× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুখ থুবড়ে পড়েছে নাগরিক সেবা

সৌরভ হোসেন

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬ ১০:১৪ এএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের স্থানীয় সরকার ব্যবস্থায় এক বড় ধরনের শূন্যতা তৈরি হয়। বিগত সরকারের আমলে নির্বাচিত সিটি করপোরেশনের সব ওয়ার্ড কাউন্সিলরের দায়িত্ব বিলুপ্ত ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। এরপর থেকে দীর্ঘ সময় ধরে নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়াই চলছে রাজধানীর ওয়ার্ডগুলো। প্রতিটি ওয়ার্ডে বিকল্প হিসেবে একজন করে ‘ওয়ার্ড সচিব’ নিয়োগ দেওয়া হলেও, মাঠপর্যায়ের বাস্তব চিত্র হলোÑ নাগরিক সেবার মান মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। জন্ম-মৃত্যু নিবন্ধন, ওয়ারিশ সনদ থেকে শুরু করে বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিধনের মতো দৈনন্দিন কাজগুলো প্রায় স্থবির হয়ে পড়েছে।

মঙ্গলবার ঢাকা-৮ আসনের ১২ নম্বর ওয়ার্ডের (শাহজাহানপুর, শহীদবাগ ও শান্তিবাগ) বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ মানুষ ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে নাগরিক ভোগান্তির এই চরম রূপটিই উঠে এসেছে। 


ফাইল চালাচালিতেই আটকে আছে সেবা

আগে যেকোনো সনদের জন্য সরাসরি কাউন্সিলরের কার্যালয়ে গেলেই দ্রুত সমাধান মিলত। কিন্তু এখন পদে পদে দীর্ঘসূত্রতা। ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে সেবা নিতে আসা মো. আসাদুল ও মো. কিবরিয়া জানান, বর্তমানে ওয়ার্ড সচিব প্রয়োজনীয় কাগজপত্র গ্রহণ করে তা আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পাঠান। সেখান থেকে অনুমোদন হয়ে ফিরে আসতে ন্যূনতম এক থেকে দুই দিন, কখনও তার চেয়েও বেশি সময় লাগে।

শাহজাহানপুরের বাসিন্দা মো. তৈয়বের কণ্ঠেও একই হতাশা। তিনি বলেন, ‘আগে এলাকার যেকোনো সমস্যা বা কাগজপত্রের প্রয়োজনে সরাসরি কাউন্সিলরের কাছে যাওয়া যেত। এখন প্রশাসনিক কর্মকর্তাদের মাধ্যমে কাজ করতে গিয়ে একটি ফাইল এক দপ্তর থেকে আরেক দপ্তরে ঘুরছে। সাধারণ মানুষ হিসেবে আমরা চরম ভোগান্তির শিকার হচ্ছি।’

বেহাল অবকাঠামো ও জনস্বাস্থ্যের ঝুঁকি

শুধু দাপ্তরিক কাজ নয়, ওয়ার্ডভিত্তিক উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমেও স্থবিরতা নেমে এসেছে। শান্তিবাগ ও শহীদবাগ এলাকার অনেক সড়কের স্ট্রিট লাইট দীর্ঘদিন ধরে নষ্ট থাকলেও দ্রুত মেরামতের কোনো উদ্যোগ নেই। নিয়মিত ড্রেন পরিষ্কার না হওয়ায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। স্থানীয় বাসিন্দা মো. একরামুল অভিযোগ করে বলেন, ‘বর্জ্য অপসারণে চরম অনিয়ম দেখা যাচ্ছে। ড্রেনগুলো ময়লায় আটকে আছে। ডেঙ্গুর এই মৌসুমে মশা নিধনেও কোনো কার্যকর তদারকি নেই। দেখার যেন কেউ নেই!’

সংশ্লিষ্টদের মতে, নাগরিক অভিযোগ সংগ্রহ, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং সিটি করপোরেশনের অন্যান্য বিভাগের সঙ্গে সমন্বয়ের অভাবে ছোটখাটো সমস্যাগুলো এখন বড় আকার ধারণ করছে।

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বক্তব্য

বিকল্প ব্যবস্থায় নাগরিক সেবা কতটুকু নিশ্চিত করা যাচ্ছেÑ এমন প্রশ্নের জবাবে ১২ ও ১৩ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সচিব মো. মোক্তার হোসেন নিজেদের সীমাবদ্ধতার কথা অকপটে স্বীকার করেন। প্রতিদিনের বাংলাদেশকে তিনি বলেন, ‘নাগরিক সেবা সচল রাখতে আমরা সাধ্যমতো চেষ্টা করছি। কিন্তু জনপ্রতিনিধি না থাকায় স্থানীয় সমস্যাগুলো দ্রুত শনাক্ত ও সমাধান করা কঠিন হয়ে পড়েছে। এ ছাড়া জনবল ও প্রশাসনিক সীমাবদ্ধতার কারণেও কিছু সেবা দিতে বিলম্ব হচ্ছে।’

একজন প্রশাসনিক কর্মকর্তা আর একজন জনপ্রতিনিধির কাজের পার্থক্যের বিষয়টি উল্লেখ করে মোক্তার হোসেন আরও বলেন, ‘আমরা নির্ধারিত দাপ্তরিক কাজ করি। কিন্তু একজন নির্বাচিত কাউন্সিলর এলাকার মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখেন। পারিবারিক বা সামাজিক বিরোধ, প্রতিবেশী দ্বন্দ্ব কিংবা জরুরি জনসমস্যায় তিনি সরাসরি উপস্থিত থেকে যে দ্রুত সমাধান দিতে পারতেন, আমাদের দায়িত্ব ও ক্ষমতার সীমাবদ্ধতার কারণে সেটি কোনোভাবেই সম্ভব হয় না।’

সমাধান কোন পথে

সুশীল সমাজের প্রতিনিধি ও নগর পরিকল্পনাবিদরা মনে করেন, স্থানীয় সরকার ব্যবস্থায় একজন কাউন্সিলরের ভূমিকা কেবল সনদে স্বাক্ষর করা বা রাস্তা মেরামতের মধ্যে সীমাবদ্ধ নয়; তিনি নাগরিকদের সঙ্গে প্রশাসনের মূল সেতুবন্ধ হিসেবে কাজ করেন। বর্তমান পরিস্থিতিতে বিকল্প এই ব্যবস্থাকে হয় আরও বিকেন্দ্রীকরণ ও শক্তিশালী করতে হবে, নয়তো দ্রুততম সময়ের মধ্যে নির্বাচিত জনপ্রতিনিধির মাধ্যমে স্থানীয় সরকার ব্যবস্থাকে পূর্ণাঙ্গভাবে সচল করার উদ্যোগ নিতে হবে।

নাগরিক সেবার মান বজায় রাখতে প্রশাসনিক সমন্বয় জোরদার করার পাশাপাশি ওয়ার্ড পর্যায়ে জবাবদিহিতামূলক ও জনবান্ধব সেবা নিশ্চিত করা এখন সময়ের দাবি। অন্যথায়, রাজধানীর প্রতিটি ওয়ার্ডে নাগরিক ভোগান্তি আগামীতে আরও ভয়াবহ রূপ নেবে, যা নগরজীবনের স্বাভাবিক গতিকে সম্পূর্ণ অচল করে দিতে পারে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা