× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

একটি অমীমাংসিত আইনি প্রশ্ন

ফসিহ উদ্দীন মাহতাব

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬ ১১:৩৬ এএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

বাংলাদেশের প্রশাসনে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তাদের নির্বাহী বিভাগের গুরুত্বপূর্ণ পদে ধারাবাহিক পদায়ন ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, তার কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি মৌলিক প্রশ্নÑ রাষ্ট্রের তিনটি অঙ্গের মধ্যে ক্ষমতার ভারসাম্য কীভাবে বজায় থাকবে?

একদিকে সরকার আইনগত জটিলতা মোকাবিলায় বিচার বিভাগীয় কর্মকর্তাদের অভিজ্ঞতাকে কাজে লাগানোর প্রয়োজনীয়তার কথা বলছে। অন্যদিকে আইন বিশেষজ্ঞ, জনপ্রশাসন বিশ্লেষক এবং প্রশাসনের একাংশের কর্মকর্তারা বলছেন, বিষয়টি কেবল নিয়োগের নয়; এটি বিচার বিভাগের স্বাধীনতা, সংবিধানের নির্দেশনা এবং রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক কাঠামোর সঙ্গে সরাসরি সম্পর্কিত। তাই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে সংবিধানের ২২ ও ১১৬ক অনুচ্ছেদ, ২০০৭ সালের ঐতিহাসিক মাসদার হোসেন মামলার রায় এবং বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের পৃথকীকরণের দর্শন।

সংবিধানে যা আছে

বাংলাদেশের সংবিধানের ২২ অনুচ্ছেদে রাষ্ট্রকে নির্দেশনা দেওয়া হয়েছে বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করার জন্য। যদিও এটি নীতিনির্দেশমূলক অনুচ্ছেদ, তবুও স্বাধীন বিচারব্যবস্থা প্রতিষ্ঠার ক্ষেত্রে এটি অন্যতম সাংবিধানিক ভিত্তি হিসেবে বিবেচিত হয়।

অন্যদিকে ১১৬ক অনুচ্ছেদে বলা হয়েছে, বিচার বিভাগীয় কর্মকর্তারা বিচারিক দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাধীন থাকবেন। অর্থাৎ বিচারিক সিদ্ধান্ত গ্রহণে নির্বাহী প্রভাব থেকে তাদের মুক্ত রাখাই এই সাংবিধানিক বিধানের মূল উদ্দেশ্য।

আইনবিদদের মতে, এই দুটি অনুচ্ছেদ একসঙ্গে বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বাধীনতার সাংবিধানিক ভিত্তি তৈরি করেছে। তাই কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তাদের নির্বাহী বিভাগে নিয়মিত দায়িত্ব দেওয়ার বিষয়টি স্বাভাবিকভাবেই সাংবিধানিক আলোচনার অংশ হয়ে উঠেছে।

মাসদার হোসেন রায় কেন গুরুত্বপূর্ণ

বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে ২০০৭ সালের মাসদার হোসেন মামলার রায় একটি যুগান্তকারী ঘটনা হিসেবে বিবেচিত। এই রায়ের মাধ্যমে অধস্তন বিচার বিভাগকে কার্যকরভাবে নির্বাহী বিভাগ থেকে পৃথক করার পথ সুগম হয়। এ রায়ের মূল দর্শন হলো, বিচার বিভাগকে প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিকভাবে এমন অবস্থানে নিয়ে যাওয়া, যাতে বিচারিক সিদ্ধান্তের ওপর নির্বাহী বিভাগের প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব না থাকে।

আইন বিশেষজ্ঞদের ভাষ্য অনুযায়ী, রায়টিতে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তাদের নির্বাহী দায়িত্ব পালনের বিষয়টি সরাসরি নিষিদ্ধ করা হয়নি। এ রায়ের মৌলিক উদ্দেশ্য ছিল বিচার বিভাগের স্বাধীনতা এবং জন-আস্থা নিশ্চিত করা।

সেই কারণেই এখন প্রশ্ন উঠছে, যদি বিচার বিভাগীয় কর্মকর্তাদের নির্বাহী বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ধারাবাহিকভাবে নিয়োগ দেওয়া হয়, তাহলে মাসদার হোসেন রায়ের দর্শনের সঙ্গে সেটির সম্পর্ক কীভাবে ব্যাখ্যা করা সম্ভব কিংবা এই ধারাবাহিক নিয়োগ রায়টির সঙ্গে দ্বন্দ্বাত্মক কি না।


আইন বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ

সংবিধান বিশেষজ্ঞ ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোর্শেদের মতে, ‘কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তাদের নির্বাহী বিভাগে পদায়ন আইনগতভাবে পুরোপুরি নিষিদ্ধ কি না, সেটি একটি পৃথক আইনি প্রশ্ন। কিন্তু যদি এ ধরনের পদায়ন নিয়মিত বা প্রাতিষ্ঠানিক রূপ নেয়, তাহলে বিচার বিভাগের স্বাধীনতা সম্পর্কে জনমনে প্রশ্ন তৈরি হতে পারে।’

তার মতে, ‘রাষ্ট্র যদি বিশেষায়িত আইনগত সহায়তা চায়, তাহলে অবসরপ্রাপ্ত বিচারক, আইন কমিশন, বিশ্ববিদ্যালয়ের আইন শিক্ষক অথবা স্বাধীন সাংবিধানিক বিশেষজ্ঞদের মাধ্যমেও সেই সহায়তা নেওয়া সম্ভব। এতে একদিকে সরকারের আইনগত সক্ষমতা বাড়বে, অন্যদিকে বিচার বিভাগের স্বাধীনতা নিয়েও প্রশ্ন কম উঠবে।’


প্রশাসন বিশেষজ্ঞদের দৃষ্টিভঙ্গি

জনপ্রশাসন বিশেষজ্ঞ ও সাবেক সচিব আনোয়ার ফারুক মনে করেন, রাষ্ট্র পরিচালনায় প্রতিটি ক্যাডারের নিজস্ব বিশেষায়িত দক্ষতা রয়েছে। প্রশাসন ক্যাডার দীর্ঘদিন মাঠ প্রশাসন, নীতি বাস্তবায়ন, জনসেবা ব্যবস্থাপনা ও সমন্বয়মূলক কাজের অভিজ্ঞতা অর্জন করে। অন্যদিকে বিচার বিভাগ বিশেষায়িত আইন ব্যাখ্যা, বিচারিক বিশ্লেষণ এবং রায় প্রদানে।

তার মতে, দুই ক্ষেত্রের মধ্যে সহযোগিতা অবশ্যই প্রয়োজন; কিন্তু সেই সহযোগিতারও একটি প্রাতিষ্ঠানিক সীমারেখা থাকা জরুরি। যাতে প্রশাসন ক্যাডারের পদোন্নতি, ক্যারিয়ার পরিকল্পনা এবং পেশাগত মনোবলে এ ধরনের নিয়োগ দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে না পারে। তাই তিনি একটি লিখিত ও স্বচ্ছ নীতিমালার ওপর গুরুত্ব দিয়েছেন। যেখানে স্পষ্ট উল্লেখ থাকবে, কোন ধরনের পদে বিচার বিভাগীয় কর্মকর্তারা দায়িত্ব পালন করতে পারবেন এবং কোন পদে পারবেন না।


আন্তর্জাতিক অভিজ্ঞতা কী বলে 

জনপ্রশাসন ও বিচারব্যবস্থা নিয়ে কাজ করা গবেষকদের মতে, গণতান্ত্রিক দেশগুলোতে বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের মধ্যে সমন্বয় থাকলেও প্রাতিষ্ঠানিক স্বাধীনতা বজায় রাখার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হয়।

অনেক দেশে বিচারকরা নীতিগত বা আইন সংস্কার-সংক্রান্ত কমিশন, তদন্ত কমিশন কিংবা বিশেষ টাস্কফোর্সে সীমিত সময়ের জন্য কাজ করেন। তবে সেসব ক্ষেত্রেও সাধারণত সুস্পষ্ট আইন, নির্দিষ্ট মেয়াদ এবং স্বচ্ছ নিয়োগ কাঠামো অনুসরণ করা হয়, যাতে বিচারিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন না ওঠে।

বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশেও যদি এ ধরনের পদায়ন চলমান থাকে, তাহলে আন্তর্জাতিক অভিজ্ঞতার আলোকে একটি সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন করা বিতর্ক কমাতে সহায়ক হতে পারে।


বিতর্কের কেন্দ্র কোথায়

আইন বিশেষজ্ঞদের মতে, এই বিতর্কের মূল প্রশ্নটি আসলে কোনো ব্যক্তি বা পেশার নয়। প্রশ্ন হলো, একজন বিচার বিভাগীয় কর্মকর্তা যদি নির্বাহী বিভাগের নীতিনির্ধারণী বা প্রশাসনিক দায়িত্ব পালন করেন এবং পরে আবার বিচারিক দায়িত্বে ফিরে যান, তাহলে সাধারণ মানুষের দৃষ্টিতে বিচার বিভাগের নিরপেক্ষতা সম্পর্কে কোনো প্রশ্ন তৈরি হবে কি না। এ ছাড়া প্রশাসনিক জবাবদিহিতা, কর্মমূল্যায়ন, রিপোর্টিং কাঠামো এবং বিভিন্ন ক্যাডারের মধ্যে ভারসাম্য রক্ষার বিষয়টিও এখন আলোচনায় এসেছে। নীতিবিশ্লেষকদের মতে, এসব প্রশ্নের স্পষ্ট উত্তর না থাকলে ভবিষ্যতে প্রশাসনিক জটিলতা আরও বাড়তে পারে।


অমীমাংসিত একটি আইনি প্রশ্ন 

পদায়নসংক্রান্ত এ বিষয়টি নিয়ে অতীতেও আদালতের দ্বারস্থ হওয়ার উদাহরণ রয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০০৭ সালে নির্বাহী বিভাগে বিচার বিভাগীয় কর্মকর্তাদের পদায়ন বন্ধের দাবিতে একজন সাংবাদিক উচ্চ আদালতে রিট করেন। মামলাটির দুই দফা শুনানি হলেও ২০০৯ সালের পর আর অগ্রগতি হয়নি। ফলে বিষয়টির চূড়ান্ত বিচারিক নিষ্পত্তি আজও হয়নি। এ কারণে বর্তমানে যে বিতর্ক চলছে, তারও কোনো নির্দিষ্ট বিচারিক দিকনির্দেশনা নেই। ফলে নীতিগত প্রশ্নগুলো আরও গুরুত্ব পাচ্ছে।


আগামীকাল শেষ পর্ব 

চাই স্বচ্ছ নীতিমালা


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা