গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
সরকারের বিভিন্ন ক্যাডারের মধ্যে প্রশাসন ক্যাডারে নিয়মিত পদোন্নতি হলেও বাংলাদেশ পুলিশের উচ্চপদে পদোন্নতি দীর্ঘদিন ধরে থমকে আছে। অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ও উপমহাপরিদর্শক (ডিআইজি) পর্যায়ে একাধিক শূন্যপদ থাকার পরও প্রয়োজনীয় প্রশাসনিক সিদ্ধান্তের অভাবে পদোন্নতি হচ্ছে না। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানাচ্ছেন, প্রয়োজনীয় সব প্রক্রিয়া শেষ হলেও মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি) সভা আহ্বান না করায় পুরো প্রক্রিয়াই আটকে আছে। এতে শুধু উচ্চ পর্যায়ের পদোন্নতিই নয়, নিচের ধাপের পদোন্নতিও স্থবির হয়ে পড়েছে। সময়মতো পদোন্নতি না হওয়ায় একদিকে বাহিনীর নেতৃত্বের স্বাভাবিক ধারাবাহিকতা ব্যাহত হচ্ছে, অন্যদিকে কর্মকর্তাদের মনোবলেও প্রভাব পড়ছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ অধিদপ্তরের একাধিক সূত্র জানায়, পদোন্নতির জন্য প্রয়োজনীয় কর্মকর্তাদের কর্মজীবনের বিবরণ, বার্ষিক গোপনীয় প্রতিবেদন (এসিআর), গোয়েন্দা সংস্থার ভেটিং রিপোর্টসহ সব ধরনের নথি ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কিন্তু সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি) সভা আহ্বানের উদ্যোগ না নেওয়ায় পুরো প্রক্রিয়া আটকে আছে।
সৃষ্টি করা হচ্ছে নতুন পদ
পদোন্নতির অপেক্ষায় থাকা অধিকাংশ কর্মকর্তাই সাবেক আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন কারণে পদোন্নতি থেকে বঞ্চিত ছিলেন। ইতোমধ্যে জুলাই গণঅভ্যুত্থানের পর ১৪১ জন অতিরিক্ত আইজিপি, ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিকে অবসরে পাঠানো হয়েছে। কিন্তু কাঙ্ক্ষিত সংখ্যক পদ শূন্য হয়নি। কারণ সাবেক আওয়ামী লীগ সরকারের আমলেই নিয়মিত পদের বিপরীতে বেশিসংখ্যক সুপারনিউমারারি পদে পদোন্নতি দেওয়া হয়েছিল। তবে বর্তমান সরকার সুপারনিউমারারি পদে পদোন্নতি না দিয়ে নতুন পদ সৃষ্টি করার সিদ্ধান্ত নিয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে। এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের একাধিক টিম কাজ করছে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, বাংলাদেশ পুলিশের নিয়মিত ডিআইজি পদের সংখ্যা ৮৭। বর্তমানে কর্মরত আছেন ৮২ জন। অর্থাৎ পাঁচটি পদ শূন্য রয়েছে। পুলিশের বিসিএস ২০ ব্যাচের বেশকিছু কর্মকর্তা পদোন্নতির অপেক্ষায় রয়েছেন।
অন্যদিকে অতিরিক্ত আইজিপি পর্যায়ে গ্রেড-২-এর ২০টি এবং গ্রেড-১-এর দুটি পদসহ মোট ২২টি পদ রয়েছে। এখানেও পাঁচটি পদ খালি রয়েছে। এ ছাড়া অতিরিক্ত আইজিপি পর্যায়ে পাঁচটি সুপারনিউমারারি পদ রয়েছে। পুলিশের বিসিএস ১৭ ও ১৮ ব্যাচের কয়েকজন কর্মকর্তা পদোন্নতির অপেক্ষায় রয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পদোন্নতির তালিকা
পুলিশ অধিদপ্তর সম্প্রতি অতিরিক্ত আইজিপি ও ডিআইজি পদে পদোন্নতির জন্য ১৪ জন কর্মকর্তার একটি তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে। তালিকার সঙ্গে প্রয়োজনীয় সব নথিও সংযুক্ত করা হয়েছে। এখন মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি) সভা অনুষ্ঠিত হলেই পদোন্নতির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পুলিশের একাধিক কর্মকর্তার মতে, অতিরিক্ত আইজিপি পদে পাঁচজনকে পদোন্নতি দেওয়া হলে অন্তত পাঁচটি ডিআইজি পদ শূন্য হবে। পরবর্তী ধাপে ডিআইজি পদেও পদোন্নতির সুযোগ তৈরি হবে। ফলে একটি সিদ্ধান্ত পুরো পদোন্নতি শৃঙ্খলকে সচল করতে পারে।
প্রশাসনে নিয়মিত পদোন্নতি, পুলিশে কাটছে না জট
পুলিশের একাধিক কর্মকর্তা বলছেন, প্রশাসন ক্যাডারে ধারাবাহিকভাবে পদোন্নতি দেওয়া হলেও পুলিশের ক্ষেত্রে একই গতি দেখা যাচ্ছে না।
সম্প্রতি প্রশাসন ক্যাডারের ২৫ ব্যাচের কর্মকর্তাদের যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এর প্রায় এক বছর আগে ২৪ ব্যাচের কর্মকর্তারাও যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন। অথচ পুলিশের ২৪ ব্যাচের কর্মকর্তাদের একটি বড় অংশ এখনও অতিরিক্ত ডিআইজি পদেই কর্মরত। একইভাবে ২৫ ব্যাচের কর্মকর্তাদের অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতির জন্য বিভাগীয় পদোন্নতি কমিটির (ডিপিসি) সভা এখনও আহ্বান করা হয়নি। অন্যদিকে পুলিশের ৩০ ব্যাচের অনেক কর্মকর্তা দীর্ঘদিন ধরেই পুলিশ সুপার (এসপি) পদে পদোন্নতির যোগ্য হলেও এখনও পদোন্নতি পাননি। অন্যদিকে প্রশাসন ক্যাডারের ৩০ ব্যাচের উল্লেখযোগ্য সংখ্যক কর্মকর্তা পদ না থাকলেও অনেক আগেই সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন।
সিদ্ধান্তহীনতায় দীর্ঘ হচ্ছে পদোন্নতি জট
পুলিশের দায়িত্বশীল কর্মকর্তাদের ভাষ্য, উচ্চপর্যায়ের পদোন্নতি দীর্ঘদিন আটকে থাকায় নিচের ধাপের পদোন্নতিও বিলম্বিত হচ্ছে। ফলে একই ব্যাচের কর্মকর্তাদের মধ্যে কর্মজীবনে বৈষম্যের অনুভূতি তৈরি হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ডিআইজি পদমর্যাদার একজন কর্মকর্তা প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষায় দিন-রাত কাজ করার পরও যদি বছরের পর বছর পদোন্নতির অপেক্ষায় থাকতে হয়, তাহলে হতাশা তৈরি হওয়া স্বাভাবিক।’ আরেক কর্মকর্তা বলেন, ‘পদোন্নতি শুধু আর্থিক সুবিধা নয়; এটি একজন কর্মকর্তার কর্মপ্রেরণা ও নেতৃত্বের স্বীকৃতির বিষয়।’
মনোবলে প্রভাবের আশঙ্কা
সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, দীর্ঘদিন ধরে পদোন্নতি জটের কারণে অনেক কর্মকর্তার মধ্যে হতাশা তৈরি হয়েছে। তাদের মতে, আইনশৃঙ্খলা রক্ষার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সময় কর্মকর্তাদের মনোবল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু পদোন্নতি অনিশ্চিত হয়ে পড়লে অনেক কর্মকর্তা মানসিকভাবে নিরুৎসাহিত হয়ে পড়েন।
এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী কোনো মন্তব্য করতে চাননি। পুলিশ অধিদপ্তরের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
জনপ্রশাসন বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন পদোন্নতি আটকে থাকলে একই ব্যাচের কর্মকর্তাদের মধ্যে বৈষম্য তৈরি হতে পারে। আবার যোগ্য কর্মকর্তাদের আগ্রহও কমে যেতে পারে। তবে একই সঙ্গে তারা মনে করেন, পদোন্নতির ক্ষেত্রে মেধা, জ্যেষ্ঠতা, শৃঙ্খলাজনিত রেকর্ড এবং সরকারের নির্ধারিত বিধি কঠোরভাবে অনুসরণ করা জরুরি।
দৃষ্টি এসএসবি সভার দিকে
প্রশাসনিক প্রক্রিয়া অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি) সভা অনুষ্ঠিত হওয়ার কথা। এরপরই পুলিশের উচ্চপদে (ডিআইজি ও অতিরিক্ত আইজিপি) পদোন্নতির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। ফলে বর্তমানে পদোন্নতিপ্রত্যাশী পুলিশ কর্মকর্তাদের নজর সেই সভার দিকেই।
সংশ্লিষ্টদের মতে, দীর্ঘদিনের এই সিদ্ধান্তহীনতার অবসান ঘটিয়ে শূন্য পদে দ্রুত পদোন্নতি দেওয়া হলে শুধু উচ্চপর্যায়ের নেতৃত্বই শক্তিশালী হবে না, বাহিনীর সামগ্রিক মনোবল ও পেশাগত উদ্দীপনাও বাড়বে। তবে সিদ্ধান্তহীনতা অব্যাহত থাকলে উচ্চপদ থেকে মাঠপর্যায়ের নেতৃত্ব পর্যন্ত এর প্রভাব আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে।