× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গণভোটের রায়ই বিরোধীদের ‘হাতিয়ার’

আসাদুজ্জামান সম্রাট

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬ ০৮:৪৩ এএম

গ্রাফিক্স: এআই

গ্রাফিক্স: এআই

গণভোটে যেভাবে সংবিধান সংস্কারের পক্ষে জনগণ রায় দিয়েছিল, নির্বাচিত সরকার সে পথে না হেঁটে ভিন্ন পথে হাঁটছে বলে মনে করছে বিরোধী দল। গণভোটের রায় অনুযায়ী ‘সাংবিধানিক সংস্কার পরিষদ’ গঠিত হবে এবং সেখানে জুলাই সনদের আলোকে সংবিধান সংস্কার করা হবে; এই পরিষদে সংবিধান নতুন করে লেখা হবে। বিরোধী দল বলছে, এই নতুন সংবিধানের আলোকেই দেশ চলবে এবং উচ্চ আদালতসহ সকলেই নতুন সংবিধানের রক্ষক হবেন।

‘সংবিধান সংশোধন কমিটির মাধ্যমে সংস্কারের সরকার দলীয় উদ্যোগকে গণরায়বিরোধী হিসেবে অভিহিত করে সংসদ ও সংসদের বাইরে তুমুল আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছে বিরোধী দল। যাতে বলা হচ্ছে, জনগণের রায়কে উপেক্ষা করে সরকার নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করছে। এই ইস্যুতে জামায়াত-এনসিপি জোট আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুমকি দিচ্ছে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে চারটি মৌলিক প্রশ্নে সংস্কারের পক্ষে প্রায় ৭০ শতাংশ মানুষ ভোট দেয়। এগুলো হলোÑ প্রথমত, নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। দ্বিতীয়ত, আগামী সংসদ হবে দুই কক্ষবিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ জন সদস্যবিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে। তৃতীয়ত, সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকারসহ বিভিন্ন বিষয়ে যে ৩০টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে; সেগুলো বাস্তবায়নে নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে। চতুর্থত, জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে।

বিরোধী দলের অভিমত, নির্বাচনে জয়ী হওয়ার পর সরকারি দল ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের পথে এগোয়নি। সরকারি দল গণভোট সম্পর্কিত অধ্যাদেশ জাতীয় সংসদে পাস না করায় তা স্বয়ংক্রিয়ভাবেই বাতিল হয়ে যায়। ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনে বিএনপিদলীয় সংসদ সদস্যরা শুধু সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। যদিও জামায়াত ও এনসিপি জোট সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়েছেন। এ ব্যাপারে বিএনপি বলছে, তাদের এমপিরা শুধু জাতীয় সংসদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, অন্য কোনো পরিষদের সদস্য হিসেবে নয়। সংবিধানে সংস্কার পরিষদ ও এর শপথের কোনো আইনি বিধান নেই। তাই কোনো পরিবর্তন বা সংস্কার পরিষদ গঠন করতে হলে তা আগে সংসদীয় প্রক্রিয়ায় সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে।

প্রথমদিন থেকে সৃষ্ট এই বিরোধ জাতীয় সংসদ ছাড়িয়ে এখন রাজপথে চলে এসেছে। সরকারি দল জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন করেছে। সরকারের পক্ষ থেকে বিরোধী দলকে এ কমিটির জন্য পাঁচজন সদস্যের নাম দিতে বলা হয়েছে। কিন্তু সে অনুরোধ উপেক্ষা করা হয়েছে। এ অবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে ১২ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। যাতে জামায়াত ও এনসিপির সদস্য নেই।

জাতীয় সংসদ থেকে কমিটি গঠনের বিজ্ঞপ্তি অনুযায়ী এই কমিটির কার্যপরিধি হলো, ‘সংবিধানের প্রয়োজনীয় সংশোধনের নিমিত্ত সুপারিশ প্রণয়নপূর্বক সংসদে রিপোর্ট পেশ’। এ কাজ করার ক্ষেত্রে কমিটি কী কী করবে, কীভাবে কাজ করবে, তার বিস্তারিত এখনও আনুষ্ঠানিকভাবে ঠিক হয়নি। কত দিনের মধ্যে কমিটিকে সংসদে প্রতিবেদন দিতে হবে, সেটাও নির্ধারণ করে দেওয়া হয়নি।

কমিটির সদস্য ও সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, প্রথম বৈঠকে মূলত পরিচিতিমূলক আলোচনা হবে। পরবর্তী সময়ে বিস্তারিত কর্মপরিকল্পনা ও আলোচ্যসূচি নির্ধারণ করা হবে। এ সময় জুলাই জাতীয় সনদ এবং বিএনপির ঘোষিত নির্বাচনী ইশতেহারে দেওয়া সাংবিধানিক সংস্কার প্রস্তাবগুলোর তুলনামূলক বিশ্লেষণ এবং সম্ভাব্য পরিবর্তনের রূপরেখা তৈরি করা হবে।

২০২৪-এর অভ্যুত্থানের পর অক্টোবর মাসেই ছয়টি সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। তার মধ্যে অন্যতম যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশন। এই কমিশনের সুপারিশসহ অন্য কমিশনগুলোর সংস্কার প্রস্তাব নিয়ে তৈরি করা হয় ‘জুলাই জাতীয় সনদ’। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই সনদ স্বাক্ষরিত হয়। ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো এই সনদে স্বাক্ষর করে। প্রথমে নতুন রাজনৈতিক দল এনসিপি এতে স্বাক্ষর না করলেও পরবর্তীতে তারাও এই সনদে স্বাক্ষর করে। 

এদিকে ‘গণভোটের রায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে’ জামায়াত-এনসিপি জোট সারা দেশে নানা কর্মসূচি পালন করছে। এ কর্মসূচি ঘিরে দেশের বিভিন্ন স্থানে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেছেন, ‘সরকারি দল নির্বাচনের আগে গণভোটের পক্ষে প্রচারণা চালালেও এখন সেই অঙ্গীকার বাস্তবায়ন করছে না। জনগণের দেওয়া রায়কে উপেক্ষা করার কোনো সুযোগ নেই। আমরা এ ইস্যুতে কর্মসূচি চালিয়ে যাব। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছে। কিন্তু এখনও এ সরকার সংস্কারের জন্য গণভোটের রায় বাস্তবায়ন করেনি। বিএনপি সরকার জাতির সঙ্গে বেইমানি করছে।’ একটি সমাবেশে তিনি বর্তমান সরকারকে পাঁচ বছর ক্ষমতায় থাকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ‘সরকার খুব শিগগির জনগণের প্রবল প্রতিরোধের মুখে পড়তে যাচ্ছে। ৭০ শতাংশ গণভোটের রায় অস্বীকার করে সরকার ক্ষমতায় টিকে থাকতে পারে না।’

জামায়াত-এনসিপি জোটের বিশেষ কমিটিতে অংশগ্রহণ না করা এবং রাজপথে আন্দোলন কর্মসূচি সম্পর্কে চিফ হুইপ নুরুল ইসলাম মনি সংবিধান সংশোধন ইস্যুতে সরকারের প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘সংবিধান সংস্কার কিংবা সংশোধন যেটাই বলুন না কেন, আমাদের তো একটি পথে হাঁটতে হবে। আমাদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সংবিধান সংশোধন কমিটির প্রধান সালাহউদ্দিন আহমদও পরিষ্কারভাবে বলেছেন, জুলাই জাতীয় সনদের আলোকে সংবিধান সংস্কার করা হবে। জুলাই জাতীয় সনদ আমরা অক্ষরে অক্ষরে পালন করব। বিরোধী দলের উচিত আমাদের সহযোগিতা করা এবং বিশেষ কমিটিতে যোগ দিয়ে তাদের মতামত তুলে ধরা। সংসদের বাইরে গিয়ে আন্দোলন-সংগ্রাম করা যাবে, কিন্তু সংবিধান সংশোধন সংসদেই করতে হবে।’ তিনি আশা প্রকাশ করেন, বিরোধী দল কমিটিতে তাদের সদস্যদের নাম দেবে এবং সংশোধন প্রক্রিয়ায় অংশ নেবে। 

সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক আজ

এদিকে সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে এ বৈঠক হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ। সংসদ সচিবালয় জানায়, দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে বৈঠক শুরু হবে। বিরোধী দল কমিটিতে যোগ দেয়নি। ফলে ১২ সদস্যের কমিটি নিয়ে প্রথম বৈঠক শুরু হচ্ছে। পরিচিতি, সংশোধনের রূপরেখা তৈরি, পরবর্তী বৈঠকের আলোচনার বিষয় নির্ধারণের মধ্যেই হয়তো প্রথম দিনের বৈঠক সীমাবদ্ধ থাকবে। দ্বিতীয় বৈঠক থেকে সংবিধান সংশোধন নিয়ে কার্যকর আলোচনা করা হবে। 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা