প্রতীকী ছবি
প্রশাসনিক সংস্কারের মাধ্যমে দ্রুত সরকারি সেবা, বিনিয়োগবান্ধব পরিবেশ এবং উন্নয়ন প্রকল্পের সময়মতো বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ সরকার। কিন্তু বাস্তবে অধিকাংশ সরকারি দপ্তরে ফাইল নিষ্পত্তিতে অস্বাভাবিক বিলম্ব, অপ্রয়োজনীয় অনুমোদনের স্তর এবং জবাবদিহিতার ঘাটতি রয়েছে। ফলে আটকে যাচ্ছে উন্নয়ন প্রকল্প, বাড়ছে ব্যয়, কমছে বিনিয়োগের গতি। পরিস্থিতি বদলাতে সময়সীমা নির্ধারণ ও ই-ফাইলিং সম্প্রসারণের নির্দেশ দেওয়া হলেও, মাঠপর্যায়ে নানা জটিলতায় উন্নয়নকাজের গতি কমছে এবং জনগণের দুর্ভোগ দীর্ঘায়িত হচ্ছে। সরকারের নানামুখী তৎপরতা সত্ত্বেও ‘লাল ফিতার দৌরাত্ম্য’ কমেনি।
তথ্য অনুসন্ধানে জানা গেছে, একটি সরকারি ফাইলÑ হয়তো কোনো সেতু নির্মাণের অনুমোদন বা শিল্প-কারখানার বিনিয়োগ প্রস্তাব। নিয়ম অনুযায়ী কয়েক দিনের মধ্যে নিষ্পত্তি হওয়ার কথা থাকলেও বাস্তবে সেই ফাইল কখনও সপ্তাহ, কখনও মাস ধরে বিভিন্ন টেবিল ঘোরে। একটি স্বাক্ষর বা অনুমোদনের অপেক্ষায় স্থবির হয়ে পড়ে উন্নয়ন কার্যক্রম। প্রশাসনিক ভাষায় একে বলা হয় প্রক্রিয়াগত বিলম্ব, যার সাধারণ পরিচিত নাম ‘লাল ফিতার দৌরাত্ম্য’। এর প্রভাব পড়ে সরকারি উন্নয়ন প্রকল্প, বিনিয়োগ ও জাতীয় অর্থনীতিতে। যে প্রকল্প নির্ধারিত সময়ে শেষ হওয়ার কথা, তা বছরের পর বছর ঝুলে থাকে। এ সময় নির্মাণসামগ্রী, জমি অধিগ্রহণ ও শ্রমিকের মজুরি বেড়ে গিয়ে প্রকল্পের ব্যয় কয়েকগুণ বৃদ্ধি পায়। শেষ পর্যন্ত অতিরিক্ত ব্যয়ের বোঝা রাষ্ট্রকেই বহন করতে হয়।
এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারি এমপি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘জনগুরুত্বপূর্ণ কোনো ফাইল যেন অপ্রয়োজনীয়ভাবে কোনো পর্যায়ে আটকে না থাকে, সেজন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিটি আবেদন বা চিঠির প্রাপ্তিস্বীকার নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত দেওয়া সম্ভব না হলে আবেদনকারীকে বিলম্বের কারণ স্পষ্টভাবে জানাতে হবে। সদ্যপ্রাপ্ত পত্র ও আবেদন সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নিষ্পত্তির উদ্যোগ নিতে হবে।’
মন্ত্রী আরও বলেন, সরকারের লক্ষ্য দক্ষ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তোলা। প্রশাসনে অনিয়ম বা দুর্নীতির প্রতি শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করা হবে। কোনো কর্মকর্তার দায়িত্বে অবহেলার অভিযোগ পাওয়া গেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। প্রযুক্তিনির্ভর প্রশাসনিক ব্যবস্থার কার্যকর ব্যবহার এবং জবাবদিহিতা নিশ্চিত করা গেলে সরকারি সেবার মান উন্নত হবে ও উন্নয়ন আরও দ্রুত এগিয়ে যাবে।
প্রশাসনিক সংস্কারের অঙ্গীকার
দেশকে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য ঘোষণা করেছে সরকার। সেই লক্ষ্য অর্জনে বিনিয়োগ বৃদ্ধি, সরকারি সেবা সহজীকরণ এবং আমলাতান্ত্রিক জটিলতা কমানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বিনিয়োগ সম্মেলনগুলোতে কর ও ভ্যাট প্রশাসন সহজ করা এবং সরকারি সেবা ডিজিটাল করার পরিকল্পনা জানানো হয়েছে। তবে প্রশাসন বিশ্লেষকদের মতে, নীতিগত ঘোষণা ও মাঠপর্যায়ের বাস্তবতার মধ্যে এখনও দৃশ্যমান ব্যবধান রয়েছে। অনেক ক্ষেত্রেই একটি ফাইল নিষ্পত্তিতে শাখা থেকে সচিব পর্যন্ত একাধিক স্তরের মতামত নিতে হয়। সামান্য প্রশ্নে ফাইল নিচে ফিরে আসে। এতে কয়েক মাস পর্যন্ত লেগে যায়।
তিন দিনের সময়সীমা কতটা কার্যকর
নতুন সরকার প্রশাসনে গতি আনতে সচিবালয়ের নির্দেশিকায় পরিবর্তন এনেছে। বলা হয়েছে, কোনো কর্মকর্তা তিন কার্যদিবসের মধ্যে কোনো ফাইল নিষ্পত্তি করতে না পারলে ব্যক্তিগতভাবে ঊর্ধ্বতন কর্মকর্তাকে তা জানাবেন এবং বিলম্বের কারণ নথিভুক্ত করবেন। উপসচিব পর্যায়েও দুই কার্যদিবসের বেশি ফাইল আটকে রাখা নিরুৎসাহিত করা হয়েছে। সদ্যপ্রাপ্ত পত্রকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে এবং একই বিষয়ে বারবার তথ্য চাওয়া থেকে বিরত থাকতে হবে। প্রশাসনিক বিশেষজ্ঞদের মতে, এসব বিধান কার্যকর হলে দপ্তরে জবাবদিহিতা বাড়তে পারে। তবে শুধু নির্দেশনা জারি করলেই হবে না; বাস্তবায়ন নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা জরুরি।
উন্নয়ন প্রকল্প সময় মানেই টাকা
প্রশাসনিক বিলম্বের সবচেয়ে বড় মূল্য দিতে হয় উন্নয়ন প্রকল্পগুলোকে। একটি প্রকল্প পিছিয়ে গেলে বাজারদরের পরিবর্তনের কারণে ব্যয় বেড়ে যায়। এর একটি উদাহরণ বগুড়া-সিরাজগঞ্জ ডুয়েলগেজ রেললাইন প্রকল্প। অর্থায়ন অনিশ্চয়তা ও প্রশাসনিক দীর্ঘসূত্রতার কারণে প্রকল্পটির বাস্তবায়ন বিলম্বিত হয়েছে। এরই মধ্যে জমি অধিগ্রহণের ব্যয় আগের হিসাবের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। নতুন করে অর্থায়নের উৎস খোঁজা হলেও প্রকল্পটির ভবিষ্যৎ এখনও পুরোপুরি নিশ্চিত নয়। এই উদাহরণ দেখায়, একটি ফাইলের বিলম্ব রাষ্ট্রীয় ব্যয়ের ওপর কত বড় চাপ সৃষ্টি করে।
ডিজিটাল প্রশাসন কি সমাধান নাকি নতুন চ্যালেঞ্জ
প্রশাসনিক দীর্ঘসূত্রতা কমাতে সরকারি দপ্তরগুলোতে ই-নথি ও স্মার্ট অফিস ব্যবস্থাপনা চালু করা হয়েছে। বর্তমানে অধিকাংশ মন্ত্রণালয় ও জেলা-উপজেলা প্রশাসনে ডিজিটাল ফাইল ব্যবস্থাপনা কার্যকর। কর্মকর্তারা অনলাইনের মাধ্যমে ফাইল দেখা ও নিষ্পত্তির কাজ করছেন। মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, মন্ত্রণালয় পর্যায়ের প্রায় ৮০ শতাংশ ফাইল ডিজিটালি নিষ্পত্তি হচ্ছে। তবে অনেক দপ্তরে ই-ফাইল চালু থাকলেও একই সঙ্গে কাগজের ফাইলও সমান্তরালভাবে পরিচালিত হচ্ছে। ফলে ডিজিটাল অনুমোদনের পাশাপাশি কাগজে স্বাক্ষরের প্রয়োজন হচ্ছে। প্রযুক্তি কেবল একটি মাধ্যম; সিদ্ধান্ত গ্রহণের সংস্কৃতি পরিবর্তন না হলে শুধু ই-ফাইলিং চালু করে দীর্ঘসূত্রতা দূর করা সম্ভব নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা।
প্রশাসনিক বিলম্ব শুধু সময় নষ্ট করে না; অনেক ক্ষেত্রে দুর্নীতির সুযোগ তৈরি করে। বগুড়া-সিরাজগঞ্জ রেললাইন প্রকল্পে ভূমি অধিগ্রহণের নোটিস বিতরণকে কেন্দ্র করে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে। নিয়ম অনুযায়ী বিনামূল্যে নোটিস দেওয়ার কথা থাকলেও অভিযোগ রয়েছে, কিছু কর্মচারী অর্থ আদায় করেছেন। বিশেষজ্ঞরা বলছেন, প্রশাসনিক প্রক্রিয়া দীর্ঘ হলে অনিয়মের সুযোগ বাড়ে।
সাবেক মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভুইয়া প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘প্রশাসনে দীর্ঘসূত্রতা কমাতে শুধু প্রযুক্তি ব্যবহার করলেই হবে না, সিদ্ধান্ত গ্রহণের সংস্কৃতি বদলাতে হবে। দায়িত্বের স্পষ্ট বণ্টন, নির্ধারিত সময়সীমা এবং কার্যকর জবাবদিহিতা নিশ্চিত করা গেলে সরকারি সেবার গতি উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব।’
সামনে যে চ্যালেঞ্জ
সরকার সময়সীমা নির্ধারণ, ডিজিটাল নথি ব্যবস্থাপনা এবং জবাবদিহিতা বাড়ানোর উদ্যোগ নিলেও শুধু নির্দেশনা জারিতেই সমাধান আসবে না। প্রতিটি ফাইলের জন্য কার্যকর ডিজিটাল ট্র্যাকিং, স্বয়ংক্রিয় অ্যালার্ট ব্যবস্থা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বিকেন্দ্রীকরণ প্রয়োজন। দ্রুত পরিবর্তিত বৈশ্বিক অর্থনীতি ও উচ্চাভিলাষী উন্নয়ন লক্ষ্যের প্রেক্ষাপটে লাল ফিতার দৌরাত্ম্য কমানো এখন জরুরি। কারণ উন্নয়নের গতি শুধু বড় বাজেটে নির্ভর করে না; তা নির্ভর করে একটি সরকারি ফাইল কত দ্রুত এক টেবিল থেকে আরেক টেবিলে পৌঁছে তার ওপর। এই পরিবর্তন আনতে পারলেই প্রশাসনিক সংস্কারের সুফল নাগরিকের দোরগোড়ায় পৌঁছবে।