গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
ডা. লিপিকা দাস। একটি হাসপাতালে নিয়মিত সরকারি চিকিৎসক হিসেবে কাজ করেন তিনি। কিন্তু পাসপোর্টে সরকারি চাকরির তথ্য গোপন করে নিজেকে বেসরকারি চাকরিজীবী উল্লেখ করেছেন। নিয়েছেন নীল রঙের পাসপোর্টের পরিবর্তে সবুজ রঙের সাধারণ পাসপোর্ট। গত ৭ জুলাই প্রাথমিক তদন্তে এমন তথ্য পেয়েছে পাসপোর্ট অধিদপ্তর। শুধু লিপিকা দাসই নয়, অনেক সরকারি কর্মকর্তাই পেশাগত তথ্য আড়াল করে এভাবে সাধারণ পাসপোর্ট নেন বলে তদন্তে উঠে আসছে।
এর আগে পুলিশের অনেক কর্মকর্তার বিরুদ্ধেও তথ্য গোপন করে পাসপোর্ট নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অনেকের মতে, বিদেশ সফরের তথ্য সরকারের কাছে গোপন করার পাশাপাশি দাপ্তরিক প্রক্রিয়ার ঝামেলা এড়াতে সরকারি কর্মকর্তারা এ অপকৌশল নিচ্ছেন। এ পরিস্থিতিতে পাসপোর্ট অধিদপ্তরকে তথ্য যাচাইয়ের ক্ষেত্রে সতর্ক হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট মহলকেও বিষয়টি জানানো হয়েছে।
তদন্ত সংশ্লিষ্টরা জানান, সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে একজন নিয়মিত সরকারি চিকিৎসক (গাইনি সার্জন) হয়েও নিজেকে বেসরকারি চাকরিজীবী উল্লেখ করে পাসপোর্ট সংগ্রহ করেন লিপিকা দাস। এ সংক্রান্ত সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু হয়। তদন্তে দেখা যায়, ডা. লিপিকা দাসের পাসপোর্টটি সিলেট থেকে ইস্যু করা হয়েছে। যে পাসপোর্ট ব্যবহার করে তিনি দেশের বাইরে গিয়েছেন, সেই পাসপোর্ট নম্বরের তথ্যে উনার পেশা গোপন করা হয়েছে। এ ধরনের তথ্য প্রমাণিত হলে তা পাসপোর্ট আইন-১৯৭৩ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হতে পারে। একই আইনে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য দেওয়া বা গুরুত্বপূর্ণ তথ্য (যেমন-পেশা, জাতীয়তা, দ্বৈত নাগরিকত্ব কিংবা ফৌজদারি অপরাধের ইতিহাস) গোপন করাও শাস্তিযোগ্য অপরাধ।
সুনামগঞ্জ পাসপোর্ট অফিসের উপ-পরিচালক মো. জাহিদুল ইসলাম মামুন (সহকারী পরিচালক) বলেন, ‘পেশাগত তথ্যের জায়গায় চিকিৎসক উল্লেখ করলেও ডা. লিপিকা দাস সরকারি চাকরির তথ্যটি গোপন করেছেন। নিয়েছেন নীল রঙের পাসপোর্ট।’
এ বিষয়ে বক্তব্য জানার জন্যে লিপিকা দাসের সঙ্গে যোগাযোগ করা হয়। তখন তিনি বলেন, ‘বিষয়টি আমি অফিসিয়ালি ফেইস করব। একটু ঝামেলায় আছি। এর বেশি আমি কোনো মন্তব্য করতে চাই না।’
পাসপোর্ট অধিদপ্তরের একাধিক কর্মকর্তা জানান, ২০২৫ সালের ১৮ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাসপোর্ট প্রদানে পুলিশ ভেরিফিকেশন বাতিল করে পরিপত্র জারি করে। এর ফলে সাধারণ নাগরিকের পাসপোর্ট প্রাপ্তি সহজ হলেও সরকারি চাকরিজীবীদের তথ্য যাচাইয়ের কার্যকর একটি স্তর প্রায় বিলুপ্ত হয়ে যায়। বর্তমানে আবেদনকারীর দেওয়া তথ্যের ওপরই অনেকাংশে নির্ভর করতে হচ্ছে। জাতীয় পরিচয়পত্রে এখনও পেশার তথ্য হালনাগাদ নয়। ফলে কেউ যদি ইচ্ছাকৃতভাবে নিজের পেশাগত পরিচয় গোপন করেন, তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করার সুযোগ সীমিত। বর্তমানে জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন এবং অন্যান্য মৌলিক তথ্যের সঙ্গে পাসপোর্ট আবেদন যাচাই করা হলেও সরকারি চাকরিজীবীদের জন্য কেন্দ্রীয় ডিজিটাল ডাটাবেজের সঙ্গে স্বয়ংক্রিয় তথ্য মিলিয়ে দেখার ব্যবস্থা নেই। ফলে আবেদনকারী নিজে তথ্য গোপন করলে তা শনাক্ত করা অনেক ক্ষেত্রে সম্ভব হয় না।
অবশ্য পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন ব্যবস্থা চালু থাকা অবস্থাতেও সরকারি চাকরিজীবীদের পেশাগত তথ্য গোপন করে সাধারণ পাসপোর্ট নেয়ার নজির রয়েছে। ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফী নিজেকে সাধারণ নাগরিক হিসেবে পরিচয় দেখিয়ে জাল নথির মাধ্যমে ২০২৪ সালের ১৫ আগস্ট থেকে ২৩ আগস্টের মধ্যে আগারগাঁও পাসপোর্ট অফিস থেকে পরপর তিনটি পৃথক পাসপোর্ট সংগ্রহ করেন। পরে গত ২ সেপ্টেম্বর আব্দুল্লাহিল কাফি নির্বিঘ্নে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু ইমিগ্রেশনে আটকে যান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশত্যাগের সময় তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর আশুলিয়া ও হাজারীবাগ থানার বিভিন্ন মামলায় তাকে কয়েক দফায় রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। একইভাবে চাকরিচ্যুত পুলিশ কর্মকর্তা বেনজীর আহমেদ, হারুন অর রশিদসহ আরও কয়েকজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধেও পেশাগত পরিচয় গোপন করে সাধারণ পাসপোর্ট নেওয়ার অভিযোগ রয়েছে।
পেশাগত পরিচয় গোপন করে পাসপোর্ট নেয়ার বিষয়টি শুধু প্রশাসনিক নয়, জাতীয় নিরাপত্তার সঙ্গেও সম্পর্কিত বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে, সংবেদনশীল দায়িত্বে থাকা কোনো কর্মকর্তা নিজের সরকারি পরিচয় গোপন করে বিদেশ ভ্রমণ করলে তার ভ্রমণ-সংক্রান্ত রেকর্ড যথাযথভাবে সংরক্ষিত নাও হতে পারে। ভবিষ্যতে প্রয়োজন হলে সেই তথ্য যাচাইয়েও জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে মানবসম্পদ ব্যবস্থাপনা, জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ এবং বিভিন্ন সংস্থার বিদ্যমান তথ্যভান্ডারের সঙ্গে ই-পাসপোর্ট সিস্টেম সংযুক্ত করা গেলে এ ধরনের অনিয়ম অনেকাংশে বন্ধ করা সম্ভব। আবেদনপত্রে মিথ্যা তথ্য দিলে তাৎক্ষণিকভাবে আবেদন স্থগিত এবং বিধি অনুযায়ী শাস্তির ব্যবস্থাও নিশ্চিত করা প্রয়োজন।
সাবেক উপদেষ্টা ও নিরাপত্তা বিশ্লেষক এম সাখাওয়াত হোসেন বলেন, ‘সরকারি চাকরিজীবী হয়েও পেশাগত পরিচয় গোপন করে সাধারণ পাসপোর্ট নেওয়া গুরুতর অনিয়মÑ যা প্রমাণিত হলে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। তবে এ সমস্যার জন্য শুধু পুলিশ ভেরিফিকেশন তুলে দেওয়াকে দায়ী করা যাবে না। কারণ পুলিশ ভেরিফিকেশন চালু থাকাকালেও বেনজীর আহমেদের মতো উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে পেশাগত তথ্য গোপন করে সাধারণ পাসপোর্ট নেওয়ার অভিযোগ ওঠেছে। যদিও তিনি অপরিচিত কেউ নন। এ থেকে পরিষ্কার, এ ধরনের অনিয়মের ক্ষেত্রে শুধু যাচাই ব্যবস্থার দুর্বলতা নয়, পাসপোর্ট অধিদপ্তরের এক শ্রেণির অসাধু কর্মকর্তার যোগসাজশও থাকতে পারে। এ ধরনের কাজ জাতীয় নিরাপত্তার জন্যও হুমকি। সরকারি চাকরিজীবীদের তথ্যভান্ডারের সঙ্গে ই-পাসপোর্ট সিস্টেম সমন্বয় করে স্বয়ংক্রিয় যাচাইয়ের ব্যবস্থা গড়ে তুলতে পারলে এ ধরনের অনিয়ম অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।
ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি-মানব সম্পদ ব্যবস্থাপনা ও অর্থ) এটিএম আবু আসাদ বলেন, ‘পুলিশ ভেরিফিকেশন ব্যবস্থা প্রত্যাহারের পর পেশাগত পরিচয় গোপন করে সরকারি চাকরিজীবীদের সাধারণ পাসপোর্ট নেয়ার সুযোগ তৈরি হয়েছে। আমাদের জাতীয় পরিচয়পত্রে এখনও পেশা যুক্ত হয়নি। এ জন্য আবেদনকারীদের পেশা যাচাই করা যায় না। আমরা বিষয়টি চিহ্নিত করে মন্ত্রণালয়কে জানিয়েছি। আইবাসে সরকারি চাকরিজীবীদের তথ্য থাকে। এই সিস্টেমে আমাদের প্রবেশাধিকার দেয়া হলে সরকারি চাকরিজীবীদের পেশাগত পরিচয়ের বিষয়টি যাচাই করা যাবে।’