জোসনা জামান
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬ ১১:৪৩ এএম
আপডেট : ১০ আগস্ট ২০২৬ ১১:৪৩ এএম
গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
চব্বিশের জুলাইয়ে গণঅভ্যুত্থানের পরপরই বাংলাদেশে বিভিন্ন প্রকল্পে নিয়োজিত ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর লোকজন তাদের দেশে ফিরে গেছে কাজকর্ম ফেলে রেখেই। ফলে ওইসব প্রকল্প ঘিরে দেখা দিয়েছে স্থবিরতা। কাজের স্বাভাবিক গতিতে হঠাৎ ছেদ পড়ায় কোনো কোনো প্রকল্পের ব্যয়ও বেড়ে গেছে অস্বাভাবিক হারে। তারই একটি নজির হচ্ছে জামালপুর জেলার মাদারগঞ্জে নির্মাণাধীন ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র প্রকল্প। সংশ্লিষ্ট ঠিকাদারের লেজ গুটিয়ে পালানোর জেরে এই প্রকল্পের ব্যয় বাড়ছে ১০১ কোটি টাকা। সেই সঙ্গে মেয়াদও বাড়ছে ২০২৭ সালের জুন পর্যন্ত। সংশ্লিষ্ট সূত্রে এমন তথ্য জানা গেছে।
সূত্র আরও জানায়, বিদ্যুৎ বিভাগ থেকে এই প্রকল্পের দ্বিতীয় সংশোধনী প্রস্তাব পাঠানো হয়েছে পরিকল্পনা কমিশনে। প্রকল্পটি বাস্তবায়ন করছে রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (আরপিসিএল)। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) আগামী বৈঠকে এটি উপস্থাপন করা হবে বলে জানা গেছে। প্রকল্পের মাধ্যমে আগামী ডিসেম্বর মাসের মধ্যে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র থেকে প্রতিবছর ১ লাখ ৭৮ হাজার ২৭৪ দশমিক ১০ মেগাওয়াট ঘণ্টা নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের কথা রয়েছে।
পরিকল্পনা সচিব এসএম শাকিল আকতার প্রতিদিনের বাংলাদেশকে জানান, ইতোমধ্যেই প্রকল্পটির সংশোধনী প্রস্তাবের প্রক্রিয়াকরণ শেষ হয়েছে। যেকোনো একনেক বৈঠকে উপস্থাপন করা হবে।
সূত্র জানায়, নবায়নযোগ্য (সৌর) শক্তির উৎস হতে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির জন্য প্রকল্পটি হাতে নেওয়া হয়। এর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি বহুমুখীকরণ করা হবে এবং কার্বন নিঃসরণ হ্রাস পাবে। এজন্য নবায়নযোগ্য জ্বালানি থেকে পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনের জন্য আরপিসিএল জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের কাইজারচর মৌজায় ১০০ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র ভারতীয় নমনীয় ঋণের আওতায় বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়। প্রকল্পের আওতায় যমুনা নদীর কাছে নামা শ্রেণির ভূমিতে সোলার প্যানেল স্থাপন করে বিদ্যুৎ উৎপাদন করা হবে। এর মধ্যে প্রকল্প বাস্তবায়নের জন্য মাদারগঞ্জ ২০২০ সালের ১৬ জুলাই ভূমি মন্ত্রণালয় থেকে ভূমি সচিব, বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অনুকূলে ৩২৫ দশমিক ৬৫ একর সরকারি খাসজমি দীর্ঘমেয়াদি বন্দোবস্ত দেওয়া হয়। প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৫১১ কোটি ৭৯ লাখ ৩৬ হাজার টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৩১৯ কোটি ৪০ লাখ টাকা, বৈদেশিক ঋণের থেকে ১ হাজার ১১৫ কোটি এবং বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল থেকে ৭৬ কোটি ৭৬ লাখ টাকা ব্যয় করা হচ্ছে। এটি ২০২১ সালের সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের আগস্টে বাস্তবায়নের জন্য একনেক সভায় অনুমোদন পায়। পরে ২০২৪ সালের ২ অক্টোবর বিদ্যুৎ বিভাগের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা প্রকল্পের প্রথম সংশোধিত ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) অনুমোদন দেওয়া হয়েছে। এখন প্রস্তাবিত দ্বিতীয় সংশোধনে প্রকল্পটির মোট ব্যয় বেড়ে দাঁড়াচ্ছে ১ হাজার ৬১২ কোটি ১৪ লাখ টাকা, যার মধ্যে সরকারি ৩১৫ কোটি ৯১ লাখ ৭১ হাজার, প্রকল্প ঋণ ১ হাজার ২৪৮ কোটি ৯৬ লাখ ২৭ হাজার এবং বাস্তবায়নকারী নিজস্ব তহবিল থেকে ৪৭ কোটি ১২ লাখ টাকা। প্রকল্পের আর্থিক অগ্রগতি হয়েছে ৩৮ দশমিক ৪৪ শতাংশ এবং ভৌত অগ্রগতি ৫৬ দশমিক ১৫ শতাংশ। এ সংশোধনীতে ব্যয় সর্বশেষ অনুমোদিত প্রাক্কলিত ব্যয়ের তুলনায় ১০১ কোটি ৮৩ লাখ ৭৭ হাজার টাকা অর্থাৎ ৬ দশমিক ৭৪ শতাংশ বাড়ছে।
রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা প্রতিদিনের বাংলাদেশকে জানায়, ২০২৪ সালের জুলাই গণ-আন্দোলনের প্রেক্ষাপটে ওই বছরের ৩ আগস্ট ভারতীয় মূল ঠিকাদারি প্রতিষ্ঠানের (ইপিসি) (যে ঠিকাদার পণ্য সংগ্রহ থেকে শুরু করে প্রকল্প বাস্তবায়ন পর্যন্ত কাজ করে এবং প্রকল্পে কাজ শেষে সংশ্লিষ্টদের কাছে বুঝিয়ে দেয়) বাংলাদেশের প্রতিনিধি প্রকল্প এলাকা থেকে পালিয়ে যায়। ফলে নতুন উপ-ঠিকাদার নিয়োগ করে প্রকল্পের ভূমি উন্নয়ন ও অন্যান্য কর্মকাণ্ড শুরু করতে অতিরিক্ত চার মাস সময় প্রয়োজন হয়। এ ছাড়া প্রকল্পের ভূমি উন্নয়ন ও বাঁধ নির্মাণ কাজ দেরি হওয়ায় এবং কাজের ভৌত অগ্রগতি বিবেচনায় অনুমোদিত ডিপিপি অনুযায়ী প্রকল্পের কাজ ২০২৫ সালের আগস্টের মধ্যে শেষ হয়নি। পাশাপাশি প্রকল্পের ইপিসি ঠিকাদারের চলতি বিলের বিপরীতে ইন্ডিয়ান এক্সিম ব্যাংক থেকে চার মাস যাবৎ (২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত) পেমেন্ট বন্ধ থাকায় প্রকল্পের কাজ ব্যাহত হয়েছে।
তারা আরও জানায়, বন্যার কারণে ২০২৪ সালের জুলাই থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত তিন মাস ঠিকাদার ১৩২ কেভি সঞ্চালন লাইন নির্মাণের পাইলিং ও কাস্টিংয়ের কাজ করতে পারে নাই। ফলে লাইন নির্মাণের কাজ ২০২৫ সালের আগস্টের মধ্যে শেষ হয়নি। এ ছাড়া অনুমোদিত ডিপিপি এবং আরডিপিপিতে প্রকল্পের বৈদেশিক মুদ্রার হার ১ মার্কিন ডলার সমান ৮৪ টাকা ৮০ পয়সা বিবেচনা করা হয়েছে। কিন্তু এখন প্রকল্প সাহায্যের ঋণের ক্ষেত্রে বৈদেশিক মুদ্রার বিনিময় হার ১ ডলার সমান ১১০ টাকা ৫০ পয়সা বিবেচনায় প্রকল্পের ২য় সংশোধনী প্রস্তাব তৈরি করা হয়েছে। ফলে ১ম সংশোধিত ডিপিপির তুলনায় বৈদেশিক মুদ্রার বিনিময় হার বৃদ্ধি পাওয়ায় প্রস্তাবিত ২য় সংশোধিত ডিপিপির ব্যয় সার্বিকভাবে ১০১ কোটি ৮৩ লাখ ৭৭ হাজার টাকা বেড়েছে।
প্রকল্পের মূল কার্যক্রম
প্রকল্পটির আওতায় মূল কার্যক্রমগুলো হচ্ছেÑ ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য ৩২৫ দশমিক ৬৫ একর ভূমি উন্নয়ন, মাদারগঞ্জ ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্রের ইঞ্জিনিয়ারিং, প্রকিউরমেন্ট এবং কনস্ট্রাকশন (ইপিসি) কাজ করা এবং ১৩২ কেভি ৪৭ কিলোমিটার (প্রস্তাবিত বিদ্যুৎ কেন্দ্র থেকে ঘাটাইল গ্রিড উপকেন্দ্র পর্যন্ত) পাওয়ার ইভাক্যুয়েশন সাইন নির্মাণ করা হবে। এ ছাড়া ইভাক্যুয়েশন অবকাঠামোর জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ, ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্রের অফিস বিল্ডিং, ওয়ার্কশপ, ওয়্যারহাউস এবং আনসার ব্যারাক নির্মাণ, ১২০টি ভূমিহীন পরিবারকে পুনর্বাসন করা হবে।