প্রতিদিনের বাংলাদেশে প্রতিবেদন প্রকাশ
গণপূর্ত অধিদপ্তর এই প্রকল্পের বিভিন্ন দরপত্র আহ্বান সংক্রান্ত বিষয়ে তদন্ত কমিটি গঠন করেছে। ছবি: সংগৃহীত
গত শনিবার প্রতিদিনের বাংলাদেশে ‘গণপূর্তের আরেক বালিশকাণ্ড’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে টনক নড়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের। রবিবার গণপূর্ত অধিদপ্তর এই প্রকল্পের বিভিন্ন দরপত্র আহ্বান সংক্রান্ত বিষয়ে তদন্ত করে সুনির্দিষ্ট মতামতসহ বিস্তারিত তদন্ত প্রতিবেদন প্রদানের জন্য তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বলে জানা গেছে। পাবনা, যশোর, কক্সবাজার, আব্দুল মালেক উকিল মেডিক্যাল কলেজ ও জননেতা নূরুল হক আধুনিক হাসপাতাল নির্মাণ প্রকল্পের ব্যয় ছিল ৩ হাজার ৪১৫ কোটি ৭৩ লাখ টাকা।
গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী প্রতিদিনের বাংলাদেশকে বলেছেন, ‘এমন অনিয়ম ও দুর্নীতি হলে তা তদন্ত করে দেখা হবে। এদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে গণপূর্তকে এভাবে হাইলাইট না করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নাম উল্লেখ করে সংবাদ প্রকাশ করলে ভালো হতো। তা না করায় গণপূর্ত অধিদপ্তরের নামটি খারাপভাবে উপস্থাপিত হলো। এতে গণপূর্ত অধিদপ্তরের ভাবমুর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।’ তিনি বলেন, ‘কোনো কর্মকর্তার জন্য গণপূর্তের ভাবমূর্তি ক্ষুণ্ন হলে তাকে ছাড় দেওয়া হবে না।’
গণপূর্ত অধিদপ্তর সূত্র জানিয়েছে, পাঁচটি মেডিকেল কলেজ নির্মাণের দরপত্র-সংক্রান্ত বিষয় তদন্তের জন্য গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সাঈদ মাহাবুব মোরশেদকে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সদস্য সচিব হিসেবে জনসংখ্যা প্রকল্প কোষের (পিপিসি) নির্বাহী প্রকৌশলী বীনা দাস এবং সদস্য হিসেবে তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশেক আহমেদ শিবলী কাজ করবেন। তদন্ত কমিটি ডিপিপিতে উল্লিখিত প্যাকেজ অনুযায়ী দরপত্র আহ্বান করা হয়েছে কি না এবং এর ব্যত্যয় হলে তা দরপত্র প্রতিযোগিতার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলেছে কি না তা নিরীক্ষা করে সংশ্লিষ্টদের দায়-দায়িত্ব নিরূপণ করবে।
স্বাক্ষর জাল করা হয়েছে
প্রতিদিনের বাংলাদেশে প্রকাশিত প্রতিবেদনে পিপিআর লঙ্ঘন করে প্যাকেজ ভাঙা এবং অস্তিত্বহীন কাজের নামে সাড়ে ২৭ কোটি টাকা লুটপাটের কথা বলা হয়েছে। সাধারণত হেড অব প্রকিউরমেন্ট এনটিটি বা হোপ-এর অনুমোদন নিয়ে প্যাকেজ ভেঙে নির্দিষ্ট সংখ্যক কাজ করার সুযোগ রয়েছে। পাবনা গণপূর্ত সার্কেল ও গণপূর্ত বিভাগ প্যাকেজ বিভাজনের যে কাগজ উপস্থাপন করেছে তাতে সাবেক প্রধান প্রকৌশলী শামীম আখতারের স্বাক্ষর জাল করে দেখানো হয়েছে। গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর দপ্তরে এ সম্পর্কিত কোনো ফাইলই নেই।
প্রতিদিনের বাংলাদেশের সঙ্গে আলাপকালে শামীম আখতার বলেন, ‘এই ফাইলে যে স্বাক্ষর দেখানো হয়েছে সেটা আমার নয়। আর কোনো প্যাকেজ বিভাজনের সময় শুধু আমার স্বাক্ষরই থাকে না; স্বাস্থ্য উইংয়ের নির্বাহী প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী ছাড়াও সংশ্লিষ্ট জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলীরও স্বাক্ষর থাকতে হয়।’ শামীম আখতারের অফিসিয়াল স্বাক্ষরে ইতঃপূর্বে যেসব বদলি-পদায়ন হয়েছে সেগুলোর কপির সঙ্গে যে স্বাক্ষরে প্যাকেজ বিভাজন দেখানো হয়েছে সেটির মিল খুঁজে পাওয়া যায়নি। এমনকি নামেও অমিল রয়েছে।
তদন্ত কমিটির কার্যপরিধি
তদন্ত কমিটির কার্যপরিধিতে উল্লেখ করা হয়েছে, প্রকল্পের অনুমোদিত ডিপিপি, পিপিআর এবং ডিওএফআরসহ আনুষঙ্গিক বিধিবিধান অনুসরণপূর্বক এপিপি প্রণয়ন, দরপত্র আহ্বান, মূল্যায়ন এবং দর প্রস্তাব অনুমোদন করে ঠিকাদার নির্বাচন ইত্যাদি সম্পন্ন করা হয়েছে কি নাÑ এ বিষয়ে কোনো ব্যত্যয় ঘটেছে কি না এবং ব্যত্যয় দেখা গেলে সংশ্লিষ্টদের চিহ্নিত ও দায়-দায়িত্ব নিরূপণ করতে হবে। এ ছাড়া দরপত্রের অনুমোদিত প্রাক্কলন এবং সর্বনিম্ন দর প্রস্তাব বিষয়ে তুলনামূলক বিশ্লেষণ করে দরপত্রে প্রতিযোগিতা ও স্বচ্ছতার বিষয়ে বাস্তবধর্মী মতামত সংবলিত প্রতিবেদন প্রণয়ন করে কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে দুই ফর্মে প্রতিবেদন প্রধান প্রকৌশলী বরাবর জমা দিতে হবে।
যা বলছেন প্রকল্প পরিচালক
এ ব্যাপারে পাবনা মেডিকেল কলেজসহ চারটি মেডিকেল কলেজ ও একটি হাসপাতাল নির্মাণ প্রকল্পের পরিচালক ডা. আমজাদুল হক প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আপনাদের প্রতিবেদনকে আমরা গুরুত্বের সঙ্গে নিয়ে পেপার কাটিংসহ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নিতে বার্তাবাহকের মাধ্যমে হাতে হাতে চিঠি পৌঁছে দিয়েছি। চিঠিতে লেখা হয়েছে, এ ধরনের অনিয়ম গণপূর্ত অধিদপ্তরের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করবে। গণপূর্ত অধিদপ্তর জানিয়েছে, তারা এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করেছে। যারা এ কাজের সঙ্গে জড়িত নয় এমন কর্মকর্তাদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে।
তিনি বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে গণপূর্তের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার সুযোগ নেই। আমরা শুধু সুপারিশ করতে পারি।’ তিনি বলেন, ‘এই অনিয়মের সঙ্গে জড়িত হিসেবে অভিযুক্ত পাবনা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশেদ কবিরকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।’ প্রকল্প সম্পর্কিত কোনো তথ্য তাকে অবহিতও করা হয় না বলে অভিযোগ করেন তিনি।
উল্লেখ্য, মন্ত্রণালয়ের অধীনে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের একটি বেজমেন্টসহ ১০ তলা ফাউন্ডেশনের ১০ তলা ভবন নির্মাণ প্রকল্পের কাজ চলমান রয়েছে। ভবনটি এখনও অর্ধসমাপ্ত রয়েছে। মূল ভবনের কাজ শেষ হওয়ার আগেই ভবনের ‘অবশিষ্ট কাজ’ (রিমেইনিং ওয়ার্কস) দেখিয়ে চলতি বছরের ২৮ জানুয়ারি তড়িঘড়ি করে ৬টি দরপত্র আহ্বান করা হয়। মূল ভবনের নির্মাণ কাজের মধ্যে অন্তর্ভুক্ত কাজগুলোকেও এই দরপত্রে রাখা হয়। পাবনা গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাউদুদুর রহমান ও পাবনা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাশেদ কবির পারস্পরিক যোগসাজশে এই টেন্ডারগুলোর প্রাক্কলন ও টেন্ডার অনুমোদন করেন। গত ৩০ জুন সমাপ্য অর্থবছরে নামসর্বস্ব এসব কাজের বিল পরিশোধ করা হয়।
যা বলছেন নির্বাহী প্রকৌশলী
প্রতিবেদন প্রকাশের পর গত শনিবার প্রতিদিনের বাংলাদেশ অফিসে আসেন নির্বাহী প্রকৌশলী রাশেদ কবির। মাত্র ৯ তলার ছাদ হওয়া নির্মাণাধীন ভবনের ১০ তলায় গ্লাস ওয়ার্কের কাজ দেখিয়ে বিল দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘এটা ভুল হয়েছে।’ অন্য পাঁচটি কাজের অস্তিত্ব আছে বলে দাবি করেন তিনি। তবে তা মূল টেন্ডারের অংশ কি না সে সম্পর্কে তিনি কিছুই জানেন না। তিনি বলেন, ‘এ ঘটনার তদন্ত হলে আমিসহ আমার তত্ত্বাবধায়ক প্রকৌশলী, উপ-বিভাগীয় প্রকৌশলী ও উপ-সহকারী প্রকৌশলীর চাকরি যাবে।’ তিনি দুঃখ করে বলেন, ‘পাবনায় আমার পোস্টিং নেওয়া ঠিক হয়নি। এর আগে রূপপুর প্রকল্পে ঠিকাদারের কিছু হয়নি, ৮ জন প্রকৌশলীর চাকরি গেছে, জেল খেটেছে। এবারও ঠিকাদারের কিছু হবে না। অফিসারদেরই সমস্যা হবে।’
প্রকাশিত সংবাদ সম্পর্কে রাশেদ কবিরের কোনো বক্তব্য থাকলে তা প্রতিবাদ আকারে পাঠানোর জন্য বলা হয়। এর উত্তরে তিনি জানান, তত্ত্বাবধায়ক প্রকৌশলীর মাউদুদুর রহমানের সঙ্গে আলাপ করে পাঠাবেন। গতকাল রাত ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি ‘প্রকাশিত সংবাদের প্রতিবাদ’ পাঠাননি।