× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যেখানে নিঃশ্বাস নেয় ইতিহাস

মাহরিব বিন মহসিন, ঢাবি

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬ ১০:৪১ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিন শুধু খাবারের জায়গা নয়; এটি বাংলাদেশের ছাত্ররাজনীতি, গণতান্ত্রিক আন্দোলন, সংস্কৃতিচর্চা ও মুক্তিযুদ্ধের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ স্মারক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিন শুধু খাবারের জায়গা নয়; এটি বাংলাদেশের ছাত্ররাজনীতি, গণতান্ত্রিক আন্দোলন, সংস্কৃতিচর্চা ও মুক্তিযুদ্ধের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ স্মারক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিন শুধু খাবারের জায়গা নয়; এটি বাংলাদেশের ছাত্ররাজনীতি, গণতান্ত্রিক আন্দোলন, সংস্কৃতিচর্চা ও মুক্তিযুদ্ধের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ স্মারক। ভাষা আন্দোলন থেকে গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধ থেকে সমকালীন ছাত্ররাজনীতিÑ দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক অধ্যায়ের সঙ্গে বিভিন্নভাবে জড়িয়ে আছে মধুর ক্যান্টিনের নাম। মধুসূদন দে, সবার প্রিয় ‘মধুদা’, শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা ও ভালোবাসার কারণে অল্প সময়েই ছাত্রসমাজের আস্থার প্রতীকে পরিণত হন। তার ক্যান্টিন ধীরে ধীরে হয়ে ওঠে শিক্ষার্থীদের মিলনস্থল, রাজনৈতিক মতবিনিময়ের জায়গা এবং গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম আশ্রয়স্থল।

১৯৪৮ সালের ভাষা আন্দোলনের সূচনা, ১৯৪৯ সালে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারীদের আন্দোলন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ১৯৬৯-এর গণঅভ্যুত্থান, ১৯৭০ সালের সাধারণ নির্বাচন এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধÑ সবকিছুর সঙ্গেই জড়িয়ে আছে মধুর ক্যান্টিন। বিশেষ করে, ১৯৬৯ থেকে ১৯৭১ সাল পর্যন্ত এখানে বহু গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। এসব বৈঠকে গৃহীত সিদ্ধান্ত সংশ্লিষ্ট নেতারা ও মধুদা জানতেন বলে উল্লেখ করা হয়। আন্দোলনরত শিক্ষার্থীদের খাবারের ব্যবস্থাও তিনি করতেন। 

মধুর ক্যান্টিন ছিল ছাত্রনেতা, কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী ও খেলোয়াড়দের নিয়মিত আড্ডার জায়গা। অনেকেই সঙ্গে সঙ্গে বিল পরিশোধ করতেন, আবার কেউ কেউ বলতেন, ‘মধুদা, লিখে রাখেন।’ মধুদাও লিখে রাখতেন। সেই বকেয়ার খাতার নাম ছিল ‘না দিয়া উধাও’। এই খাতায় জায়গা পেয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আতাউর রহমান খান, শাহ আজিজুর রহমান, শামসুর রাহমান, আহমদ ফজলুর রহমান, মিজানুর রহমান শেলী, কাজী জাফর আহমদ, রাশেদ খান মেনন, হায়দার আকবর খান রনো, আবদুর রাজ্জাক, রফিক আজাদসহ অসংখ্য গুণী ব্যক্তি। বর্তমানে সেই খাতা শুধু বকেয়ার হিসাব নয়; এটি একটি সময়ের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাসের দলিল হিসেবেও বিবেচিত হয়।


বহুমতের জায়গা থেকে নিয়ন্ত্রিত পরিবেশ

একসময় মধুর ক্যান্টিন ছিল মুক্ত আলোচনা, মতবিনিময় ও রাজনৈতিক সহাবস্থানের প্রতীক। সরকারি ও বিরোধী ছাত্রসংগঠনের নেতারা একই ছাদের নিচে বসে বিতর্ক করতেন। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও আলোচনার পরিবেশ বজায় থাকত। তবে সময়ের সঙ্গে সেই চিত্র বদলে যায়। দীর্ঘদিন ধরে ক্যান্টিনটি কার্যত একচেটিয়াভাবে নিয়ন্ত্রণ করে ছাত্রলীগ। অভিযোগ রয়েছে, বিরোধী ছাত্রসংগঠনের নেতাকর্মীরা সেখানে স্বাভাবিকভাবে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার সুযোগ পেতেন না। হামলা, ভয়ভীতি ও নিয়ন্ত্রণের নানা অভিযোগও ওঠে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি এবং ২০১৯ সালের ডাকসু নির্বাচনে জিএস পদপ্রার্থী আনিসুর রহমান খন্দকার অনিক বলেন, ২০১৯ সালের ১৩ ফেব্রুয়ারি ডাকসু নির্বাচনের আগে প্রথমবারের মতো তারা আনুষ্ঠানিকভাবে মধুর ক্যান্টিনে প্রবেশ করতে সক্ষম হন। এর আগে কয়েক দফা প্রবেশের চেষ্টা করলেও প্রতিবারই হামলার মুখে পড়তে হয়েছে। সেদিন ক্যান্টিনে পৌঁছানোর পরও তাদের উদ্দেশে অশালীন স্লোগান দেওয়া হয়েছিল।

অনিক বলেন, এরপরও ২০২৪ সালের আগে পর্যন্ত তারা বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিকভাবে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারেননি। ২০২২ সালে আবারও তাদের ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়। পরে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে শত শত নেতাকর্মী হামলার শিকার হন; আহত হন নারী শিক্ষার্থীরাও।

অনিকের ভাষ্য, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তাদের প্রত্যাশা ছিল মধুর ক্যান্টিনে আবারও বহুমতের রাজনৈতিক পরিবেশ ফিরে আসবে। কিন্তু পরবর্তীতে একটি ছাত্রসংগঠন ‘নন-পলিটিক্যাল’-এর আড়ালে এমন একটি ধারণা প্রতিষ্ঠার চেষ্টা করেছে, যাতে মধুর ক্যান্টিনকে কেবল ছাত্রলীগের রাজনীতির প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়। তার মতে, এতে ক্যান্টিনের ঐতিহাসিক বহুমতের ঐতিহ্য ক্ষুণ্ন হয়েছে।

তবে সময় আবার বদলেছে। দীর্ঘদিনের নিয়ন্ত্রিত পরিবেশের পরিবর্তে এখন মধুর ক্যান্টিনে বিভিন্ন ছাত্রসংগঠনের উপস্থিতি বেড়েছে। নিয়মিত সংবাদ সম্মেলন, মতবিনিময়, রাজনৈতিক আড্ডা ও সাংগঠনিক কার্যক্রম হচ্ছে। একসময়কার নিয়ন্ত্রিত পরিবেশের পরিবর্তে ধীরে ধীরে বহুমতের পরিবেশ ফিরে আসছে।


রাজনীতি ও সংস্কৃতির প্রাণকেন্দ্র মধুদা স্মৃতি সংসদ প্রকাশিত ‘মধুদা ’

শহীদ মধুসূদন দে স্মারক গ্রন্থ’-এর ভূমিকায় অধ্যাপক আনিসুজ্জামান লিখেছেন, ‘একদিকে শিক্ষার্থীদের জন্য মধুর ভালোবাসা, অন্যদিকে মধুর প্রতি শিক্ষার্থীদের শ্রদ্ধাÑ এসব কিছু পাকিস্তানিদের কাছে মধুকে সন্দেহভাজন করে তুলেছিল। ব্যবসায়িক লেনদেনের মাঝে এত চমৎকার স্নেহ আর সম্প্রীতির সম্পর্ক কীভাবে গড়ে উঠতে পারে, সেটি তাদের কাছে বোধগম্য ছিল না।’

একই গ্রন্থে অধ্যাপক রফিকুল ইসলাম লিখেছেন, মধুর ক্যান্টিনের তিনটি বড় টেবিল ছিল তৎকালীন ছাত্রনেতাদের অলিখিত আসন। ১৯৪৮ সালের ১১ মার্চ এবং ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির আন্দোলনের পরিকল্পনা ও প্রস্তুতি এই ক্যান্টিনেই নেওয়া হয়েছিল। সে কারণে পাকিস্তানি পুলিশ ও ইপিআর বাহিনীর নজরে পড়েন মধুদা এবং একাধিকবার ক্যান্টিনে হামলা চালানো হয়।

রাজনীতির পাশাপাশি সংস্কৃতিচর্চারও প্রাণকেন্দ্র ছিল মধুর ক্যান্টিন। সংস্কৃতি সংসদ, নাট্যকেন্দ্রসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সূচনা হয়েছিল এখানকার চায়ের আড্ডা থেকে। শামসুর রাহমান, হাসান হাফিজুর রহমান, আলাউদ্দিন আল আজাদ, সৈয়দ শামসুল হক, আবদুল গাফ্ফার চৌধুরী, জহির রায়হানের মতো বহু কৃতী মানুষের পদচারণায় মুখর ছিল এই ক্যান্টিন।

১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী মধুদাকে তার বাসা থেকে তুলে নিয়ে যায়। মধুদার ছেলে অরুণ কুমার দে জানান, বাবার হাতে গুলি লাগার দৃশ্য দেখে তার মা মারা যান। একই রাতে নিহত হন তার সদ্য বিবাহিত ভাই রণজিৎ কুমার দে এবং ভাবি রিনা রানী দে। পরে আহত অবস্থায় মধুদাকে জগন্নাথ হল প্রাঙ্গণে অন্য শহীদদের সঙ্গে মাটিচাপা দেওয়া হয়।

স্বাধীনতার পর ১৯৭২ সালের ১৬ জানুয়ারি অরুণ কুমার দে আবার চালু করেন মধুর ক্যান্টিন। বর্তমানে তিনিই এটি পরিচালনা করছেন। তিনি বলেন, এখন আর আগের মতো পরিস্থিতি নেই। জুলাই গণঅভ্যুত্থানের পর অনেক প্রতিকূলতা এসেছে। তবু এটি আমার বাবার স্মৃতিবিজড়িত ক্যান্টিন। যতদিন পারি, এই ইতিহাস বাঁচিয়ে রাখব।

আজও প্রতিদিন শত শত শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক, রাজনীতিক ও দর্শনার্থীর পদচারণায় মুখর থাকে মধুর ক্যান্টিন। সময় ও রাজনৈতিক বাস্তবতা বদলেছে, বদলেছে প্রজন্মও। কিন্তু মধুর ক্যান্টিনের ঐতিহাসিক গুরুত্ব অটুট রয়েছে। দেয়াল কথা বলে না, কিন্তু মধুর ক্যান্টিনের সঙ্গে জড়িয়ে আছে সাত দশকেরও বেশি সময়ের আন্দোলন, সংগ্রাম, সংস্কৃতি ও আত্মত্যাগের নানা স্মৃতি। তাই মধুর ক্যান্টিন শুধু একটি ক্যান্টিন নয়; এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক ও সাংস্কৃতিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ এবং বাংলাদেশের ইতিহাসের একটি জীবন্ত অধ্যায়।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা