× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিলুপ্তপ্রায় মহাবেলের সন্ধানে

ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬ ১০:২৪ এএম

বিশ্বজুড়ে সমাদৃত এই মহাবেলের গাছ আজ বাংলাদেশে চরম অস্তিত্ব সংকটে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বিশ্বজুড়ে সমাদৃত এই মহাবেলের গাছ আজ বাংলাদেশে চরম অস্তিত্ব সংকটে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সত্তর-আশির দশকের চিরায়ত বাংলার গ্রামীণ রান্নাঘরে মাটির চুলার ঠিক পাশেই অযত্নে পড়ে থাকা বিশালাকৃতির এক খয়েরি পাত্রে লবণ কিংবা শুঁটকি রাখা হতো। সেকালের গৃহস্থ বাড়ির এই অবিচ্ছেদ্য অংশটি আদতে কাঠ বা মাটির কোনো সাধারণ পাত্র ছিল না, ছিল আস্ত একটি ফলের শক্ত খোলস। গ্রামীণ জনপদে এটি ‘বিলাতি বেল’, ‘মহাবেল’, ‘দশবেল’, ‘তানপুরা ফল’ কিংবা ‘ডুগডুগি ফল’ নামে সমাদৃত ছিল। একসময় বাংলার প্রতিটি বাড়ির উঠোনে পরম মমতায় যে গাছটি বেড়ে উঠত, কালের বিবর্তনে সেই মহাবেল আজ এক বিলুপ্তপ্রায় প্রজাতি। বর্তমান প্রজন্মের কাছে এই ফল যেন এক অজানা রূপকথার নাম।

একটি জীবন্ত মহাবেল গাছের দেখা পাওয়া এখন রীতিমতো লটারির টিকিট পাওয়ার সমতুল্য। সেই দুর্লভ বৃক্ষের সন্ধানেই শুরু হয়েছিল এক রোমাঞ্চকর অনুসন্ধান। মৌলভীবাজারের মাজদিহি চা বাগানের সাঁওতাল টিলায় ছুটে গিয়ে জানা গেল, ঘর তোলার জন্য কেটে ফেলা হয়েছে গাছটি। কালাছড়া বনাঞ্চলে গিয়ে দেখা গেল বনদস্যুদের দায়ের নির্মম কোপের চিহ্ন। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সদরঘাট গ্রামে একটি গাছের দেখা মিললেও তাতে কোনো ফল ছিল না। সব হতাশা আর ব্যর্থতার গ্লানি মুছে যায় জুলাইয়ের প্রথম সপ্তাহে। শ্রীমঙ্গল উপজেলার দক্ষিণ বনগাঁও গ্রামে কৃষক সুনিল সূত্রধরের বাড়ির আঙিনায় আকস্মিকভাবেই দেখা মেলে কাঙ্ক্ষিত সেই ফলসহ মহাবেল গাছের। দীর্ঘ অপেক্ষার পর সবুজ পাতার ফাঁকে উঁকি দেওয়া দানবাকৃতির ফলটি যেন এক পরম প্রাপ্তি।

সুনিল বলেন, তার পূর্বপুরুষের আমল থেকে টিকে থাকা এই গাছটি এখন ওই অঞ্চলের একমাত্র নিদর্শন। ১২ থেকে ১৫ কেজি ওজনের একেকটি ফল দেখতে এবং এর ছাল-পাতা সংগ্রহ করতে এখনও দূরদূরান্ত থেকে মানুষ ছুটে আসে তার আঙিনায়।

মধ্য আমেরিকা আদি নিবাস হওয়া এই বৃক্ষের বৈজ্ঞানিক নাম ক্রিসেন্টিয়া চুজেতে, ইংরেজিতে যাকে বলা হয় ‘ক্যালাবাশ’। ময়মনসিংহের মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক চয়ন বিকাশ ভদ্র প্রতিদিনের বাংলাদেশকে বলেন, কাঁটাহীন এই গাছের কাণ্ড বা ডালে সরাসরি ফুল ফোটেÑ অনেকটা নাগলিঙ্গম, ডুমুর বা কোকো গাছের মতো। কাঁচা অবস্থায় গাঢ় সবুজ ফলের ভেতর দুধসাদা নরম শাঁস থাকে। দেশি বেলের মতো এর কোনো সুগন্ধ নেই।

আমাদের দেশে এই ফলটিকে অনেকেই বিষাক্ত মনে করলেও বিশ্বজুড়ে এর কদর বহুমুখী ও বিস্ময়কর। দক্ষিণ আমেরিকা ও আফ্রিকায় এর কাঁচা শাঁস থেকে তৈরি হয় রোগ নিরাময়কারী সিরাপ। বাংলাদেশের টিপরা জনগোষ্ঠীর মানুষ মস্তিষ্ক বিকৃতির চিকিৎসায় এই ফলের মণ্ড প্রলেপ হিসেবে ব্যবহার করে।

তবে মহাবেলের সবচেয়ে বড় জাদু লুকিয়ে আছে এর শক্ত খোলসে। পাকা ফলের খোলস দিয়ে তৈরি হয় ডুগডুগি, তানপুরার মতো চমৎকার সব দেশজ বাদ্যযন্ত্র। এমনকি পাশ্চাত্য সংগীতের অত্যন্ত পরিচিত বাদ্যযন্ত্র ‘মারাক্কাস’, যা মিউজিক্যাল রিদম সৃষ্টিতে অপরিহার্য, সেটিও তৈরি হয় এই খোল থেকেই।

একসময় যা ছিল কেবলই লবণ রাখার পাত্র, তা সুরের মূর্ছনা তোলার এক আন্তর্জাতিক অনুষঙ্গও। প্রাগৈতিহাসিক কাল থেকে টিকে থাকা ও শোভাবর্ধক হিসেবে বিশ্বজুড়ে সমাদৃত এই মহাবেল গাছ আজ আমাদের দেশে চরম অস্তিত্ব সংকটে। স্মৃতির পাতা থেকে চিরতরে মুছে যাওয়ার আগেই এই দুর্লভ বৃক্ষটিকে সংরক্ষণের উদ্যোগ নিতে হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা