ঢাকাসহ সারা দেশে প্রায় ৪৮ হাজারেরও বেশি অবৈধ চার্জিং পয়েন্ট গড়ে উঠেছে। এসব চার্জিং পয়েন্ট থেকে প্রতিদিন প্রায় ৬০ লাখ ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক উৎপাদনের প্রায় ৫ শতাংশ বিদ্যুৎ নিয়ে নিচ্ছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রাত তখন ১২টার মতো। বসিলা সেতুতে ওঠার আগে বাম পাশের একটি গ্যারেজে একসঙ্গে প্রায় ৩০টি অটোরিকশা চার্জ দিচ্ছিলেন গ্যারেজের কর্মী আবুল মিয়া। ঘিঞ্জি পরিবেশে দুর্বল প্লাগ লাগিয়ে রিকশাগুলোয় চার্জ দেওয়া হচ্ছিল। অথচ এতে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। একইভাবে কুড়িল এলাকার জোয়ার সাহারা রেল ক্রসিংয়ের পাশে জাকির মিয়ার গ্যারেজে ৪০টির মতো রিকশা চার্জ হয় প্রতি রাতে। বড় টিনশেডের নিচে রাতের বেলায় সেগুলো চার্জ দেওয়া হয়। রাজধানীর প্রায় সব গ্যারেজেই বর্তমানে অটোরিকশায় বিদ্যুৎ চার্জ দেওয়া হচ্ছে অবৈধ সংযোগ থেকে। কেউ কেউ আবাসিক সংযোগ নিলেও অবৈধ সংযোগ ব্যব্হার করছেন।
প্রতিদিনের বাংলাদেশের অনুসন্ধানে দেখা গেছে, রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রায় ৪৮ হাজারেরও বেশি অবৈধ চার্জিং পয়েন্ট গড়ে উঠেছে। এসব চার্জিং পয়েন্ট থেকে প্রতিদিন প্রায় ৬০ লাখ ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক উৎপাদনের প্রায় ৫ শতাংশ বিদ্যুৎ নিয়ে নিচ্ছে। এর মধ্যে ৮০ শতাংশ গ্যারেজে সরাসরি খুঁটি থেকে অবৈধ সংযোগের মাধ্যমে বিদ্যুৎ নেওয়া হয়। অথচ এতে সরকার একদিকে ব্যাপকভাবে রাজস্ব হারাচ্ছেন, অন্যদিকে লোডশেডিং সংকটে পড়তে হচ্ছে প্রকৃত গ্রাহকদের।
বিদ্যুত প্রকৌশলীরা জানান, একটি সাধারণ ব্যাটারিচালিত অটোরিকশা বা ইজিবাইকে ৪ থেকে ৬টি ১২ ভোল্টের ব্যাটারি থাকে। প্রতিবার এই ব্যাটারি পূর্ণ চার্জের জন্য গড়ে ৯০০ থেকে ১১০০ ওয়াট বিদ্যুৎ খরচ হয়। এতে সময় যায় ৫ থেকে ৭ ঘণ্টা। সে হিসাবে প্রতিদিন প্রতিটি রিকশার পেছনে গড়ে ৬ থেকে ১০ ইউনিট বিদ্যুৎ ব্যয় হয়।
রাজধানীসহ সারা দেশের বিভিন্ন গ্যারেজে খোঁজ করে জানা যায়, বেশিরভাগ ক্ষেত্রে গ্যারেজ মালিকরা কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে বিদ্যুতের মেইন লাইন বা খুঁটি থেকে অবৈধভাবে তার টেনে চার্জ দেন। এতে ওভারলোডের কারণে ভোল্টেজ কমে যায়, অনেক সময় বড় ধরনের দুর্ঘটনাও ঘটে। সাধারণত এই যানগুলো চার্জ হতে নির্দিষ্ট সময়ের চেয়ে বেশি সময় নিয়ে থাকে। অতিরিক্ত সময় ব্যাটারি চার্জে রাখার ফলে সিস্টেম লস ও বিদ্যুতের অপচয়ও ঘটে।
অর্থনীতি ও পরিবেশের ওপর প্রভাব এবং রাজস্ব ক্ষতি
সাম্প্রতিক গবেষণা থেকে দেখা গেছে, অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের ফলে সরকার ও বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো প্রতিদিন প্রায় ২ হাজার মেগাওয়াট সমমূল্যের বিদ্যুতের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। সামগ্রিক গ্রিডের ওপর চাপ বেড়ে যাওয়ায় সাধারণ গ্রাহকরা ভোগান্তির শিকার হচ্ছেন, ঘন ঘন লোডশেডিং দেখা দেয়। বিদ্যুৎ চুরি করে চার্জ দেওয়ার ফলে পরোক্ষভাবে তা পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
সিপিডি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাটারিচালিত অটোরিকশা দেশের বিদ্যুৎ খাতে বড় ধরনের চাপ সৃষ্টি করছে। প্রতিদিন জাতীয় গ্রিড থেকে প্রায় ৭৫০ থেকে ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ খরচ হয় শুধুমাত্র অটোরিকশা চার্জ দিতে। সারাদেশে লাখ লাখ অটোরিকশার অনিয়ন্ত্রিত ও অবৈধ চার্জিংয়ের কারণে স্থানীয় পর্যায়ে লোডশেডিং এবং জাতীয় গ্রিডে বিদ্যুৎ ঘাটতি দেখা দিচ্ছে।
অটোরিকশার কারণে বিদ্যুৎ ঘাটতি ও এর প্রভাব
একটি অটোরিকশায় সাধারণত ৪ থেকে ৫টি ব্যাটারি থাকে। এগুলো পুরোপুরি চার্জ হতে প্রায় ৬-৮ ঘণ্টা সময় নেয় এবং ৫-৭ ইউনিট বিদ্যুৎ খরচ করে। অধিকাংশ চার্জিং পয়েন্ট বা গ্যারেজ অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে থাকে। সিপিডির গবেষণা প্রতিবেদন বলছে, এর ফলে সরকার প্রতি বছর প্রায় ৪ হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে এবং সিস্টেম লস বাড়ছে। গভীর রাতে লাখ লাখ অটোরিকশা একসাথে চার্জে দেওয়া হয়। এই অতিরিক্ত ‘গোপন লোড’Ñএর কারণে লোকাল ট্রান্সফর্মার পুড়ে যাওয়া ও ভোল্টেজ ড্রপের মতো সমস্যা দেখা দেয়। এই বিপুল পরিমাণ বিদ্যুৎ এখানে ব্যবহৃত হওয়ায় আবাসিক ও শিল্প খাতে ব্যবহারের সুযোগ নষ্ট হচ্ছে।
এ প্রসঙ্গে যোগাযোগ বিশেষজ্ঞ ও বুয়েটের অধ্যাপক হাদিউজ্জামান বলেন, ‘অবৈধ অটোরিকশার মাধ্যমে সারা দেশে বিদ্যুৎ চুরির মহোৎসব শুরু হয়েছে। সরকার হাজার হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। রাজধানীতে পিক আওয়ারে যেখানে চাহিদা প্রায় ২ হাজার মেগাওয়াট। অথচ পিক ডিমান্ড থাকার সময় অবৈধ অটোরিকশাগুলো বিভিন্ন জায়গায় অবৈধভাবে চার্জিং করায় প্রকৃত গ্রাহকরা বিদ্যুৎই পাচ্ছেন না। যার পরিমাণ প্রায় ৭০০ থেকে ৮০০ মেগাওয়াট। এখানেও সরকার হাজার কোটির টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।’ তিনি বলেন, ‘কিছু কিছু অটোরিকশায় ৩-৪ টা ব্যাটারি থাকে, এগুলো পূর্ণাঙ্গ চার্জ হতে লাগে প্রায় ৭ ইউনিট বিদ্যুৎ। কিছু অটোরিকশায় ৪ থেকে ৬টা ব্যাটারি আছে, এগুলো চার্জ হতে প্রায় ১০ ইউনিট বিদ্যুৎ খরচ হয়।’
অধ্যাপক হাদিউজ্জামান বলেন, ‘অটোরিকশার চার্জিং পয়েন্টগুলোতে দেখা যায়, কয়েকশ অটোরিকশা একসঙ্গে চার্জ দিয়ে তারা রাতভর ঘুম দিচ্ছে। এ অবস্থায় একসঙ্গে গ্রিডের ওপর চাপ পড়ে। লোডশেডিং হওয়ায় সাধারণ মানুষ ঘুমাতে পারেন না। গরমে সাধারণ মানুষের অবস্থা দাঁড়ায় ত্রাহি ত্রাহি।’
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য (বিতরণ) প্রকৌশলী আব্দুল বাছিদ বলেন, ‘অটোরিকশার গ্যারেজের অবৈধ সংযোগসহ সব ধরনের অবৈধ সংযোগের বিরুদ্ধে আমরা প্রতি রাতেই অভিযানে বের হই। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করি।’ তিনি বলেন, ‘আগে পিক আওয়ারে বিদ্যুতের লোড কমতো, এখনো রাত বাড়লে লোড বেড়ে যায়। অটোরিকশার বিষয়ে আমরা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি।’
এ বিষয়ে কথা বলার জন্য ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাইয়ের (ডেসকো) কার্যালয়ে গেলে ব্যবস্থাপনা পরিচালক বিগ্রেডিয়ার (অব:) শামীম আহমেদ কোনো মন্তব্য করতে রাজি হননি। নির্বাহী পরিচালক প্রকৌশলী রশিদুর রহমানের মোবাইল ফোনে কল দিয়ে এবং মেসেজ পাঠিয়েও সাড়া মেলেনি।