গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
বাংলাদেশে জন্ম-মৃত্যু নিবন্ধনের হার লক্ষ্যমাত্রার নিচে নেমে এসেছে। চলতি বছরের জানুয়ারি-জুন সময়কালে এ হার যথাক্রমে ৪৩% এবং ৫৬%-এ নেমে আসে। এর আগে ২০২৫ সালে জন্ম ও মৃত্যু নিবন্ধনের হার ছিল যথাক্রমে ৬৩% এবং ৫৯%। এ অবস্থায় জন্ম ও মৃত্যু নিবন্ধনের আন্তর্জাতিক লক্ষ্যমাত্রা অর্জনে প্রয়োজনীয় কার্যক্রম জোরদারের নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সম্প্রতি এই নির্দেশনা দেশের সকল জেলা প্রশাসকসহ (ডিসি) সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।
জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের ক্ষেত্রেও জন্ম ও মৃত্যু নিবন্ধন একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত। এ লক্ষ্যমাত্রা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে জন্ম নিবন্ধন শতভাগ এবং মৃত্যু নিবন্ধন ৮০ শতাংশ করতে হবে। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর জন্য সিআরভিএস (সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড ভাইটাল স্ট্যাটিসটিকস) দশক (২০১৫-২৪) ঘোষণা করা হয়েছিল। এতে বাংলাদেশের জন্য ২০২৪ সালের মধ্যে জন্মের এক বছরের মধ্যে শতভাগ জন্ম নিবন্ধন ও ৫০ শতাংশ মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। যার কোনোটাই এখনও অর্জন করা হয়নি।
‘আইনের সীমাবদ্ধতা ও দুর্বল বাস্তবায়ন’ শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধনের লক্ষ্য অর্জনে বাধা তৈরি করছে বলে মন্তব্য করেছেন গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই) বাংলাদেশের কান্ট্রি লিড মুহাম্মদ রুহুল কুদ্দুস। তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘২০৩০ সালের মধ্যে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করতে আমরা অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্যে আইন সংস্কারের পাশাপাশি বিদ্যমান আইনের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।’
জন্ম-মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেলের দপ্তর জানায়, সর্বশেষ গত ৩ আগস্ট এক দিনে জন্ম নিবন্ধনের আবেদনের সংখ্যা ছিল ৩৩ হাজার ৩২১টি। ওইদিন নিবন্ধন হয়েছে ২৮ হাজার ৩৮৭টি। জন্ম নিবন্ধন সংশোধনের আবেদন ছিল ২৮ হাজার ১১টি। জন্ম নিবন্ধন সংশোধনের আবেদন নিষ্পত্তি হয়েছে ২৬ হাজার ৩৮৭টি। মৃত্যু নিবন্ধনের আবেদনের সংখ্যা ছিল ৩ হাজার ৬৩৩টি। নিবন্ধন হয়েছে ৩ হাজার ৪৭৩টি। মৃত্যু নিবন্ধন সংশোধনের আবেদন ছিল ৩৪টি।
গত ২৭ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব এসএম মুনিম লিংকন স্বাক্ষরিত নির্দেশনাপত্রে বলা হয়, টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সিআরভিএসের আওতায় বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে জন্ম-মৃত্যুর এক বছরের মধ্যে ১০০% জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্ন করার আন্তর্জাতিক লক্ষ্যমাত্রা গ্রহণ করেছে। নির্ধারিত আন্তর্জাতিক লক্ষ্যমাত্রা অর্জনের জন্য জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম আরও জোরদার করা অপরিহার্য। নির্দেশনাপত্রে জন্ম ও মৃত্যু নিবন্ধনের হার বৃদ্ধি এবং নির্ধারিত আন্তর্জাতিক লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে সংশ্লিষ্ট আইন, বিধি ও নির্দেশিকার আলোকে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা নিতে বলা হয়।
বিশেষজ্ঞদের মতে, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ১৬.৯ অনুযায়ী ২০৩০ সালের মধ্যে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করার আন্তর্জাতিক লক্ষ্যমাত্রা অর্জনে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোর ওপর নিবন্ধনের আইনি বাধ্যবাধকতা আরোপ এবং ডিজিটাল ব্যবস্থার আধুনিকায়ন অত্যন্ত জরুরি। লক্ষ্যমাত্রা অর্জনের মূল পদক্ষেপ হিসেবে প্রথমেই দরকার আইন সংশোধন। ২০০৪ সালের জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন সংশোধন করে সরকারি-বেসরকারি হাসপাতালে জন্ম-মৃত্যু রিপোর্টিং বাধ্যতামূলক করা দরকার। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে অনলাইন নিবন্ধনের আওতায় এনে জন্ম ও মৃত্যুর তাৎক্ষণিক ডিজিটাল বিজ্ঞপ্তি নিশ্চিত করাসহ সচেতনতা বৃদ্ধিতে সাধারণ মানুষের মধ্যে নিবন্ধনের গুরুত্ব তুলে ধরা এবং জটিলতা দূর করে সেবা সহজলভ্য করা এখন সময়ের দাবি।
দেশে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম শুরু হয় ২০০১ সালে। ইউনিসেফ-বাংলাদেশের সহায়তায় প্রকল্প শুরু হয়। সে সময় হাতে লেখা জন্ম ও মৃত্যু সনদ দেওয়া হতো। ২০০৪ সালে এ আইন স্থগিত করে ‘জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪’ পাস করে সরকার। এটি কার্যকর হয় ২০০৬ সালের ৩ জুলাই। এরপর ২০১০ সালে সরকার অনলাইনে জন্মসনদ দেওয়া শুরু করে। ২০১৬ সালের ১ জুলাই জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম রাজস্ব খাতে নিয়ে আসা হয়। এর পর থেকে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন রেজিস্ট্রার জেনারেল কার্যালয়, জন্ম ও মৃত্যু নিবন্ধন বিভাগ এ কার্যক্রম পরিচালনা করে আসছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘জন্ম নিবন্ধনের মোট সংখ্যাকে প্রকৃত নিবন্ধিত সংখ্যা হিসেবে বিবেচনা করার সুযোগ নেই। কারণ অনেকেই একাধিক জায়গায় জন্ম নিবন্ধন করেছেন। তবে ধীরে ধীরে বিষয়গুলো কমিয়ে আনা হচ্ছে।’
বাংলাদেশের জনসংখ্যা নিয়ে প্রকাশিত বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক জরিপে একক কোনো চিত্র পাওয়া যায় না। জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাম্প্রতিক তথ্যেও সেই পার্থক্য স্পষ্ট। ইউএনএফপিএ’র ‘বিশ্ব জনসংখ্যা পরিস্থিতি ২০২৫’ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশের জনসংখ্যা দাঁড়িয়েছে ১৭ কোটি ৫৭ লাখ।
অন্যদিকে, বিবিএসের জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী দেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ৩০ হাজার। আবার বিবিএসের বাংলাদেশ স্যাম্পল ভাইটাল রেজিস্ট্রেশন সিস্টেম (এসভিআরএস) ২০২৩ অনুযায়ী, দেশের প্রাক্কলিত জনসংখ্যা ১৭ কোটি ২৯ লাখ ২০ হাজার। অর্থাৎ বিভিন্ন জরিপের ফলাফলেও উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে।
সংস্থাটির ২০২৩ সালে প্রকাশিত তথ্য বলছে, দেশে প্রতিবছর গড়ে ১০ লাখ ৪১ হাজার ৩৩১ জন মারা যায়। জন্ম কিংবা মৃত্যুর ৪৫ দিনের মধ্যেই নিবন্ধন সম্পন্ন করার কথা বলা হয়েছে আইনে। তবে যুক্তরাষ্ট্রভিত্তিক ন্যাশনাল লাইব্রেরির এক গবেষণায় বলা হয়েছে, এ সময়ের মধ্যে শুধু সাড়ে ৪ শতাংশ শিশুর জন্ম নিবন্ধন এবং ৩৫ দশমিক ৯ শতাংশ মৃত্যুর নিবন্ধন সম্পন্ন হয়। সব মিলিয়ে বাংলাদেশে শুধু ৫৪ শতাংশ শিশুর জন্ম নিবন্ধন হয়। ‘বার্থ অ্যান্ড ডেথ নোটিফিকেশনস ফর ইম্প্রুভিং সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড ভাইটাল স্ট্যাটিসটিকস ইন বাংলাদেশ : পাইলট এক্সপ্লোরেটরি স্টাডি’ শিরোনামে এ গবেষণা ২০২২ সালে প্রকাশিত হয়। যদিও বিবিএসের ২০২২ সালের এক পরিসংখ্যানে দাবি করা হয়েছে, মোট জনসংখ্যার ৬৩ দশমিক ৩৬ শতাংশ জন্ম নিবন্ধনের আওতায় এসেছে।
দেশের সব ইউনিয়ন পরিষদ কার্যালয়, পৌরসভা কার্যালয়, সিটি করপোরেশনের আঞ্চলিক কার্যালয়, ক্যান্টনমেন্ট বোর্ডের পাশাপাশি বিদেশের বাংলাদেশ দূতাবাসে অনলাইনের মাধ্যমে জন্ম নিবন্ধন কার্যক্রম পরিচালিত হচ্ছে। সব মিলিয়ে বর্তমানে দেশ ও দেশের বাইরে ৫ হাজার ৫৩২টি জায়গা থেকে জন্ম নিবন্ধন করা যাচ্ছে। আর এসবের হিসাব রাখছে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়।
জন্ম ও মৃত্যু নিবন্ধনের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, ‘প্রতিবছর প্রায় ১০ লাখ লোক মারা যায়। জন্ম ও মৃত্যু নিবন্ধন উভয়ই আগের তুলনায় ভালো অবস্থানে আছে। ধীরে ধীরে সনাতনী পদ্ধতির নিবন্ধনগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। কারও দুইটা নিবন্ধন থাকলে অবশ্যই একটা ক্যানসেল করে আসতে হচ্ছে। প্রতিবছরই এরকম প্রায় সাত-আট লাখ আবেদন পাওয়া যাচ্ছে। অনেকেই এখনও অনলাইন প্লাটফর্মে অভ্যস্ত হয়ে উঠতে পারেনি। এর কারিগরি দিকও প্রতিনিয়ত হালনাগাদ করছে জেনারেলের কার্যালয়।’
সম্প্রতি রাজধানীর বিএমএ ভবনে ‘বাংলাদেশে জন্ম ও মৃত্যু নিবন্ধন : অগ্রগতি, প্রতিবন্ধকতা ও করণীয়’ শীর্ষক কর্মশালায় বিশেষজ্ঞরা জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ সংশোধন করে হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রকে জন্ম ও মৃত্যু নিবন্ধনের আইনি দায়িত্ব দেওয়ার আহ্বান জানান। গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের (জিএইচএআই) সহযোগিতায় প্রজ্ঞার (প্রগতির জন্য জ্ঞান) আয়োজিত কর্মশালায় জানানো হয়, বর্তমানে দেশে জন্ম ও মৃত্যু নিবন্ধনের হার যথাক্রমে ৫০ ও ৪৭ শতাংশ, যা বৈশ্বিক ও আঞ্চলিক গড়ের তুলনায় অনেক কম। বর্তমান আইনে জন্ম ও মৃত্যুর তথ্য দেওয়ার দায়িত্ব কেবল পরিবারের ওপর ন্যস্ত, স্বাস্থ্য বিভাগের ওপর নয়। অথচ হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোকে আইনগতভাবে নিবন্ধনের দায়িত্ব দেওয়া হলে সেসব প্রতিষ্ঠানে জন্ম নেওয়া দেশের প্রায় ৬৭ শতাংশ শিশুকে সহজেই নিবন্ধনের আওতায় আনা সম্ভব হবে। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অনেক দেশ এই পদ্ধতি অনুসরণ করে শতভাগ নিবন্ধনের লক্ষ্য অর্জন করেছে।