× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অলৌকিক গল্প ও ঐতিহ্যের স্মারক বিবিচিনি মসজিদ

সাইদুল ইসলাম মন্টু, বেতাগী (বরগুনা)

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬ ১০:৪৯ এএম

আপডেট : ৩১ জুলাই ২০২৬ ১৫:২৯ পিএম

ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নদী-সাগর বেষ্টিত দেশের সর্বদক্ষিণের উপকূলীয় জেলা বরগুনা। ঐতিহ্যবাহী এ জনপদে রয়েছে প্রায় সাড়ে তিনশ বছরের পুরনো বিবিচিনি শাহী মসজিদ। মসজিদটির স্থাপত্য রীতিতে রয়েছে মোগল ভাবধারার ছাপ। বরগুনার বেতাগী উপজেলা সদর থেকে ১০ কিলোমিটার দূরে বিবিচিনি ইউনিয়নে এই মসজিদ অবস্থিত। দিগন্তজুড়ে সবুজের বর্ণিল আতিথেয়তায় উদ্ভাসিত ভিন্ন এক ভৌগোলিক বৈশিষ্ট্যে উঁচু টিলার ওপর মাথা তুলে দাঁড়িয়ে আছে মসজিদটি। কথিত আছে, এই মসজিদ ঘিরেই উপকূলীয় বাংলায় শুরু হয় ইসলামের প্রচার। কয়েকশ বছরের পুরনো এই স্থাপনা আকারে বড় না হলেও শৈলীতে বেশ রাজসিক। এই মসজিদ ঘিরে রয়েছে অনেক অলৌকিক গল্প।

স্থানীয়রা জানান, বছরজুড়ে ঐতিহাসিক বিবিচিনি মসজিদটি দেখতে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিবার-পরিজন নিয়ে ছুটে আসেন পর্যটক ও দর্শনার্থীরা। প্রায় ৩৫০ বছরের পুরনো এই মসজিদের স্থাপত্যশৈলী রাজসিক হওয়ায় তা দেখে মুগ্ধ হন সবাই। মসজিদটি প্রায় ৪০ ফুট সুউচ্চ টিলার ওপর অবস্থিত। বর্গাকার এ স্থাপনার দৈর্ঘ্য ও প্রস্থ ৪০ ফুট করে। দেয়ালগুলো ছয় ফুট চওড়া। উত্তর ও দক্ষিণ পাশে রয়েছে খিলানাকৃতির প্রবেশপথ। ইটগুলো ধূসর বর্ণের। দর্শনার্থী ও নামাজিদের ওঠানামার জন্য এর দক্ষিণ ও পূর্ব পাশে রয়েছে সিঁড়ি। 

ইতিহাস ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, ষোড়শ শতকের মাঝামাঝি সম্রাট শাহজাহানের আমলে শাহ নেয়ামতুল্লাহ নামের এক সাধক পারস্য থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে দিল্লি আসেন। ওই সময় শাহজাহানের দ্বিতীয় ছেলে বাংলার সুবাদার শাহ সুজা তার শিষ্যত্ব গ্রহণ করেন। ১৬৫৯ খ্রিস্টাব্দের শেষের দিকে ইসলাম প্রচারের জন্য শাহ নেয়ামতুল্লাহ তার শিষ্যসহ বজরায় চড়ে গঙ্গা অতিক্রম করে বিষখালী নদীতে নোঙর করেন। তখন শাহ সুজার অনুরোধে গ্রামে এক গম্বুজবিশিষ্ট একটি মসজিদ তৈরি করা হয়। পরে নেয়ামতুল্লাহর কন্যা চিনিবিবি ও ইছাবিবির নাম মিলিয়ে গ্রামের নাম রাখা হয় বিবিচিনি। মসজিদটির নামও সেখান থেকে নেওয়া।

আরও জানা যায়, ওই সময় বিষখালী নদীর পানি ছিল লবণাক্ত। ফলে সুপেয় পানির ছিল বড় অভাব। এতে এলাকার মানুষের কষ্ট হতো। শাহ নেয়ামতুল্লাহ এটি অনুভব করেন এবং তার তসবিহটি বিষখালী নদীতে ধুয়ে দেন। অলৌকিকভাবে এতে এখানকার পানি সুপেয় হয়ে যায়। আজও সেই পানি তেমনই রয়েছে। তাছাড়াও সে সময় সুন্দরবন সংলগ্ন বিষখালীতে ভয়ংকর কুমিরের আনাগোনা ছিল। কিন্তু শাহ নেয়ামতুল্লাহ আসার পর থেকে নাকি বিবিচিনির ধারেকাছেও কোনো কুমির আসত না। এসব নানা গল্প এখনও স্থানীয়দের মুখে মুখে।

মসজিদের ইমাম মাওলানা আব্দুল মান্নান বলেন, বিভিন্ন প্রান্তের অগণিত দর্শনার্থী এখানে এসে নামাজ আদায় করেন। টাকা-পয়সাও দান করেন। জুমার নামাজেও অনেক মুসল্লি আসেন।

১৯৯২ সালে প্রত্নতত্ত্ব বিভাগ এটির রক্ষণাবেক্ষণ ও সংস্কারের দায়িত্ব নেয় এবং ঐতিহাসিক নিদর্শন হিসেবে তালিকাভুক্ত করে। বর্তমানে এর একটি সিঁড়ি ভেঙে গেছে। দ্রুত তা নির্মাণের দাবি স্থানীয়দের।

বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ. সাদ্দাম হোসেন বলেন, বিবিচিনি মসজিদ জেলার অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র। সব শ্রেণি-পেশার মানুষের কাছে এটি অন্যরকম অনুভূতির এক জায়গা। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা