গ্রাফিক্স: এআই
জুলাই অভ্যুত্থানের প্রবল ঝড়ের পর ঢাকা-দিল্লি সম্পর্কে যে হিমশীতল হাওয়া বইছিল, তাতে অবশেষে লক্ষ করা যাচ্ছে উষ্ণতার আভা। টানাপড়েনের মেঘ সরিয়ে নতুন করে দ্বিপাক্ষিক সম্পর্কের আকাশ পরিষ্কার করতে চাইছে প্রতিবেশী দুই দেশ। বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই দৃশ্যপটে এসেছে পরিবর্তনের হাওয়া। আর এই ‘বরফ গলানো’র কূটনৈতিক তৎপরতার সবচেয়ে বড় চমক হিসেবে শিগগির নয়াদিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সব ঠিক থাকলে আগামী মাসে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনের আগেই মোদি-তারেক শীর্ষ বৈঠকের সাক্ষী হতে পারে সাউথ ব্লক।
ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলোর মতে, দ্বিপক্ষীয় সম্পর্ককে কেবল নির্দিষ্ট কোনো ইস্যুতে আটকে না রেখে তাকে বহুমাত্রিক রূপ দিতে চাইছে উভয় দেশই। মূলত এই উপলব্ধি থেকেই ভিসা কার্যক্রম পুনরায় চালুর পাশাপাশি দ্বিপক্ষীয় যোগাযোগে নতুন মাত্রা যোগ করেছে দিল্লি। প্রবীণ রাজনীতিক দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর পদমর্যাদায় রাষ্ট্রদূত করে ঢাকায় পাঠানো ভারতের সেই কৌশলেরই অংশ। এর মধ্য দিয়ে প্রথাগত কূটনীতির বাইরে গিয়ে একটি শক্তিশালী রাজনৈতিক সেতুবন্ধও রচনা করতে চাইছে তারা।
ভারতের এই উদ্যোগের ইতিবাচক ফল ইতোমধ্যে দৃশ্যমান। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের শীর্ষ নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠক করেছেন দীনেশ ত্রিবেদী। এসব আলোচনা শেষে তিনি দিল্লির সাউথ ব্লকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে সম্পর্ক উন্নয়নের জন্য একটি ‘সহায়ক পরিবেশ’ তৈরির বার্তা পাঠিয়েছেন। ঢাকা ও দিল্লির মধ্যে এই উষ্ণ বার্তা বিনিময়ের পরপরই সামনে আসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের বিষয়টি।
সরকার গঠনের এত অল্প সময়ের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই সম্ভাব্য দিল্লি সফর এবং নরেন্দ্র মোদির সঙ্গে শীর্ষ বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল। দুই পক্ষই এখন বিশ্বাস করে সরকারপ্রধান পর্যায়ের সরাসরি আলোচনাই পারে যেকোনো অমীমাংসিত ইস্যুর জট খুলতে। তবে বাংলাদেশের নতুন সরকার ইতোমধ্যে তাদের শক্ত অবস্থানের কথা পরিষ্কার করে দিয়েছে। ঢাকা সাফ জানিয়ে দিয়েছে, পুরনো ছক থেকে বেরিয়ে এসে ঢাকা-দিল্লির এই নতুন সম্পর্ক গড়ে উঠবে কেবলই পারস্পরিক স্বার্থ, সমমর্যাদা এবং অটুট সার্বভৌমত্বের ভিত্তিতে।
ভারতের আমন্ত্রণ গ্রহণ করে নয়াদিল্লি সফর ও দ্বিপাক্ষিক ইস্যুতে আলোচনার বিষয়টিকে নতুন মাত্রা হিসেবে দেখছেন কূটনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, আওয়ামী লীগ সরকারের দীর্ঘ সময়ে ঢাকা-দিল্লির ঘনিষ্ঠ সম্পর্কে ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের মধ্য দিয়ে আমূল পরিবর্তন ঘটে। বিশেষ করে বিগত অন্তর্বর্তী সরকারের দেড় বছরে সেই সম্পর্ক তলানিতে পৌঁছে। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ভারতে অবস্থান, তার প্রত্যর্পণ দাবি, সীমান্ত, পানি, বাণিজ্যসহ নানা অমীমাংসিত ইস্যুতে দুই দেশের সম্পর্কে সৃষ্টি হয় আস্থার সংকট। তবে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর সেই জমাট সম্পর্ক গলানোর তৎপরতা শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর ভারত সফরের মধ্য দিয়ে তা একটি পর্যায়ে আসবে বলে মনে করা হচ্ছে। নিকটতম প্রতিবেশী হিসেবে পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গা থেকে এই সফর দুদেশের জন্যই লাভজনক হবে। বিশ্লেষকরা মনে করছেন, প্রধানমন্ত্রীর সফরের সিদ্ধান্তটি হবে দুদেশের পারস্পরিক স্বার্থ, সম্মান ও জনগণের কল্যাণের ভিত্তিতে সহযোগিতায় এগিয়ে নেওয়ার বাস্তব ও যুক্তিযুক্ত পদক্ষেপ। বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন, সমস্যা সমাধানের জন্য রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে সরাসরি যোগাযোগ হতে হবে। বর্তমানে যে স্থবিরতা চলছে, তা কাটাতে হলে রাজনৈতিক পর্যায়ে বিশেষ করে শীর্ষ পর্যায়ে আলাপ-আলোচনার কোনো বিকল্প নেই।
ভারতকে সুযোগের সদ্ব্যবহারের পরামর্শ
বাংলাদেশ-ভারতের সম্পর্কের প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, ‘যেকোনো সময় যখন দুই দেশের প্রধান কথা বলেন, দ্বিপাক্ষিক আলোচনা হয় তখন অনেক সমস্যা সমাধানেরই সুযোগ থাকে। সেই সুযোগটা তো আছেই, রয়ে গেছে এবং ভারতের দিক থেকেও উচিত হবে সেই সুযোগের সদ্ব্যবহার করা। আমরা তো আগেই বলেছি যে, একজন সাজাপ্রাপ্ত আসামি যখন ভারতের মাটিতে বসে কথা বলেন, সেটা বাংলাদেশের জনগণ ভালোভাবে নেবে না, নেয় না।’ তিনি বলেন, ‘জুলাই এখনও মানুষের মনে জাগ্রত আছে। রক্তের দাগ এখনও শুকায়নি। সুতরাং সেই জায়গাটা থেকে অবশ্যই আমাদের সেনসিটিভ হতে হবে। কিন্তু যখন দুই দেশের প্রধানমন্ত্রী বসবেন, তখন অবশ্যই অনেক সমস্যার সমাধান হতে পারে। অনেক সমস্যার সমাধান হওয়া সম্ভব এবং সেটাই আমরা আশা করি। ভারতও যেন এটি মনে রাখে সেটাই আমরা চাই।’ তিনি আরও বলেন, এখনও কোনো সফর চূড়ান্ত হয়নি। বিভিন্ন কাজে প্রধানমন্ত্রী এখন ব্যস্ত আছেন এবং ভারতসহ অন্যান্য সফর কোনো কিছুই চূড়ান্ত হয়নি। সেটা অবশ্যই দুই দেশের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত হবে।
খুলতে পারে জট
দীর্ঘদিন ধরে ঝুলে থাকা গঙ্গা ও তিস্তা পানিবণ্টন চুক্তিসহ অমীমাংসিত ইস্যুগুলোর জট খুলতে পারে প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন ভারত সফরে। অন্তর্বর্তী সরকারের আমলে তলানিতে পৌঁছানো সম্পর্ক পুনরুদ্ধারে নয়াদিল্লি এখন বেশ আন্তরিক। নরেন্দ্র মোদির ফোন ও আমন্ত্রণ এবং শপথ অনুষ্ঠানে ভারতীয় শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতি সেই ইঙ্গিতই দেয়। এরই ধারাবাহিকতায় এপ্রিলে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের দিল্লি সফরের পর ভিসা ও বাসসেবা পুনরায় চালু, জ্বালানি সহায়তা প্রদান এবং প্রবীণ রাজনীতিক দীনেশ ত্রিবেদীকে হাইকমিশনার হিসেবে নিয়োগের মতো ইতিবাচক পদক্ষেপ নিয়েছে ভারত।
তবে সম্পর্ক স্বাভাবিক করার পথে সবচেয়ে বড় কাঁটা হয়ে দাঁড়িয়েছে শেখ হাসিনা ইস্যু। ২০২৪ সালের পটপরিবর্তনের পর ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে ফেরত চেয়ে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের দাবি জানিয়ে আসছে ঢাকা। এর মধ্যে গত ৫ আগস্ট দিল্লি থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তার রাজনৈতিক বক্তব্য দেওয়া এবং ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ। ঢাকার অভিযোগ, ভারতের মাটিতে বসে তার এমন রাজনৈতিক তৎপরতা সম্পর্ক উন্নয়নের পথে বড় বাধা। ভারত সরকার এ ঘটনার দায় সরাসরি অস্বীকার করলেও, রাজনৈতিক বিবেচনায় বাংলাদেশের কাছে বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। শেখ হাসিনা ইস্যুকেই এখন দুই দেশের সম্পর্কের সবচেয়ে বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।
কূটনৈতিক ও গোয়েন্দা সূত্রগুলো জানাচ্ছে, দুই দেশের সাম্প্রতিক উচ্চপর্যায়ের আলোচনায় শেখ হাসিনার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে স্থান পেয়েছে। সম্পর্ক উন্নয়নের স্বার্থে ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত থেকে যুক্তরাষ্ট্রে তার ছেলের কাছে পাঠানোর একটি প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। তবে তার প্রতি ভারত সরকার ও জনগণের একাংশের সহানুভূতি থাকায় চূড়ান্ত সিদ্ধান্ত কী হবে, তা এখনও অস্পষ্ট। মূলত সম্পর্কের এই কাঁটা সরিয়ে একটি ‘সহায়ক পরিবেশ’ তৈরির লক্ষ্যেই ঢাকার পক্ষ থেকে এমন বার্তা দেওয়া হয়েছে।
সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘বর্তমানে ভারত-বাংলাদেশ সম্পর্ক যে ধরনের স্থবিরতার মধ্যে পড়েছে, রাজনৈতিক নেতৃত্বের দিকনির্দেশনা ছাড়া তা থেকে বের হওয়া সম্ভব হবে বলে আমি মনে করি না। এক্ষেত্রে সরাসরি দুই দেশের রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে আলাপ-আলোচনা প্রয়োজন, যেখানে তারা যার যা বক্তব্য, কনসার্ন (উদ্বেগ) বা ইন্টারেস্ট (স্বার্থ) আছেÑ সেগুলো বলবেন। কিন্তু তাদের দুজনের মধ্যে সরাসরি আলাপ-আলোচনার বাইরে আর কোনো ব্যবস্থা আছে বলে আমার কাছে মনে হয় না। এখন আপনি ফরম্যাট কী নেবেনÑ সেটা ব্রিকস হবে নাকি দ্বিপাক্ষিক হবে, সেটা ভিন্ন কথা। তবে আমার ধারণা, এই মুহূর্তে স্থবিরতা কাটাবার জন্য ভারতের দিক থেকে উদ্যোগ আছে এবং আমাদের নীতিনির্ধারণী পর্যায়েও একটা চিন্তা আছে। কারণ নিকট প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক খারাপ রেখে সামনে এগিয়ে যাওয়া কঠিন। তাই উভয়পক্ষেরই ইচ্ছা হচ্ছে সম্পর্কটা স্বাভাবিক করা এবং তা করতে গেলে সর্বোচ্চ পর্যায়ে সরাসরি আলোচনার কোনো বিকল্প নেই।’
সাবেক রাষ্ট্রদূত মুন্সী ফয়েজ আহমেদের মতে, ঢাকা-দিল্লি সম্পর্ক ইতিবাচক দিকে মোড় নেওয়ার লক্ষণ স্পষ্ট। তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘নতুন ভারতীয় হাইকমিশনারের সক্রিয়তা, ভিসা কার্যক্রম চালু এবং বাংলাদেশের শীর্ষ পর্যায়ের সঙ্গে তার ধারাবাহিক যোগাযোগ ইতিবাচক।’ তার মতে, দুই দেশের জনগণ ও ব্যবসায়ীদের যোগাযোগ বাড়লে রাজনৈতিক সম্পর্কও ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার সুযোগ তৈরি হবে।