× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গ্রেপ্তার আর জামিনে ফ্যাসাদে আইনশৃঙ্খলা বাহিনী

সৌরভ হোসেন

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬ ১০:৩১ এএম

আপডেট : ০২ আগস্ট ২০২৬ ১০:৩৬ এএম

গ্রেপ্তারের গতি জামিনের তুলনায় কিছুটা বেশি হওয়ায় কারাগারগুলোর ওপর চাপ না কমে বরং বাড়ছে দিন দিন। কারাগারে স্থান সংকট, প্রশাসনিক চাপের সঙ্গে বাড়ছে নিরাপত্তা ঝুঁকিও।  গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রেপ্তারের গতি জামিনের তুলনায় কিছুটা বেশি হওয়ায় কারাগারগুলোর ওপর চাপ না কমে বরং বাড়ছে দিন দিন। কারাগারে স্থান সংকট, প্রশাসনিক চাপের সঙ্গে বাড়ছে নিরাপত্তা ঝুঁকিও। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

দেশজুড়ে অব্যাহত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান। প্রতিদিনই বিভিন্ন জেলা ও মহানগরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় হত্যা, চাঁদাবাজি, নাশকতা, সহিংসতা, মাদক, অস্ত্র ও অন্যান্য ফৌজদারি মামলার আসামি। 

একই সময়ে বিভিন্ন আদালতে বিচারিক কার্যক্রমে উল্লেখযোগ্য সংখ্যক আসামি পাচ্ছেন জামিনও। ফলে নতুন বন্দিতে কারাগার ভরে ওঠার পাশাপাশি প্রতিদিনই মুক্তি পাচ্ছেন প্রায় সমান সংখ্যক বন্দি।

গ্রেপ্তারের গতি জামিনের তুলনায় কিছুটা বেশি হওয়ায় কারাগারগুলোর ওপর চাপ না কমে বরং বাড়ছে দিন দিন। কারাগারে স্থান সংকট, প্রশাসনিক চাপের সঙ্গে বাড়ছে নিরাপত্তা ঝুঁকিও।

সংশ্লিষ্ট সূত্র বলছে, গ্রেপ্তারের ৩ মাসের মধ্যে অনেক আসামি জামিনে বের হয়ে গিয়ে আবারও জড়িয়ে পড়ছে নানা অপরাধে। গ্রেপ্তার ও জামিনের এই গ্যাঁড়াকলে (জটিল সমস্যা) চাপে পড়ছেন মাঠপর্যায়ের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত তিন মাসে সারা দেশে বিশেষ অভিযান ও বিভিন্ন মামলায় ১ লাখ ৪১ হাজার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে শুধু বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছেন ৩৯ হাজার ২৬৭ জন। বিভিন্ন মামলার ওয়ারেন্ট ও এজাহারভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার হয়েছেন আরও ১ লাখ ২ হাজার ৭২২ জন। তিন মাসে কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন ৩৭ হাজার ৪৬৮ জন বন্দি। এদের মধ্যে পুরুষ ৩৬ হাজার ২২৭ জন ও নারী ১ হাজার ২৪১ জন। যাদের বেশিরভাগই বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী মহাপরিদর্শক (এআইজি) এএইচএম শাহাদাত হোসাইন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশব্যাপী পুলিশের অভিযান অব্যাহত আছে। অভিযানে অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে। পরে নিয়ম অনুযায়ী তথ্য-প্রমাণসহ তাদের আদালতে হাজির করা পর্যন্ত পুলিশের দায়িত্ব। এরপর সংশ্লিষ্ট মামলা তদন্ত শেষে আদালতে চার্জশিট বা কখনও ফাইনাল রিপোর্ট দাখিল করা হয়। বিচারিক কার্যক্রম চলে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী। এর মাঝে অনেক আসামি জামিনে বেরিয়ে এসে ফের অপকর্মে লিপ্ত হচ্ছে। অনেক আসামির নামে একাধিক মামলারও তথ্য পাওয়া যায়। তারপরও তারা অপরাধবৃত্তি থেকে বেরিয়ে আসছে না। এটাও অপরাধ নিয়ন্ত্রণে একটা বড় প্রতিবন্ধকতা।

কারা সূত্র অনুযায়ী, দেশে বর্তমানে মোট কারাগার রয়েছে ৭৫টি। এর মধ্যে ১৪টি কেন্দ্রীয় কারাগার ও ৬১টি জেলা কারাগার। এসব কারাগারের মোট ধারণক্ষমতা ৪৫ হাজার ১৬৩ জন। এর মধ্যে পুরুষের জন্য ধারণক্ষমতা ৪৩ হাজার ১০৭ জন এবং নারীদের ধারণক্ষমতা ২ হাজার ২৯ জন। বর্তমানে বন্দির সংখ্যা প্রায় ৯৩ হাজার। অর্থাৎ ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দি রয়েছেন বিভিন্ন কারাগারে। এসব বন্দির মধ্যে প্রায় ৯০ হাজার পুরুষ ও ৩ হাজার নারী। এই চিত্র দেশের কারা ব্যবস্থাপনার ওপর দীর্ঘদিনের চাপকেও স্পষ্ট করে।

কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) জান্নাত-উল ফরহাদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, বিশেষ অভিযানে গ্রেপ্তার হওয়াদের একটি বড় অংশকে কাশিমপুরের চারটি কারাগার ও কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে। গত তিন মাসে এসব কারাগার থেকে মোট ৩৭ হাজার ৪৬৮ বন্দি জামিনে মুক্তি পেয়েছেন। তাদের মধ্যে পুরুষ ৩৬ হাজার ২২৭ জন ও নারী ১ হাজার ২৪১ জন। যদিও এই সংখ্যাটি উল্লেখযোগ্য, তবুও একই সময়ে নতুন বন্দি প্রবেশের হার বেশি হওয়ায় কারাগারের সার্বিক চাপ কমেনি। কারাগারের ধারণক্ষমতা সেই পরিমাণে না থাকায় অনেক সময় অপরাধ পর্যালোচনা করে আসামিদের জামিন দেওয়া হয়। জামিন দেওয়ার পরেও বিপুলসংখ্যক আসামি পুনরায় আটক হয়ে কারাগারে আসেন। দেখা যায়, একজন জামিন নিয়ে বের হলেন, একই সময়ে তার জায়গায় তিন জন নতুন এলেন। ফলে কারাগারগুলোতে আসামিজট লেগেই থাকে। এই সব আসামির মধ্যে অনেকেই আছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত, তাদের রায় হয়ে আছে।

তিনি আরও বলেন, দেশের অধিকাংশ কারাগার বহু বছর আগে নির্দিষ্ট ধারণক্ষমতা বিবেচনায় নির্মিত। কিন্তু অপরাধের ধরন, মামলার সংখ্যা ও বিচারাধীন বন্দির সংখ্যা বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে অল্প কিছুসংখ্যক কারাগারের অবকাঠামো সম্প্রসারণ করা হয়েছে। বেশিরভাগেরই সম্প্রসারণ হয়নি। ফলে অধিকাংশ কারাগারেই ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি বন্দিকে রাখতে হচ্ছে। অনেক ওয়ার্ডে নির্ধারিত সংখ্যার দ্বিগুণ কিংবা তারও বেশি বন্দি অবস্থান করছেন। এতে বন্দিদের ন্যূনতম ব্যক্তিগত জায়গাও নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে। প্রতিদিনের ব্যবস্থাপনাও এখন বড় চ্যালেঞ্জ। বন্দিদের নিরাপত্তা নিশ্চিত করা, আদালতে হাজিরা, চিকিৎসা, খাদ্য সরবরাহ, সাক্ষাৎ ব্যবস্থা ও কারা অভ্যন্তরে শৃঙ্খলা বজায় রাখতে অনেক বেশি জনবল ও সম্পদের প্রয়োজন হচ্ছে। কিন্তু জনবল ও অবকাঠামোও সেই অনুপাতে বাড়েনি। ফলে কর্মকর্তাদের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কারাগারে অতিরিক্ত বন্দির কারণে অনেককেই গাদাগাদি করে থাকতে হচ্ছে। কোথাও কোথাও পর্যাপ্ত ঘুমানোর জায়গা না থাকায় পালাক্রমে বিশ্রাম নিতে হচ্ছে। একই সঙ্গে বিশুদ্ধ পানি সরবরাহ, স্যানিটেশন ব্যবস্থা ও স্বাস্থ্যসেবার ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। একজন অসুস্থ বন্দিকে চিকিৎসা দেওয়া কিংবা হাসপাতালে স্থানান্তরের ক্ষেত্রেও প্রশাসনকে বাড়তি চাপ মোকাবিলা করতে হচ্ছে।

সূত্র মতে, অতিরিক্ত বন্দি শুধু মানবিক সংকটই তৈরি করে না এটি নিরাপত্তা ব্যবস্থাকেও ঝুঁকির মুখে ফেলে। কারাগারে বন্দির সংখ্যা বেড়ে গেলে নিয়ন্ত্রণ বজায় রাখা কঠিন হয়, সংঘর্ষের ঝুঁকি বাড়ে ও সংশোধনমূলক কার্যক্রমও বাধাগ্রস্ত হয়। শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ, মানসিক স্বাস্থ্যসেবা ও পুনর্বাসনমূলক কর্মসূচি পরিচালনা করাও তখন সীমিত হয়ে পড়ে। ফলে কারাগারের মূল উদ্দেশ্য অপরাধীদের সংশোধন ও সমাজে পুনর্বাসন অনেক ক্ষেত্রেই ব্যাহত হয়।

কারাগারে বিচারাধীন বন্দির সংখ্যাই সবচেয়ে বেশি। অনেক আসামির বিচার বছরের পর বছর ঝুলে থাকায় তারা দীর্ঘ সময় কারাগারে অবস্থান করেন। মামলার জট কমানো, দ্রুত তদন্ত সম্পন্ন করা ও বিচার কার্যক্রমের গতি বাড়ানো গেলে কারাগারের ওপর চাপ অনেকটাই কমানো সম্ভব। একই সঙ্গে অপ্রয়োজনীয় গ্রেপ্তার এড়ানো, বিকল্প শাস্তি, প্রবেশন ও কম ঝুঁকিপূর্ণ অপরাধে জামিন নীতির কার্যকর প্রয়োগের বিষয়েও গুরুত্ব দেওয়া।

কারা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা জান্নাতুল ফরহাদ বলেন, নতুন করে আরও ৪টি কারাগার স্থাপন করা হচ্ছে। ফেনীতে ২টি ও কিশোরগঞ্জে ২টি। এর পাশাপাশি নতুন করে কুমিল্লা, ময়মনসিংহ, জামালপুর ও নারায়ণগঞ্জে আরও ৪টি অনুমোদন নেওয়া হয়েছে। এই সব কারাগার চালু হলে আসামি ধারণক্ষমতার যে সমস্যা- তা কমে যাবে। তবে এই সব কারাগার স্থাপনের পাশাপাশি বন্দিদের বিচারব্যবস্থার গতি বাড়ানো, তদন্ত দ্রুত শেষ করা, প্রযুক্তিনির্ভর বন্দি ব্যবস্থাপনা চালু করা ও সংশোধনমূলক কার্যক্রম সম্প্রসারণও করতে হবে। একই সঙ্গে কারাগারে চিকিৎসা, মানসিক স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন কর্মসূচিকে আরও শক্তিশালী করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় অপরাধীদের বিরুদ্ধে অভিযান অবশ্যই প্রয়োজন। তবে সেই সঙ্গে বিচারব্যবস্থা, কারা ব্যবস্থাপনা ও পুনর্বাসন কার্যক্রমের মধ্যে সমন্বয় না থাকলে শুধু গ্রেপ্তার বাড়িয়ে দীর্ঘমেয়াদে কাঙ্ক্ষিত ফল পাওয়া কঠিন হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা