সৌরভ হোসেন
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬ ০৮:৫৮ এএম
প্রতিকী ছবি
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘদিনের গ্যাসের নিম্নচাপ, অনিয়মিত সরবরাহ ও সংকটের কারণে বিকল্প রান্নার ব্যবস্থা হিসেবে ইন্ডাকশন চুলার ব্যবহার বাড়ছে। এর ফলে রাজধানীসহ বিভিন্ন শহরের ইলেকট্রনিকস বাজারে এসব চুলার চাহিদা ও বিক্রি উল্লেখযোগ্য হারে বেড়েছে। একই সঙ্গে বেড়েছে দামও।
রাজধানীর শান্তিনগরের বাসিন্দা চাকরিজীবী আসাদুজ্জামান জানান, গত এক সপ্তাহ ধরে তার বাসায় গ্যাস নেই। চার সদস্যের পরিবারের খাবারের ব্যবস্থা করতে হিমশিম খেতে হচ্ছে। আশপাশের হোটেলেও নিয়মিত খাবার পাওয়া যাচ্ছে না। কবে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে, সেটিও জানা নেই। এ পরিস্থিতিতে তিনি বৈদ্যুতিক বা ইন্ডাকশন চুলা কেনার সিদ্ধান্ত নিয়েছেন।
শান্তিনগরে বৈদ্যুতিক চুলা কিনতে এসে প্রতিদিনের বাংলাদেশের সঙ্গে কথা বলেন আসাদুজ্জামান। বিক্রেতাদের ভাষ্য, তার মতো আরও অনেকেই গ্যাসের বিকল্প হিসেবে ইন্ডাকশন চুলা কিনতে বিভিন্ন ইলেকট্রনিকস দোকানে ভিড় করছেন।
রাজধানীর রামপুরার আখলাক ইলেকট্রনিক্সের বিক্রেতা মো. নাসিম জানান, কয়েক মাস আগেও ৩ হাজার ৭০০ থেকে ৪ হাজার ৮০০ টাকায় বিক্রি হওয়া ইন্ডাকশন চুলার একই মানের পণ্যের দাম বর্তমানে ৮০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত বেড়েছে। তার দাবি, চাহিদা বৃদ্ধি এ মূল্যবৃদ্ধির প্রধান কারণ।
তিনি বলেন, অনিয়মিত গ্যাস সরবরাহের কারণে আগের তুলনায় ইন্ডাকশন চুলার চাহিদা কয়েক গুণ বেড়েছে। তাদের দোকানে ৩ হাজার ৭০০ থেকে ৭ হাজার ৯০০ টাকা পর্যন্ত বিভিন্ন মডেলের ইন্ডাকশন চুলা বিক্রি হচ্ছে এবং প্রতিটি পণ্যের সঙ্গে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দেওয়া হচ্ছে।
রাজধানীর বিভিন্ন ইলেকট্রনিকস মার্কেট ঘুরে দেখা গেছে, এক বার্নার ও দুই বার্নারের ইন্ডাকশন চুলার চাহিদা সবচেয়ে বেশি। ওয়ালটন, মিয়াকো ও হাইয়ারসহ বিভিন্ন ব্র্যান্ডের মডেলের প্রতি ক্রেতাদের আগ্রহ বেড়েছে।
রামপুরায় ইন্ডাকশন চুলা কিনতে আসা এক দম্পতি জানান, গ্যাসের অনিয়মিত সরবরাহের কারণে বাধ্য হয়েই তারা বৈদ্যুতিক চুলা কিনছেন। তবে বাড়তি চাহিদার সুযোগে কিছু কোম্পানি অযৌক্তিকভাবে দাম বাড়িয়েছে বলে অভিযোগ করেন তারা। তাদের ভাষ্য, এক মাস আগে ৪ হাজার ২০০ টাকায় দেখা একটি চুলা এখন ৪ হাজার ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। তাদের মতে, বিদ্যুৎ থাকলে ইন্ডাকশন চুলায় দ্রুত রান্না করা সম্ভব। লোডশেডিংয়ে কিছুটা সমস্যা হলেও অনিশ্চিত গ্যাস সরবরাহের তুলনায় এটি বেশি কার্যকর।
অন্যদিকে ব্যবসায়ীদের দাবি, শুধু চাহিদা বৃদ্ধি নয়; আমদানি ব্যয় ও সরবরাহ খরচও বেড়েছে। ফলে মূল্যবৃদ্ধির পেছনে একাধিক কারণ রয়েছে। নতুন চালান এলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে বলেও তারা মনে করছেন।
বাজার সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, কয়েক মাস আগের তুলনায় বর্তমানে ইন্ডাকশন চুলার বিক্রি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আগে গ্যাসের বিকল্প হিসেবে জরুরি প্রয়োজনে এসব চুলা কেনা হলেও এখন অনেকেই নিয়মিত ব্যবহারের জন্য কিনছেন। বাজারে ব্র্যান্ড ও সক্ষমতা অনুযায়ী ইন্ডাকশন চুলার দাম প্রায় ২ হাজার ৫০০ থেকে ১০ হাজার টাকার মধ্যে রয়েছে।
সংশ্লিষ্টদের মতে, গ্যাস সংকট দীর্ঘায়িত হলে ইন্ডাকশন চুলার চাহিদা আরও বাড়তে পারে। এ পরিস্থিতিতে বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি অযৌক্তিক মূল্যবৃদ্ধি ঠেকাতে বাজার তদারকি জোরদারের দাবি জানিয়েছেন ভোক্তারা।