গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
রাতদিন মিলিয়ে কমপক্ষে আটবার বিদ্যুৎ থাকে না। একবার লোডশেডিং হলে স্থায়ী হয় কমপক্ষে ১ ঘণ্টা। গত কয়েক দিন ধরে বিদ্যুৎ এমন যাওয়া-আসার মধ্যে রয়েছে। এ অভিযোগ নেত্রকোণার উত্তর সাতপাই এলাকার বাসিন্দা তুষার মজুমদারের। আক্ষেপ করে তিনি বলেন, ‘গত কয়েক দিন ধরে গ্যাস ও বিদ্যুৎ নিয়ে খুব কষ্টের মধ্যে আছি আমরা। ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে ছেলেমেয়ের লেখাপড়ার অবস্থা খুবই খারাপ। একদিকে গরম, অন্যদিকে লোডশেডিংÑ জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে ভাই।
এ অবস্থা শুধু নেত্রকোণার তুষার মজুমদারের নয়, লোডশেডিংয়ের কারণে সারা দেশেই এমন অবস্থা চলছে। এরই মধ্যে বিদ্যুতের দাবিতে বিক্ষোভ হয়েছে বরগুনাতে। কর্তৃপক্ষ বলছে, গ্যাসের চলমান সমস্যার কারণে বিদ্যুতের এই সংকট। গ্যাসের সমস্যা সমাধানের সঙ্গে সঙ্গে সারা দেশে লোডশেডিংও কমে আসবে। বিকল্প হিসেবে ফার্নেস অয়েলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদনের কথাও বিবেচনা করা হচ্ছে।
তিন হাজার মেগাওয়াটে পৌঁছাচ্ছে লোডশেডিং
পিজিসিবির তথ্য অনুযায়ী, গত সপ্তাহে দৈনিক গড় বিদ্যুৎ উৎপাদন ঘাটতি দাঁড়ায় ১ হাজার ৪৮২ মেগাওয়াট, আগের সপ্তাহে যা ছিল ৩২০ মেগাওয়াট। ঘণ্টাভিত্তিক তথ্যে দেখা যায়, ১ আগস্ট বিদ্যুতের ঘাটতি ২ হাজার ১৭৪ মেগাওয়াটে পৌঁছে। রবিবার ভোরে পরিস্থিতি আরও খারাপ হয়Ñ ঘাটতি দাঁড়ায় প্রায় ৩ হাজার মেগাওয়াট। গত সোমবার বেলা ৩টায় দেখা গেছে, এই সময় বিদ্যুতের চাহিদা ছিল ১৫,৮৩৩ মেগাওয়াট। এর বিপরীতে সরবরাহ ছিল ১৩২১০ মেগাওয়াট। এই সময় লোডশেডিং দেখাচ্ছে ২৬২৩ মেগাওয়াড। এর ১ ঘণ্টা আগে লোডশেডিং আরও বেশি ছিল। সেই সময় সারা দেশে ২,৭১৬ মেগাওয়াট লোডশেডিং দেখানো হয়। গতকাল প্রথম প্রহর অর্থাৎ রাত ১২টায় লোডশেডিং ছিল ৩,২৩২ মেগাওয়াট। এর ১ ঘণ্টা পরও লোডশেডিং তিন হাজার মেগাওয়াটের ওপরেই অবস্থান করে। দীর্ঘস্থায়ী এই ঘাটতির কারণে বিতরণ কোম্পানিগুলোকে বিভিন্ন এলাকায় পালাক্রমে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং করতে হচ্ছে।
তেলের দিকে ঝুঁকতে হচ্ছে পিডিবিকে
গ্যাসের ঘাটতির কারণে বিকল্প হিসেবে ফার্নেস অয়েলভিত্তিক কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদনের দিকে ঝুঁকতে হচ্ছে পিডিবিকে। সংস্থাটির উৎপাদন বিষয়ক সদস্য জহুরুল ইসলাম বলেন, পিডিবি এখন ফার্নেস অয়েলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে প্রায় ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের চেষ্টা করছে।
ভোগান্তিতে শিক্ষার্থীরা
গত কয়েক দিনে ময়মনসিংহ জেলার প্রায় প্রতিটি থানায় বিদ্যুৎ সরবরাহ চরম আকার ধারণ করেছে। ত্রিশাল থানার ৪ নং ইউনিয়নের বাসিন্দা নবম শ্রেণির সিয়াম মাহমুদ বলেন, ‘ত্রিশালে দুই থেকে আড়াই ঘণ্টা পর পর বিদ্যুৎ যায়। এখন কোনো কোনো বাড়িতে হারিকেন ব্যবহার শুরু হয়েছে। অন্যদিকে নওগাঁর বদলগাছীর এইচএসসি পরীক্ষার্থী মুমিনুল হক বলেন, ‘আমাদের এইচএসসি পরীক্ষা চলছে। ঘন ঘন লোডশেডিংয়ের জন্য ঠিকমতো পড়াশোনা করতে পারছি না এবং ঘুমেও ব্যাঘাত ঘটছে।’ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিক্ষার্থী মো. যোবায়ের বলেন, ‘তীব্র গরম আর অনবরত লোডশেডিংয়ের কারণে ঠিকমতো পড়াশোনা করাই যাচ্ছে না।’ নওগাঁর বদলগাছী উপজেলায় ঘন ঘন লোডশেডিংয়ের কারণে অতিষ্ঠ এলাকাবাসী, কাটাতে হচ্ছে নির্ঘুম রাত। স্থানীয় বাসিন্দা রফিকুল বলেন, ‘সারা দিন কাজকর্ম শেষে রাতে ঘুমানোর সময় বা মাঝরাতে কারেন্ট চলে যায়, খুব বিড়ম্বনায় পড়তে হচ্ছে।’
বিদ্যুৎ সংকটে বিপর্যস্ত শিল্পাঞ্চল
শুধু ক্ষুদ্র ব্যবসায়ী বা উদ্যোক্তরাই নন, বিদ্যুৎ ঘাটতির প্রভাব পড়েছে শিল্পাঞ্চলেও। চলমান লোডশেডিংয়ে চরম বিপর্যয়ের মুখে পড়েছে দেশের অন্যতম প্রধান শিল্পনগরী গাজীপুর। ৫ হাজারের বেশি শিল্প-কারখানার এই নগরীতে বিদ্যুৎ সংকটের কারণে তৈরি পোশাক খাতের স্বাভাবিক উৎপাদন অর্ধেকে নেমেছে। জেলার কালিয়াকৈর উপজেলার স্থানীয় কারখানা মালিকদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় ডিজেলচালিত জেনারেটরের ওপর নির্ভর করতে হচ্ছে। এতে উৎপাদন খরচ বহুগুণ বেড়ে গেছে, যা ছোট কারখানাগুলোর পক্ষে বহন করা সম্ভব হচ্ছে না।
ঘেরাও বিদ্যুৎ অফিস
ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদ এবং সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহসহ সাত দফা দাবিতে বরগুনায় বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। গত সোমবার বরগুনা জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন সাধারণ নাগরিক, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। সকালে বরগুনা প্রেস ক্লাব চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিÑ বরগুনা কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে বিদ্যুৎ অফিস ঘেরাও করে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা।
[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন প্রতিদিনের বাংলাদেশের নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও বরগুনা প্রতিনিধি]