× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশের অর্থনীতিতে বিনিয়োগে জাপানকে ছাড়াল চীন

আহমেদ তোফায়েল

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬ ১১:১৬ এএম

বাংলাদেশে বর্তমানে অবকাঠামোর পাশাপাশি উৎপাদন ও শিল্প খাতেও বড় আকারে বিনিয়োগ করছে চীন। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

বাংলাদেশে বর্তমানে অবকাঠামোর পাশাপাশি উৎপাদন ও শিল্প খাতেও বড় আকারে বিনিয়োগ করছে চীন। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

কয়েক দশক ধরে বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী ছিল জাপান। অবকাঠামো নির্মাণ, স্বল্পসুদে দীর্ঘমেয়াদি ঋণ এবং মেগা প্রকল্পে অর্থায়নের মাধ্যমে দেশটির উপস্থিতি ছিল সবচেয়ে দৃশ্যমান। অন্যদিকে সড়ক, সেতু ও বিদ্যুৎকেন্দ্র নির্মাণের মাধ্যমে উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করলেও চীনের ভূমিকা মূলত প্রকৌশল ও নির্মাণকাজেই সীমাবদ্ধ ছিল। তবে সাম্প্রতিক সময়ে সেই চিত্র দ্রুত বদলেছে। এখন অবকাঠামোর পাশাপাশি উৎপাদন ও শিল্প খাতেও বড় আকারে বিনিয়োগ করছে দেশটি।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, দেশে পুঞ্জীভূত প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে (এফডিআই) জাপানকে ছাড়িয়ে গেছে চীন। বর্তমানে বাংলাদেশে চীনের পুঞ্জীভূত এফডিআই প্রায় ২০০ কোটি (২ বিলিয়ন) মার্কিন ডলারে পৌঁছেছে। বিপরীতে জাপানের পুঞ্জীভূত প্রত্যক্ষ বিনিয়োগের পরিমাণ প্রায় ৫০ থেকে ৬০ কোটি (৫০০-৬০০ মিলিয়ন) ডলারের মধ্যে। ফলে সরাসরি বিদেশি বিনিয়োগের দিক থেকে বাংলাদেশে এখন চীনের অবস্থান জাপানের তুলনায় অনেক শক্তিশালী।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে আসা মোট নিট এফডিআই প্রবাহের ১৮ শতাংশের বেশি এসেছে চীন থেকে। এর মাধ্যমে একক দেশ হিসেবে চীন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিদেশি বিনিয়োগকারীতে পরিণত হয়েছে। এটি গত ছয় বছরের মধ্যে সর্বোচ্চ অংশীদারত্ব।

এফডিআই প্রবাহে শীর্ষ তিন দেশ

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ এফডিআই জরিপ অনুযায়ী ২০২৫ সালে সবচেয়ে বেশি বিনিয়োগ এসেছে নেদারল্যান্ডস থেকে, যার পরিমাণ ৫৪৪ দশমিক ৬১ মিলিয়ন ডলার (মোট নিট এফডিআইয়ের ৩০ দশমিক ৭৬ শতাংশ)। দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন এবং তৃতীয় স্থানে সিঙ্গাপুর। সিঙ্গাপুর থেকে এসেছে ১৯২ দশমিক ৪৩ মিলিয়ন ডলার, যা মোট এফডিআইয়ের ১০ দশমিক ৮৬ শতাংশ।

উৎপাদন খাতে বাড়ছে চীনের উপস্থিতি

গত বছর দেশে পুঞ্জীভূত চীনা বিনিয়োগ প্রায় ২ বিলিয়ন ডলারে পৌঁছানোর পাশাপাশি খাতভিত্তিক বিনিয়োগেও বড় পরিবর্তন দেখা গেছে। বিদ্যুৎ খাতে এসেছে প্রায় ৪৪৮ দশমিক ১৮ মিলিয়ন ডলার, খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে ৪১০ দশমিক ৬২ মিলিয়ন ডলার এবং বস্ত্র ও পোশাক খাতে ৩৬০ দশমিক ১৬ মিলিয়ন ডলার। এ ছাড়া ব্যাংকিং, টেলিযোগাযোগ, রাসায়নিক ও ওষুধ, কৃষি, চামড়া এবং তথ্যপ্রযুক্তি খাতেও উল্লেখযোগ্য বিনিয়োগ হয়েছে।

একসময় চীনা প্রতিষ্ঠানগুলো মূলত প্রকৌশল ও নির্মাণকাজে সীমাবদ্ধ থাকলেও এখন তারা দীর্ঘমেয়াদি বিনিয়োগকারী হিসেবে সরাসরি উৎপাদন শিল্পে পুঁজি বিনিয়োগ করছে। পদ্মা সেতু রেল সংযোগ, কর্ণফুলী টানেল ও পায়রা বিদ্যুৎকেন্দ্রের মতো বড় অবকাঠামো প্রকল্পে অংশ নেওয়ার পাশাপাশি টেক্সটাইল, গার্মেন্টস অ্যাকসেসরিজ, চামড়া শিল্প এবং উৎপাদনমুখী বিভিন্ন খাতে সরাসরি বিনিয়োগ করছে চীনা প্রতিষ্ঠানগুলো।

অর্থনৈতিক অঞ্চলে নতুন গতি

চীনের বিনিয়োগের নতুন ধারা সবচেয়ে স্পষ্ট হয়েছে চট্টগ্রামের আনোয়ারায় চীন অর্থনৈতিক ও শিল্প অঞ্চলের কাজ শুরু হওয়ার মধ্য দিয়ে। ২০১৬ সালে চীনা প্রেসিডেন্টের ঢাকা সফরের সময় প্রকল্পটির প্রস্তাব দেওয়া হলেও দীর্ঘদিন তা স্থবির ছিল। তবে গত জুনে প্রধানমন্ত্রীর বেইজিং সফরের পর প্রকল্পটিতে নতুন গতি এসেছে। প্রায় ১ দশমিক ৩ বিলিয়ন ডলার বিনিয়োগ আকর্ষণ এবং এক লাখের বেশি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে এই বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে।

শুধু চট্টগ্রাম নয়, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরের সময় মোংলা বন্দর এলাকায় আরও একটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার চুক্তিও হয়েছে। পাশাপাশি বন্দর অবকাঠামো, লজিস্টিকস এবং শিল্প উন্নয়নের বিভিন্ন পর্যায়ে চীনের অংশগ্রহণ বাড়ছে। বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলের পরিবর্তনের কারণে চীনা প্রস্তুতকারকরা শ্রমঘন শিল্প বিদেশে স্থানান্তর করছে। তুলনামূলক কম শ্রমব্যয় এবং পশ্চিমা বাজারে শুল্ক সুবিধার কারণে বাংলাদেশ এখন সেই স্থানান্তরের অন্যতম গুরুত্বপূর্ণ গন্তব্যে পরিণত হয়েছে।

জ্বালানি খাতেও চীনের উপস্থিতি দ্রুত বাড়ছে। দেশটির প্রতিষ্ঠানগুলো বিদ্যুৎ উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানি এবং এলএনজি অবকাঠামো উন্নয়নে কাজ করছে। সম্প্রতি কক্সবাজারের মহেশখালীতে চীনের সহায়তায় দেশের তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল নীতিগত অনুমোদন পেয়েছে। একই সঙ্গে বস্ত্র, আসবাবপত্র, প্লাস্টিক, রাসায়নিক ও ব্যাটারি উৎপাদন শিল্পেও চীনা বিনিয়োগ দ্রুত বাড়ছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) চীনা বিনিয়োগকারীদের জন্য বিশেষ সেবা ও যোগাযোগব্যবস্থা চালু করেছে। বর্তমানে দেশের উৎপাদন, বিদ্যুৎ, বস্ত্র ও নির্মাণ খাতে প্রায় ৫০০টি চীনা প্রতিষ্ঠান ব্যবসা পরিচালনা করছে।

আগামীতে আরও বড় বিনিয়োগের সম্ভাবনা

বর্তমান ধারা অব্যাহত থাকলে আগামী বছরগুলোতে চীনের বিনিয়োগ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। ২০২৬ সালে বাংলাদেশে প্রায় ২ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলারের নতুন বিনিয়োগের প্রতিশ্রুতি ও বিভিন্ন চুক্তি স্বাক্ষর করেছে চীন। ফলে ভবিষ্যতে দেশটির অবস্থান আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে।

জাপানের শক্তি এখনও উন্নয়ন সহযোগিতায়

সরাসরি করপোরেট বিনিয়োগে পিছিয়ে পড়লেও বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের গুরুত্ব এখনও অপরিসীম। ২০১৮ সালে জাপান টোব্যাকো আকিজ গ্রুপের সিগারেট ব্যবসা ১ দশমিক ৪৭ বিলিয়ন মার্কিন ডলারে অধিগ্রহণ করে, যা বাংলাদেশে জাপানের ইতিহাসের সবচেয়ে বড় একক বেসরকারি বিনিয়োগ। এ ছাড়া জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) সহজ শর্তে দীর্ঘমেয়াদি ঋণের মাধ্যমে ঢাকার মেট্রোরেল, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এবং মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের মতো একাধিক মেগা প্রকল্পে বিলিয়ন বিলিয়ন ডলার অর্থায়ন করছে।

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল (জাপানিজ ইকোনমিক জোন) গড়ে তুলতে প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের লক্ষ্য নিয়েও কাজ করছে জাপান। সংশ্লিষ্টদের মতে, অঞ্চলটি পুরোপুরি চালু হলে জাপানি শিল্পপ্রতিষ্ঠানের নতুন বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে বাড়বে। 

সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমানের মতে, চীনের বিনিয়োগ বৃদ্ধি বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল ও বাণিজ্য কাঠামোর পরিবর্তনের স্বাভাবিক ফল। বহু বছর ধরে বাংলাদেশের সবচেয়ে বড় আমদানিকারক দেশ হওয়ায় চীনা উদ্যোক্তারা এ দেশের বাজার সম্পর্কে ভালো ধারণা অর্জন করেছে।

তিনি বলেন, দীর্ঘদিন অবকাঠামো ও নির্মাণ প্রকল্পে কাজ করার মাধ্যমে চীনা প্রতিষ্ঠানগুলো আস্থার ভিত্তি তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্কনীতি এবং চীনে শ্রমিকের মজুরি বৃদ্ধি পাওয়ায় দেশটির শ্রমঘন শিল্প বিদেশে স্থানান্তরিত হচ্ছে। আনোয়ারার শিল্পাঞ্চল নতুন বিনিয়োগ আকর্ষণে বড় অনুঘটক হিসেবে কাজ করতে পারে। এতে কর্মসংস্থান, প্রযুক্তি হস্তান্তর এবং বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ বাড়বে।

বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সাধারণ সম্পাদক আল মামুন মৃধা বলেন, চীনা বিনিয়োগ কয়েকটি ধাপে বিকশিত হয়েছে। শুরুতে তারা স্বল্পমূল্যের যন্ত্রপাতি সরবরাহকারী হিসেবে আসে। পরে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে অবস্থান শক্ত করে। এরপর বস্ত্র খাতের যন্ত্রপাতি, তৈরি পোশাক শিল্প এবং বড় বিদ্যুৎ ও অবকাঠামো প্রকল্পে সম্পৃক্ত হয়। বর্তমানে তারা নির্মাণকাজের বাইরে গিয়ে সরাসরি কারখানা স্থাপন ও উৎপাদনমুখী শিল্পে বড় বিনিয়োগ করছে।

বিশ্লেষকদের মতে, সরাসরি বিদেশি বিনিয়োগে চীনের দ্রুত উত্থান বাংলাদেশের শিল্পায়ন ও উৎপাদন খাতে নতুন গতি সৃষ্টি করছে। অন্যদিকে উন্নয়ন অবকাঠামো, দীর্ঘমেয়াদি অর্থায়ন এবং প্রযুক্তিগত সহযোগিতায় জাপান এখনও বাংলাদেশের অন্যতম প্রধান অংশীদার। ফলে দুই দেশের বিনিয়োগের ধরন ভিন্ন হলেও বাংলাদেশের অর্থনীতিতে উভয়ের গুরুত্ব সমানভাবে বহাল রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা