৭৭Ñ৩০ মে ১৯৮১), বিচারপতি আবদুস সাত্তার (৩০ মে ১৯৮১Ñ২৪ মার্চ ১৯৮২), এএফএম আহসানউদ্দিন চৌধুরী (২৭ মার্চ ১৯৮২Ñ১১ ডিসেম্বর ১৯৮৩), হুসেইন মুহাম্মদ এরশাদ (১১ ডিসেম্বর ১৯৮৩Ñ৬ ডিসেম্বর ১৯৯০), অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দিন আহমদ (৬ ডিসেম্বর ১৯৯০Ñ৯ অক্টোবর ১৯৯১), আবদুর রহমান বিশ্বাস (৯ অক্টোবর ১৯৯১Ñ৯ অক্টোবর ১৯৯৬), বিচারপতি সাহাবুদ্দিন আহমদ (৯ অক্টোবর ১৯৯৬Ñ১৪ নভেম্বর ২০০১), একিউএম বদরুদ্দোজা চৌধুরী (১৪ নভেম্বর ২০০১Ñ২১ জুন ২০০২), অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার (২১ জুন ২০০২Ñ৬ সেপ্টেম্বর ২০০২), অধ্যাপক ইয়াজউদ্দিন আহমদ (৬ সেপ্টেম্বর ২০০২Ñ১২ ফেব্রুয়ারি ২০০৯), মো. জিল্লুর রহমান (১২ ফেব্রুয়ারি ২০০৯Ñ২০ মার্চ ২০১৩), অস্থায়ী রাষ্ট্রপতি আব্দুল হামিদ (১৪ মার্চ ২০১৩Ñ২৪ এপ্রিল ২০১৩), আব্দুল হামিদ (২৪ এপ্রিল ২০১৩Ñ২৪ এপ্রিল ২০১৮) ও (২৪ এপ্রিল ২০১৮Ñ২৪ এপ্রিল ২০২৩), মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু (২৪ এপ্রিল ২০২৩Ñ২৪ জুলাই ২০২৬), অস্থায়ী রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম (২৪ জুলাই ২০২৬Ñবর্তমান)।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা