× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জ্বালানি সংকটে শেষ ভরসা এলএনজি

দীপক দেব

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬ ০৮:২৮ এএম

এলএনজি বহনকারী জাহাজ। ছবি: সংগৃহীত

এলএনজি বহনকারী জাহাজ। ছবি: সংগৃহীত

দেশে ক্রমবর্ধমান জ্বালানি চাহিদার বিপরীতে দেশীয় উৎসগুলো থেকে উৎপাদন কমে যাওয়ার ফলে জ্বালানি খাতে সংকটময় পরিস্থিতি দেখা দিয়েছে। আমদানি করে কোনোমতে চাহিদা পূরণের চেষ্টার মধ্যে ভাসমান টার্মিনাল থেকে সৃষ্ট গ্যাস সংকট এ খাতটিকে নতুন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে।

আমদানিনির্ভর জ্বালানি খাতের সংকট সমাধানের জন্য সরকারের পক্ষ থেকে দেশীয় উৎপাদন বাড়াতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে আশু সমাধানের জন্য নির্ভর করতে হচ্ছে পুরনো পন্থা আমদানির ওপরেই। সময় ও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে গ্যাসের চাহিদা মেটাতে তাই তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিই এখন শেষ ভরসা।

এ পরিস্থিতিতে স্পট মার্কেট থেকে চড়া মূল্যে এলএনজি আমদানির দিকে এগোতে হচ্ছে সরকারকে। দেশীয় ও আন্তর্জাতিক পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এলএনজি আমদানির ওপর নির্ভর করেই জ্বালানি তথা গ্যাসের চাহিদা সামাল দিতে হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, দেশীয় গ্যাস উৎপাদন কমে যাওয়ায় এবং সরবরাহ ব্যবস্থার সীমাবদ্ধতায় পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। এর পাশাপাশি মহেশখালীর ক্ষতিগ্রস্ত এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনালটি (এফএসআরইউ) ২১ জুলাই থেকে আগুন ও কারিগরি ত্রুটির কারণে বন্ধ থাকায় এই সংকট আরও ঘনীভূত হয়েছে। ফলে শিল্প, বিদ্যুৎ উৎপাদন, সিএনজি স্টেশন এবং আবাসিক খাতে গ্যাসের নিম্নচাপ ও সরবরাহ সংকট দীর্ঘস্থায়ী রূপ নিয়েছে।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে দেশের জ্বালানি নিরাপত্তা জোরদারে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে। এরই মধ্যে দেশীয় উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে অফশোর ব্রিডিং আহ্বান করা হয়েছে। এ ছাড়া নিজস্ব উদ্যোগে কূপ খনন থেকে শুরু করে উৎপাদন বাড়াতে নানা পদক্ষেপ নেওয়ার পরিকল্পনাও করা হচ্ছে। এ ছাড়া নতুন করে আরও একটি ভাসমান এলএনজি (এফএসআরইউ) টার্মিনাল নির্মাণের জন্য চীনা কোম্পানিকে অনুমোদন দেওয়া হয়েছে। আগামী সপ্তাহে কারিগরি টিমের বৈঠকের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এর বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হবে। সরকারের পক্ষ থেকে দেড় বছরের মতো সময় দেওয়ার কথা ভাবা হলেও তা পুরোপুরি সম্পন্ন করতে দুই বছরের বেশি সময় প্রয়োজন হবে।

এর বাইরে যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান গানভর ইউএসএ এলএলসি থেকে সরকার (জিটুজি) পদ্ধতিতে এলএনজি আমদানি করা হচ্ছে। চলতি বছর থেকে শুরু করে ২০৩৯ সাল পর্যন্ত বছরে ছয়টি করে মোট ৭৮ কার্গো এলএনজি আমদানি করা হবে। বর্তমান বাজারে এই এলএনজির দাম ৭১ হাজার ৪৯৫ কোটি টাকা। চলমান সংকটের কথা চিন্তা করে গতকাল রবিবার মিয়ানমারকে পাইপলাইনের মাধ্যমে গ্যাস আমদানির প্রস্তাবও দিয়েছে বাংলাদেশ। এ ছাড়া সংকট থেকে উত্তরণের কথা বিবেচনায় নিয়ে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে জ্বালানি তেল কেনার সময়সীমা ৪২ দিনের পরিবর্তে আবারও ১০ দিনে নামিয়ে আনা হচ্ছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের একটি সূত্র জানায়, বর্তমানে যুক্তরাষ্ট্র, কাতার, ওমান ও সৌদি আরবের পাঁচটি প্রতিষ্ঠানের সঙ্গে সাতটি চুক্তি রয়েছে পেট্রোবাংলার। স্বল্প ও দীর্ঘমেয়াদি এসব চুক্তির ভিত্তিতেই প্রতিষ্ঠানগুলো থেকে এলএনজি আমদানি করা হচ্ছে। 

জ্বালানি খাতের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী ঘাটতি পূরণে সরকারকে ক্রমবর্ধমান হারে এলএনজির ওপর নির্ভর করতে হচ্ছে। তবে আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ায় এর আমদানি ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সাম্প্রতিক সময়ে সরকার স্পট মার্কেট থেকে একাধিক এলএনজি কার্গো উচ্চমূল্যে কেনার অনুমোদন দিয়েছে। পশ্চিম এশিয়ার ভূ-রাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক বাজারে সরবরাহ সংকটের কারণে প্রতি কার্গোর দাম আগের তুলনায় বেড়েছে। এর ফলে সরকারের ওপর ভর্তুকির চাপও বাড়ছে। শুধু চাহিদা মেটাতেই নয়, বিদ্যুৎ উৎপাদন সচল রাখতেও অতিরিক্ত ব্যয়ে এলএনজি কিনতে হচ্ছে।

জ্বলানি বিভাগের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে গ্যাসের চাহিদা ৩,৮০০ মিলিয়ন ঘনফুট। এর বিপরীতে সরবরাহ ছিল ২৬০০ মিলিয়ন ঘনফুট। সে হিসাবে আগে থেকেই ১২০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতি নিয়ে চলতে হয়েছে। একটি ভাসমান এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ায় বর্তমানে দেশে মোট গ্যাস সরবরাহ নেমেছে দৈনিক ২ হাজার ১৫০ মিলিয়ন ঘনফুটে।

মূলত এই কারণে দেশের শিল্প থেকে শুরু করে সিএনজি স্টেশন, আবাসিকসহ বিভিন্ন খাতে গ্যাসের সংকট চলছে। বিদ্যুৎ উৎপাদনে পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় সেখানেও উৎপাদন কমেছে। ভাসমান এলএনজি টার্মিনালে কবে নাগাদ কার্যক্রম স্বাভাবিক হবে, তা সুনির্দিষ্ট করে বলতে পারছেন না পেট্রোবাংলার কর্মকর্তারা।

এদিকে অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে গ্যাসের বিপুল পরিমাণ এ ঘাটতি আমদানি করে মেটানো যাবে, এমন পরিস্থিতিও নেই। কারণ এলএনজির বিদ্যমান অবকাঠামো দিয়ে বাড়তি সরবরাহের সুযোগ নেই। নতুন চুক্তির আওতায় গ্যাস আনতে হলে এলএনজি অবকাঠামোও প্রয়োজন, যা বর্তমানে গ্যাসের সরবরাহ ব্যবস্থাপনায় নেই।

জানতে চাইলে পেট্রোবাংলার পরিচালক (অপারেশন অ্যান্ড মাইনস) প্রকৌশলী মো. রফিকুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘বর্তমান সংকট মোকাবিলায় সরকার চেষ্টা করে যাচ্ছে। ভাসমান টার্মিনালের যান্ত্রিক ত্রুটি সংস্কারের কাজ চলমান আছে।

আশা করা যাচ্ছে, এই সপ্তাহের মধ্যে তা আংশিকভাবে চালু করা সম্ভব হবে। ক্রমবর্ধমান চাহিদার কথা বিবেচনায় রেখে সরকারের পক্ষ থেকে আরও কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে। চীনা প্রতিষ্ঠানকে আরও একটি ভাসমান টার্মিনাল নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। আগামী সপ্তাহে কারিগরি টিমের বৈঠক হবে। এ ছাড়া এলএনজি আমদানি অব্যাহত রাখা হয়েছে চাহিদা পূরণের জন্য।’

বাড়ছে দাম, গুনতে হচ্ছে বাড়তি অর্থ

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম বাড়ার কারণে গ্যাস সংগ্রহে ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৫-২৬ অর্থবছরে বিভিন্ন উৎস থেকে কেনা গ্যাসের গড় ক্রয়মূল্য ছিল প্রতি ঘনমিটার ৩১ দশমিক ৬৫ টাকা। বিপরীতে গড় বিক্রয় মূল্য ছিল ২৩ দশমিক ৬৩ টাকা। ফলে প্রতি ঘনমিটারে প্রায় ৮ দশমিক শূন্য ২ টাকা ঘাটতি তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাত এবং হরমুজ প্রণালী ঘিরে অস্থিরতার পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ঘনমিটারে গ্যাসের গড় ক্রয়মূল্য ছিল ২৭ দশমিক ৬৪ টাকা। কিন্তু এপ্রিল থেকে জুনের মধ্যে তা বেড়ে দাঁড়ায় ৪৫ দশমিক ৭৯ টাকায়। ওই তিন মাস আগের বিক্রয় মূল্যে গ্যাস সরবরাহ করায় প্রতি ঘনমিটারে ঘাটতি বেড়ে হয় ২১ দশমিক ৮২ টাকা। এতে ২০২৫-২৬ অর্থবছরে পেট্রোবাংলার মোট আর্থিক ঘাটতি দাঁড়ায় প্রায় ১৬ হাজার ৫০০ কোটি টাকা। বিপরীতে সরকার ভর্তুকি দিয়েছে প্রায় ১৪ হাজার ৬০০ কোটি টাকা। 

এদিকে দেশের জ্বালানি চাহিদা পূরণে সম্প্রতি আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ পদ্ধতিতে সিঙ্গাপুর থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে প্রায় ৯৫০ কোটি টাকা। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫-এর বিধি ১০৫-এর উপবিধি (৩)-এর দফা (ক) অনুসরণ করে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ পদ্ধতিতে আগামী ১৫ থেকে ১৬ আগস্ট ২০২৬ সময়ের জন্য ৪২তম কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস কেনা হবে।

এজন্য সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেডকে সর্বনিম্ন দরদাতা হিসেবে নির্বাচন করা হয়েছে। প্রতিষ্ঠানটির কাছ থেকে প্রতি এমএমবিটিইউ ২২ দশমিক ৩৫ মার্কিন ডলার দরে এই গ্যাস কেনা হবে। এ ক্রয়ে মোট ব্যয় হবে ৯৪৯ কোটি ৪৩ লাখ ১২ হাজার ১৮৪ টাকা, যার মধ্যে অগ্রিম আয়কর অন্তর্ভুক্ত রয়েছে। 

রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) একাধিক কর্মকর্তা জানান, বছরে ছয় থেকে সাতটি কার্গো স্পট মার্কেট থেকে কেনার পরিকল্পনা থাকলেও সেটি এখন আর সম্ভব হচ্ছে না। কারণ ইরান যুদ্ধের ফলে হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় দীর্ঘমেয়াদি চুক্তির মাধ্যমে বাইরে থেকে গ্যাস আনা সম্ভব হচ্ছে না। এজন্য সরকারকে স্পর্ট মার্কেট থেকে বেশি দামে এলএনজি কিনতে হচ্ছে। 

জ্বালানি সংকট দ্রুত সময়ে কাটবে না

দেশে চলমান জ্বালানি সংকট দ্রুত কেটে যাওয়ার সম্ভাবনা নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন ডিস্ট্রিবিউটেড রিনিউয়েবল এনার্জি প্লাটফর্মের (ডিআরইপি) কো-অর্ডিনেটর ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম। তিনি বলেন, ‘আমদানিকৃত জ্বালানির ওপর নির্ভর করলে শিল্প-কারখানা চালানো আগামীতে অত্যন্ত কঠিন ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে। এ সংকট মোকাবিলায় বিশাল জমি ও সঞ্চালন লাইনের ঝামেলামুক্ত বিকেন্দ্রায়িত নবায়নযোগ্য জ্বালানিতে (বিনজা) গুরুত্ব বাড়ানোই টেকসই সমাধান।’

মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব

এদিকে চলমান সংকটের কথা চিন্তা করে মিয়ানমার থেকে পাইপলাইনের মাধ্যমে গ্যাস আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। ‘প্রতিবেশী প্রথম’ নীতির আওতায় দুই দেশের মধ্যে জ্বালানি সহযোগিতা বাড়াতে চায় সরকার। গতকাল রবিবার সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সোয়ে মোয়ের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। 

বৈঠকে জ্বালানিমন্ত্রী মিয়ানমার থেকে পাইপলাইনের মাধ্যমে গ্যাস আমদানিতে বাংলাদেশের আগ্রহের কথা জানালে মিয়ানমারের রাষ্ট্রদূত এ বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। পাশাপাশি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আকারে গ্যাস সরবরাহের সম্ভাবনার কথাও তুলে ধরেন। বৈঠকে মিয়ানমার থেকে চট্টগ্রাম পর্যন্ত গ্যাস পাইপলাইন নির্মাণের পুরনো প্রস্তাবও নতুন করে আলোচনায় আসে।

জ্বালানিমন্ত্রী বলেন, ‘২০০৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া পাইপলাইনের মাধ্যমে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব দিয়েছিলেন। সেই উদ্যোগ আবারও বিবেচনায় আনা যেতে পারে।’ বিষয়টি এগিয়ে নিতে দুই দেশের জ্বালানিমন্ত্রী পর্যায়ে বৈঠকের প্রস্তাব দেন ইকবাল হাসান মাহমুদ। তিনি মিয়ানমারের জ্বালানিমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। প্রয়োজনে নিজেও মিয়ানমার সফরে যাওয়ার আগ্রহের কথা জানান।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা