× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশে দিনে গড়ে ১০ খুন

নুর মোহাম্মদ মিঠু

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬ ১০:০৮ এএম

গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত দেশে প্রতিদিন গড়ে ১০টি খুন হয়েছে! মোট হত্যার ঘটনা এক হাজার ৭৭৮। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত দেশে প্রতিদিন গড়ে ১০টি খুন হয়েছে! মোট হত্যার ঘটনা এক হাজার ৭৭৮। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যাসহ বিভিন্ন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় সম্প্রতি ক্ষোভ, আতঙ্ক ও তোলপাড় উঠেছে সারা দেশে। জনমনে দেখা দিয়েছে অসহায়তা। মানবিকতা এবং নৈতিকতা নিয়েও দেখা দিয়েছে নানা প্রশ্ন। পুলিশের পরিসংখ্যান বলছে, গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত দেশে প্রতিদিন গড়ে ১০টি খুন হয়েছে! মোট হত্যার ঘটনা এক হাজার ৭৭৮। অনুসন্ধানে দেখা যাচ্ছে রাজনৈতিক কোন্দল, আন্ডারওয়ার্ল্ডে আধিপত্য বিস্তারের লড়াই, সংঘবদ্ধ অপরাধচক্রের পুনরুত্থান, মাদক ও চাঁদাবাজিকে কেন্দ্র করে সশস্ত্র সংঘর্ষ এবং ব্যক্তিগত বিরোধÑ এমন বিভিন্ন কারণে বাড়ছে হত্যার ঘটনা। রাজধানী ও বিভাগীয় শহরগুলো তো বটেই, জেলা, মহানগর থেকে প্রত্যন্ত অঞ্চলেও ঘটছে খুন, টার্গেট কিলিং ও বন্দুক হামলার ঘটনা। 

আইনশৃঙ্খলা বিশ্লেষকরা বলছেন, অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার, আইন প্রয়োগকারী সংস্থার সক্ষমতার চ্যালেঞ্জ, রাজনৈতিক পটপরিবর্তনের পর অপরাধী চক্রের পুনর্গঠন ও বেশ কয়েকজন শীর্ষ অপরাধীর সক্রিয় হয়ে ওঠা এবং রাজনৈতিক অভ্যন্তরীণ কোন্দলের সূত্রে সংঘটিত রক্তক্ষয়ী সংঘাত দেশের সহিংস অপরাধের চিত্রকে আরও জটিল করে তুলেছে।

পুলিশের পরিসংখ্যান

পুলিশ সদর দপ্তরের মাসিক অপরাধ পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত দেশে মোট ১ হাজার ৭৭৮টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। অর্থাৎ ১৮১ দিনে প্রতিদিন গড়ে প্রায় ১০ জন মানুষ খুন হয়েছেন। সবচেয়ে বেশি হত্যাকাণ্ড ঘটেছে ঢাকা রেঞ্জে, দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম রেঞ্জ। অন্যদিকে দেশের আটটি মহানগরের মধ্যে সর্বোচ্চ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এলাকায়। মহানগরগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, দেশের মোট হত্যাকাণ্ডের প্রায় এক-চতুর্থাংশই সংঘটিত হয়েছে ঢাকা রেঞ্জে। সেখানে ছয় মাসে ৪১১টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। দ্বিতীয় সর্বোচ্চ ৩৬৩টি খুন হয়েছে চট্টগ্রাম রেঞ্জে। অর্থাৎ শুধু এই দুই রেঞ্জেই দেশের মোট হত্যাকাণ্ডের প্রায় ৪৪ শতাংশ সংঘটিত হয়েছে। এরপর রাজশাহী রেঞ্জে ১৮৩টি, খুলনা রেঞ্জে ১৭৩টি, রংপুর রেঞ্জে ১১০টি, সিলেট রেঞ্জে ১০৮টি, ময়মনসিংহ রেঞ্জে ১০৫টি, বরিশাল রেঞ্জে ৯৬টি এবং রেলওয়ে রেঞ্জে ৮টি হত্যাকাণ্ডের ঘটনা রেকর্ড হয়েছে।

মহানগরভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ঢাকা মহানগর পুলিশ এলাকায় ছয় মাসে ১১৭টি হত্যাকাণ্ড ঘটেছে, যা দেশের আটটি মহানগরের মধ্যে সর্বোচ্চ। এরপর রয়েছে চট্টগ্রাম মহানগরে ২৭টি, গাজীপুর মহানগরে ২০টি, খুলনা মহানগরে ১৭টি, সিলেট মহানগরে ১৩টি, রাজশাহী মহানগরে ১২টি, বরিশাল মহানগরে ৮টি এবং রংপুর মহানগরে ৬টি হত্যাকাণ্ড।

একটি মানবাধিকার সংস্থার প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের এপ্রিল থেকে জুনÑ এই তিন মাসেই দেশজুড়ে গণপিটুনিতে অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। চুরি, ডাকাতির সন্দেহ কিংবা স্থানীয় সালিশকে কেন্দ্র করে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতাও উদ্বেগজনকভাবে বেড়েছে।

সূত্রগুলো জানায়, দেশের সবচেয়ে জনবহুল ও অর্থনৈতিকভাবে সক্রিয় অঞ্চলগুলোতেই হত্যাকাণ্ডের সংখ্যাও বেশি। বিশেষ করে ঢাকা ও আশপাশের জেলাগুলোতে জমি দখল, আধিপত্য বিস্তার, ব্যবসায়িক বিরোধ, পারিবারিক দ্বন্দ্ব, মাদক-সংশ্লিষ্ট সংঘাত এবং সংঘবদ্ধ অপরাধ দীর্ঘদিন ধরেই বড় চ্যালেঞ্জ। একইভাবে চট্টগ্রাম অঞ্চলে বন্দরকেন্দ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড, নগর বিস্তার এবং বিভিন্ন অপরাধচক্রের সক্রিয়তা হত্যাকাণ্ডের ঝুঁকি বাড়িয়েছে। এ ছাড়া ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর রাজনৈতিক সংঘাতও হত্যাকাণ্ড বৃদ্ধির অন্যতম কারণ হয়ে উঠেছে।

সাম্প্রতিক আলোচিত হত্যাকাণ্ড

চলতি বছরের সবচেয়ে আলোচিত হত্যাকাণ্ডগুলোর একটি ছিল ১৯ মে ঢাকার পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা। অভিযোগ অনুযায়ী, প্রতিবেশী সোহেল রানা তাকে নিজের ফ্ল্যাটে ডেকে নিয়ে ধর্ষণের পর গলা কেটে হত্যা করে। এ ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান নিহত শিশুর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে দ্রুত বিচারের আশ্বাস দেন। পরবর্তী মাসেই মামলার রায়ে সোহেল রানা ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়। চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাসুদুল হক চৌধুরীকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনাও সাম্প্রতিক সময়ে ব্যাপক আলোচিত। স্থানীয় রাজনৈতিক আধিপত্য বিস্তার ও অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে তদন্তে উঠে এসেছে।

প্রযুক্তিনির্ভর তদন্তে অগ্রাধিকার

পুলিশ সদর দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন, হত্যাকাণ্ডের প্রতিটি ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে প্রযুক্তিনির্ভর তদন্তকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সিসিটিভি ফুটেজ, মোবাইল ফোনের কল ডিটেইলস রেকর্ড (সিডিআর), ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অধিকাংশ মামলার তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে। পাশাপাশি পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এএইচএম শাহাদাত হোসাইন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘গত কয়েক বছর ধরে খুনোখুনির এই হার অপরিবর্তিত রয়েছে বলা চলে। দিনে ১০টির মতো খুনের ঘটনা ঘটছে। এটা একটা ট্রেন্ড।’ তিনি বলেন, ‘পুলিশ এটা নিয়ে কাজ করছে। খুনোখুনির ঘটনা কমিয়ে আনতে পুলিশ প্যাট্রলিং বাড়ানো হয়েছে, গোয়েন্দা নজরদারি ও তথ্য সংগ্রহের মাধ্যমে এসব ঘটনার রেশিও কমাতে কাজ করছে পুলিশ।’

যা বলছেন বিশেষজ্ঞ ও কর্মকর্তারা

অপরাধ বিশ্লেষকদের মতে, হত্যাকাণ্ডের এই পরিসংখ্যান শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতির সূচক নয়; এটি সমাজের ভেতরে সহিংসতার প্রবণতা, বিরোধ নিষ্পত্তির দুর্বলতা এবং সংঘবদ্ধ অপরাধের সক্রিয়তারও প্রতিফলন। ব্যক্তিগত শত্রুতা, পারিবারিক কলহ, জমিজমা নিয়ে বিরোধ, মাদক ব্যবসা, চাঁদাবাজি, ছিনতাই এবং আধিপত্য বিস্তারের মতো কারণ অধিকাংশ হত্যাকাণ্ডের পেছনে ভূমিকা রাখছে। অপরাধ দমনের পাশাপাশি বিরোধের সামাজিক সমাধানেও গুরুত্ব দিচ্ছেন তারা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল‍্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক এবং সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক বলেন, ‘শুধু খুনের পর তদন্ত ও গ্রেপ্তার নয়, অপরাধ প্রতিরোধে আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন। কমিউনিটি পুলিশিং জোরদার, স্থানীয় বিরোধ দ্রুত নিষ্পত্তি, মাদক ও অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং দমন এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি বাড়ানো গেলে হত্যাকাণ্ড কমিয়ে আনা সম্ভব।’ 

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, ২০২৪ সালের আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর বেশ কয়েকজন কুখ্যাত গ্যাং লিডার ও দণ্ডপ্রাপ্ত অপরাধী কারাগার থেকে জামিনে মুক্তি পান বা বিদেশ থেকে দেশে ফিরে আসেন। এতে রাজধানীসহ বিভিন্ন এলাকায় আন্ডারওয়ার্ল্ডের নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে সংঘাত শুরু হয়। মে মাসে রাজধানীতে তালিকাভুক্ত দুই শীর্ষ সন্ত্রাসী মামুন ও টিটন, যুবদল নেতা কিবরিয়া এবং স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। গোয়েন্দাদের ধারণা, হারানো আধিপত্য পুনরুদ্ধার এবং পুরনো শত্রুতার জের মেটাতে এসব অপরাধী চক্র আবার সক্রিয় হয়ে উঠেছে।

আইনশৃঙ্খলা বিশ্লেষকদের মতে, হত্যাকাণ্ডের এই ধারাবাহিকতা রোধে শুধু অপরাধ সংঘটনের পর ব্যবস্থা নিলেই হবে না; অপরাধের উৎস, অবৈধ অস্ত্রের বিস্তার, সংঘবদ্ধ অপরাধচক্রের অর্থায়ন এবং রাজনৈতিক সহিংসতার কারণগুলো চিহ্নিত করে সমন্বিত পদক্ষেপ নিতে হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা