× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গণপূর্তের আরেক ‘বালিশকাণ্ড’

আসাদুজ্জামান সম্রাট

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬ ১০:১৮ এএম

আপডেট : ০২ আগস্ট ২০২৬ ১৬:৫০ পিএম

পাবনা গণপূর্ত বিভাগ। ফাইল ছবি

পাবনা গণপূর্ত বিভাগ। ফাইল ছবি

অন্য কারও নয়Ñ নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী পাবনা গণপূর্ত বিভাগ। রূপপুরে ‘বালিশকাণ্ড’ ঘটিয়ে এই বিভাগ সারা দেশে তোলপাড় তুলেছিল। এবার আগের সেই ‘বালিশকাণ্ড’কেও ছাড়িয়ে গেছে পাবনা গণপূর্ত, ঘটিয়েছে আরও বড় অঘটন। যে ভবনের নির্মাণকাজ এখনও মাঝপথে, সেটির ইন্টেরিয়র ডেকোরেশনের টেন্ডার করে কাজ ছাড়াই বিল পরিশোধ করে বসে আছে এই গণপূর্ত বিভাগ।

এ ছাড়া মূল টেন্ডারের অন্তর্ভুক্ত কাজকে নতুন টেন্ডার করে ভাগ-বাটোয়ারা করে নিয়েছে প্রায় ২৭ কোটি ৪৫ লাখ টাকা। এসব অনিয়মে গণপূর্ত অধিদপ্তরের এমন ইমেজ সংকট দেখা দিয়েছে যে, আশঙ্কা করা হচ্ছে এখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপজেলা পর্যায়ের ১০০ শয্যার হাসপাতাল প্রকল্পটি হাতছাড়া হতে পারে। শুধু তা-ই নয়, একের পর এক বিভিন্ন কাজে গণলুটের ঘটনায় গণপূর্তকে নতুন কোনো কাজ না দেওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে। 

উল্লেখ্য, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের একটি বেজমেন্টসহ ১০ তলা ফাউন্ডেশনে ১০ তলা ভবন নির্মাণের দরপত্র আহ্বান করা হয় ২০২৪ সালের জানুয়ারি মাসে। একই বছরের জুন মাসে সাজিন কনস্ট্রাকশনের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়। ২০২৭ সালের জুনের মধ্যে এর কাজ সম্পন্ন করার কথা রয়েছে। রূপপুর বালিশকাণ্ডের  বিতর্কিত ঠিকাদার সাজিন কনস্ট্রাকশন লিমিটেড এখানে ২৯৯ কোটি ৬৪ লাখ ৭২ হাজার টাকার কাজ পায়। বর্তমানে ভবনটির ৯ তলা ছাদ ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। অভ্যন্তরীণ কোনো কাজ শেষ হয়নি। ধারণা করা হচ্ছে, এতে নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় লাগতে পারে

টেন্ডার অনুমোদনে ঘাপলা

এদিকে মূল ভবনের কাজ শেষ হওয়ার আগেই ভবনের অবশিষ্ট কাজ’ (রিমেইনিং ওয়ার্কস) হিসেবে চলতি বছরের ২৮ জানুয়ারি তড়িঘড়ি করে ৬টি দরপত্র আহ্বান করা হয়। ৮ ফেব্রুয়ারি সবগুলো দরপত্র উন্মুক্ত করা হয়। মূল ভবনের নির্মাণকাজের মধ্যে অন্তর্ভুক্ত কাজগুলোকেও এই দরপত্রে রাখা হয়। পিপিআর ২০২৫-এর ১৭ বিধি অনুযায়ী কোনো প্রকল্পের কাজ সর্বোচ্চ পাঁচটি ভাগে বিভক্ত করা যাবে। এই দরপত্রের মধ্য দিয়ে এ প্রকল্পে কাজের সংখ্যা দাঁড়ায় সাতে। এক্ষেত্রে প্রথম টেন্ডারটি যেখান থেকে অনুমোদন হয়েছে, পরবর্তী টেন্ডারগুলোও সেখান থেকে অনুমোদন করার বাধ্যবাধকতা রয়েছে।

প্রায় ৩০০ কোটি টাকা মূল্যের প্রথম টেন্ডারটি অনুমোদন দিয়েছে ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। নিয়ম অনুযায়ী পরবর্তী টেন্ডারগুলোও অনুমোদনের জন্য ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে যেতে হবে। কিন্তু এই প্রক্রিয়া অনুসরণ না করে পাবনা গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাউদুদুর রহমান ও পাবনা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাশেদ কবির পারস্পরিক যোগসাজশে এই টেন্ডারগুলোর প্রাক্কলন ও অনুমোদন করেন। অভিযোগের বাইরে রাখার জন্য এসব টেন্ডারের প্রতিটিকে রাখা হয়েছে ৫ কোটি টাকার নিচে; যাতে তত্ত্বাবধায়ক প্রকৌশলী তার ক্ষমতার মধ্যে প্রাক্কলন ও টেন্ডারগুলো পাস করতে পারেন। কিন্তু প্যাকেজ ভেঙে টেন্ডার করা সম্পূর্ণ অবৈধ এবং পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশ ২০২৫-এর সুস্পষ্ট লঙ্ঘন। এছাড়া কোনো প্রকল্পের প্যাকেজ ভেঙে আলাদা আলাদা টেন্ডার করতে হলে হেড অব প্রকিউরমেন্ট এনটিটির অনুমোদন নিতে হয়। গণপূর্ত অধিদপ্তরের ‘হেড প্রকিউরমেন্ট এনটিটি’ বা হোপ হলো প্রধান প্রকৌশলী। তার অনুমোদন ছাড়াই প্যাকেজ ভেঙে টেন্ডার আহ্বানের মধ্য দিয়ে তারা উভয়ই পিপিআর লঙ্ঘন করেছেন।

বিভিন্ন লাইসেন্স ব্যবহার করে অনিয়ম

একটি নির্মাণাধীন ভবনের ‘অবশিষ্ট কাজে’র নামে এই দুই প্রকৌশলী ও ঠিকাদাররা মিলে প্রায় ২৭ কোটি ৪৫ লাখ টাকা ভাগ-বাটোয়ারা করে নিয়েছেন। এই লুটপাটে ব্যবহার করা হয়েছে সাবেক সরকারের সুবিধাভোগী বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানকে। রূপপুর বালিশকাণ্ডে বিতর্কিত সাজিন কনস্ট্রাকশনের মালিক শাহাদাত হোসেন বিভিন্ন লাইসেন্স ব্যবহার করে এই টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন এবং বিল তুলে নেন।

পাবনা গণপূর্তের নির্বাহী প্রকৌশলীর আহ্বান করা টেন্ডারে (আইডি নং ১২১৭৬৫০) হাসপাতাল ভবনের ‘এ’ ব্লক সংলগ্ন খোলা ছাদে কাচের কাজ নির্মাণের কথা বলা হয়েছে। যার কাজ পেয়েছে টুঙ্গিপাড়ার বাসিন্দা যুবলীগ নেতা ও আওয়ামী লীগ আমলে নগর গণপূর্ত ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক দ্বীন ইসলামের মালিকানাধীন প্রতিষ্ঠান এসএ এন্টারপ্রাইজ। ৪ কোটি ৯৬ লাখ ৮৮ হাজার ৯৫৫ টাকার এই কাজের বিল ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে। অথচ এ কাজের বাস্তব কোনো অস্তিত্ব নেই। দ্বীন ইসলাম নিজেও স্বীকার করেছেন, তিনি শাহাদাত হোসেনকে তার লাইসেন্স ব্যবহারের অনুমতি দিয়েছিলেন। কিন্তু কাজের অবস্থা কী, তা তিনি জানেন না।

আইডি নং-১২১৭৬১২ নম্বর টেন্ডারে হাসপাতাল ভবন নির্মাণের জন্য ম্যাট ও মোটর-আকৃতির নুড়ি পাথর দিয়ে অতিরিক্ত আরসিসি কাজ এবং ভিত্তি ইটের দেয়াল নির্মাণের জন্য প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৯৮ লাখ ৯ হাজার ৭৯৪ টাকা। এ কাজ পেয়েছে মোখছেদুল আলম নয়নের মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স নূর কনস্ট্রাকশন। অথচ কাজ ছাড়াই বিল তুলে নেওয়া হয়েছে। মেসার্স নূর কনস্ট্রাকশন ৪ কোটি ৯৮ লাখ ২০ হাজার ১৫৭ টাকার আরও একটি কাজ পেয়েছে। আইডি নং-১২১৭৬২৭ নম্বর দরপত্রে হাসপাতাল ভবন নির্মাণের জন্য অতিরিক্ত ওভারহেড জলাধার নির্মাণ এবং শাটারিংয়ের অতিরিক্ত উচ্চতা ইত্যাদি কাজের কথা বলা হলেও এটাও মূল দরপত্রের অংশ। শুধু দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করেই এর বিল উত্তোলন করা হয়েছে।

আইডি নং-১২১৭৬১৬ নম্বর দরপত্রে হাসপাতাল ভবন নির্মাণের ল্যাবরেটরি, ওটি, আইসিইউ কক্ষে ভিনাইল ফ্লোরিং এবং বিভিন্ন কক্ষে ইপোক্সি পেইন্ট সরবরাহ ও স্থাপনের কথা বলা হয়েছে। ৪ কোটি ৯৭ লাখ ৮ হাজার ৭৬২ টাকার কাজ পেয়েছেন মোহাম্মদ হারুন অর রশিদের মালিকানাধীন বন্ধু কনস্ট্রাকশন। প্রতিষ্ঠানটি ৪ কোটি ৯৭ লাখ ৮৫ হাজার ৬৬২ টাকার আরেকটি কাজ পেয়েছে। আইডি নং-১২১৭৬২০ নম্বর দরপত্রে তারা হাসপাতাল ভবন নির্মাণের ১৫ ইঞ্চি এবং ১২ ইঞ্চি ইটের কাজ পেয়েছে, যা প্রায় ৩০০ কোটি টাকা মূল্যের মূল দরপত্রে অন্তর্ভুক্ত।

এছাড়া আইডি নং-১২১৭৫৯৬ নম্বর দরপত্রে আরসিসি ওয়াল, মার্বেল স্টোন ফ্লোরিং ও ফেসিং স্ট্রিপসহ মসজিদ সংলগ্ন স্ল্যাব, মসজিদ নির্মাণ, টিচিং মর্গ এবং মর্চুয়ারি বিল্ডিং, গেট হাউস এবং সিকিউরিটি পোস্ট, বৈদ্যুতিক সাবস্টেশন এবং পাবলিক টয়লেট, পাম্প হাউস এবং জেনারেটর বিল্ডিংয়ের কথা বলা হলেও এটা মূল দরপত্রের অংশ। এত বড় কাজের জন্য মাত্র ২ কোটি ৪৫ লাখ ৬২ হাজার ১৫১ টাকা ধরা হয়েছে, যা বাস্তবে কোনোভাবেই বাস্তবায়ন করা সম্ভব নয়। এই কাজটি পেয়েছে পাবনার শালগরিয়ার মো. ইমামুর রহমানের মালিকানাধীন আইআর ইনফ্রাস্টাকচার। প্রতিষ্ঠানটি আওয়ামী লীগ শাসনামলের শেষদিকে ২০২৩ সালের ২২ জুন প্রথম শ্রেণির ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে তালিকাভুক্তির অনুমতি পায়।

এই কাজগুলোর বেশিরভাগই মূল টেন্ডারের অংশ এবং কিছু ভবনের নির্মাণকাজ সম্পন্ন হওয়ার পর করার কথা। অথচ ‘অবশিষ্ট কাজ’ হিসেবে আহ্বানকৃত টেন্ডারের পুরোটাই নিয়ন্ত্রণ করেছেন বিতর্কিত সাজিন কনস্ট্রাকশন লিমিটেডের কর্ণধার শাহাদাত হোসেন। সদ্যসমাপ্ত অর্থবছরে এর পুরো বিল দেওয়া হয়েছে ‘নামসর্বস্ব’ কাজের জন্য। যার বাস্তব কোনো অস্তিত্ব নেই। 

অভিযুক্ত ও সংশ্লিষ্টদের বক্তব্য : এই চক্রের মূল হোতা শাহাদাত হোসেনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এ ব্যাপারে পাবনা গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলীর সঙ্গে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তারা সাড়া দেননি। সাংবাদিক পরিচয় ও অনিয়মের অভিযোগ শুনেই বিষয়টি তারা এড়িয়ে গেছেন। তবে গণপূর্ত অধিদপ্তরের পপুলেশন প্রজেক্ট সেলের (পিপিসি) তত্ত্বাবধায়ক প্রকৌশলী একেএম সোহরাওয়ার্দীও বিষয়টি জানেন না। এখানে দায়িত্ব নেওয়ার পর তিনি পাবনা গণপূর্তের কোনো কাগজ পাননি। বিষয়টি তার নজরে নেই। তবে খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন বলে জানান তিনি। 

এ বিষয়ে পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক ডা. আমজাদুল হক প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘গণপূর্ত অধিদপ্তর একটি নির্দিষ্ট পাওয়ার অব ডেলিগেশনের মাধ্যমে কাজ করে। পিডি অফিস কোনো কমিটি বা টেকের মেম্বার নয়। সুনির্দিষ্ট তথ্য পেলে অবশ্যই প্রজেক্ট অফিস তার বিষয়ে ব্যবস্থা নেবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা