গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
প্রতিদিনই দেশের কোনো-না কোনো প্রান্তে সড়ক দুর্ঘটনায় অকালে ঝরে যাচ্ছে তাজা প্রাণ। সংবাদপত্রের পাতায় কিংবা সাধারণের চোখে এগুলো হয়তো একটি ‘সংখ্যা’ বা ‘পরিসংখ্যান’মাত্র। কিন্তু স্বজনহারা পরিবারের কাছে তা অপূরণীয় এক ক্ষত, যা কখনও শুকায় না, শেষ হয় না এ দুঃস্বপ্নের। স্বজন হারানোর শূন্যতার অপরিমেয় ওজন বুকে চেপে বসে জগদ্দল পাথরের মতো।
আনন্দময় যাত্রাপথ নিমেষেই পরিণত হচ্ছে মর্মান্তিক মৃত্যুকূপে, চুরমার হয়ে যাচ্ছে কত পরিবারের স্বপ্ন ও আগামীর সম্ভাবনা। পরিসংখ্যান বলছে, যেকোনো সময়ের চেয়ে সদ্যবিদায়ী জুলাই মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ঘটেছে বেশি। বিগত সাড়ে তিন বছরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ৩১ হাজার ৬৫০ জন, অর্থাৎ গড়ে প্রতিদিন মৃত্যুর সংখ্যা ২৪ জন। কিন্তু এই চিত্রের ভয়াবহ অবনতি ঘটেছে এ বছরের জুলাইয়ে। এক মাসে সড়কে প্রাণ হারিয়েছে ৪১৬ জন। আর চলতি আগস্টে সবচেয়ে বড় দুর্ঘটনাটি ঘটে গত শুক্রবার। এদিন সিলেট ও বগুড়ার সড়কে দুটি ভয়াবহ দুর্ঘটনায় প্রাণহানি হয়েছে ১৮ জনের। আহত হয়েছে ৪০ জন। একই দিন ফেনী ও বাগেরহাটে আরও দুটি দুর্ঘটনায় ২ জনের প্রাণ গেছে। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত সিরাজগঞ্জ, নাটোর ও কিশোরগঞ্জের সড়কে পৃথক তিনটি দুর্ঘটনায় ছয়জন নিহত ও ১৯ জন আহত হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, সড়ক দুর্ঘটনা রোধে সভা-সেমিনার, পরিকল্পনা ও কোনো উদ্যোগই ফলপ্রসূ হচ্ছে না। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে যেন দুর্ঘটনা বাড়ছেই। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছেও যেন নেই কোনো সদুত্তর। যাত্রাপথে মূল্যবান জীবনের এ অপচয় রোধে নেই কার্যকর কোনো রোডম্যাপ। বিশেষজ্ঞরাও সড়ক দুর্ঘটনার ক্রমাগত ঊর্ধ্বমুখী পরিসংখ্যান নিয়ে উদ্বিগ্ন।
সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, বেসরকারি সংস্থা রোড সেফটি ফাউন্ডেশনের মতে, ২০২৩ সালে সড়কে প্রাণ হারিয়েছে ৬,৫২৪ জন। অন্যদিকে যাত্রী কল্যাণ সমিতির হিসাবে নিহত হন ৭ হাজার ৯০২ জন। দেশে সড়ক দুর্ঘটনায় ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে প্রাণ হারিয়েছেন বেশি মানুষ। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ২০২৪ সালে সড়ক দুর্ঘটনায় ৮ হাজার ৫৪৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১২ হাজার ৬০৮ জন। ২০২৫ সালে সারা দেশে মোট ৬ হাজার ৭২৯টি দুর্ঘটনায় ৯ হাজার ১১১ জন প্রাণ হারায়। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ৬ মাসেই সড়ক দুর্ঘটনায় ৫,৬৭৮ জন নিহত হয়েছে। গত এক দশকের দুর্ঘটনার পরিসংখ্যান যোগ করা হলে এ চিত্র আরও ভয়াবহ হবে। সম্প্রতি রোড সেফটি ফাউন্ডেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২০ থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত মোটরসাইকেল দুর্ঘটনা ১৫ হাজার ৭১২ জন নিহত ও আহত হয়েছে ১৪ হাজার ১৪৩ জন। সর্বশেষ শুধু গত জুলাই মাসে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জন নিহত হয়েছে।
তথ্য অনুসন্ধানে জানা গেছে, সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ চালকের নিয়ন্ত্রণহীনতা। বিশেষ করে দূরপাল্লার বাসের চালকদের সক্ষমতার অভাবও পাওয়া গেছে। এসব চালকের ড্রাইভিং লাইসেন্স থাকলেও সড়কে দ্রুতগতিতে বাস চালানো ও নিয়ন্ত্রণ বিষয়ে ব্যর্থতার চিত্রও মিলেছে।
বাংলাদেশের সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী দূরপাল্লার যানবাহনের চালকদের জন্য নির্দিষ্ট কর্মঘণ্টা, লাইসেন্স ও নিরাপত্তা বিধান বাধ্যতামূলক করা হয়। টানা ৮ ঘণ্টার বেশি গাড়ি চালানো নিষেধ ও ক্লান্তি এড়াতে দূরপাল্লার যানে বিকল্প বা অতিরিক্ত চালক রাখা আবশ্যক। অন্যসব নির্দেশের মধ্যে রয়েছে পরিবহনের চালক ও সহকারীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা, রাস্তার মাঝে চালকদের বিশ্রামের ব্যবস্থা রাখা, অনিয়মতান্ত্রিকভাবে রাস্তা পারাপার বন্ধ করা, সিগন্যাল দিয়ে পারাপার করা, সিটবেল্ট পরানো নিশ্চিত করা। দুর্ঘটনা রোধে বিকল্প চালকের ব্যবস্থা প্রসঙ্গে জানা যায়, আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত নিয়ম হচ্ছে, দূরের যাত্রায় একজন চালক যেন টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি না চালান। পরিবহন-সংশ্লিষ্টরা বলছেন, দূরপাল্লার বাস যাত্রার জন্য যেসব নিয়ম পালন করতে হয়, চালক-মালিকেরা তার কিছুই পালন করেন না।
ঢাকা-ময়মনসিং রুটের শৌখিন পরিবহনের পরিচালক আব্দুর রাজ্জাক এই প্রতিবেদককে বলেন, প্রতিটি বাস ছাড়ার আগে বাসের ফিটনেস ও আনুষঙ্গিক ত্রুটি আছে কি না তা পরিপূর্ণভাবে চেক করার নির্দেশনা দেওয়া থাকে। তবে চালকেরা এ বিষয়টি পরিপূর্ণভাবে মেনে চলেন কি না, সেটা সব মালিক তদারক করতে পারেন না। এ বিষয়টি বাস দুর্ঘটনার বড় কারণ। এই মালিক আরও বলেন, কোনো একক কারণে দুর্ঘটনা ঘটছে বিষয়টি এমন নয়, চালকের অসাবধানতা, অদক্ষতা ও যান্ত্রিক ত্রুটির কারণেই ঘটে।
সড়ক দুর্ঘটনার সাম্প্রতিক ব্যাপকতা নিয়ে মহাখালী পরিবহন মালিক সমিতির সভাপতি সিরাজুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, বৃষ্টির সময়টাতে দুর্ঘটনা স্বভাবত বেড়ে যায়। এর বড় কারণ চালকরা অনেক সময় গতি নিয়ন্ত্রণ করতে পারেন না। মালিকদের পক্ষ থেকে বৃষ্টির সময় ঘণ্টায় ৬০ কিলোমিটারের বেশি গতি তুলতে বারণ করা হয়। তাহলে চালকেরা সাবধানতা অবলম্বন করেন না কেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যাত্রীদের চাপের মুখে চালকরা গাড়ির গতি ঘণ্টায় ৮০-৯০ পর্যন্ত বাড়াতে বাধ্য হন। পিচ্ছিল সড়কে এ সময় গতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না।
ঢাকা-শরীয়তপুর রুটে চলাচলকারী বাস পদ্মা ট্রাভেলের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হেমায়েত হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, বৃষ্টির সময়টাতে দুর্ঘটনার শঙ্কা বেশি থাকে। এজন্য চালকদের সাবধান করা হয়। চালকদের অসাবধানতার সাথে দ্বিতীয় বা তৃতীয় পক্ষের অসাবধানতাও থাকে। ২০২৪ সালে তার কোম্পানির বাসের চাকায় পিস্ট হয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মারা যায় এক তরুণ। পরে কারণ অনুসন্ধানে জানা যায়, একটি উল্টো পথে আসা ট্রাককে সাউড দিতে গিয়ে মোটরসাইকেল চালক বাসের চাকার নিচে চলে যায়।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক হাদিউজ্জামান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, মহাসড়কে দুর্ঘটনার উপকরণ ক্রমাগত বাড়ছে। অবৈধ যান, থ্রি-হুইলারসহ এসব যান সড়কে অহরহ ঢুকে পড়ছে। তিনি বলেন, বৃষ্টি দুর্ঘটনার মূল কারণ নয়। সিঙ্গেল চেসিসের ওপর দ্বিতল কোচ বানিয়ে যাত্রী পরিবহনও দুর্ঘনা বাড়াচ্ছে। এসব ডাবল ডেকার বাসের তো অনুমোদন নেই। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) দিকে আঙুল তুলে বলেন, এই সরকারি প্রতিষ্ঠানটির কোনো কিছুই নিয়ন্ত্রণ করতে পারছে না। প্রাতিষ্ঠানিকভাবে মানসম্মত চালক তৈরি করা যাচ্ছে না। অপেশাদার চালকদের হাতে গাড়ি তুলে দেওয়া হচ্ছে। অথচ নজরদারি নেই।
দুর্ঘটনায় বিতর্কে স্লিপার কোচ
সিলেটে বেঙ্গল পরিবহনের একটি স্লিপার বাস ও ইউনিক পরিবহনের বাসের মধ্যে শুক্রবার দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু ঘটে; যা এসব অনুমোদনহীন বাসের নিরাপত্তা ও গতি নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে। পুলিশের উদ্ধার করা একটি ভিডিওতে পরিষ্কার দেখা গেছে, দুর্ঘটনার সময় বেঙ্গল পরিবহনের স্লিপার বাসটি নিয়ন্ত্রণহীন অবস্থায় ছিল। বাসটি বিপরীত দিক থেকে আসা ইউনিক পরিবহনের বাসকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে খাদে চলে যায়। দুর্ঘটনায় নিহতদের সবাই ইউনিক পরিবহনের যাত্রী ছিলেন। জানা যায়, বেঙ্গল পরিবহন লিমিটেড তাদের বহরে আধুনিক স্লিপার ও স্যুট ক্লাস বাস যুক্ত করেছে। ঢাকাসহ বিভিন্ন রুটে এ ধরনের ৬০০ থেকে ৭০০ বাস চলাচল করলেও বিআরটিএর নিয়ম ও অনুমোদন নিয়ে সম্প্রতি মহাসড়কে এগুলোর বৈধতা নিয়ে প্রশ্ন ও বিতর্ক তৈরি হয়েছে। বিআরটিএ সূত্রে জানা গেছে, এ ধরনের আমদানি করা বা নির্মিত স্লিপার বাস চলাচলের আনুষ্ঠানিক অনুমোদন নেই।
রাজধানী থেকে অনুমোদনহীন স্লিপার কোচের বিষয়ে মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আনিসুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, স্লিপার কোচ চলাচলের বিষয়ে বিআরটিএর কোনো আনুষ্ঠানিক নিষেধাজ্ঞার চিঠি ট্রাফিক পুলিশের কাছে আসেনি। কীভাবে এত স্লিপার কোচ চলাচল করছেÑ এ বিষয়ে উল্টো প্রশ্ন তোলেন রাজধানীর ট্রাফিকের এই শীর্ষ কর্মকর্তা।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক প্রতিদিনের বাংলাদেশকে বলেন, সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ার অন্যতম কারণ সড়কে শৃঙ্খলা ফেরাতে না পারা। সরকারের কোনো উদ্যোগ কাজে আসছে না। মড়াসড়ক ও আঞ্চলিক সড়কে শৃঙ্খলা ফেরাতে হবে। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর কঠোর জবাবদিহিতা থাকা প্রয়োজন, কোনো অজুহাত গ্রহণযোগ্য নয়।