× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংবিধান সংশোধন: গ্রহণযোগ্য করাই বড় চ্যালেঞ্জ

আসাদুজ্জামান সম্রাট

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬ ০৮:৪৩ এএম

সংবিধানের গ্রহণযোগ্য সংশোধনী আনাই এখন বড় চ্যালেঞ্জ সরকারের। ছবি: সংগৃহীত

সংবিধানের গ্রহণযোগ্য সংশোধনী আনাই এখন বড় চ্যালেঞ্জ সরকারের। ছবি: সংগৃহীত

সংবিধানের গ্রহণযোগ্য সংশোধনী আনাই এখন বড় চ্যালেঞ্জ সরকারের। সংবিধান সংশোধন কমিটির ১২ সদস্যের মধ্যে ১১ জনই বিএনপি জোটের। জোটের বাইরে এ কমিটিতে বিরোধী দলের একমাত্র সদস্য ইসলামী আন্দোলনের এমপি মো. অলি উল্লাহ। কিন্তু সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির প্রথম বৈঠকে তিনি যোগ দেননি। এ অবস্থায় বিরোধী দলের তীব্র বিরোধিতার মুখে সরকারি দলের পক্ষ থেকে সংবিধানের অষ্টাদশ সংশোধনী আনা হলে সেটি গ্রহণযোগ্য হবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, বিদ্যমান পরিস্থিতিতে জুলাই জাতীয় সনদে দেওয়া বিএনপির ‘নোট অব ডিসেন্ট’গুলো মেনে সংবিধান সংশোধন করা হলে তা সনদের অনেক ইস্যুর সঙ্গে সাংঘর্ষিক হবে। জুলাই জাতীয় সনদ ‘অক্ষরে অক্ষরে পালনের’ প্রতিশ্রুতিও শুধু প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ থাকবে। দলীয় নির্বাচনী ইশতেহারকে প্রাধান্য দিয়ে সংবিধান সংশোধন করায় ‘জুলাই জাতীয় সনদ’কে উপেক্ষা করা হবে। অন্যদিকে জুলাই সনদ ‘অক্ষরে অক্ষরে’ মেনে সংবিধান সংশোধনের পথে এগোলে দলীয় নির্বাচনী ইশতেহার এবং ‘নোট অব ডিসেন্ট’কে উপেক্ষা করা হবে। 

উল্লেখ্য, ১৭ সদস্যের সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দল জামায়াত-এনসিপির জন্যও ৫টি সদস্য পদ রাখা হয়েছে। তারা তাদের সদস্যদের নাম না দেওয়ায় সংসদের সর্বশেষ অধিবেশনে ১২ সদস্যের বিশেষ কমিটি গঠন করা হয়। গত ৪ আগস্ট এই কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনের আগে বিএনপির পক্ষ থেকে দেওয়া ইশতেহারে ৩৫ দফা ‘সাংবিধানিক সংস্কার’ প্রস্তাব করা হয়েছিল। কিন্তু নির্বাচনের পর বিএনপি সরকার গঠন করে নিজেদের অবস্থান পরিবর্তন করে। ‘সংস্কার’ থেকে সরে এসে দলটি উদ্যোগ নেয় সংবিধান সংশোধনের। অবশ্য দলটির নেতারা বরাবরই বলে আসছেন, জুলাই সনদের আলোকেই সংবিধান সংশোধন করা হবে। কোনো কোনো বক্তৃতায় প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানও বলেছেন, ‘জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে’। যদিও স্বাক্ষরিত জুলাই সনদের অনেক বিষয়ে বিএনপির ‘নোট অব ডিসেন্ট’ রয়েছে। 

এমন প্রেক্ষাপটে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, ‘ইতঃপূর্বে বিএনপির হাত ধরে সংবিধানের নানা ইতিবাচক পরিবর্তন এসেছে। ১৯৯১ সালে বিএনপিই সংবিধানে সংসদীয় ব্যবস্থা অন্তর্ভুক্ত করেছিল। এবার আমরা সংবিধান সংশোধন করব চব্বিশের গণঅভ্যুত্থানের স্পিরিট সামনে রেখে। ইতোমধ্যে আমরা প্রথম বৈঠকে সবার সঙ্গে কথা বলে সংবিধান সংশোধনের কথা বলেছি। যার মধ্যে মিডিয়াও রয়েছে। জুলাইয়ের সকল স্টেক হোল্ডারের মতামতের ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে।’

সংবিধান সংস্কার ও সংশোধন সংক্রান্ত বিতর্ক সম্পর্কে তিনি বলেন, ‘সংশোধন না করলে সংস্কার হবে কীভাবে? আমরা জুলাই জাতীয় সনদ, আমাদের দলের নির্বাচনী ইশতেহার ছাড়াও জুলাইয়ের সঙ্গে সম্পৃক্ত সকলের মতামত নিয়ে সংবিধান সংশোধন করব। সেক্ষেত্রে বিরোধী দলও বাদ পড়বে না। তারা সংবিধান সংশোধনে বিশেষ কমিটিতে যেকোনো সময়ে যোগ দিতে পারে। এর বাইরেও তাদের মতামত নেওয়া হবে। তা ছাড়া সংবিধান সংশোধনী বিল সংসদে আনার পরও তার ওপর তারা মতামত দিতে পারবে।’

উল্লেখ্য, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সংবিধান সংস্কার আদেশ-২০২৫-এ ৪৮টি সাংবিধানিক সংস্কারের কথা বলা হয়েছিল। বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৫টি সাংবিধানিক সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির সঙ্গে জুলাই জাতীয় সনদের বেশকিছু পার্থক্য রয়েছে। বিএনপির প্রস্তাবে সংসদীয় শাসনব্যবস্থার বিদ্যমান কাঠামো অক্ষুণ্ন রেখে প্রধানমন্ত্রীর কিছু ক্ষমতা সীমিত করা এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে জুলাই জাতীয় সনদ রাষ্ট্রের ক্ষমতা বণ্টনের কাঠামোতেই পরিবর্তনের প্রস্তাব করেছে। এতে নির্বাহী, আইনসভা ও বিচার বিভাগের মধ্যে আরও কার্যকর ভারসাম্য প্রতিষ্ঠা, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা এবং স্থানীয় সরকারকে অধিকতর ক্ষমতায়নের ওপর জোর দেওয়া হয়েছে।

জুলাই সনদ ও বিএনপির ইশতেহারের সবচেয়ে বড় পার্থক্য দেখা দিয়েছে রাষ্ট্রপতির সাংবিধানিক ভূমিকা নিয়ে। বিএনপির ইশতেহারে রাষ্ট্রপতির কিছু ক্ষমতা বাড়ানোর কথা বলা হলেও সংসদীয় সরকারব্যবস্থার মৌলিক চরিত্র অপরিবর্তিত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু জুলাই জাতীয় সনদে রাষ্ট্রপতিকে শুধু আনুষ্ঠানিক রাষ্ট্রপ্রধান নয়, বরং রাষ্ট্রের বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানের মধ্যে ভারসাম্য রক্ষায় আরও কার্যকর ভূমিকা পালনের সুযোগ তৈরির সুপারিশ করা হয়েছে। আবার প্রধানমন্ত্রীর ক্ষমতা সীমিত করার বিষয়ে উভয়পক্ষের প্রস্তাবে মিল থাকলেও এর পরিধিতে পার্থক্য রয়েছে। বিএনপি প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর কথা বলেছে এবং প্রস্তাব করেছে যে, একই ব্যক্তি সর্বোচ্চ দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। জুলাই সনদেও একই মেয়াদসীমার কথা রয়েছে; তবে পাশাপাশি শুধু মেয়াদ নির্ধারণে সীমাবদ্ধ না থেকে নির্বাহী ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রেও আরও শক্তিশালী নিয়ন্ত্রণ ও প্রাতিষ্ঠানিক ভারসাম্যের ব্যবস্থা প্রস্তাব করা হয়েছে।

দ্বিকক্ষবিশিষ্ট সংসদ প্রতিষ্ঠার বিষয়ে উভয়পক্ষ একমত হলেও উচ্চকক্ষের ভূমিকা নিয়ে দৃষ্টিভঙ্গিতে পার্থক্য রয়েছে। বিএনপির প্রস্তাবে উচ্চকক্ষ গঠনের অঙ্গীকার থাকলেও এর ক্ষমতা ও কার্যপরিধি সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা নেই। জুলাই জাতীয় সনদে উচ্চকক্ষকে আইন প্রণয়ন, সাংবিধানিক নিয়োগ এবং রাষ্ট্রীয় সিদ্ধান্ত পর্যালোচনার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কল্পনা করা হয়েছে।

সংবিধান সংশোধনের ক্ষেত্রেও দুই প্রস্তাবের মধ্যে পার্থক্য স্পষ্ট। বিএনপি অতীতে একক সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে সংবিধানে ব্যাপক পরিবর্তনের পুনরাবৃত্তি ঠেকাতে সংস্কারের কথা বলেছে। অন্যদিকে জুলাই জাতীয় সনদে মৌলিক সাংবিধানিক বিষয় পরিবর্তনের ক্ষেত্রে আরও কঠোর প্রক্রিয়া অনুসরণের ধারণা তুলে ধরা হয়েছে। যাতে ভবিষ্যতে কোনো একক রাজনৈতিক শক্তি সহজে সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন করতে না পারে।

নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, সরকারি কর্ম কমিশন ও অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানের স্বাধীনতা নিশ্চিত করার প্রশ্নে দুই প্রস্তাবেই মিল রয়েছে। তবে জুলাই জাতীয় সনদ এসব প্রতিষ্ঠানের নিয়োগ, অপসারণ, আর্থিক স্বাধীনতা এবং কার্যক্রম পরিচালনার জন্য আরও সুস্পষ্ট সাংবিধানিক সুরক্ষা ও কাঠামো প্রস্তাব করেছে। বিএনপির ইশতেহারে এসব প্রতিষ্ঠানের স্বাধীনতার নীতিগত প্রতিশ্রুতি থাকলেও বাস্তবায়নের সাংবিধানিক পদ্ধতি তুলনামূলকভাবে সংক্ষিপ্ত।

স্থানীয় সরকারব্যবস্থার ক্ষেত্রেও পার্থক্য রয়েছে। বিএনপি স্থানীয় সরকারকে শক্তিশালী করার কথা বলেছে। কিন্তু জুলাই জাতীয় সনদে স্থানীয় সরকারকে কার্যত রাষ্ট্রীয় ক্ষমতার একটি স্বতন্ত্র স্তম্ভে পরিণত করার লক্ষ্যে প্রশাসনিক, আর্থিক ও নীতিনির্ধারণী ক্ষমতা বিকেন্দ্রীকরণের ওপর জোর দেওয়া হয়েছে।

জরুরি অবস্থা ঘোষণার ক্ষমতার ক্ষেত্রেও জুলাই সনদ তুলনামূলক কঠোর অবস্থান নিয়েছে। এতে নির্বাহী বিভাগের একক সিদ্ধান্তের পরিবর্তে সংসদীয় ও সাংবিধানিক নিয়ন্ত্রণের ব্যবস্থা শক্তিশালী করার সুপারিশ রয়েছে। বিএনপির প্রস্তাবেও জরুরি অবস্থার অপব্যবহার রোধের কথা বলা হয়েছে। যদিও তা তুলনামূলকভাবে নীতিগত পর্যায়ে সীমাবদ্ধ।

জামায়াত যা বলছে

এ প্রসঙ্গে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন, ‘সংস্কারের কথা বলে, দিনের পর দিন ঐকমত্য কমিশনে সবাই আলোচনা করে একমত হয়ে একটা জায়গায় আসা হয়েছে। রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে ঘণ্টার পর ঘণ্টা আলোচনা, জাতিকে প্রতিশ্রুতি দিয়ে, অঙ্গীকার করে জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে দেশ ও জাতির স্বার্থে। জুলাইয়ের শহীদ ও জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্যই সেদিন সবাই একমঞ্চে এসে সনদে স্বাক্ষর করেছে। ৭০ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে রায় দিয়েছে।’ তিনি বলেন, ‘সংবিধান সংশোধন নয়, সংস্কার করতে হবে। জনগণ গণভোটে সেই রায়ই দিয়েছে। গণভোটের গণরায় শক্তিশালী গণতান্ত্রিক মত। এটাকে উপেক্ষা করে কীভাবে গণতন্ত্র কায়েম হবে?’ 

তিনি বলেন, ‘সংবিধান সংশোধনের জন্য নয়, জুলাই বিপ্লব হয়েছে সংবিধান সংস্কারের জন্য। গণভোটে সংবিধান সংশোধনের জন্য জনগণ রায় দেয়নি, জনগণ রায় দিয়েছে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে সংস্কারের জন্য। সরকার যে পথে হাঁটছে, এটা জন-আকাঙ্ক্ষার বিপরীত পথ। অতীতে সংশোধনীর অনেকগুলোই আদালতে গিয়ে বাতিল হয়ে গেছে। ফলে সংবিধান সংশোধনের মাধ্যমে যে সংস্কারের পথে হাঁটা হচ্ছে, এটা একসময় চ্যালেঞ্জের মুখে পড়বে, বাতিলও হয়ে যাবে।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা