× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা বাঁচাতে বাঁচাও নদী

ফসিহ উদ্দীন মাহতাব

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬ ০৮:১৮ এএম

নদীই ঢাকাকে দিয়েছে বিশেষ পরিচয়, করে তুলেছে গুরুত্বপূর্ণ। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

নদীই ঢাকাকে দিয়েছে বিশেষ পরিচয়, করে তুলেছে গুরুত্বপূর্ণ। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

বুড়িগঙ্গার তীরে গড়ে উঠেছে ঢাকা। এই নদীই ঢাকাকে দিয়েছে বিশেষ পরিচয়, করে তুলেছে গুরুত্বপূর্ণ। নদীপথে ব্যবসা-বাণিজ্য, মানুষের যাতায়াত এবং পণ্য পরিবহনের সুবিধাকে কেন্দ্র করে ধীরে ধীরে বিস্তৃত হয়েছে এই নগর।

সামন্ত আমলে এই নদীই ছিল রাজরাজড়াদের রাজ্যের নিরাপত্তাব্যূহ। বুড়িগঙ্গাকে ঘিরেই ঢাকা পরিচিতি পেয়েছে বাণিজ্যিক ও প্রশাসনিক নগর হিসেবে। একইভাবে আশপাশের তুরাগ, বালু ও শীতলক্ষ্যা নদীর তীরেও গড়ে উঠেছে জনপদ, বাজার, শিল্পাঞ্চল ও বন্দর। নদীই সৃষ্টি করেছে এসব অঞ্চলে কর্মচাঞ্চল্য।

অথচ এখন সেই নদীগুলোই মহাবিপর্যয়ের শিকার। অপরিকল্পিত নগরায়ণ, নদী দখল ও দূষণের কারণে প্রাণ হারাতে চলেছে এসব নদী। অন্য কথায় বলতে গেলে, ঢাকার জন্যও ধেয়ে আসছে মহাবিপর্যয়। এখনই যা ঠেকাতে সক্রিয় না হলে ঢাকা পরিণত হবে এক মৃত নগরীতে। যে বুড়িগঙ্গা একসময় ঢাকায় জীবন-জীবিকার পথ তৈরি করেছিল, সেই নদীর অনেক অংশই আজ কালো হয়ে উঠেছে। কোথাও পানির স্বাভাবিক প্রবাহ নেই। নদীর অনেক স্থানে তৈরি হয়েছে নানা স্থাপনা। শিল্পকারখানার বর্জ্য, পয়ঃবর্জ্য ও কঠিন বর্জ্যের ভারে নদীগুলোর স্বাভাবিক বাস্তুতন্ত্র বিপর্যস্ত। বুড়িগঙ্গাকে ঘিরে রাজধানীর জন্ম, সেই নদীই আজ অস্তিত্বের সংকটে পড়েছে।

গত দুই দশকে ঢাকার চারপাশের নদী রক্ষায় কম পরিকল্পনা হয়নি। শিল্পকারখানায় বর্জ্য পরিশোধনাগার বা ইটিপি স্থাপন, নদীর তীর দখলমুক্ত করা, নদী খনন, ওয়াকওয়ে নির্মাণ, পয়ঃশোধনাগার স্থাপন এবং নদীপথে ওয়াটার ট্যাক্সি চালুর মতো নানা উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু বাস্তবে এসব উদ্যোগের বড় অংশই কাঙ্ক্ষিত ফল দেয়নি। প্রশ্ন উঠছে, নদী রক্ষার এসব পরিকল্পনা অকার্যকর হচ্ছে কেন? নতুন করে আবার পরিকল্পনা করলেই কি পরিস্থিতি বদলাবে? নাকি আগের মতোই পরিকল্পনা, সভা ও ঘোষণার মধ্যে সীমাবদ্ধ থাকবে সব উদ্যোগ?

যে নদী ঘিরে রাজধানী ঢাকার পরিচয়

ঢাকার ইতিহাসের সঙ্গে বুড়িগঙ্গার সম্পর্ক শুধু ভৌগোলিক নয়, অর্থনৈতিক ও সাংস্কৃতিকও। নদীপথকে কেন্দ্র করে এখানে গড়ে ওঠে ব্যবসা-বাণিজ্যের কেন্দ্র ও নানা শিল্পকারখানা। নৌপথে দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে ঢাকার পণ্য আনা-নেওয়ার নেটওয়ার্ক গড়ে ওঠে। নদীর তীরে গড়ে ওঠা ঘাট, বাজার ও ব্যবসাকেন্দ্র নগরের বিকাশে ভূমিকা রাখে। 

শুধু বুড়িগঙ্গা নয়, ঢাকার চারপাশের তুরাগ, বালু ও শীতলক্ষ্যাও এই অঞ্চলের অর্থনৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। নদীর তীর ঘেঁষে গড়ে উঠেছে শিল্পাঞ্চল, জনবসতি ও বাণিজ্যিক কেন্দ্র। নদীর সঙ্গে মানুষের সম্পর্ক ছিল জীবিকার, যোগাযোগের এবং জীবনযাত্রার। যার অনেকটাই এখন বদলে গেছে। নদী আছে, কিন্তু নদীর স্বাভাবিক চরিত্র হারিয়ে যাচ্ছে।

নদীতে যাচ্ছে শিল্প ও পয়ঃবর্জ্য

ঢাকার চারপাশের নদীগুলোর দূষণের অন্যতম প্রধান উৎস শিল্পবর্জ্য ও পয়ঃবর্জ্য। রাজধানী ও আশপাশের এলাকায় গড়ে ওঠা টেক্সটাইল, ডাইং, রাসায়নিক, প্লাস্টিক ও ধাতব শিল্পকারখানার বর্জ্যের একটি অংশ যথাযথভাবে পরিশোধন না হয়েই নদী ও জলাশয়ে যাচ্ছে।

শুধু শিল্পবর্জ্য নয়, নগরের বিভিন্ন ড্রেন ও খাল দিয়েও গৃহস্থালি বর্জ্য, প্লাস্টিক, পয়ঃনিষ্কাশনের পানি ও অন্যান্য বর্জ্য নদীতে পড়ছে। শুষ্ক মৌসুমে পানির প্রবাহ কমে যাওয়ায় অনেক জায়গায় দূষণের মাত্রা আরও বেড়ে যায়। পানিতে দ্রবীভূত অক্সিজেন কমে যাওয়ায় মাছ ও অন্যান্য জলজ প্রাণীর জন্য পরিবেশ প্রতিকূল হয়ে উঠছে।

নদীর তলদেশে জমা হচ্ছে বিভিন্ন রাসায়নিক ও ভারী ধাতু। এর দীর্ঘমেয়াদি প্রভাব পড়ছে নদীর বাস্তুতন্ত্রে। নদী দূষিত হওয়ায় শুধু মাছ বা জলজ প্রাণী নয়, এর সঙ্গে যুক্ত মানুষের জীবন ও জীবিকাও ঝুঁকিতে পড়ছে। রাজধানীর হাজারীবাগ থেকে ট্যানারি শিল্প স্থানান্তরের অন্যতম কারণ ছিল বুড়িগঙ্গা নদীকে রক্ষা করা। কিন্তু বুড়িগঙ্গাকে বাঁচাতে গিয়ে এখন মরতে বসেছে ধলেশ্বরী নদী। যদিও বুড়িগঙ্গা নিজেও ঠিক বাঁচতে পারছে না।

দখলে কমছে নদীর বিস্তৃতি

নদী ও নদীর তীর দখল করায় এবং ভরাট করে বিভিন্ন স্থাপনা নির্মাণের ফলে অনেক জায়গায়ই এর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। নগরের পানি নিষ্কাশনব্যবস্থাও দুর্বল হচ্ছে। বিভিন্ন সময়ে নদী দখলমুক্ত করতে অভিযান চালানো হয়েছে। উচ্ছেদ করা হয়েছে অবৈধ স্থাপনা। কিন্তু উচ্ছেদের পর নিয়মিত নজরদারি না থাকায় অনেক জায়গা আবারও দখল হয়েছে। স্থায়ী কোনো সমাধান আসেনি। দখল থেকে নদীকে রক্ষার জন্য নদীর সীমানা নির্ধারণ, স্থায়ী সীমানাচিহ্ন স্থাপন, নিয়মিত নজরদারি এবং দখল হলে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

ইটিপি আছে, দূষণও আছে

শিল্পকারখানার বর্জ্য পরিশোধনে ইটিপি গুরুত্বপূর্ণ হলেও শুধু ইটিপি স্থাপন করলেই নদীদূষণ বন্ধ হয় না। সেটি নিয়মিত চালু রাখা হচ্ছে কি না, পরিশোধিত বর্জ্য নির্ধারিত মান বজায় রাখছে কি নাÑ এসবও নিশ্চিত করতে হয়।

অভিযোগ রয়েছে, কোথাও ইটিপি থাকলেও তা নিয়মিত বা কার্যকরভাবে পরিচালিত হচ্ছে না। তাই নিয়মিত নজরদারি, আকস্মিক পরিদর্শন এবং প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণ প্রয়োজন। আইন ভাঙলে কার্যকর শাস্তিও নিশ্চিত করতে হবে।

‘খাল প্রকৃতির রক্তনালি’

নদী রক্ষার সঙ্গে খাল ও জলাধার রক্ষার বিষয়টিও অঙ্গাঙ্গিভাবে জড়িত। সাম্প্রতিক ব্যবসায়ী সংগঠনের এক সেমিনারে পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ঢাকার নদী, খাল ও জলাধার সংরক্ষণের ওপর গুরুত্ব দিয়েছেন। তার ভাষায়, মানুষের শরীরে রক্ত চলাচলের জন্য যেমন রক্তনালি প্রয়োজন, তেমনি খাল প্রকৃতির রক্তনালি। তাই বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষ্যা ও টঙ্গী নদীকে আলাদা আলাদা জলাধার হিসেবে দেখলে হবে না। এগুলোর সঙ্গে যুক্ত খাল, জলাভূমি, ড্রেনেজব্যবস্থা ও পানিপ্রবাহের পুরো নেটওয়ার্ককে একসঙ্গে বিবেচনা করতে হবে।

সংস্থা অনেক, সমন্বয় কম

নদী ও পানিব্যবস্থাপনার সঙ্গে পরিবেশ অধিদপ্তর, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, ঢাকা ওয়াসা, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ, রাজউক, দুই সিটি করপোরেশন ও জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান যুক্ত।

বিশেষজ্ঞদের মতে, এসব প্রতিষ্ঠানের কাজের মধ্যে সমন্বয়ের ঘাটতি নদী রক্ষার অন্যতম বড় বাধা। একটি সংস্থা কোনো উদ্যোগ নিলেও অন্য সংস্থার প্রয়োজনীয় সহযোগিতা না থাকলে প্রকল্প আটকে যায় কিংবা কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না। এই বাস্তবতায় ঢাকার চারপাশের নদীদূষণ রোধে প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে আন্তঃসংস্থা সমন্বয় কমিটি গঠনের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। তবে কমিটি গঠনই শেষ কথা নয়; এর কার্যকারিতা নির্ভর করবে বাস্তব কাজের ওপর।

এবার সময়বদ্ধ কর্মপরিকল্পনা

সম্প্রতি সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ উন্নয়ন’ শীর্ষক বৈঠকে ঢাকার চারপাশের নদীগুলোর দূষণের প্রধান কারণগুলো চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে রয়েছেÑ অপরিশোধিত শিল্পবর্জ্য, অপর্যাপ্ত পয়ঃনিষ্কাশন ও ড্রেনেজব্যবস্থা, খালের নাব্যতা কমে যাওয়া, কঠিন বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা, নদী ও খাল দখল এবং সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের ঘাটতি। এসব সমস্যা সমাধানে একটি সমন্বিত ও সময়বদ্ধ কর্মপরিকল্পনা তৈরির সিদ্ধান্ত হয়েছে। পরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি নিয়মিত পর্যালোচনা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রতিবেদন দেওয়ার কথাও বলা হয়েছে। পরিবেশবাদী সংগঠন, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় জনগণকেও সম্পৃক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

ওয়াকওয়ের আগে নদী বাঁচানো জরুরি

নদীতীরে ওয়াকওয়ে নির্মাণ কিংবা ওয়াটার ট্যাক্সি চালুর পরিকল্পনা নগরবাসীর কাছে আকর্ষণীয়। কিন্তু নদীর পানি দূষিত থাকলে, নাব্যতা না থাকলে এবং পানিপ্রবাহ স্বাভাবিক না থাকলে নদীকে বাঁচানো যাবে না। তাই আগে নদীকে দূষণ ও দখলমুক্ত করা, নাব্যতা ফিরিয়ে আনা এবং পানিপ্রবাহ নিশ্চিত করা দরকার। এরপর নদীতীর উন্নয়ন ও জলপথভিত্তিক যোগাযোগব্যবস্থা চালু করা হলে তা টেকসই হবে।

ক্ষতি শুধু পরিবেশের নয়

নদীদূষণ ও দখলের প্রভাব পরিবেশের গণ্ডি ছাড়িয়ে অর্থনীতি ও জনজীবনেও পড়ছে। নাব্যতা কমে গেলে নৌপথে পণ্য পরিবহনের সক্ষমতা কমে যায়। ফলে সড়কপথের ওপর চাপ বাড়ে এবং পরিবহন ব্যয়ও বাড়তে পারে। মাছের আবাসস্থল নষ্ট হওয়ায় জেলেরা ক্ষতিগ্রস্ত হন। নদীকেন্দ্রিক পর্যটনের সম্ভাবনাও কমে যায়। অন্যদিকে নদীর দূষিত পানি ও জলজ প্রাণীর মাধ্যমে ক্ষতিকর উপাদান খাদ্যশৃঙ্খলে প্রবেশের আশঙ্কা থাকে। ফলে নদী রক্ষা এখন আর শুধু পরিবেশ রক্ষার বিষয় নয়; এটি জনস্বাস্থ্য, অর্থনীতি, পানি নিরাপত্তা ও ভবিষ্যৎ নগরজীবনের প্রশ্ন।

এখন প্রয়োজন জবাবদিহিতা

ঢাকার নদীগুলো শুধু কয়েকটি নাম নয়; এগুলো রাজধানীর ইতিহাস, অর্থনীতি ও সভ্যতার অংশ। বুড়িগঙ্গার তীরে যে শহর একসময় বাণিজ্যের কেন্দ্র হয়ে উঠেছিল, সেই শহরের চারপাশের নদীগুলো আজ যদি মৃত্যুর মুখে পড়ে, তবে এর দায় শুধু কোনো একটি সংস্থার নয়। গত দুই দশকের পরিকল্পনাগুলোর ফলাফল এখন পর্যালোচনা করা দরকার। কতটি নদী দখলমুক্ত হয়েছে, কতটি খাল পুনরুদ্ধার হয়েছে, কতটি শিল্পকারখানার ইটিপি কার্যকর, কতটি দূষণের উৎস বন্ধ হয়েছেÑ এসব তথ্য নিয়মিত প্রকাশ করা প্রয়োজন।

নতুন পরিকল্পনা, নতুন কমিটি কিংবা নতুন প্রকল্পের চেয়ে এখন বেশি জরুরি নির্ধারিত সময়ে নির্ধারিত কাজ শেষ করা। কে কাজ করবে, কত দিনে করবে, কাজের ফল কীভাবে মাপা হবে এবং ব্যর্থ হলে দায় কারÑ এসব স্পষ্ট না হলে নতুন উদ্যোগও আগের উদ্যোগগুলোর মতো কাগজেই থেকে যেতে পারে।

নদী বাঁচলে ঢাকা বাঁচবে। আর ঢাকা শুধু একটি শহর নয়; এই নদীগুলোকে ঘিরেই গড়ে উঠেছে তার ইতিহাস, অর্থনীতি ও মানুষের জীবন। তাই নদী রক্ষার প্রশ্নে এবার ঘোষণার চেয়ে বাস্তবায়নই হতে হবে সবচেয়ে বড় অগ্রাধিকার।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা