× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিজিটাল তথ্যভাণ্ডার থেকে হবে তদারকি

বিশেষ প্রতিবেদক

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬ ০৯:৩৪ এএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

সরকারি প্রশাসনকে আরও দক্ষ, স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং প্রযুক্তিনির্ভর করতে একগুচ্ছ সংস্কারমূলক সিদ্ধান্ত নিয়েছে সরকার। কর্মকর্তা-কর্মচারীদের সমন্বিত করা হবে ডিজিটাল তথ্যভাণ্ডারে। সেখান থেকে মাঠ প্রশাসনের নিয়মিত তদারকি করা হবে; নির্ধারণ হবে প্রশিক্ষণব্যবস্থার আধুনিকীকরণ, অনলাইন পেনশন ব্যবস্থাপনা, কর্মসম্পাদনের মূল্যায়ন এবং প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে নির্দিষ্ট সময়সীমা। সম্প্রতি সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয় সচিব মো. এহছানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত হয়। সভায় বিভিন্ন দপ্তর ও সংস্থার চলমান কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি প্রশাসনিক সংস্কারের অগ্রাধিকার নির্ধারণ করা হয়। গৃহীত সিদ্ধান্তগুলো ১৫ দিন থেকে ছয় মাসের মধ্যে সুনির্দিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে বাস্তবায়ন করা হবে। 

সভার নথিপত্র সূত্রে জানা যায়, প্রশাসনিক সংস্কারকে পাঁচটি বড় স্তম্ভের ওপর দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। এগুলো হচ্ছেÑ ডিজিটাল জনবল ব্যবস্থাপনা, দক্ষ মানবসম্পদ উন্নয়ন, দ্রুত প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়ন, আর্থিক ব্যবস্থাপনার আধুনিকীকরণ এবং মাঠ প্রশাসনের জবাবদিহিতা বাড়ানো।

এক প্লাটফর্মে আনা হচ্ছে সরকারি জনবল

সভা সূত্রে জানা গেছে, এই সংস্কার উদ্যোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যবস্থাপনা (জিইএমএস-৪)। প্রথম থেকে ২০তম গ্রেড পর্যন্ত সব কর্মকর্তা-কর্মচারীর ব্যক্তিগত ও চাকরি-সংক্রান্ত তথ্য এই ডিজিটাল প্লাটফর্মে অন্তর্ভুক্ত করা হবে। ২০২৪ সালের ২৪ জুন একটি কর্মশালার সুপারিশ বাস্তবায়নের অংশ হিসেবে সব মন্ত্রণালয় ও দপ্তরকে নির্ধারিত ছকে তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি বিদ্যমান পিআইএমএস ডাটাবেজের সঙ্গে সমন্বয় করে তথ্যের নির্ভুলতা নিশ্চিত করার পরিকল্পনাও রয়েছে। কর্মকর্তাদের নিজ উদ্যোগে তথ্য নিয়মিত হালনাগাদ করার নির্দেশনাও নথিতে দেওয়া হয়েছে। এই ডাটাবেজ কার্যকর হলে পদোন্নতি, বদলি, পদায়ন, প্রশিক্ষণ এবং মানবসম্পদ পরিকল্পনায় তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ আরও সহজ হবে।

১৮০টি কর্মপরিকল্পনায় প্রশাসনিক রূপান্তর

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থাগুলোর জন্য ১৮০টি কর্মপরিকল্পনা তৈরি করা হয়েছে। একই সঙ্গে অনুমোদন দেওয়া হয়েছে ‘জনপ্রশাসন কৌশল-২০২৫’। এই পরিকল্পনায় প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, সেবার মানোন্নয়ন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ডিজিটাল সেবা সম্প্রসারণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। পরিকল্পনার অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। কর্মকর্তাদের ফাউন্ডেশন ট্রেনিং, উচ্চতর প্রশিক্ষণ এবং বিশেষায়িত কোর্সে আসন সংখ্যা বাড়ানো হচ্ছে। জাতীয় উন্নয়ন একাডেমির স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্যোগও চলছে। এছাড়া সরকারি প্রতিষ্ঠানগুলোতে প্রাতিষ্ঠানিক কার্যক্রমের মানোন্নয়নের জন্য  স্ব-মূল্যায়ন ও পিয়ার অ্যাসেসমেন্ট চালুর মাধ্যমে কর্মদক্ষতা মূল্যায়ন আরও কার্যকর করার পরিকল্পনা রয়েছে।

অনলাইন পেনশন ও আর্থিক ব্যবস্থাপনা

অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের ভোগান্তি কমাতে অনলাইন পেনশন আবেদন ও অগ্রগতি পর্যবেক্ষণ ব্যবস্থাপনা সিস্টেম (ওপিটিএমএস) এবং স্মার্ট পেনশন অর্থ পরিশোধ ব্যবস্থাপনা সিস্টেম (এসপিপিএমএস) আরও শক্তিশালী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লক্ষ্য হচ্ছে, আবেদন থেকে অনুমোদন এবং অর্থছাড় পর্যন্ত পুরো প্রক্রিয়াকে প্রযুক্তিনির্ভর করে দ্রুত ও স্বচ্ছ সেবা নিশ্চিত করা।

নিয়োগ, পদায়ন ও প্রশাসনিক শৃঙ্খলা

নথিতে জ্যেষ্ঠতা ও মেধার ভিত্তিতে পদায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে নিয়োগ পরীক্ষার ফল দ্রুত প্রকাশ, বিভাগীয় মামলা নিষ্পত্তি, অডিট আপত্তি সমাধান এবং অনিষ্পন্ন প্রশাসনিক আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশনা রয়েছে। প্রতিটি সিদ্ধান্ত বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নাম এবং নির্দিষ্ট সময়সীমাও উল্লেখ করা হয়েছে।

মাঠ প্রশাসনে বাড়ছে তদারকি

জেলা ও উপজেলা প্রশাসনের কার্যক্রম নিয়মিত পরিদর্শনের পরিকল্পনা নেওয়া হয়েছে। উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন, সরকারি সেবার মান এবং প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরাসরি মাঠপর্যায়ে পরিদর্শনের ওপর জোর দেওয়া হয়েছে। তথ্য অধিকার আইন অনুযায়ী স্বপ্রণোদিত তথ্য প্রকাশের বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। তথ্য অধিকার আইন অনুযায়ী স্বপ্রণোদিত তথ্য প্রকাশের নির্দেশনাও রয়েছে।

এ বিষয়ে জনপ্রশাসন উপদেষ্টা (মন্ত্রীর পদমর্যাদা) ইসমাইল জবিউল্লাহ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘সৎ, দক্ষ ও মেধাবী কর্মকর্তাদের বাছাই করে গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হবে। বিগত আওয়ামী লীগ সরকারের মতো বর্তমান সরকার দলবাজ প্রশাসন চায় না। পেশাদারত্বকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান জনবান্ধব জনপ্রশাসন গড়ার লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনার আলোকে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্মপরিকল্পনা প্রণয়ন করছে। মাঠ প্রশাসনে নিয়মিত তদারকি করা হবে। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দায়িত্বশীল কর্মকর্তাদের নিয়মিত পরিদর্শন করতে হবে। প্রশাসনিক সংস্কারের কেন্দ্রবিন্দুতে রাখা হবে দক্ষতা, জবাবদিহিতা ও পেশাদারত্বকে।’

জনপ্রশাসন বিশেষজ্ঞ ও সাবেক সচিব আনোয়ার ফারুক বলেন, ‘নতুন সরকার দায়িত্বে এসে প্রশাসনকে গতিশীল করতে যে পদক্ষেপ নিয়েছে, তা ইতিবাচক। তবে পেশাদারত্বকে বিশেষ গুরুত্ব দিতে হবে। কর্মকর্তা বাছাইয়ে আগের মতো গতানুগতিক পদ্ধতি অনুসরণ করা হলে লক্ষ্য ও উদ্দেশ্য বাধাগ্রস্ত হবে।’ তিনি বলেন, ‘প্রশাসনিক সংস্কারের প্রকৃত সাফল্য নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়ন, নিরপেক্ষ জনবল ব্যবস্থাপনা এবং নিয়মিত মূল্যায়নের ওপর।’

প্রশাসন বিশ্লেষকদের মতে, কেবল পরিকল্পনা প্রণয়ন বা সভায় সিদ্ধান্ত গ্রহণ যথেষ্ট নয়। সিদ্ধান্ত বাস্তবায়নের ধারাবাহিকতা, কর্মকর্তা নির্বাচন ও পদায়নে নিরপেক্ষতা, তথ্যের নির্ভুলতা এবং জবাবদিহিমূলক তদারকিই নির্ধারণ করবে এই সংস্কার কর্মসূচির প্রকৃত সাফল্য। প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে মেধা, সততা ও পেশাদারত্বের ভিত্তিতে পরিচালনা করা গেলে এই উদ্যোগগুলো সরকারি সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা