× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বুলেটের মুখে মাসে কোটি টাকা চাঁদা

ফরহাদ সুমন, চট্টগ্রাম

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬ ১০:২৪ এএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

‘আমি কে, আমার পরিচয় পুলিশ কমিশনারের কাছে থেকে জেনে নিস’Ñ এভাবে নিজের পরিচয়ের কথা বলা অন্ধকার জগতের মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের ‘কারাবন্দি’ অধ্যায় শুরু হয়েছে। যার অস্ত্রের বুলেটের আশীর্বাদে মাসিক চাঁদা আসত প্রায় এক কোটি টাকা। সরব ছিলেন ফেসবুক, ইনস্টাগ্রামেও। ফোনকলে থাকা অপর পাশের ব্যবসায়ী কিংবা ভূমির মালিক বা ভবন মালিকের কাছ থেকে চাঁদা আদায় করা ছিল ইমনের বাঁ হাতের খেলা। আবার বেঁধে দেওয়া সময়ের মধ্যে চাহিদা অনুযায়ী চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ব্যবহার করতেন ভারী আগ্নেয়াস্ত্র। মুহুর্মুহু গুলি ছুড়ে ছড়াতেন আতঙ্ক। আলোচিত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন প্রকাশ ছোট সাজ্জাদ গ্রেপ্তার হওয়ার পর নগরীর নিয়ন্ত্রণ নিয়েছিলেন ডেভিড ইমন। 

অনুসন্ধানে উঠে এসেছে, চট্টগ্রামের অপরাধজগতের সবচেয়ে আলোচিত নাম সাজ্জাদ আলী বিদেশে বসেই বিস্তৃত সন্ত্রাসী নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করছেন। ২০০০ সালে বহদ্দারহাটে ছাত্রলীগের ছয় নেতা-কর্মীসহ আটজনকে গুলি করে হত্যার ঘটনার পর একে-৪৭ রাইফেলসহ গ্রেপ্তার হন সাজ্জাদ। জামিনে বেরিয়ে ২০০৪ সালে দেশ ছাড়েন। তার নিখুঁত ছকে পরিচালিত হয় বাহিনীর কার্যক্রম। এলাকাভিত্তিক ফোর্সের ইনফরমেশনে চাঁদার জন্য টার্গেট করা হতো স্বাবলম্বী ব্যক্তিদেরকে। পাশাপাশি টার্গেট মিশন শেষ করতে সংগ্রহ করা হয় স্বাবলম্বী পরিবারের সদস্যদের তথ্য। সবকিছু পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণ করার পর বিদেশি নম্বর থেকে দেওয়া হয় ফোন। ফোনকলে থাকা ব্যক্তির দুর্বলতাকে পুঁজি করে চাওয়া হয় চাঁদা। চাঁদার দাবি, মৃত্যুর বার্তা ইত্যাদি কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে। 

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলছেন, শহরের অপরাধজগৎ কয়েকটি সন্ত্রাসী চক্রে ভাগ হয়ে গেছে। কেউ বিদেশ থেকে নির্দেশ দেয়, কেউ শহরে এসে গুলি করে সটকে পড়ে বা পাহাড়ি এলাকায় আশ্রয় নেয়। কেউ আবার বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান, নির্মাণাধীন ভবন, ঝুট ব্যবসা, গ্যারেজ, বালুমহাল, ফুটপাত ও মাদক থেকে টাকা তোলে। আর সন্ত্রাসীদের এসব কাজের যেখানেই প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, সেখানেই গুলি করে, ত্রাস সৃষ্টি করে। সন্ত্রাসীদের বেপরোয়া আচরণে আতঙ্কিত হয়ে বেশিরভাগ ভুক্তভোগীই থানা-পুলিশ পর্যন্ত যাওয়ার সাহস পায় না। জুলাই গণঅভ্যুত্থানের পর যে প্রায় অর্ধশত গুলি ও খুনের ঘটনা ঘটেছে তার মধ্যে অন্তত ১৫টিতে সাজ্জাদ বাহিনী জড়িত। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর চট্টগ্রাম শহরে ৪০টির বেশি গোলাগুলির ঘটনা ঘটেছে। এর মধ্যে অক্সিজেন, বালুচরা, হামজারবাগ, চন্দনপুরা, চান্দগাঁও, বাদুরতলা, খুলশী, বার্মা কলোনি, বাকলিয়া, কালুরঘাট এলাকায় বেশি গোলাগুলির ঘটনা ঘটেছে। আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের মতো এখন চট্টগ্রাম শহরে আটটি আলোচিত সন্ত্রাসী গ্রুপ বা অপরাধী চক্র সক্রিয় আছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ভুক্তভোগী ও স্থানীয় সূত্রগুলো থেকে জানা গেছে। আলোচিত অন্য সন্ত্রাসীরা হলেনÑ সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ, মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন, মোহাম্মদ রায়হান, শহীদুল ইসলাম (বুইস্যা বাহিনীর প্রধান), বার্মা সাইফুল এবং বাকলিয়াকেন্দ্রিক মোরশেদ খান গ্রুপ ও আবদুস সোবহান-শওকত গ্রুপ।

পুলিশের একজন কর্মকর্তা বলেন, নগরে মূলত সাজ্জাদের দলই বড় ধরনের অস্ত্রবাজি, চাঁদাবাজি ও খুনে জড়িত। অন্যগুলো ছোটখাটো হলেও এলাকাভিত্তিক আতঙ্ক তৈরি করছে। সাজ্জাদের হয়ে দেশে তার বাহিনী পরিচালনা করতেন ছোট সাজ্জাদ নামের আরেক দুর্ধর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজিসহ ১৭টি মামলা রয়েছে। তিনি ২০২৪ সালের ৫ আগস্টের পর জামিনে বের হয়ে বেপরোয়া হয়ে ওঠেন। ছোট সাজ্জাদ গত বছরের ১৫ মার্চ ঢাকায় গ্রেপ্তার হওয়ার পর নগর নিয়ন্ত্রণ চলে যায় ডেভিড ইমনের হাতে। বড় সাজ্জাদের আরেক সেকেন্ড ইন কমান্ড হলেন মো. রায়হান। পুলিশের হিসাবে বড় সাজ্জাদের বাহিনীতে এখন অন্তত ৫০ জন শুটার সক্রিয় আছেন।

গত ১৪ জুলাই নগরীর চন্দনপুরায় এক ইন্টারনেট ব্যবসায়ীর কাছে থেকে এককালীন ১ কোটি টাকা ও মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবির কল রেকর্ডস ফাঁস হলে আলোচনায় আসেন মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমন। 

গত ২৮ ফেব্রুয়ারি ভোরে নগরীর চন্দনপুরায় মোস্তাফিজুর রহমান নামের এক ব্যবসায়ীর বাসা লক্ষ্য করে সাব মেশিনগান, চায়নিজ রাইফেল, শটগান এবং পিস্তল দিয়ে এক ডজনেরও বেশি গুলি ছোড়া হয়। 

পুলিশ জানায়, চাঁদা না পেলেই গুলি করে সাজ্জাদের অনুসারীরা। নগরের চান্দগাঁও, বায়েজিদ বোস্তামী ও পাঁচলাইশ এবং জেলার হাটহাজারী, রাউজানসহ পাঁচ থানার পাঁচ লাখের বেশি মানুষকে সাজ্জাদের বাহিনীর কারণে আতঙ্কে থাকতে হয়।

গত বছর বড় সাজ্জাদ ও ছোট সাজ্জাদের সমালোচনা করায় এবং অভ্যন্তরীণ দ্বন্দ্বে নগরীর পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় বায়েজিদের আরেক সন্ত্রাসী আকবর হোসেন ওরফে ঢাকাইয়া আকবরকে গুলি করে হত্যা করা হয়। গত বছরের ৫ নভেম্বর নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় বিএনপির প্রার্থীর নির্বাচনী গণসংযোগে সরোয়ারকে গুলি করে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের জন্য বড় সাজ্জাদকে দায়ী করা হয়। দীর্ঘ দুই দশক ধরে দেশের বাইরে বসেই সন্ত্রাসী সাজ্জাদ আলী নিয়ন্ত্রণ করছেন নগর ও জেলার বিস্তৃত সন্ত্রাসী নেটওয়ার্ক। 

গত বছরের ১৫ মার্চ ছোট সাজ্জাদ গ্রেপ্তার হওয়ার পর অন্ধকার জগতের সাম্রাজ্য নিয়ন্ত্রণ করতে প্রকাশ্যে আসে মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমন। আধিপত্য বিস্তার, বালুমহাল নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ইত্যাদিতে বেপরোয়া হয়ে ওঠেন ইমন। তথ্যসূত্র বলছে, অন্ধকার জগতে অল্প সময়ে ব্যক্তিগত অনেক কিছুর মালিক হয়েছেন ডেভিড ইমন। তবে ইমন মাসে কত টাকা চাঁদা আদায় করতেন, এত দিন তার কোনো হিসাব ছিল না। কারণ, ভুক্তভোগী ব্যক্তিরা কেউ থানায় মামলা করতেন না। চাঁদা দিলেও মুখ খুলতেন না। নানা মাধ্যমে সমঝোতায় ব্যর্থ হয়ে তারা টাকা দিয়ে দিতেন।

অতিরিক্ত চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, ইমন প্রতি মাসে গড়ে কোটি টাকা চাঁদা আদায় করতেন, বেশিরভাগই ব্যবসায়ী, প্রবাসী ও নির্মাণাধীন বহুতল ভবনের মালিকের কাছ থেকে নিতেন। কোটি টাকার মধ্যে ৫০ লাখ টাকা বিদেশে থাকা বড় সাজ্জাদকে দিতেন। ১৫ লাখ টাকা তার দলের লোকজনের জন্য খরচ করতেন। বাকি টাকা নিজে রাখতেন। ইমনের দাবি তিনিই সাজ্জাদকে বেশি টাকা দিতেন। রায়হান ও বোরহান তার চেয়ে বেশি দিতে পারতেন না। চাঁদার টাকা সংগ্রহ করতেন নগদে আর সাজ্জাদের কাছে পাঠাতেন হুন্ডির মাধ্যমে। রিমান্ডে ইমন দাবি করেছেন, তার প্রায় হাজারের বেশি সহযোগী রয়েছেন। তাদের মাধ্যমে এসব কাজ করতেন। পুলিশ কর্মকর্তা তারেক আজিজ বলেন, ইমন হুন্ডিতে কাদের মাধ্যমে এসব টাকা পাঠাতেন, তাদের শনাক্তের চেষ্টা চলছে।

২০২৬ সালের ২৯ জুলাই ভোরে যশোরের ঝিকরগাছা ও ঝুমঝুমপুর সীমান্ত এলাকা থেকে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে পাঁচ সহযোগীসহ গ্রেপ্তার করে পুলিশ। 

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ডেভিড ইমন গ্রেপ্তার হওয়ার পর দুই দিন কেন্দ্রীয় কারাগারে ছিলেন। এখন ১০ দিনের রিমান্ডে জেলা পুলিশের হেফাজতে আছেন। 

জেলা এসপি মাসুদ আলম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ডেভিড ইমনকে রিমান্ডে আনা হয়েছে। মামলা সংক্রান্ত তথ্যের জন্য আমরা তাকে অধিকতর জিজ্ঞাসাবাদ করতে বিজ্ঞ আদালতে রিমান্ডের আবেদন করেছিলাম। রিমান্ডে অনেক তথ্য পাওয়া গিয়েছে, যা মামলার তদন্তের স্বার্থে বলা যাচ্ছে না।

চাঁদাবাজি মামলায় আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর

হাটহাজারী থানার চাঁদাবাজি মামলায় ডেভিড ইমনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

চট্টগ্রাম জেলার কোর্ট পরিদর্শক হাবিবুর রহমান জানান, হাটহাজারী থানার চাঁদাবাজি মামলায় ডেভিড ইমনের সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা