× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংরক্ষিত বনে ফাঁদের ভয়

ওবাইদুল আকবর রুবেল, ফটিকছড়ি (চট্টগ্রাম)

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬ ১১:৫৫ এএম

ফটিকছড়ির হাজারিখিল বন্য প্রাণী অভয়ারণ্য। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফটিকছড়ির হাজারিখিল বন্য প্রাণী অভয়ারণ্য। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

হাজারিখিল বন্য প্রাণী অভয়ারণ্য যেন ফাঁদের ভয় ও আতঙ্কের বনে পরিণত হয়েছে। রাত গভীর হলেই ঘুমন্ত প্রাণী শিকারির লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। পশুর মাংস নিয়ে চলছে বাণিজ্য। মাংসের ভাগাভাগি নিয়ে ঘটছে নৃশংস ঘটনাও। সংরক্ষিত বন কি এভাবেই অরক্ষিত হয়ে পড়বেÑ এ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বন্য প্রেমী ও প্রাণিবিদদের মনে।

চট্টগ্রাম উত্তর বন বিভাগের হাজারিখিল বন্য প্রাণী অভয়ারণ্য ১,১৭৭ হেক্টর বিস্তৃত পাহাড়ি বনাঞ্চল। এ বনাঞ্চলকে ২০১০ সালের ৬ এপ্রিল সরকার আনুষ্ঠানিকভাবে বন্য প্রাণী অভয়ারণ্য ঘোষণা করে। জীববৈচিত্র্য, দুর্লভ পাখি ও মহাবিপন্ন বনরুইয়ের আবাসস্থল হিসেবে অভয়ারণ্যটি বিশেষ গুরুত্ব বহন করে। চিরসবুজ এ বনাঞ্চলে মায়া হরিণ, মেছো বাঘ, বিপন্ন কাঠময়ূরসহ নানা প্রজাতির প্রাণী বাস করে। এছাড়াও এটি প্রায় ১২৩ প্রজাতির পাখির নিরাপদ আবাসস্থল।

বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী, অভয়ারণ্যের ভেতরে যেকোনো ধরনের প্রাণী শিকার, আটক কিংবা ক্ষতিসাধন সম্পূর্ণ নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ। কিন্তু আইন থাকলেও গত ৫ মাসে এ অরণ্যে আশঙ্কাজনকভাবে বেড়েছে পাখি ও প্রাণী শিকার। প্রতিদিনই একদল শিকারি বন্দুক ও বিভিন্ন ধরনের ফাঁদ ব্যবহার করে নির্বিচারে প্রাণী শিকার করছে। 

অভয়ারণ্যের পাশে বারোমাসিয়া ও সুজানগর চা বাগান এলাকা থেকে একের পর এক দেশীয় একনলা বন্দুক উদ্ধার ও শিকারি আটকের ঘটনায় সামনে এসেছে বনাঞ্চলে সক্রিয় বন্য প্রাণী শিকার ও মাংস পাচার চক্রের বিস্তৃত নেটওয়ার্ক। স্থানীয়দের অভিযোগÑ সংরক্ষিত বনাঞ্চলে হরিণ, বন্য শূকরসহ বিভিন্ন প্রাণী শিকার করে গোপনে মাংস বিক্রি করছে দুর্বৃত্তরা।

একসময় পাখির ডাক ও বন্য প্রাণীর বিচরণে মুখর থাকা হাজারিখিল অভয়ারণ্য এখন অনেকটাই শিকারিদের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে। 

চট্টগ্রাম উত্তর বন বিভাগের হাজারিখিল রেঞ্জ অফিস ও ভূজপুর থানা সূত্রে জানা যায়, গত পাঁচ মাসে এ বনাঞ্চল থেকে ১৭টি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার হয়েছে। এর মধ্যে চলতি বছরের ২০ জানুয়ারি বারোমাসিয়া চা বাগানের টি কে সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জঙ্গল থেকে শিকারিদের ফেলে যাওয়া দুটি বস্তা উদ্ধার করা হয়। পরে সেখান থেকে দেশে তৈরি ৯টি একনলা বন্দুক জব্দ করে পুলিশ।

সর্বশেষ ২১ মে সুজানগর চা বাগান এলাকা থেকে স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় পরিত্যক্ত অবস্থায় আরও দেশীয় পাঁচটি বন্দুক উদ্ধার করে পুলিশ। এর আগে ৭ মে সংরক্ষিত বনের ভেতর থেকে একটি দেশীয় একনলা বন্দুক উদ্ধার করে বন বিভাগের টহল দল। পরে উদ্ধার হওয়া বন্দুকটি ভূজপুর থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় বন বিভাগ বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে একটি মামলা করেছে। এছাড়াও ১৬ মে রাতে একই চা বাগান এলাকায় অভিযান চালিয়ে সুমন ওরাঁও (৪০) নামের এক শিকারিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দেশীয় একনলা বন্দুক উদ্ধার করা হয়। স্থানীয় ইউপি সদস্য করিম মঈনু ও গ্রামপুলিশ সদস্যদের অংশগ্রহণে পরিচালিত এ অভিযানের পর তাকে ভূজপুর থানায় হস্তান্তর করা হয়। 

২০২৩ সালের ২১ জুন বন্য প্রাণী শিকারের সময় বন্দুকের গুলিতে সঞ্জয় তুরি (২৭) নামের এক তরুণ নিহত হন। হারুয়ালছড়ি ইউনিয়নের সুজানগর কুটকুটিঘোনা গ্রামের পাহাড়চূড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, ওই রাতে সংঘবদ্ধ শিকারি দলের সঙ্গে বনাঞ্চলে প্রবেশ করেছিলেন সঞ্জয়।

ঘটনার পর নিহতের মা মাদুরী তুরি বাদী হয়ে ভূজপুর থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় মুহাম্মদ নাসিরের নাম উল্লেখসহ সাত থেকে আটজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। 

স্থানীয়দের মতে, এ ঘটনা শুধু একটি হত্যাকাণ্ড নয়; বরং হাজারিখিল বনাঞ্চলে দীর্ঘদিন ধরে সক্রিয় শিকারি চক্রের ভয়ংকর ও সংঘবদ্ধ তৎপরতারই একটি উদাহরণ।

এসব ঘটনায় হাজারিখিল বনাঞ্চলে সংঘবদ্ধ শিকারি চক্রের সক্রিয় উপস্থিতির বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠেছে। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মঞ্জুরুল কিবরিয়া বলেন, ‘হাজারিখিল বনাঞ্চল জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। এটি বিভিন্ন প্রজাতির প্রাণী, পাখি ও উদ্ভিদের আবাসস্থল। এ ধরনের এলাকায় বন্দুক উদ্ধারের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং এটি বন্য প্রাণীর জন্য মারাত্মক হুমকির বার্তা বহন করে।’

তিনি বলেন, লাইসেন্সধারী কারও অস্ত্র বন্য প্রাণী নিধনে ব্যবহারের প্রমাণ পাওয়া গেলে তার লাইসেন্স বাতিল করতে হবে। একই সঙ্গে নতুন অস্ত্রের লাইসেন্স ইস্যু বন্ধ রাখা ও অবৈধ সব অস্ত্র উদ্ধার করে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

হাজারিখিল রেঞ্জ কর্মকর্তা শিকদার আতিকুর রহমান বলেন, ‘বন বিভাগের দায়িত্বপূর্ণ এলাকাগুলোতে নিয়মিত পাহারা ও টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তবে যেসব বন্দুক উদ্ধার হচ্ছে, তার বেশিরভাগই পাশের চা বাগান এলাকা থেকে। চা বাগানের ভেতরে বন বিভাগের সরাসরি নজরদারি বা পাহারা দেওয়ার সুযোগ সীমিত।’

ভূজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে বলেন, ‘হাজারিখিল অভয়ারণ্যের আশপাশ এলাকা বারোমাসিয়া ও সুজানগর চা বাগান থেকে এ পর্যন্ত ১৭টি বন্দুক উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় চারটি মামলা ও একজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা