× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বালুখেকোদের দৌরাত্ম্য: যাদুকাটার সর্বনাশ

রাসেল আহমদ, মধ্যনগর (সুনামগঞ্জ)

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬ ১১:১৯ এএম

আপডেট : ৩১ জুলাই ২০২৬ ১১:৩৮ এএম

যাদুকাটা নদীর পাড়ে বালুখেকোদের কোপ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

যাদুকাটা নদীর পাড়ে বালুখেকোদের কোপ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

যে গ্রামটি একসময় ভূমিহীন মানুষের মাথা গোঁজার ঠাঁই হিসেবে রাষ্ট্র গড়ে দিয়েছিল, তিন দশক পর সেই ঘাগটিয়া আদর্শ গ্রামই আজ যাদুকাটা নদীর ভাঙনের মুখে অস্তিত্ব সংকটে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বালুমহালকে ঘিরে গড়ে ওঠা একটি প্রভাবশালী চক্র ভয়ভীতি, হামলা ও বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করে মানুষকে নামমাত্র দামে বসতভিটা বিক্রি করতে বাধ্য করছে। এরপর রাতের আঁধারে ড্রেজার বসিয়ে নদী তীর কেটে বালু উত্তোলনের ফলে একের পর এক বাড়িঘর নদীগর্ভে বিলীন হচ্ছে।

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার এই গ্রামে সরেজমিন গিয়ে দেখা যায়, ভাঙনের আতঙ্কে বাসিন্দাদের জীবন কার্যত অনিশ্চয়তার মধ্যে আটকে আছে। স্থানীয়দের দাবি, ইতোমধ্যে অন্তত অর্ধশতাধিক বসতবাড়ি নদীতে বিলীন হয়েছে। অনেক পরিবার এলাকা ছেড়ে চলে গেছে। যারা এখনও আছেন, তারা প্রতিটি রাত কাটান নতুন ভাঙনের আশঙ্কায়।

১৯৯১-৯২ সালে আশ্রয়হীন ও ভূমিহীন মানুষের পুনর্বাসনের লক্ষ্যে যাদুকাটা নদীর তীরের সরকারি খাসজমিতে এই আদর্শ গ্রাম গড়ে তোলে তৎকালীন বিএনপি সরকার। ধীরে ধীরে সেখানে গড়ে ওঠে একটি জনপদ। কিন্তু বালু উত্তোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক বছরগুলোতে পরিস্থিতির দ্রুত অবনতি ঘটেছে বলে অভিযোগ বাসিন্দাদের। তবে এ বিষয়ে অনেকেই প্রকাশ্যে কথা বলতে অনিচ্ছুক। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বলেন, স্থানীয়ভাবে পরিচিত কথিত ‘কালা বাহিনী’র বিরুদ্ধে কথা বললে মারধর, প্রাণনাশের হুমকি কিংবা মামলার আশঙ্কা থাকে। অভিযোগ করেও প্রতিকার মেলে না বলে দাবি তাদের।

‘যেখানে আমার ঘর ছিল, সেখানে এখন নদী’ 

ষাটোর্ধ্ব আকাশ মিয়া এই আদর্শ গ্রামের প্রথম দিকের বাসিন্দাদের একজন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘গ্রাম রক্ষার জন্য বহুবার প্রতিবাদ করেছি। কোনো লাভ হয়নি। উল্টো মারধরের শিকার হয়েছি। মাত্র ১৫ দিন আগে ড্রেজার দিয়ে আমার বসতভিটার সামনে থেকে মাটি কাটায় আমার ঘরটি নদীতে বিলীন হয়ে গেছে। যেখানে আমার ঘর ছিল, সেখানে এখন শুধু নদী।’

তার অভিযোগ, প্রতিবাদ করার পর তাকে ও তার ছেলেকে মারধর করা হয়েছে। থানায় অভিযোগ করলেও উল্টো তাদের বিরুদ্ধেই মামলা হয় এবং তাকে কারাভোগ করতে হয়েছে। আকাশ মিয়ার স্ত্রী রাজেনা বেগম বলেন, পাশের একটি বসতভিটা বিক্রির পর সেখানে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন শুরু হয়। এরপর ধীরে ধীরে তাদের বাড়িও ভাঙনের মুখে পড়ে। ‘শেষ পর্যন্ত আর কোনো উপায় ছিল না। বাধ্য হয়ে আমরাও নামমাত্র মূল্যে ভিটেমাটি বিক্রি করেছি’। একই অভিজ্ঞতার কথা জানান গ্রামের বাসিন্দা জুয়েল। তার ভাষায়, ‘চারপাশের সবাই একে একে জমি বিক্রি করে দেওয়ার পর আমার সামনে আর কোনো পথ খোলা ছিল না। শেষ পর্যন্ত আমিও ভিটেমাটি বিক্রি করেছি। এখন সেখানে ড্রেজার চলছে।’

গ্রামের আরেক বাসিন্দা গোলাম কিবরিয়ার দাবি, বাজারে ১০ থেকে ১২ লাখ টাকা মূল্যের বসতভিটাও তিন থেকে চার লাখ টাকায় বিক্রি করতে বাধ্য হচ্ছেন অনেকে। তিনি অভিযোগ করেন, অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধনের উদ্যোগ নিলেও আগের রাতে হুমকি দেওয়ায় কর্মসূচি বাতিল করতে হয়।

অভিযোগের কেন্দ্রবিন্দুতে ‘কালা বাহিনী’

গ্রামবাসীর ভাষ্য অনুযায়ী, যাদুকাটা নদীকে ঘিরে একটি সংঘবদ্ধ প্রভাবশালী চক্র গড়ে উঠেছে, যাদের স্থানীয়ভাবে ‘কালা বাহিনী’ নামে ডাকা হয়। তাদের অভিযোগ, নদী তীর দখল, বসতভিটা কেনাবেচা এবং অবৈধ বালু উত্তোলনÑ সবকিছুই এই বলয়ের মাধ্যমেই পরিচালিত হচ্ছে। অভিযোগের বিষয়ে বাদাঘাট ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মোশাহিদ হোসেন রানু বলেন, কাউকে জোর করে জমি কিনে নেওয়ার অভিযোগ সঠিক নয়। তার ভাষ্য, নদী ভাঙনের ঝুঁকি বিবেচনায় অনেকেই নিজেরাই জমি বিক্রি করছেন। ‘শুধু আমি নই, আরও অনেকেই জমি কিনেছেন’।

গ্রামবাসীর অভিযোগ ও অভিযুক্ত ইউপি সদস্যের বক্তব্যে স্পষ্ট ভিন্নতা রয়েছে। এক পক্ষ বলছে, ভয়ভীতি ও চাপের কারণে মানুষ ভিটেমাটি ছেড়ে দিতে বাধ্য হয়েছে; অন্য পক্ষের দাবি, নদী ভাঙনের বাস্তবতায় জমির মালিকরা স্বেচ্ছায় জমি বিক্রি করেছেন। অভিযোগগুলোর সত্যতা নির্ধারণ এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের বিষয়।

হারিয়ে যাচ্ছে প্রাকৃতিক সুরক্ষা বলয়ও 

ঘাগটিয়া আদর্শ গ্রামের উত্তর-পশ্চিমে যাদুকাটা নদীর তীরে একসময় প্রায় ১১ বিঘা জুড়ে ছিল বিশাল একটি বাঁশঝাড়। স্থানীয়দের মতে, এটি শুধু একটি বাঁশবাগান ছিল না; নদী ভাঙনের বিরুদ্ধে প্রাকৃতিক সুরক্ষা বলয় হিসেবেও কাজ করত। এখন সেখানে বাঁশের কোনো অস্তিত্ব নেই।

বাঁশঝাড়ের মালিক মোশাহিদ হোসেন তালুকদার জানান, ভাঙনের আশঙ্কায় এক বছর আগে তিনি জমি বিক্রি করেন। স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, জমি বিক্রির পরপরই সেখানে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন শুরু হয়। তাদের আশঙ্কা, এভাবে নদী তীর কাটা অব্যাহত থাকলে আশপাশের আরও বসতি নদীগর্ভে বিলীন হবে।

এক গ্রামের নয়, পুরো নদী তীরের সংকট 

স্থানীয়দের অভিযোগ, শুধু ঘাগটিয়া নয়; যাদুকাটা নদীর তীরবর্তী লাউড়েরগড়, ডালারপাড়, রাজারগাঁও, বিন্নাকুলি, জালরটেক, গরকাটি, ঘাগড়া, মানিগাঁও ও নোয়াপাড়াসহ একাধিক জনপদ একই ঝুঁকির মুখে রয়েছে। নদী তীর কেটে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে বসতভিটা, কৃষিজমি, মসজিদ, কবরস্থান এবং বিভিন্ন স্থাপনা হুমকির মুখে পড়ছে বলে অভিযোগ স্থানীয়দের।

‘আমরা হাওরবাসী’ সংগঠনের তথ্য ও গবেষণা বিষয়ক সমন্বয়ক ফেরদৌস আলম বলেন, ‘এটি শুধু নদী ভাঙনের সমস্যা নয়; এটি পরিবেশ, জীবিকা ও মানবাধিকারেরও প্রশ্ন।’ তিনি যাদুকাটা নদীর তীরবর্তী এলাকাকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষণা এবং পরিবেশসম্মত বালু ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

অবৈধ বালু উত্তোলনের প্রভাব পড়েছে দেশের অন্যতম বৃহৎ শিমুল বাগানেও। সরেজমিন দেখা যায়, বাগানের সামনের বিস্তীর্ণ এলাকা কেটে নেওয়ায় ভূমিধসের ঝুঁকি তৈরি হয়েছে। স্থানীয়দের আশঙ্কা, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে এই প্রাকৃতিক ও পর্যটন ঐতিহ্যও মারাত্মক হুমকির মুখে পড়বে।

পাঁচ হাজার কোটি টাকার ক্ষতির অভিযোগ

২০২৪ সালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানের কাছে দেওয়া এক আবেদনে অভিযোগ করা হয়, যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহালকে ঘিরে রাজস্ব অনিয়ম, জমি কেনাবেচা, চাঁদাবাজি ও অন্যান্য অনিয়মের মাধ্যমে সরকার ও জনগণের প্রায় পাঁচ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে দুদকের কোনো তদন্ত প্রতিবেদন এখনও প্রকাশিত হয়নি। ফলে অভিযোগগুলোর সত্যতা সরকারি পর্যায়ে নিশ্চিত হয়নি।

ইজারাদার ও প্রশাসনের বক্তব্য

যাদুকাটা বালুমহাল-২-এর ইজারাদার শাহ রুবেল বলেন, তারা অনুমোদিত সীমানার মধ্যেই বালু উত্তোলন করছেন। নদী তীর রক্ষায় জেলা প্রশাসনের কাছে একাধিক আবেদন করা হয়েছে এবং এলাকায় পুলিশ ক্যাম্প স্থাপনের প্রস্তাবও দেওয়া হয়েছে। বালুমহাল-১-এর ইজারাদার নাছির মিয়াও একই ধরনের বক্তব্য দেন।

সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন বলেন, অভিযোগ রয়েছেÑ অনেক ক্ষেত্রে ইজারাদাররা নিজেরা বালু উত্তোলন না করে অন্যদের মাধ্যমে টোল আদায় করছেন। এসব ব্যক্তি ইজারার সীমানার বাইরে এবং অনেক সময় রাতের বেলায় নদী তীর কেটে বালু উত্তোলন করছেন বলেও অভিযোগ রয়েছে। তিনি অবৈধ ড্রেজার, বালু মজুদ ও নিয়মবহির্ভূত উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, বালুমহাল সংক্রান্ত একটি মামলা উচ্চ আদালতে বিচারাধীন থাকায় প্রশাসনিক কিছু সীমাবদ্ধতা রয়েছে। তবে অবৈধ বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালত, টাস্কফোর্স অভিযান এবং এলাকায় স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক আবেদনে যাদুকাটা নদীর তীরবর্তী গ্রাম এবং শিমুল বাগান রক্ষায় নৌ পুলিশের টহল জোরদার ও প্রয়োজনে কোস্ট গার্ড মোতায়েনের প্রস্তাব দিয়েছেন।

রাষ্ট্রের পুনর্বাসন নীতিরও পরীক্ষা 

ঘাগটিয়া আদর্শ গ্রামের সংকট শুধু একটি গ্রামের ভাঙনের গল্প নয়। এটি রাষ্ট্রের পুনর্বাসন কর্মসূচি, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা, পরিবেশ সুরক্ষা এবং আইন শাসনের কার্যকারিতা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেছে।

একদিকে রাষ্ট্রের উদ্যোগে গড়ে ওঠা পুনর্বাসন গ্রাম, অন্যদিকে সেই গ্রামের মানুষই আবার বাস্তুচ্যুত হওয়ার অভিযোগ তুলছেন। একই সঙ্গে অবৈধ বালু উত্তোলন, নদী তীর ধস এবং পরিবেশগত ক্ষয়ক্ষতি নিয়ে স্থানীয়দের উদ্বেগও বাড়ছে।

এই প্রতিবেদনে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য নেওয়া হয়েছে এবং প্রশাসনের অবস্থানও তুলে ধরা হয়েছে। এখন অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা এবং ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব।

যাদুকাটা শুধু বালুর উৎস নয়; এটি একটি জীবন্ত নদী, যার সঙ্গে জড়িয়ে আছে মানুষের বসতি, কৃষি জীবিকা, পরিবেশ এবং রাষ্ট্রের বিনিয়োগ। নদী রক্ষা মানে শুধু একটি নদী নয়Ñ একটি জনপদ, একটি পুনর্বাসন প্রকল্প এবং ভবিষ্যৎ প্রজন্মের অধিকারও রক্ষা করা।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা