× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গ্যাস সংকটে চাপে শিল্পোৎপাদন

হুমায়ুন মাসুদ, চট্টগ্রাম

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬ ১১:৪৬ এএম

মহেশখালীর একটি ভাসমান এলএনজি টার্মিনাল বন্ধ থাকায় দেশে আবারও গ্যাস সরবরাহ সংকট দেখা দিয়েছে।  গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

মহেশখালীর একটি ভাসমান এলএনজি টার্মিনাল বন্ধ থাকায় দেশে আবারও গ্যাস সরবরাহ সংকট দেখা দিয়েছে। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

মহেশখালীর একটি ভাসমান এলএনজি টার্মিনাল বন্ধ থাকায় দেশে আবারও গ্যাস সরবরাহ সংকট দেখা দিয়েছে। এর ফলে শিল্প-কারখানায় গ্যাসের সরবরাহ কমে উৎপাদন ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। চার মাস আগে এলএনজি আমদানি ব্যাহত হওয়ার পর যে সংকট তৈরি হয়েছিল, তা কাটতে না কাটতেই নতুন করে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

শিল্পপ্রতিষ্ঠানের মালিকরা জানান, গত এক সপ্তাহ ধরে তারা চাহিদা অনুযায়ী গ্যাস পাচ্ছেন না। ফলে অধিকাংশ কারখানার উৎপাদন স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়েছে।

কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) মহাব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ আলমগীর প্রতিদিনের বাংলাদেশকে বলেন, গত এক সপ্তাহ ধরে তারা প্রয়োজনীয় পরিমাণ গ্যাস পাচ্ছেন না। সীমিত পরিসরে কারখানা চালানোর মতো গ্যাস সরবরাহ করা হলেও স্বাভাবিক উৎপাদন ব্যাহত হচ্ছে।

চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন বিভাগের প্রধান উত্তম চৌধুরী বলেন, গত মার্চে গ্যাস সংকটের কারণে কারখানার উৎপাদন বন্ধ হয়। এরপর থেকে এখন পর্যন্ত গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়নি। তার ভাষ্য, আগামী সেপ্টেম্বরে গ্যাস সরবরাহ পুনরায় চালুর কথা রয়েছে এবং তার আগেই চলমান সংকটের সমাধান হবে বলে তারা আশা করছেন।

রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিসিএল) সূত্র জানায়, কক্সবাজারের মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনালের মাধ্যমে আমদানি করা গ্যাস পাইপলাইনে সারা দেশে সরবরাহ করা হয়। একটি টার্মিনাল পরিচালনা করে যুক্তরাষ্ট্রভিত্তিক এক্সিলারেট এনার্জি এবং অন্যটি পরিচালনা করে সামিট গ্রুপ।

সূত্রটি জানায়, গত ২১ জুলাই থেকে এক্সিলারেট এনার্জির টার্মিনালটি বন্ধ রয়েছে। ওই দিন এলএনজি বহনকারী জাহাজ থেকে টার্মিনালে গ্যাস খালাসের সময় বয়লারে আগুন লাগার পর জাহাজটি সরিয়ে নেওয়া হয়। এতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেলেও ওই টার্মিনাল দিয়ে এলএনজি সরবরাহ বন্ধ হয়ে যায়। ফলে দেশে এলএনজি সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে যায় এবং শিল্প-কারখানাগুলো চাহিদা অনুযায়ী গ্যাস পাচ্ছে না।

এর আগে মার্চের শুরুতে ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে এলএনজি আমদানি ব্যাহত হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরে আমদানি স্বাভাবিক হলে পরিস্থিতির উন্নতি হলেও চার মাসের ব্যবধানে আবারও সংকট তৈরি হয়েছে।

গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) উপমহাব্যবস্থাপক (ট্রান্সমিশন) শফিউদ্দিন মো. ফরহাদ ওমর জানান, স্বাভাবিক সময়ে তারা প্রতিদিন ১ হাজার ৫০ থেকে ১ হাজার ১০০ মিলিয়ন ঘনফুট এলএনজি সরবরাহ করতেন। বর্তমানে একটি টার্মিনাল বন্ধ থাকায় সরবরাহ নেমে এসেছে প্রায় ৫০০ মিলিয়ন ঘনফুটে। ফলে চাহিদার প্রায় অর্ধেক গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে। বন্ধ টার্মিনাল চালু না হওয়া পর্যন্ত পরিস্থিতির উন্নতির সুযোগ নেই বলেও তিনি জানান।

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) সূত্র জানায়, প্রতিষ্ঠানটির ১ হাজার ২০০-এর বেশি শিল্প গ্রাহক রয়েছে। এর মধ্যে বিএসআরএম, জিপিএইচ ইস্পাতসহ ১৫ থেকে ২০টি বড় শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। এ ছাড়া সিইউএফএল, কাফকো, ডিএপি সার কারখানা এবং রাউজান ও শিকলবাহার চারটি বিদ্যুৎকেন্দ্রেও গ্যাস সরবরাহ করা হয়।

সূত্রটির তথ্য অনুযায়ী, সরকারি সাতটি প্রতিষ্ঠানসহ শিল্প ও আবাসিক গ্রাহকদের মোট গ্যাসের চাহিদা প্রায় ৩০০ মিলিয়ন ঘনফুট। সরকারি প্রতিষ্ঠান বাদে বেসরকারি শিল্প ও আবাসিক গ্রাহকদের দৈনিক চাহিদা প্রায় ১৫০ মিলিয়ন ঘনফুট। তবে জিটিসিএল থেকে সরবরাহ কমে যাওয়ায় কেজিডিসিএলও শিল্প গ্রাহকদের গ্যাস সরবরাহ কমিয়ে দিয়েছে। ফলে শিল্প-কারখানাগুলো প্রয়োজনীয় গ্যাস পাচ্ছে না।

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) পরিচালক আব্দুল বারেক বলেন, ইরান যুদ্ধ শুরুর পর থেকে শিল্প খাত একাধিকবার গ্যাস সংকটের মুখে পড়েছে। এখনও অনেক কারখানা প্রয়োজনীয় গ্যাস পাচ্ছে না। ফলে সীমিত পরিসরে উৎপাদন চালাতে হচ্ছে।

চট্টগ্রামে কোনো কারখানার উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত চট্টগ্রামে এমন ঘটনা ঘটেনি। তবে ঢাকার কয়েকটি কারখানার উৎপাদন বন্ধ হয়ে গেছে বলে তারা জানতে পেরেছেন।

বিজিএমইএর প্রথম সহসভাপতি সেলিম রহমান বলেন, গ্যাস সরবরাহ কমে গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় শিল্প খাত। গ্যাস না থাকলে উৎপাদন ব্যাহত হয়, সময়মতো ক্রেতার কাছে পণ্য সরবরাহ করা যায় না এবং আর্থিক চাপ তৈরি হয়।

তিনি আরও বলেন, গ্যাস সংকট তাৎক্ষণিকভাবে সমাধান করা সম্ভব না হলেও দীর্ঘমেয়াদি বিকল্প পরিকল্পনা থাকা প্রয়োজন। একটি উৎসের ওপর নির্ভরশীল থাকলে একই ধরনের সংকট বারবার ফিরে আসবে। তাই বিকল্প সরবরাহব্যবস্থা ও কার্যকর কনটিনজেন্সি পরিকল্পনা প্রণয়ন জরুরি।

গ্যাস সরবরাহ কবে স্বাভাবিক হবে— এ বিষয়ে জানতে আরপিজিসিএলের মহাব্যবস্থাপক (এলএনজি ডিভিশন) প্রকৌশলী মো. শফিকুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক আরপিজিসিএলের এক কর্মকর্তা জানান, বন্ধ থাকা এক্সিলারেট এনার্জির টার্মিনালটি শনিবার পুনরায় চালু হতে পারে। সেদিন থেকে গ্যাস সরবরাহ শুরু হলে বর্তমান সংকট অনেকটাই কমে আসবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা