× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুইশ কোটি টাকার যন্ত্রপাতি যায় যায়

আসাদুজ্জামান সম্রাট

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬ ০৮:৪৪ এএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

নানা অব্যবস্থাপনার কারণে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বিশ্ব স্থাপত্যের বিস্ময় অনন্য আন্তর্জাতিক স্থপতি লুই কানের নকশায় তৈরি জাতীয় সংসদ ভবন। ফলে বৃষ্টি হলেই পানি ঝরে পড়ে এ ভবনের বিভিন্ন স্থান থেকে। বৃষ্টির পানিতে নষ্ট হতে চলেছে এর পুরো বৈদ্যুতিক ব্যবস্থা ও কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্রসহ ‘মেইন মেকানিক্যাল প্লান্ট’ বা ‘এমএমপি’র ২০০ কোটি টাকা মূল্যের যন্ত্রপাতি। এর ফলে সংসদ ভবনসহ পুরো কমপ্লেক্সের বৈদ্যুতিক ব্যবস্থাপনাও বন্ধ হয়ে যেতে পারে যেকোনো সময়। ঝুঁকিতে রয়েছে দেশের অস্থায়ী রাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত স্পিকারের বাসভবনও।

প্রায় ৪৫ বছরের পুরনো জাতীয় সংসদ ভবনের মূল ভবনসহ দক্ষিণ-প্লাজা এবং কমপ্লেক্সের আওতাভুক্ত ভিআইপি বাংলো, মিনিস্টার্স হোস্টেল, পুরাতন এমপি হোস্টেল ও সচিব হোস্টেলে অবস্থিত আবাসিক ও অনাবাসিক স্থাপনাগুলো ঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করায় বৃষ্টির পানি পড়ে এ দুর্ভোগ দেখা দিয়েছে। সামান্য বৃষ্টিতেই পানি জমে যায় এখানকার অফিস, বাসাবাড়ি ও মসজিদে। 

সদ্য সমাপ্ত বাজেট অধিবেশনে বৃষ্টিতে পানি পড়ার বিষয়টি সংসদের নজরে আনেন সরকারি দলের হুইপ জি কে গউছ। তিনি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘মসজিদের সামনে সারিবদ্ধভাবে বালতি দিয়ে রাখা হয়েছে। কারণ ছাদ ফেটে অনবরত বৃষ্টির পানি ভেতরে ঝরে পড়ে। এই অধিবেশনে আমরা ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বিশাল বাজেট অনুমোদন করেছি। সেখানে মসজিদের এই করুণ দশা কোনোভাবেই মেনে নেওয়া যায় না’।

এ সময়ে অধিবেশনে সভাপতির আসনে থাকা ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালও দুঃখ প্রকাশ করে রসিকতার ছলে বলেন, ‘আমরাও জেনেছি সংসদের ছাদ থেকে পানি পড়ে। তবে কষ্টের কথা কাকে বলব, আমি আমার নিজের ঘরে ঘুমাতে গেলে ছাদের ওখানে বাটি দিয়ে রাখি, সংসদ ভবন এলাকার নিজের বাড়িতেও।’ এরপরই চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছিলেন, বিষয়টি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন। আগামী এক সপ্তাহের মধ্যে সমস্যার সমাধান হবে। কার্যত সেটা সম্ভব হয়নি।

সরেজমিনে দেখা গেছে, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার নিচেই মেইন মেকানিক্যাল প্ল্যান্টের অবস্থান। এখানে সংসদ ভবনে অভ্যন্তরের কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, জিআইএস প্যানেল, ৬টি জেনারেটর, বৈদ্যুতিক সাব-স্টেশনসহ সেন্ট্রাল স্টোর রুম। সংসদের দক্ষিণ প্লাজার ছাদ থেকে পানি পড়ে এমএমপি রুম প্লাবিত হয়ে যায়। এ ছাড়া পানি বিদ্যুৎ পরিবাহী হওয়ায় যন্ত্রাংশগুলো শর্টসার্কিট হয়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এখানে প্রায় ২০০ কোটি টাকার যন্ত্রপাতি রয়েছে। 

এমএমপি’র দায়িত্বরত উপ-সহকারী প্রকৌশলী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, ‘পানি পড়ে যাতে এগুলোর ক্ষতি না হয়, সেজন্য দক্ষিণ প্লাজায় ছাদের নিচে প্রতিটি যন্ত্রের ওপরে টিনের ছাউনি দেওয়া হয়েছে। অবশ্য এ ব্যবস্থা সাময়িক।’

জাতীয় সংসদ ভবনের প্রবেশপথগুলোর মধ্যে মানিক মিয়া এভিনিউয়ের বকুলতলা গেট সামান্য বৃষ্টিতেই প্লাবিত হয়। মানিক মিয়া এভিনিউয়ের সঙ্গে এটিই একমাত্র গেট যেটি খোলা রাখা হয়। অপর গেটটি নিরাপত্তার কারণে দীর্ঘদিন ধরে বন্ধ রাখা হয়েছে। 

এ সমস্যা সম্পর্কে জানতে চাইলে শেরেবাংলা নগর গণপূর্ত বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী নাহিদ পারভেজ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘খুব বেশি দিন হয়নি, আমি সংসদ ভবনের দায়িত্বে এসেছি। বিগত ৫ আগস্টের পর সংসদ ভবন এলাকায় ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো সংস্কারের কাজ চলছে। সংসদ ভবনে পানি পড়া রোধে গ্লাস ব্রিকসগুলোর জয়েন্টগুলো ঠিক করার চেষ্টা করা হচ্ছে। এ ছাড়া বিভিন্ন ভবনের ছাদও পানি প্রতিরোধী করা হচ্ছে।’

একটি সূত্র জানিয়েছে, সংসদে বিষয়টি আলোচনার পর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। কিন্তু বাজেট স্বল্পতায় কাজগুলো সম্পন্ন করা যাবে না বলে জানায় সংশ্লিষ্টরা। এ সময়ে তিনি জাতীয় সংসদ ভবনের সকল কাজকে একত্রিত করে একটি প্রকল্পের ডিপিপি প্রণয়নের নির্দেশ দেন।

এ ব্যাপরে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী জানিয়েছেন, ‘সংসদ ভবনের সবগুলো সমস্যা চিহ্নিত করে এর প্রয়োজনীয় সংস্কারের জন্য একটি প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। খুব শিগগিরই কাজ শুরু হবে।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা