তারাচরণ টিপু, চট্টগ্রাম
প্রকাশ : ৩০ জুলাই ২০২৬ ১২:৫৬ পিএম
আপডেট : ৩০ জুলাই ২০২৬ ১৩:০৬ পিএম
গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
২০২৬-২৭ অর্থবছরেও বিপুল পরিমাণ উৎপাদিত পানির বিল আদায় করতে পারছে না চট্টগ্রাম ওয়াসা। সংস্থাটির বাজেট প্রতিবেদনে দেখা গেছে, উৎপাদিত ও বিতরণ করা পানির প্রায় এক-চতুর্থাংশই ‘নন-রেভিনিউ ওয়াটার’ বা সিস্টেম লস হিসেবে ধরা হয়েছে। এর আর্থিক মূল্য প্রায় ৭৭ কোটি ৬১ লাখ টাকা। যদিও বছরের পর বছর সিস্টেম লস কমানোর প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, বাস্তবে তা উল্লেখযোগ্যভাবে কমেনি। দুই অর্থবছর মিলিয়ে বিল না হওয়ায় ওয়াসার রাজস্ব ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ১৬৭ কোটি ২৮ লাখ ৬৬ হাজার টাকা।
বাজেট অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে চট্টগ্রাম ওয়াসার ছয়টি পানি শোধনাগার থেকে ২ লাখ ৭৫০ মেগালিটার পানি উৎপাদন ও সরবরাহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে বিল করা হবে ১ লাখ ৬০ হাজার ৬০ মেগালিটার পানির। বাকি ৪০ হাজার ১৫ মেগালিটার, অর্থাৎ প্রায় ৪ হাজার ১৫ কোটি লিটার পানির কোনো রাজস্ব আনবে না। এই পরিমাণ পানিকেই সিস্টেম লস হিসেবে ধরা হয়েছে।
বাজেট বিশ্লেষণে দেখা যায়, ২০২৫-২৬ অর্থবছরে উৎপাদিত ২ লাখ ৭৫০ মেগালিটার পানির মধ্যে ৪৮ হাজার ১৮০ মেগালিটার পানির বিল করা সম্ভব হয়নি। এতে প্রায় ৮৬ কোটি ৭২ লাখ ৪০ হাজার টাকার রাজস্ব হারিয়েছে সংস্থাটি। এর আগের ২০২৪-২৫ অর্থবছরে উৎপাদিত ১ লাখ ৭১ হাজার ৯৬০ মেগালিটার পানির মধ্যে ৪৪ হাজার ৮১০ মেগালিটার পানির বিল হয়নি। শুধু আবাসিক গ্রাহক হিসাবেই এর আর্থিক মূল্য ছিল ৮০ কোটি ৫৬ লাখ ২৬ হাজার টাকা।
কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহ-সভাপতি এসএম নাজের হোসাইন বলেন, বিলের বাইরে থাকা পানি মূলত ব্যবস্থাপনার দুর্বলতার প্রতিফলন। পানি চুরি, পাইপ লাইনের লিকেজ দ্রুত মেরামত না করা এবং পরিকল্পনাহীনভাবে নতুন পাইপলাইন স্থাপনের কারণে বছরের পর বছর সিস্টেম লস কমছে না। প্রতিটি বোর্ডই লস কমানোর প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু বাস্তবায়ন হয়নি। এর ভোগান্তি শেষ পর্যন্ত সাধারণ মানুষকেই পোহাতে হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক চট্টগ্রাম ওয়াসার দুই কর্মচারী জানান, সিস্টেম লস দেখিয়ে পানি বিক্রি করে থাকে মিটার রিডারদের একটি অসাধু চক্র। তারা গোপনে পানি বিক্রি করে নিজেদের পকেট ভর্তি করে। যার ভাগ মিটার রিডার থেকে ওয়াসার ঊর্ধ্বতন কর্মকর্তারাও পান। সিস্টেম লস ঠেকানো গেলে বছরের অন্তত ১০০ কোটি টাকা ওয়াসা রাজস্ব বাড়বে। তাই সিস্টেম লসের নামে চুরি করে পানি বিক্রি ঠেকানো খুব জরুরি।
বাজেট প্রতিবেদনে বলা হয়েছে, নতুন পানি সরবরাহ প্রকল্পগুলোতে পানির চাপ বৃদ্ধি পাওয়ায় পাইপলাইনে লিকেজ বেড়েছে। ফলে নন-রেভিনিউ ওয়াটারের হার ২২ শতাংশ থেকে বেড়ে ২৫ শতাংশে উন্নীত হতে পারে। এ হার কমাতে টেলিমিটারিং পদ্ধতি চালু, সরবরাহ নেটওয়ার্ককে ডিস্ট্রিক্ট মিটারিং এরিয়া (ডিএমএ) ভিত্তিক ভাগ করা এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় সিসি ক্যামেরা স্থাপনের পরিকল্পনার কথা বলা হয়েছে।
ওয়াসার তথ্য অনুযায়ী, সংস্থাটির মোট পাইপলাইনের দৈর্ঘ্য ৯৬২ কিলোমিটার। চলতি অর্থবছরে পারিবারিক পানির সংযোগ রয়েছে ৯২ হাজার ২৭২টি এবং বাণিজ্যিক সংযোগ ৯ হাজার ২১০টি। তবে এখনও ১০১টি পানির সংযোগ মিটারের বাইরে রয়েছে, যা রাজস্ব আদায়ে প্রশ্ন তৈরি করছে।
ওয়াসার কর্মকর্তাদের মতে, পানি চুরি, অবৈধ সংযোগ, মিটার পরিদর্শকদের কারসাজি, পাইপলাইনের ছিদ্র এবং রাস্তার কল থেকে পানির অপচয়ের কারণেই সিস্টেম লস বেশি হচ্ছে। এসব নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও কাঙ্ক্ষিত ফল আসেনি।
রাজস্ব ক্ষতির বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম ওয়াসার প্রধান রাজস্ব কর্মকর্তা রুমন দে বলেন, সিস্টেম লসের অন্যতম প্রধান কারণ পাইপলাইনের লিকেজ। লিকেজ মেরামতে আমাদের টিম কাজ করছে। অচল মিটারগুলোকে দ্রুত পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। পানি চুরির বিষয়ে তিনি বলেন, আমরা এখনও এমন কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নিব।
চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম বলেন, প্রতিটি সভাতেই সিস্টেম লস কমানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। পানি চুরি রোধে মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দেওয়া হয়েছে। পাইপলাইনের লিকেজ প্রায় ২ শতাংশে নামিয়ে আনার চেষ্টা চলছে। তবে পুরনো ও ত্রুটিপূর্ণ পাইপলাইনের কারণে এখনও সিস্টেম লস পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না।