× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারে ন্যুব্জ কৃষি খাতের ১৭ প্রতিষ্ঠান

ফারুক আহমাদ আরিফ

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬ ০৯:২৯ এএম

কৃষি মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত

কৃষি মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত

শীর্ষ পদে নেই স্থায়ী নিয়োগ। মাসের পর মাসÑ এমনকি বছর পেরিয়ে গেলেও রুটিন (নিয়মিত), চলতি ও অতিরিক্ত দায়িত্বের ঘেরাটোপে আটকে আছে দেশের কৃষি খাত। কৃষি মন্ত্রণালয়ের অধীন ১৭টি অধিদপ্তর, সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠানের বেশিরভাগেরই এখন এই বেহাল। গুরুত্বপূর্ণ পদগুলোতে পূর্ণাঙ্গ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা না থাকায় আটকে যাচ্ছে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ; যার নেতিবাচক প্রভাব পড়ছে দেশের খাদ্যনিরাপত্তা, কৃষি উন্নয়ন এবং মাঠপর্যায়ের সম্প্রসারণ কার্যক্রমে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, শীর্ষ নির্বাহীদের তিন মাস থেকে পৌনে দুই বছর পর্যন্ত ভারপ্রাপ্ত বা রুটিন দায়িত্বে রাখা হয়েছে। অনেকেই আবার নিজের মূল পদের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। এতে প্রতিষ্ঠানের নেতৃত্ব দেওয়া এবং প্রশাসনিক কাজের গতিশীলতা ধরে রাখা কঠিন হয়ে পড়েছে।

কৃষি খাতের বিশেষজ্ঞদের মতে, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর পাঁচ মাস পেরিয়ে গেছে। কৃষি খাতের উন্নয়নে ১৮০ দিন তথা ৬ মাসের যে দ্রুতমেয়াদি কর্মপরিকল্পনা নেওয়া হয়েছিল, তার বেশিরভাগ সময়ই ইতোমধ্যে পার হয়ে গেছে। শুরুতেই এসব প্রতিষ্ঠানের প্রধানদের পূর্ণাঙ্গ দায়িত্ব দিয়ে কাজ শুরু করা গেলে কাজের পরিধি ও কর্মকর্তাদের উৎসাহ বহুগুণ বাড়ত। কিন্তু সরকার সে পথে না হেঁটে দেশের অর্থনীতি ও কর্মসংস্থানের প্রধান চালিকাশক্তি কৃষি প্রতিষ্ঠানগুলোর নেতৃত্বশূন্যতার দিকে যথেষ্ট মনোযোগী হয়নি। অতি দ্রুত পূর্ণ দায়িত্ব দিয়ে এই অচলাবস্থা কাটানো জরুরি বলে মনে করছেন তারা।

দুই বছর ধরে ডিএই চলছে রুটিন দায়িত্বে

দেশের কৃষি সম্প্রসারণের সবচেয়ে বড় প্রতিষ্ঠান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)। গত ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকেই এটি চলছে রুটিন ও চলতি দায়িত্বের মহাপরিচালক দিয়ে। মাঝে তিনজন মহাপরিচালক কেবল রুটিন দায়িত্ব পালন করেই বিদায় নিয়েছেন। বর্তমান মহাপরিচালক মো. আব্দুর রহিমকে চলতি বছরের ৭ জানুয়ারি রুটিন দায়িত্বে নিয়োগ দেওয়া হয়। এর পাশাপাশি তিনি উদ্ভিদ সংগনিরোধ উইংয়ের পরিচালকের দায়িত্বও সামলাচ্ছেন।

শুধু মহাপরিচালক নন; ডিএইর পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং, প্রশিক্ষণ উইং এবং সরেজমিন উইংয়ের পরিচালকরাও রয়েছেন ভারপ্রাপ্ত হিসেবে। কাউকে কাউকে একাধিক উইংয়ের অতিরিক্ত দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছে, যা কাজের স্বাভাবিক পরিবেশ নষ্ট করছে।

গবেষণা প্রতিষ্ঠানগুলো চলছে জোড়াতালি দিয়ে

দেশের কৃষি গবেষণার সর্বোচ্চ সমন্বয়কারী প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে (বিএআরসি) দীর্ঘ ৯ মাস ধরে নিয়মিত নির্বাহী চেয়ারম্যান নেই। গত বছরের ৩০ অক্টোবর ড. মো. আবদুছ ছালামকে নির্বাহী চেয়ারম্যানের রুটিন দায়িত্ব দেওয়া হয়। পাশাপাশি তিনি শস্য বিভাগের সদস্য পরিচালকের মূল দায়িত্বও পালন করছেন। এছাড়া প্রতিষ্ঠানটির কৃষি অর্থনীতি, পরিকল্পনা ও মূল্যায়ন, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা এবং প্রাণিসম্পদ বিভাগের মতো গুরুত্বপূর্ণ শাখাগুলোর সদস্য পরিচালকের পদগুলোও চলছে চলতি বা অতিরিক্ত দায়িত্ব দিয়ে।

একই চিত্র বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটেও (বারি)। প্রতিষ্ঠানটির মহাপরিচালক ড. মো. মঞ্জুরুল কাদির গত ১৭ জুন নিয়োগ পেলেও তাকে রাখা হয়েছে রুটিন দায়িত্বে। এর আগে তিনি তৈলবীজ গবেষণা কেন্দ্রের পরিচালক ছিলেন। বারির গবেষণা উইং, সেবা ও সরবরাহ উইং, প্রশিক্ষণ, পরিকল্পনা ও মূল্যায়ন শাখা থেকে শুরু করে বিভিন্ন গবেষণা কেন্দ্রের পরিচালকদেরও রুটিন দায়িত্বে কাজ চালাতে হচ্ছে।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) গত ৩ মে ড. আমিনুল ইসলামকে মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হলেও কর্মীদের আন্দোলনের মুখে দুদিনের মাথায় তা বাতিল করা হয়। পরবর্তীতে ১৫ জুলাই কৃষিবিজ্ঞানী ড. মো. রফিকুল ইসলামকে মহাপরিচালকের রুটিন দায়িত্ব দেওয়া হয়। ব্রির প্রশাসন ও সাধারণ পরিচর্যা পরিচালকের পদেও রয়েছে চলতি দায়িত্বের আধিক্য।

অন্যদিকে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বিনা) ১১ মাস ধরে মহাপরিচালকের রুটিন দায়িত্ব পালন করছেন ড. শরিফুল হক ভূঞা। বিনার প্রশাসন, গবেষণা দপ্তর, প্রশিক্ষণ শাখা থেকে শুরু করে দেশের বিভিন্ন জেলার উপকেন্দ্রগুলোর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তাদেরও ভারপ্রাপ্ত হিসেবে কাজ করতে হচ্ছে।

পাট ও তুলা উন্নয়নেও স্থবিরতা

বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে (বিজেআরআই) প্রায় পৌনে দুই বছর ধরে মহাপরিচালকের রুটিন দায়িত্বে আছেন ড. নার্গিস আক্তার। দীর্ঘ এই সময়ে তাকে পূর্ণাঙ্গ দায়িত্ব দেওয়া হয়নি। প্রতিষ্ঠানটির কারিগরি দপ্তর, জুট টেক্সটাইল উইং, রসায়ন ও প্রজনন বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তারাও চলতি দায়িত্বে আটকে আছেন।

তুলা উন্নয়ন বোর্ডেও মো. রেজাউল আমিনকে ৯ মাস ধরে রুটিন দায়িত্ব দিয়ে নির্বাহী পরিচালকের কাজ চালানো হচ্ছে। প্রতিষ্ঠানটির ঢাকা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, রংপুরসহ বিভিন্ন আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তাদের ওপর চাপানো হয়েছে অতিরিক্ত দায়িত্বের বোঝা।

কৃষি খাতের এই দীর্ঘমেয়াদি স্থবিরতা ও পদোন্নতি জট প্রসঙ্গে কৃষি সচিব ড. রফিকুল ই মোহামেদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘এই পরিস্থিতি এক দিনে সৃষ্টি হয়নি। এটি পূর্ববর্তী সরকারের দীর্ঘ ১৮ বছরের অব্যবস্থাপনার ফল। নতুন করে যখন সুব্যবস্থাপনা ফেরানোর উদ্যোগ নেওয়া হলো, তখন দেখা গেল একটি পদে পদোন্নতি পেতে হলে পূর্ববর্তী পদে ২-৩ বছর কাজ করার যে অভিজ্ঞতা প্রয়োজন, অনেকেরই তা নেই। যেমন মহাপরিচালক হতে হলে পরিচালক হিসেবে দুই বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। অনেকের সেই যোগ্যতা না থাকায় জ্যেষ্ঠতার ভিত্তিতে সাময়িক দায়িত্ব দেওয়া হয়েছে।’ সচিব আরও বলেন, ‘কাজ তো আর থামিয়ে রাখা যাবে না। এটি একটি চলমান প্রক্রিয়া। নিয়ম অনুযায়ী শর্ত পূরণ হলেই রুটিন দায়িত্ব বাতিল করে মূল দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে। অতীতে যদি যথাসময়ে সবাই পদোন্নতি পেতেন, তবে আজ এই জটিল পরিস্থিতি তৈরি হতো না।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা