সপ্তাহ খানেকের মধ্যে শেষ হচ্ছে মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ। ছবি: সংগৃহীত
সপ্তাহ খানেকের মধ্যে শেষ হচ্ছে প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই পদে থাকা কর্মকর্তাদের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ। ১৬ আগস্ট শেষ হবে বর্তমান মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকের দুই বছরের চুক্তি। সচিবালয় থেকে মাঠ প্রশাসনে আলোচনা ঘুরপাক খাচ্ছেÑ সরকার কি তাদের চুক্তির মেয়াদ বাড়াবে নাকি আসবে নতুন মুখ?
সরকারের একাধিক দায়িত্বশীল সূত্র বলছে, প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তবে এবার নিয়োগের ক্ষেত্রে মূল্যায়ন করা হচ্ছে প্রশাসনিক দক্ষতা, নীতিনির্ধারণী সক্ষমতা, অভিজ্ঞতা ও সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচি বাস্তবায়নের সক্ষমতার মতো বিষয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এই দুই পদে নিয়োগ শুধু ব্যক্তিগত পদায়নের বিষয় নয়; বরং নতুন সরকারের প্রশাসনিক কৌশল ও ভবিষ্যৎ সংস্কারের দিকনির্দেশনাও প্রতিফলিত হবে এতে।
অন্তর্বর্তী সরকারের নিয়োগ, এখন নতুন মূল্যায়ন
২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। সে সময় প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে অবসরপ্রাপ্ত কয়েকজন কর্মকর্তাকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। যুক্তি ছিল, দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতাসম্পন্ন কর্মকর্তাদের কাজে লাগিয়ে প্রশাসনের ধারাবাহিকতা নিশ্চিত করা। সেই সময় পাঁচজন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবকে (বিসিএস প্রশাসন ৮২ ব্যাচের কর্মকর্তা) সচিব হিসেবে নিয়োগ দিয়ে পরদিনই সিনিয়র সচিবের মর্যাদা দেওয়া হয়। তাদের মধ্যেই ছিলেন ড. নাসিমুল গনি ও মো. এহছানুল হক। পরবর্তীকালে ড. নাসিমুল গনি রাষ্ট্রপতির কার্যালয়ে দায়িত্ব পালন করেন। পরে চলতি বছরের ফেব্রুয়ারিতে (বিএনপি ক্ষমতায় আসার আগের দিন) তাকে ২৬তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। অন্যদিকে মো. এহছানুল হক সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের দায়িত্ব গ্রহণ করেন।
নতুন সরকারের প্রশাসনিক পরিকল্পনা
সরকারের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা জানান, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের জন্য প্রশাসনকে আরও গতিশীল ও জবাবদিহিমূলক করার পরিকল্পনা রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের। বিশেষ করে গুরুত্ব দেওয়া হচ্ছে মাঠ প্রশাসনের কার্যকারিতা, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্থানীয় প্রশাসনের সমন্বয় ও মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘এবার শুধু মুখ দেখে বা ব্যক্তিকে প্রাধান্য দিয়ে শীর্ষ পদে নিয়োগ দেওয়া হবে না। কে সিনিয়র, সেটিই একমাত্র বিবেচ্য নয়। প্রশাসন পরিচালনায় নেতৃত্ব দেওয়ার সক্ষমতা, সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা ও সরকারের অগ্রাধিকার বাস্তবায়নের সক্ষমতাও মূল্যায়ন করা হচ্ছে।’
সরকারের একাধিক সূত্রের দাবি, সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে মতামত নেওয়া হচ্ছে বর্তমান ও সাবেক কয়েকজন জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তার কাছ থেকেও। সেই মতামতের ভিত্তিতে একটি সংক্ষিপ্ত তালিকা সরকারপ্রধানের কাছে উপস্থাপনের প্রক্রিয়া চলছে।
কারা আলোচনায়
প্রশাসনের একাধিক সূত্র জানিয়েছে, আলোচনায় রয়েছেন কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা। সবচেয়ে বেশি আলোচিত বর্তমান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার। দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা, সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ ও জ্যেষ্ঠতার কারণে তাকে সম্ভাব্য মন্ত্রিপরিষদ সচিব হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ ছাড়া নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের নামও আলোচনায় রয়েছে। তিনিও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বেশ দক্ষতার সাথে সামলিয়েছেন। একজন মেধাবী ও দক্ষ কর্মকর্তা হিসেবে প্রশাসনে সুনাম রয়েছে তার। আওয়ামী লীগ সরকারের আমলে বঞ্চিত ছিলেন। তিনিও মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেতে পারেন। কয়েকজন কর্মকর্তা আরও বলছেন, যদি এবিএম আব্দুস সাত্তার মন্ত্রিপরিষদ সচিব হন, তাহলে জ্যেষ্ঠতার দিক থেকে মুখ্য সচিব পদে আখতার আহমেদ বিবেচনায় আসতে পারেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদেও কয়েকজন কর্মকর্তার নাম ঘুরছে। এর মধ্যে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদের নাম শোনা যাচ্ছে সবচেয়ে বেশি। মাঠ প্রশাসনে জেলা প্রশাসকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের অভিজ্ঞতা তাকে এগিয়ে রেখেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনেকে। এ ছাড়া শিক্ষা সচিব আব্দুল খালেক ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কামরুজ্জামান চৌধুরীর নামও রয়েছে আলোচনায়।
পুনর্নিয়োগ নাকি নিয়মিত নিয়োগ
বাংলাদেশের প্রশাসনে দীর্ঘদিন ধরে একটি অলিখিত রীতি রয়েছেÑ মন্ত্রিপরিষদ সচিব হিসেবে সাধারণত কর্মরত জ্যেষ্ঠতম সিনিয়র সচিবকে দায়িত্ব দেওয়া হয়। তবে বিভিন্ন সময় সরকার প্রয়োজন অনুযায়ী অবসরপ্রাপ্ত কর্মকর্তাদেরও চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে। স্বাধীনতার পর আওয়ামী লীগ ও বিএনপি উভয় সরকারের সময়ই এমন নজির রয়েছে। বর্তমান সরকারও দুই বিকল্পই বিবেচনায় রেখেছে বলে একাধিক সূত্র জানিয়েছে। বর্তমান দুই কর্মকর্তার চুক্তি নবায়ন করা হতে পারে। আবার কর্মরত কর্মকর্তাদের মধ্য থেকেও নতুনদের ব্যাপারে সিদ্ধান্ত হতে পারে।
কর্মদক্ষতার মূল্যায়ন
বর্তমান মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনির দায়িত্বকাল নিয়ে প্রশাসনের ভেতরে মিশ্র মূল্যায়ন রয়েছে। একদিকে তাকে অভিজ্ঞ প্রশাসক হিসেবে দেখা হয়। অন্যদিকে সাম্প্রতিক কয়েকটি পদোন্নতি ও পদায়ন নিয়ে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আলোচনা হয়েছে। পদোন্নতির জন্য গঠিত সুপেরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) চেয়ারম্যান হলেন মন্ত্রিপরিষদ সচিব। তারই সভাপতিত্বে নতুন সরকারের আমলে এবার যুগ্ম সচিব পদে পদোন্নতি হয়েছে। সেই পদোন্নতিকে কেন্দ্র করে কয়েকটি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশাসনের একটি অংশের অভিযোগ, তারই সভাপতিত্বে অনুষ্ঠিত এসএসবির সভায় অবসরে যাওয়া কিংবা শাস্তিপ্রাপ্ত কর্মকর্তাও পদোন্নতি পেয়েছেন। আবার যোগ্যতা থাকা সত্ত্বেও অনেকে বঞ্চিত হয়েছেনÑ এমন অভিযোগ রয়েছে। এ ছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ নিয়েও প্রশাসনের ভেতরে মতভেদ তৈরি হয়েছিল বলে কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন।
কেন গুরুত্বপূর্ণ এই দুই পদ
মন্ত্রিপরিষদ সচিব প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তা। সরকারের নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়ন, বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়, মাঠ প্রশাসনের তদারকি এবং প্রশাসনিক সংস্কারের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব তার ওপর বর্তায়। অন্যদিকে জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারের জনবল ব্যবস্থাপনা, পদোন্নতি, বদলি, নিয়োগ, প্রশাসনিক নীতি এবং ক্যাডার ব্যবস্থাপনার কেন্দ্রবিন্দু। ফলে এই দুই পদে কে দায়িত্ব পাচ্ছেন, তার প্রভাব শুধু সচিবালয়ে সীমাবদ্ধ থাকে না; বরং পুরো প্রশাসনিক কাঠামোর ওপর পড়ে।
সাবেক সচিব ও জনপ্রশাসন বিশেষজ্ঞ আনোয়ার ফারুক প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘প্রশাসনের শীর্ষ পদে নিয়োগের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্যক্তির দক্ষতা ও গ্রহণযোগ্যতা। কে নিয়মিত কর্মকর্তা আর কে চুক্তিভিত্তিক কর্মকর্তাÑ এটি মুখ্য নয়। গুরুত্বপূর্ণ হলো তিনি প্রশাসন পরিচালনায় কতটা দক্ষ, সৎ ও অভিজ্ঞ।’