× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হোটেল-রেস্তোরাঁয় পচাবাসি খাবার, বাড়ছে রোগবালাই

মাসুদুল হাসান

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬ ০৯:২৯ এএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

জীবিকার তাগিদে ঢাকায় একাকী বসবাস করা লাখো কর্মজীবী ও শিক্ষার্থীর প্রতিদিনের ভরসা হোটেল বা রেস্তোরাঁর খাবার। কিন্তু এই ভরসার জায়গাতেই নীরবে বিক্রি হচ্ছে ‘বিষ’। অবিক্রীত বাসি খাবার দিনের পর দিন অস্বাস্থ্যকর ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সঙ্গে সংরক্ষণ করে পুনরায় পরিবেশন করা হচ্ছে গ্রাহকদের। আর এই পচা-বাসি খাবার খেয়ে প্রতিদিন পেটের পীড়া, আলসার থেকে শুরু করে হেপাটাইটিস-এ এবং ক্যানসারের মতো প্রাণঘাতী রোগে আক্রান্ত হচ্ছে অসংখ্য মানুষ। চিকিৎসকরা বলছেন, অস্বাস্থ্যকর সংরক্ষণ পদ্ধতি, খাবারে মেশানো টেক্সটাইলের রঙ ও পোড়া তেলের ব্যবহার জনস্বাস্থ্যের জন্য এক ভয়াবহ বিপর্যয়ের সংকেত দিচ্ছে।

ভুক্তভোগীদের দৈনন্দিন চিত্র

বেসরকারি প্রতিষ্ঠানের মার্কেটিং সুপারভাইজার তৌফিক হাসান। কাজের প্রয়োজনে সপ্তাহে ছয় দিনই তাকে সকাল ও দুপুরে হোটেলের খাবার খেতে হয়। স্ত্রী-সন্তান গ্রামে থাকায় শহরের রেস্তোরাঁগুলোই তার ভরসা। কিন্তু গত জুলাই মাসে পাকস্থলীর তীব্র বিষক্রিয়া নিয়ে তাকে টানা তিন দিন হাসপাতালে ভর্তি থাকতে হয়েছে। 

আজিমপুরে সাবলেট থাকা ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী মৌলির গল্পটাও প্রায় একই রকম। নিজে রান্নার ঝক্কি এড়াতে নিয়মিত রেস্তোরাঁর খাবার খান তিনি। কিন্তু বাসি খাবারের বিষক্রিয়ায় মাসে একাধিকবার তাকে হাসপাতাল বা ফার্মেসির শরণাপন্ন হতে হচ্ছে।

রাজধানীর আগারগাঁও, ফার্মগেট, গুলিস্তান, সদরঘাট, মিরপুর ও গাবতলীর মতো জনবহুল এলাকার রেস্তোরাঁগুলোতে প্রতিদিন হাজারো মানুষ খাবার খায়। পাসপোর্ট অফিসের সামনে কথা হয় সিএনজিচালক সবুজ মিয়ার সঙ্গে। তিনি আক্ষেপ করে বলেন, ‘ঢাকায় একা থাকি, তাই বাধ্য হয়ে হোটেলে তিনবেলা খাই। গত তিন মাসে পেটের পীড়া নিয়ে পাঁচবার ডাক্তারের কাছে গেছি। বুক জ্বালাপোড়া ও গ্যাসের কারণে প্রতিমাসে তিন-চার হাজার টাকার ওষুধ খেতে হচ্ছে। এই পচা খাবার খেয়ে উপার্জনের একটা বড় অংশই এখন চিকিৎসায় চলে যাচ্ছে।’

রাজধানীর বিভিন্ন ওষুধের দোকানে খোঁজ নিয়ে জানা যায়, গ্যাস্ট্রিক, পেটব্যথা ও বুক জ্বালাপোড়ার ওষুধ এখন সবচেয়ে বেশি বিক্রি হয়। সরকারি-বেসরকারি হাসপাতালের চিকিৎসকরাও পেটের পীড়ায় আক্রান্ত রোগীর এই অস্বাভাবিক আধিক্যের কথা স্বীকার করেছেন।

কীভাবে তৈরি হচ্ছে বিষাক্ত খাবার

অনুসন্ধানে জানা যায়, রেস্তোরাঁর খাবারের প্রধান সমস্যা হলো অবিক্রীত খাবার ফেলে না দিয়ে তা দিনের পর দিন ফ্রিজে রেখে বিক্রি করা। সংরক্ষণের এই পদ্ধতি চূড়ান্ত অস্বাস্থ্যকর। অধিকাংশ হোটেলে কাঁচা মাছ ও মাংসের সঙ্গে একই ফ্রিজে রান্না করা খাবারও রাখা হয়, যা থেকে খাবারে ভয়াবহ ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটে।

গণমাধ্যমকর্মী মকবুল হাসান (ছদ্মনাম) নিজের তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, ‘কিছুদিন আগে দুপুরে জোয়ার সাহারা রেলগেটের পাশের একটি রেস্তোরাঁয় খেতে যাই। আমাকে যে মুরগির মাংস দেওয়া হয়েছিল, তার গন্ধ, স্বাদ ও রঙ দেখেই বোঝা যাচ্ছিল সেটি কয়েক দিন আগের। প্রতিবাদ করলে হোটেল মালিক ও কর্মচারীদের সঙ্গে বচসা হয়, শেষমেশ আমাকেই পিছু হটতে হয়। ব্যাচেলর জীবনে এমন ঘটনা আমার সঙ্গে একাধিকবার ঘটেছে।’

ক্যানসার ও হেপাটাইটিসের ঝুঁকি

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের সাবেক পরিচালক এবং ক্রিটিক্যাল কেয়ার পেডিয়াট্রিকস বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. মাহবুবুল হক প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘রেস্তোরাঁর পচা বা বাসি খাবার খেলে তাৎক্ষণিকভাবে তীব্র ফুড পয়জনিং ও গ্যাস্ট্রোএন্টেরাইটিস হতে পারে। তবে দীর্ঘদিন ধরে এসব খাবার খেলে ক্যানসার, আলসার ও কিডনির মারাত্মক ক্রনিক রোগ হওয়ার ঝুঁকি অনেক বেশি।’ তিনি আরও জানান, বাসি গ্রিল, বার্গার বা মাংসের তরকারিতে ‘স্যালমোনেলা’ ব্যাকটেরিয়া দ্রুত ছড়ায়, যা তীব্র ডায়রিয়া ও মলের সঙ্গে রক্ত যাওয়ার প্রধান কারণ। এছাড়া রেস্তোরাঁর নোংরা পানি, বাসি সালাদ কিংবা আক্রান্ত বাবুর্চির হাতের ছোঁয়া থেকে নোরোভাইরাস ও হেপাটাইটিস-এ ছড়ায়। এতে যকৃতের প্রদাহ (জন্ডিস) এবং ক্রমাগত বমির সৃষ্টি হয়।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, বাসি খাবারে বারবার ব্যবহৃত পোড়া তেল পাকস্থলীর ভেতরের দেয়ালে ক্ষত বা আলসার তৈরি করে। বাসি তরকারি বা মাছে ফাঙ্গাস পড়লে তা থেকে মাইকোটক্সিন নামক বিষ নির্গত হয়, যা লিভার ও কিডনিকে স্থায়ীভাবে অকেজো করে দিতে পারে। এর পাশাপাশি খাবার আকর্ষণীয় করতে রেস্তোরাঁয় যেসব ক্ষতিকর টেক্সটাইল রঙ ও রাসায়নিক মেশানো হয়, তা দীর্ঘদিন শরীরে জমতে জমতে ক্যানসারের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়।

অভিযান ও আইনি সীমাবদ্ধতা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পচা, বাসি বা ভেজাল খাবার বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এসব অপরাধে নগদ অর্থ জরিমানা, খাবার ধ্বংস এবং প্রতিষ্ঠান সিলগালা করার বিধান রয়েছে। তবে হটলাইনে অভিযোগ জানানোর সুযোগ থাকলেও পুলিশি ও আইনি বাড়তি ঝামেলা এড়াতে সিংহভাগ ভুক্তভোগীই নীরব থাকেন। এছাড়া সংস্থাটির জনবল সংকট ও কাঠামোগত সীমাবদ্ধতার কারণে সব রেস্তোরাঁয় নিয়মিত নজরদারি করা সম্ভব হয় না।

সমাধান কোন পথে

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন এই পরিস্থিতি উত্তরণে কাঠামোগত পরিবর্তনের ওপর জোর দিয়েছেন। তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘সরকারকে সহায়তামূলক তত্ত্বাবধান বাড়াতে হবে। মাঝে মাঝে যে অভিযানগুলো পরিচালনা করা হয়, তা অনেকটা প্রতীকী। ভেজাল রোধে সরকারকে একটি বিশেষ জনশক্তি তৈরি করতে হবে। রেস্তোরাঁর লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে স্বাস্থ্যকর খাবারের বিষয়টি অলঙ্ঘনীয় শর্ত হিসেবে যুক্ত করতে হবে।’

বিশেষজ্ঞরা বলছেন, প্রায় সাড়ে তিন কোটি জনসংখ্যার এই মেগাসিটিতে অন্তত ২০ শতাংশ মানুষ নিয়মিত বাইরের খাবারের ওপর নির্ভরশীল। তাই এই বিশাল জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষায় শুধু লোকদেখানো অভিযান নয়, প্রয়োজন রেস্তোরাঁগুলোর ওপর নিয়মিত, কঠোর ও জবাবদিহিমূলক নজরদারি ব্যবস্থা। নতুবা এই নীরব ঘাতক আগামী দিনে পুরো জাতির জনস্বাস্থ্যের জন্য এক ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা