রাজউক পূর্বাচল স্কুল অ্যান্ড কলেজ
জোসনা জামান
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬ ১২:২৭ পিএম
আপডেট : ১২ আগস্ট ২০২৬ ১২:৩২ পিএম
গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রস্তাবিত পূর্বাচল স্কুল অ্যান্ড কলেজ প্রকল্পে ১৪ তলা ভবন নির্মাণ নিয়ে পরিকল্পনা কমিশন প্রশ্ন তুলেছে। কমিশন বলছে, এত উঁচু ভবনে শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে। প্রকল্প মূল্যায়ন কমিটির সভায় ভবনের উচ্চতা, শিক্ষার্থীদের চলাচল এবং যানবাহন ব্যবস্থাপনা পুনর্বিবেচনার পরামর্শ দেওয়া হয়েছে। কমিশনের মতে, একাডেমিক ভবনের উচ্চতা কমিয়ে আটতলা করার যৌক্তিকতা বিবেচনা করা প্রয়োজন। একই সঙ্গে সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাবে এসব বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা সংযুক্ত করার সুপারিশ করা হয়েছে।
একনজরে ভবন নির্মাণ প্রকল্প
রাজউক নিজস্ব অর্থায়নে এ প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব দিয়েছে। প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ২৭১ কোটি ৯১ লাখ টাকা। অনুমোদন মিললে চলতি বছর থেকে ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি শেষ করার লক্ষ্য রয়েছে। বলা হচ্ছে, পূর্বাচল নতুন শহর ও আশপাশের এলাকার অধিবাসীদের সন্তানদের আধুনিক শিক্ষা সুবিধা দেওয়াই এ প্রকল্পের উদ্দেশ্য।
প্রকল্পের আওতায় দুই বেজমেন্টসহ ১৪ তলা একাডেমিক ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। সেখানে প্রায় চার হাজার শিক্ষার্থীর জন্য শিক্ষা কার্যক্রম পরিচালনার ব্যবস্থা রাখা হয়েছে। ভবনে লাইব্রেরি, বিজ্ঞানাগার, কম্পিউটার ল্যাব, প্রয়োজনীয় আসবাব, জেনারেটর এবং লিফট স্থাপনের প্রস্তাবও রয়েছে। এ ভবনে মোট ৬৮টি শ্রেণিকক্ষ থাকবে। প্রতিটি কক্ষে বসতে পারবে প্রায় ৫০ জন শিক্ষার্থী।
যা বলছে মূল্যায়ন কমিটি
এ প্রসঙ্গে প্রকল্প মূল্যায়ন কমিটির আলোচনায় বলা হয়, ভবনটি উঁচু হওয়ায় শিক্ষার্থীদের নিয়মিত লিফট ব্যবহার করতে হবে। কম বয়সী শিক্ষার্থীদের ক্ষেত্রে বিষয়টি স্বস্তিকর নয়। তা ছাড়া এতে শ্রেণিকক্ষে সময়মতো পৌঁছার ক্ষেত্রেও বাস্তব চ্যালেঞ্জ তৈরি হতে পারে। সভায় মত দেওয়া হয় যে, কম বয়সী শিক্ষার্থীদের জন্য বহুতল ভবনের উপযোগিতা পুনর্বিবেচনা করা প্রয়োজন। কমিটি ভবনের উচ্চতা, লিফট সংখ্যা এবং নিরাপত্তাব্যবস্থা নতুনভাবে মূল্যায়নের সুপারিশ করেছে।
সভায় পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য ড. নেয়ামত উল্যা ভূঁইয়া প্রকল্প এলাকার সামগ্রিক পরিকল্পনা সম্পর্কে জানতে চান। জবাবে রাজউকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জানান, একাডেমিক ভবনের পাশাপাশি প্রয়োজনীয় শিক্ষা সহায়ক অবকাঠামো নির্মাণ করা হবে। ভবনে ১০টি লিফট থাকবে এবং স্কুল ও কলেজ দুই শিফটে পরিচালনার পরিকল্পনা রয়েছে। শিফট পরিবর্তনের সময় শিক্ষার্থীদের চলাচল কেমন হবে, সভায় তা নিয়েও আলোচনা হয়।
দুই শিফটে শিক্ষা কার্যক্রম
এ প্রসঙ্গে সভায় সভাপতি বলেন, ‘দুই শিফটে শিক্ষা কার্যক্রম চললে নির্দিষ্ট সময়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের যানবাহনের চাপ বাড়তে পারে। ফলে স্কুল-কলেজ শুরু ও শেষ হওয়ার সময় সড়কে যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি প্রকল্প এলাকার রাস্তার ধারণক্ষমতা এবং যান চলাচল ব্যবস্থাপনার বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা চান। পাশাপাশি লিফট ব্যবহার করে শিক্ষার্থীরা সময়মতো শ্রেণিকক্ষে পৌঁছতে পারবে কি নাÑ সেই প্রশ্নও তোলা হয়।
রাজউকের পক্ষ থেকে জানানো হয়, প্রকল্পের সামনের সড়ক চার লেনের এবং দ্বিমুখী চলাচলের উপযোগী। শিক্ষক ও অভিভাবকদের গাড়ির জন্য দুটি প্রবেশ এবং দুটি বহির্গমন পথ রাখা হয়েছে। এছাড়া ২৭৮টি ব্যক্তিগত গাড়ি, ৩৮টি মোটরসাইকেল এবং দুটি বাস পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। কর্তৃপক্ষের দাবি, এসব সুবিধা পরিকল্পনার অংশ হিসেবেই অন্তর্ভুক্ত করা হয়েছে।
৯৭ স্কুল ও কলেজ অনুমোদন
সভায় পূর্বাচলে বিদ্যমান শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যাও আলোচনায় আসে। রাজউক জানায়, প্রায় ১৫ লাখ মানুষের জন্য সেখানে মোট ৯৭টি স্কুল ও কলেজের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে নার্সারি, সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় এবং কলেজ রয়েছে। প্রকল্পটি সেই শিক্ষা অবকাঠামো আরও সম্প্রসারণের লক্ষ্যেই নেওয়া হয়েছে।
বৈঠকে বলা হয়, সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাবে বর্তমান নির্দেশিকা অনুযায়ী সম্ভাব্যতা সমীক্ষা, ব্যয়ের ভিত্তি এবং কারিগরি তথ্য বাংলায় উপস্থাপন করতে হবে। এ সময় অর্থ বিভাগের প্রতিনিধি জনবল নিয়োগ, যানবাহন ক্রয় এবং ব্যয় কাঠামো নিয়ে বিদ্যমান বিধি অনুসরণের পরামর্শ দেন। পাশাপাশি ব্যবস্থাপনা ব্যয় ও প্রশিক্ষণ সংক্রান্ত দুটি অঙ্গ বাদ দেওয়ার সুপারিশও করা হয়।
এ ছাড়া লিফটের কারিগরি বিবরণ, তথ্যপ্রযুক্তি সরঞ্জাম, ল্যাবরেটরি যন্ত্রপাতি, আসবাব এবং অন্যান্য উপকরণের ব্যয় বিভাজনও সংশোধিত ডিপিপিতে যুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে। পরিকল্পনা কমিশনের পর্যবেক্ষণ অনুযায়ী, এসব বিষয় পুনর্বিন্যাসের পর প্রকল্পটি আরও বাস্তবসম্মতভাবে মূল্যায়নের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে শিক্ষা অবকাঠামো নির্মাণে নিরাপত্তা, ব্যবহারিক প্রয়োজন এবং সুষ্ঠু ব্যবস্থাপনার বিষয়গুলো সমান গুরুত্ব পাবে।