বোরহানউদ্দিন মাহমুদ
প্রকাশ : ০১ আগস্ট ২০২৬ ০৯:০৩ এএম
পুরান ঢাকার সদরঘাটের কাছে বুড়িগঙ্গার তীর ঘেঁষে সগৌরবে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক আহসান মঞ্জিল। ছবি: সংগৃহীত
পুরান ঢাকার সদরঘাটের কাছে বুড়িগঙ্গার তীর ঘেঁষে সগৌরবে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক আহসান মঞ্জিল। একসময়ের প্রতাপশালী নবাব পরিবারের আবাসস্থল এই ‘ গোলাপি প্রাসাদ’ শুধু একটি নান্দনিক স্থাপনাই নয়; এটি বাংলার রাজনীতি, সমাজব্যবস্থা ও ব্রিটিশ আমলের এক জীবন্ত দলিল। সম্প্রতি সামাজিক মাধ্যমে এই ঐতিহাসিক জাদুঘরকে কেন্দ্র করে ‘ প্রেম নগর’ আখ্যা দিয়ে নানা নেতিবাচক আলোচনা ছড়ানো হলেও, সরেজমিন ঘুরে এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে সম্পূর্ণ ভিন্ন ও ইতিবাচক এক চিত্র পাওয়া গেছে। নবাবদের স্মৃতিবিজড়িত এই প্রাঙ্গণ আজও দেশি-বিদেশি পর্যটক, ইতিহাসপ্রেমী এবং পরিবার-পরিজন নিয়ে আসা দর্শনার্থীদের এক পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল মিলনস্থল।
সামাজিক মাধ্যমে আহসান মঞ্জিলকে কেন্দ্র করে সম্প্রতি বিভিন্ন ধরনের চটকদার আলোচনা চাউর হলেও বাস্তবে সেখানে পারিবারিক পরিবেশই বেশি চোখে পড়ে। সকাল থেকে বিকাল পর্যন্ত দেশি-বিদেশি পর্যটকদের পদচারণায় মুখর থাকে পুরো এলাকা। তরুণ-তরুণীদের উপস্থিতি থাকলেও শিশু, অভিভাবক এবং বয়োজ্যেষ্ঠদের উপস্থিতিও উল্লেখযোগ্য।
জাদুঘরের গ্যালারিগুলো ঘুরে দেখার পর অধিকাংশ দর্শনার্থী প্রাসাদের সামনের তিনটি উন্মুক্ত সবুজ মাঠে বসে বিশ্রাম নেন। শিশুদের দৌড়ঝাঁপ, পরিবারের আড্ডা আর ইতিহাস জানার আগ্রহে দিনভর প্রাণচাঞ্চল্যে ভরে থাকে পুরো এলাকা। দর্শনার্থীদের অনেকেই জানান, রাজধানীতে উন্মুক্ত বিনোদনকেন্দ্রের সংখ্যা সীমিত হওয়ায় ঐতিহাসিক স্থানগুলোতেই মানুষ একটু মুক্ত বাতাস আর অবসর কাটাতে আসেন।
বাড়ছে দর্শনার্থী
আহসান মঞ্জিলের কিপার ও পরিচালক সুলতান মাহমুদ প্রতিদিনের বাংলাদেশকে জানান, আগের তুলনায় বর্তমানে দর্শনার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। দেশি পর্যটকদের পাশাপাশি বিদেশি পর্যটকদের উপস্থিতিও আগের চেয়ে অনেক বেশি। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় থাকে। তিনি বলেন, ‘শুধু শুক্রবার এক দিনেই প্রায় দুই লাখ টাকার টিকিট বিক্রি হয়। বার্ষিক হিসাব করলে এখান থেকে প্রায় দুই কোটি টাকার রাজস্ব আসছে।’ দর্শনার্থীর এই চাপ সামলাতে এবং সেবার মান বাড়াতে ঐতিহাসিক স্থাপনাটির রক্ষণাবেক্ষণে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
চলছে আধুনিকায়ন ও সংস্কারকাজ
দর্শনার্থীর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে আধুনিক সুযোগ-সুবিধা বাড়ানোর উদ্যোগও নিয়েছে কর্তৃপক্ষ। গত অর্থবছরে দর্শনার্থীদের সুবিধার্থে আধুনিক ওয়াশরুম নির্মাণসহ বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যার কাজ এখন শেষ পর্যায়ে। সুলতান মাহমুদ জানান, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় জাদুঘরের বিভিন্ন গ্যালারির ভেতরে কিছু সংস্কার এবং ছাদের আনুষঙ্গিক মেরামতের দীর্ঘমেয়াদি পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।
পাশাপাশি, এই বিপুল দর্শনার্থীর কারণে আশপাশের ক্ষুদ্র ব্যবসায়ী, ফটোগ্রাফার, হকার ও পরিবহন শ্রমিকদের আয়ের পথ সুগম হয়েছে, যা পুরান ঢাকার স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলছে।
কড়া নিরাপত্তা বলয়ে সুশৃঙ্খল পরিবেশ
যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ও ঐতিহাসিক পরিবেশের পবিত্রতা রক্ষায় আহসান মঞ্জিল এলাকায় সার্বক্ষণিক কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। সহকারী নিরাপত্তা পরিদর্শক মানিক চন্দ্র দেব জানান, পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার নিবিড় নজরদারিতে রয়েছে। তিনি এই প্রতিবেদককে বলেন, ‘প্রায় ২০ জন আনসার সদস্য ও চারজন পুলিশ সদস্য এখানে নিয়মিত দায়িত্ব পালন করছেন। আমাদের এলাকায় মাদক সেবন বা অসামাজিক কার্যকলাপের কোনো সুযোগ নেই। কোথাও কোনো অনিয়ম বা সন্দেহজনক কিছু দেখা গেলে নিরাপত্তাকর্মীরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেন।’ নিরাপত্তা আরও নিশ্ছিদ্র করতে চারপাশের সীমানাপ্রাচীর উন্নয়নের কাজও চলমান রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
ইতিহাসের পাঠশালায় নতুন প্রজন্মের পদচারণা
আহসান মঞ্জিল কেবল একটি বিনোদনকেন্দ্র নয়, এটি দেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ পাঠশালা। প্রাসাদের ভেতরের গ্যালারিগুলোতে নবাব আমলের আসবাবপত্র, ব্যবহার্য সামগ্রী, আলোকচিত্র ও নানা ঐতিহাসিক নিদর্শন সযত্নে সংরক্ষণ করা হয়েছে। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্কুল-কলেজের শিক্ষার্থী, গবেষক ও ইতিহাসপ্রেমীরা এখানে আসেন বইয়ের পাতায় পড়া ইতিহাসকে বাস্তবের সঙ্গে মিলিয়ে দেখতে। ঐতিহ্যের এই স্থাপনাকে ঘিরে নানা আলোচনা-সমালোচনা থাকলেও আহসান মঞ্জিল আপন মহিমায় উজ্জ্বল। এর ঐতিহাসিক গুরুত্ব ও নান্দনিকতা অক্ষুণ্ন রাখতে সরকারের ধারাবাহিক সংরক্ষণ উদ্যোগের পাশাপাশি দর্শনার্থীদের শালীন ও দায়িত্বশীল আচরণও অপরিহার্য। তবেই নবাবদের এই গোলাপি প্রাসাদ আগামী প্রজন্মের কাছেও মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে।