× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকায় এসেও রেহাই নেই নারীদের

তানভীর হাসান

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬ ০৯:৪৯ এএম

আপডেট : ০২ আগস্ট ২০২৬ ০৯:৫৬ এএম

নারীর আয়ের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, উপার্জনের টাকা কেড়ে নেওয়া, শারীরিক ও মানসিক নির্যাতনÑ সব মিলিয়ে শহরেও নির্যাতিত হতে হচ্ছে তাদের। গ্রাফিক্স: এআই

নারীর আয়ের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, উপার্জনের টাকা কেড়ে নেওয়া, শারীরিক ও মানসিক নির্যাতনÑ সব মিলিয়ে শহরেও নির্যাতিত হতে হচ্ছে তাদের। গ্রাফিক্স: এআই

স্বামীর মারধর, মানসিক নির্যাতন, জোর করে যৌন সম্পর্ক স্থাপন, উপার্জনের ওপর নিয়ন্ত্রণ কিংবা সংসারে দীর্ঘদিনের সহিংসতাÑ এসব থেকে বাঁচতে গ্রাম ছেড়ে রাজধানী ঢাকায় এসে গৃহকর্মীর কাজ নিতে বাধ্য হচ্ছেন অনেক নারী। কিন্তু শহরে এসে নতুন জীবন শুরু করার পরও তাদের বড় অংশ নির্যাতনের চক্রে ঘুরপাক খাচ্ছে।

বেশিরভাগ ক্ষেত্রে নারীর অর্থনৈতিক সক্ষমতাই হয়ে উঠছে নতুন সহিংসতার কারণ। নারীর আয়ের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, উপার্জনের টাকা কেড়ে নেওয়া, শারীরিক ও মানসিক নির্যাতনÑ সব মিলিয়ে শহরেও নির্যাতিত হতে হচ্ছে তাদের।

পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের সাম্প্রতিক এক গবেষণায় এই উদ্বেগজনক বাস্তবতা উঠে এসেছে। ঢাকায় কর্মরত অভিবাসী নারী গৃহকর্মীদের জীবন ও দাম্পত্য সহিংসতা নিয়ে পরিচালিত এই গবেষণায় দেখা যায়, গ্রামে স্বামীর নির্যাতন থেকে বাঁচতে রাজধানীতে এলেও অধিকাংশ নারী পারিবারিক সহিংসতা থেকে মুক্তি পাননি। বরং কর্মজীবনে যুক্ত হওয়ার পর অনেক ক্ষেত্রে স্বামীর সঙ্গে দ্বন্দ্ব আরও বেড়েছে। বিশেষ করে নারীর আয় বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে স্বামীর মধ্যে সৃষ্টি হয়েছে তার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রবণতা। 

গবেষণা প্রতিবেদনটি তৈরি করা হয়েছে ঢাকার মিরপুর ও পুরান ঢাকায় কর্মরত অভিবাসী নারী গৃহকর্মীদের নিবিড় সাক্ষাৎকারের ভিত্তিতে। এতে অংশ নেওয়া নারীদের প্রায় সবার জীবনেই কোনো না কোনো ধরনের শারীরিক, মানসিক, যৌন অথবা অর্থনৈতিক সহিংসতার অভিজ্ঞতা রয়েছে। গবেষকদের মতে, অনেক নারীই বছরের পর বছর স্বামীর নির্যাতন সহ্য করার পর বাধ্য হয়ে ঢাকায় চলে আসেন। গ্রাম থেকে শহরে অভিবাসন তাদের কাছে অর্থনৈতিক সিদ্ধান্ত নয়Ñ বরং নির্যাতন থেকে বাঁচার প্রচেষ্টা। গবেষণায় উঠে এসেছে, কেউ এসেছেন দ্বিতীয় বিয়ের পর সংসারে অবহেলার শিকার হয়ে, কেউ জুয়া ও ঋণের বোঝায় জর্জরিত স্বামীর সহিংসতা থেকে বাঁচতে, আবার কেউ এসেছেন নিয়মিত মারধর ও গৃহবন্দি জীবন থেকে মুক্তি পেতে। তাদের সবার লক্ষ্য স্বাধীন উপার্জনের মাধ্যমে নিরাপদ জীবনযাপন ও সন্তানদের ভবিষ্যৎ গড়ে তোলা। যদিও ঢাকায় এসে বাস্তবতা অনেক ক্ষেত্রেই ভিন্ন হয়েছে। গবেষণায় দেখা যায়, গৃহকর্মী হিসেবে কাজ শুরু করার পরও বহু নারীর উপার্জনের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন স্বামীরা। মাস শেষে বেতন হাতে পাওয়ার পর সেই টাকা জোর করে নিয়ে নেওয়া হচ্ছে। এ নিয়ে প্রতিবাদ করলে মারধরও করা হচ্ছে।

গবেষকদের ভাষ্য, এটিই অর্থনৈতিক সহিংসতার সবচেয়ে স্পষ্ট রূপ। অর্থনৈতিকভাবে সক্রিয় হওয়ার পরও তারা প্রকৃত অর্থে ক্ষমতায়িত হচ্ছেন না; বরং উপার্জনই নতুন ধরনের নিয়ন্ত্রণের হাতিয়ারে পরিণত হচ্ছে। এ অবস্থায় শহরে এসেও নারীর ওপর বৈবাহিক ধর্ষণ, মানসিক নির্যাতন ও অপমানজনক আচরণ অব্যাহত রয়েছে। স্বামীর তুলনায় বেশি আয় করাকে অনেক পুরুষ নিজের কর্তৃত্বের জন্য হুমকি মনে করছে। প্রতিক্রিয়ায় নারীর ওপর আরও বেশি শারীরিক নির্যাতন ও যৌন সহিংসতা চলছে। কারণ দেশে অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ বাড়লেও পারিবারিক ক্ষমতার কাঠামোয় কোনো পরিবর্তন ঘটছে না। ফলে নারীর অর্থনৈতিক সক্ষমতা অনেক ক্ষেত্রে পরিবারে নতুন দ্বন্দ্ব তৈরি করছে। 

গবেষকদের মতে, অভিবাসী নারী গৃহকর্মীরা দ্বিমুখী বৈষম্যের শিকার। একদিকে তারা অনানুষ্ঠানিক শ্রমবাজারে কম মজুরি ও অনিরাপদ কর্মপরিবেশে কাজ করেন, অন্যদিকে পরিবারে স্বামীর সহিংসতা ও অর্থনৈতিক নিয়ন্ত্রণের মুখে পড়েন। ফলে তাদের জীবনে অভিবাসন নিরাপত্তা বা ক্ষমতায়নের পথ না হয়ে টিকে থাকার সংগ্রামে পরিণত হয়েছে।

গবেষণাটি বলছে, এ পরিস্থিতি মোকাবিলায় শুধু আইনের অস্তিত্ব যথেষ্ট নয়; প্রয়োজন কার্যকর বাস্তবায়ন। গৃহকর্মীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা, পারিবারিক সহিংসতা প্রতিরোধ আইন কঠোরভাবে প্রয়োগ, আইনি সহায়তা সহজলভ্য করা এবং শহরে কর্মরত অভিবাসী নারীদের জন্য কাউন্সেলিং ও সামাজিক সহায়তা জোরদারের সুপারিশ করেছেন গবেষকরা। নারী গৃহকর্মীদের উপার্জনের নিরাপদ আর্থিক ব্যবস্থাপনা এবং ব্যাংকিং সেবার আওতায় আনার বিষয়ও গবেষণায় গুরুত্ব পেয়েছে।

নারী অধিকারকর্মীরা বলছেন, পরিবারে সিদ্ধান্ত গ্রহণের অধিকার, সম্পদের ওপর নিয়ন্ত্রণ এবং সহিংসতা থেকে নিরাপদ থাকার নিশ্চয়তা না থাকায় অর্থনৈতিক অংশগ্রহণ অনেক ক্ষেত্রে নারীর জন্য নতুন ঝুঁকি তৈরি করছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বিভিন্ন জরিপেও দাম্পত্য সহিংসতার উচ্চ হার উঠে এসেছে। এর সঙ্গে পুলিশ স্টাফ কলেজের গবেষণার ফল মিলিয়ে দেখা যায়, গ্রাম থেকে শহরে অভিবাসন নারীদের নতুন কর্মসংস্থানের সুযোগ দিলেও পারিবারিক সহিংসতার মূল কারণগুলো এখনও অমীমাংসিত। গবেষকরা তাই বলছেন, নারীর অভিবাসনকে শুধু শ্রমবাজারের বিষয় হিসেবে দেখলে হবে না। 

সমতা প্রতিষ্ঠায় সামাজিক পরিবর্তন জরুরি

এ প্রসঙ্গে ‘নারী পক্ষ’-এর প্রতিষ্ঠাতা সদস্য নারী অধিকারকর্মী শিরিন হক বলেন, ‘পারিবারিক ও সামাজিক ক্ষমতাকাঠামোর পরিবর্তন ঘটিয়ে নারী-পুরুষের সম্পর্কের মধ্যে পরিবর্তন এনে সমতা প্রতিষ্ঠা করতে হবে। এজন্য সামাজিক ও সাংস্কৃতিক রীতিনীতির পরিবর্তন করা প্রয়োজন, প্রয়োজন বহুমুখী উদ্যোগ ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা। পাশাপাশি রাষ্ট্রের আইন, সরকারি নীতি ও বিধানেও সব ধরনের বৈষম্য বিলুপ্ত করতে হবে। এই লক্ষ্য অর্জনে শিক্ষাপ্রতিষ্ঠান ও গণমাধ্যমের ভূমিকা অপরিহার্য।’

পুরুষতান্ত্রিক মানসিকতা বড় কারণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক রেজাউল করিম সোহাগ বলেছেন, ‘বাংলাদেশে গ্রাম থেকে শহরÑ সব জায়গাতেই পারিবারিক সহিংসতার প্রবণতা উদ্বেগজনকভাবে বিদ্যমান। এর পেছনে রয়েছে মনস্তাত্ত্বিক, সামাজিক ও অর্থনৈতিকÑ এই তিনটি প্রধান কারণ।’ তিনি বলেছেন, ‘ছোটবেলা থেকেই সমাজে এমন একটি পুরুষতান্ত্রিক মানসিকতা গড়ে ওঠে, যেখানে পুরুষকে কর্তৃত্বশীল এবং নারীকে ঘরকেন্দ্রিক হিসেবে ভাবা হয়। কোনো নারী যখন এই প্রচলিত ধারণার বাইরে গিয়ে কাজ করেন বা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করেন, তখন অনেক পুরুষ সেটিকে নিজের কর্তৃত্বের প্রতি চ্যালেঞ্জ হিসেবে দেখেন। এর ফলে অনেক ক্ষেত্রে শারীরিক, মানসিক কিংবা যৌন নির্যাতনের ঘটনা ঘটে।’

রেজাউল করিম সোহাগ বলেন, ‘সামাজিকভাবেও নারীর ক্ষমতায়ন এখনও পুরোপুরি গ্রহণযোগ্য হয়ে ওঠেনি। কর্মক্ষেত্রে যুক্ত হওয়া বা স্বনির্ভর হওয়ার কারণে অনেক নারী পরিবার ও সমাজের সন্দেহ, অবিশ্বাস এবং নেতিবাচক দৃষ্টিভঙ্গির শিকার হন। ফলে বিভিন্ন ধরনের পারিবারিক সহিংসতাও ঘটে।’

তিনি আরও বলেন, ‘অঞ্চল, কর্মপরিবেশ এবং অর্থনৈতিক অবস্থার ভিন্নতার কারণেও সহিংসতার মাত্রা পরিবর্তিত হয়। কোথাও এটি বেশি, কোথাও কম। তবে সামগ্রিকভাবে সামাজিক, অর্থনৈতিক এবং মনস্তাত্ত্বিকÑ এই তিনটি কারণের সমন্বয়েই দাম্পত্য সহিংসতা বাড়ছে।’ এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য তিনি জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। পাশাপাশি পারিবারিক সহিংসতার শিকার নারীদের দ্রুত বিচার ও কার্যকর আইনি সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানান। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা