× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সন্ত্রাসবিরোধী সক্ষমতার পরীক্ষায় বাংলাদেশ

ফসিহ উদ্দীন মাহতাব ও দীপক দেব

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬ ০৮:৩৮ এএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সন্ত্রাসবাদবিরোধী সক্ষমতা এবং দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার নিরাপত্তা সহযোগিতার কাঠামোয় বাংলাদেশের ভূমিকা তুলে ধরার সুযোগ দেখা দিয়েছে। এ অঞ্চলে সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রবাদ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদারের উদ্যোগের অংশ হিসেবে জাতিসংঘ সংশ্লিষ্ট দুটি প্রতিনিধিদল এ দেশে সফরে আসার প্রস্তুতি নিচ্ছে। ওই সময় ২০০৯ সালের পর থেকে সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের অগ্রগতি পর্যালোচনা করা হবে।

একাধিক সূত্র জানিয়েছে, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার জন্য গোয়েন্দা তদারকি কার্যকরী কর্মদল (আইওডব্লিউজি-এসএসএ) এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সন্ত্রাসবাদ দমন বিষয়ক কমিটির নির্বাহী অধিদপ্তর (সিটিইডি) আগামী সেপ্টেম্বর থেকে অক্টোবরে বাংলাদেশ সফরে আগ্রহ প্রকাশ করেছে। সফর দুটি একই সময় হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। সরকারের সংশ্লিষ্ট পর্যায়ে এ নিয়ে ইতোমধ্যে প্রাথমিক সমন্বয় কার্যক্রম শুরু হয়েছে।

উল্লেখ্য, গত এক দশকে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ মোকাবিলায় বাংলাদেশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, গোয়েন্দা তথ্য বিনিময়, সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ এবং আন্তর্জাতিক সহযোগিতার মতো বিভিন্ন ক্ষেত্রে কাজ করেছে। এ অবস্থায় জাতিসংঘ সংশ্লিষ্ট দুটি গুরুত্বপূর্ণ প্রতিনিধিদলের সম্ভাব্য সফর বাংলাদেশের জন্য কয়েকটি কারণে তাৎপর্যপূর্ণ। প্রথমত, এর মাধ্যমে দেশের বর্তমান সন্ত্রাসবিরোধী সক্ষমতা আন্তর্জাতিক পর্যায়ে মূল্যায়নের সুযোগ তৈরি হবে। দ্বিতীয়ত, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার নিরাপত্তা সহযোগিতার কাঠামোয় এ দেশের ভূমিকা তুলে ধরার সুযোগ তৈরি হতে পারে। তৃতীয়ত, ভবিষ্যতে গোয়েন্দা তথ্য বিনিময়, প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি ও প্রযুক্তিগত সহযোগিতার ক্ষেত্রেও এ ধরনের সফর ভূমিকা রাখতে পারে।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেল থেকে এ বিষয়ে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টার কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ অনুবিভাগ থেকে পাওয়া দুটি পৃথক পত্রের পরিপ্রেক্ষিতে প্রতিনিধিদল দুটির সম্ভাব্য সফরের বিষয়টি সরকারের সংশ্লিষ্ট পর্যায়ে উপস্থাপন করা হয়। আইওডব্লিউজি-এসএসএর ১৬ সদস্যের একটি প্রতিনিধিদল ২০২৬ সালের সেপ্টেম্বর-অক্টোবরের সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরে আগ্রহী। একই সময়ে সিটিইডির প্রতিনিধিদলের সফরও হতে পারে। সিটিইডির সফরটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কারণ সর্বশেষ ২০০৯ সালে সংস্থাটির একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করেছিল। প্রায় ১৭ বছর পর সম্ভাব্য এই সফরে ২০০৯ সালের পর থেকে সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের অগ্রগতি পর্যালোচনা করা হবে।

নতুন আঞ্চলিক প্লাটফর্ম আইওডব্লিউজি-এসএসএ

দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার জন্য গোয়েন্দা তদারকি কার্যকরী কর্মদল (আইওডব্লিউজি-এসএসএ) ২০২৫ সালের জুনে প্রতিষ্ঠিত হয়। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানো এবং সন্ত্রাসবিরোধী কার্যক্রম আরও কার্যকর করাই এ প্লাটফর্মের অন্যতম উদ্দেশ্য। আঞ্চলিক পর্যায়ে সন্ত্রাসবিরোধী কার্যক্রমে নিয়োজিত নিরাপত্তা সংস্থাগুলোর সক্ষমতা বাড়াতে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে পরামর্শ করে একটি নির্দেশিকা প্রণয়নের কাজ করবে এই ওয়ার্কিং গ্রুপ। এ প্রক্রিয়ায় সদস্য দেশগুলোর অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও সফল উদ্যোগ পর্যালোচনা করা হবে।

সিটিইডির সফরে পুনর্মূল্যায়নের সুযোগ

সিটিইডি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সন্ত্রাস দমন কমিটির নির্বাহী বিভাগ হিসেবে সদস্যরাষ্ট্রগুলোতে নিরাপত্তা পরিষদের সন্ত্রাসবিরোধী বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণ করে। একই সঙ্গে সদস্যদেশগুলোর সক্ষমতা বাড়াতে সহযোগিতা করে। প্রসঙ্গত, ২০০৯ সালে সিটিইডির একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করে এবং মূল্যায়ন প্রতিবেদন এবং কয়েকটি সুপারিশ দেয়। এবারের সম্ভাব্য সফরে মূলত ২০০৯ সালের পর বাংলাদেশের সন্ত্রাসবাদ দমন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হবে। এর মধ্যে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সক্ষমতা, আন্তঃসংস্থা সমন্বয় এবং আন্তর্জাতিক বাধ্যবাধকতা বাস্তবায়নের বিষয়গুলো গুরুত্ব পাবে।

সরকারের প্রস্তুতি

মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের চিঠিতে বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাওয়া পত্র ও সংশ্লিষ্ট নথি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে ‘নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা নিশ্চিতকল্পে জাতীয় সমন্বয় কমিটি’-এর প্রধান সমন্বয়ক এবং প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টার কাছে উপস্থাপন করতে হবে। যার অর্থ, সম্ভাব্য সফরকে সামনে রেখে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, নিরাপত্তা সংস্থা ও সংশ্লিষ্ট দপ্তরের মধ্যে সমন্বয়ের প্রস্তুতি শুরু হয়েছে। প্রতিনিধিদলগুলোর সফরের সময়সূচি, বৈঠকের তালিকা, বিভিন্ন প্রতিষ্ঠানে পরিদর্শন এবং আলোচ্যসূচি নিয়ে আলোচনা চলছে। সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের পর এসব বিষয় চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।

আঞ্চলিক বাস্তবতায় বাংলাদেশের অবস্থান

দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া দীর্ঘদিন ধরে আন্তঃদেশীয় অপরাধ, চরমপন্থা ও সীমান্ত অতিক্রমকারী বিভিন্ন নিরাপত্তাঝুঁকির মুখোমুখি। এসব চ্যালেঞ্জ এককভাবে মোকাবিলা করা কোনো দেশের জন্যই সহজ নয়। এ কারণে আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যায়ে তথ্য আদান-প্রদান, যৌথ বিশ্লেষণ, সক্ষমতা বৃদ্ধি এবং সমন্বিত কৌশল প্রণয়নের ওপর গুরুত্ব বাড়ছে। আইওডব্লিউজি-এসএসএর মতো নতুন আঞ্চলিক প্লাটফর্ম এবং সিটিইডির মূল্যায়ন প্রক্রিয়া সেই বৃহত্তর সহযোগিতার অংশ।

‘জাতীয় পর্যায়ের পদক্ষেপ যথেষ্ট নয়’

এ প্রসঙ্গে নিরাপত্তা বিশ্লেষক কর্নেল (অব.) কাজী শরীফ উদ্দীন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রবাদের ধরন গত এক দশকে উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে। প্রচলিত সংগঠনভিত্তিক কর্মকাণ্ডের পাশাপাশি অনলাইন উগ্রবাদ, এনক্রিপ্টেড যোগাযোগ, আন্তঃসীমান্ত অর্থায়ন এবং ছোট ছোট বিকেন্দ্রীভূত নেটওয়ার্ক নিরাপত্তা সংস্থাগুলোর জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।’ তার মতে, ‘এ কারণে শুধু জাতীয় পর্যায়ে পদক্ষেপ নেওয়া যথেষ্ট নয়। আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা, গোয়েন্দা তথ্য বিনিময় এবং প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিও সমান গুরুত্বপূর্ণ।’

কাজী শরীফ উদ্দীন বলেন, ‘জাতিসংঘ সংশ্লিষ্ট কোনো মূল্যায়ন সফর বাস্তবায়িত হলে তা বাংলাদেশের সন্ত্রাসবিরোধী নীতি, আইনগত কাঠামো, আন্তঃসংস্থা সমন্বয় এবং সক্ষমতা বৃদ্ধির অগ্রগতি আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার সুযোগ তৈরি করবে। একই সঙ্গে ভবিষ্যতে প্রশিক্ষণ, কারিগরি সহায়তা ও আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রেও এ ধরনের সফর ইতিবাচক ভূমিকা রাখতে পারে।’ তবে তার মতে, ‘এই মূল্যায়নের প্রকৃত গুরুত্ব নির্ভর করবে সফর শেষে দেওয়া সুপারিশ এবং সেগুলো বাস্তবায়নের ওপর।’

‘সঠিক তথ্য-উপাত্ত দিয়ে প্রস্তুত হতে হবে’

এ প্রসঙ্গে সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘২০০৯ সালে একবার সিটিইডি এসেছিল। সব দেশে সবসময় তো এসব প্রতিষ্ঠান আর আসতে পারে না। আরও অনেক স্থানে তাদের যেতে হয়। আমি মনে করি, সময়ের এই গ্যাপটা নিয়ে, কেন এখনই আসছেÑ এসব ব্যাপারে বিশেষ কোনো বার্তা নাই। আমাদের দেশে বরং সন্ত্রাসবাদ নিয়ে চিন্তিত হওয়ার মতো সময় আগে আরও বেশি গেছে।’ তিনি বলেন, ‘এই অঞ্চলটি এসব ব্যাপারে মোটামুটি একটা স্পর্শকাতর এলাকা। সেজন্য এরা মাঝে মাঝে এখানে আসবে, খোঁজ নেবেÑ এটাই স্বাভাবিক। তবে সফরের পর তারা কী রিপোর্ট দেয়, সেটার ওপর আমাদের অনেক কিছু নির্ভর করবে। আমাদের প্রয়োজন ওই প্রতিবেদনের জন্যে অপেক্ষা করা। এরপর তারা কী বলছে, কেন বলছেÑ তা বোঝার চেষ্টা করা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা