নুর মোহাম্মদ মিঠু ও আল আমিন, ঢামেক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৬ ১০:১৯ এএম
গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
সোমবার সকালের ঘটনা। হঠাৎই খবর পাওয়া গেল, দুজন অজ্ঞাত নারীর মরদেহ পড়ে আছে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের পাশের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারের (ওসেক) পেছনে। হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার আইয়ুব আলী বলছিলেন, ‘সকাল ১০টার দিকে খবর পেয়ে সেখানে গেলাম। দেখলাম, দুজন নারী পড়ে আছেন। পোশাক আর চেহারা দেখে মনে হয় ভবঘুরে প্রকৃতির। পুলিশ ক্যাম্পে খবর দেওয়া হলো। তারা আসার পর ওই দুই নারীকে জরুরি বিভাগে নেওয়া হলো। চিকিৎসক পরীক্ষা করে জানালেন, তারা মারা গেছেন।’
এই দুই নারীর পরিচয় এখনও জানা সম্ভব হয়নি। ঢামেক হাসপাতালে এমন অনেককেই মৃত অবস্থায় আনা হয় কিংবা এমন অনেকেই চিকিৎসার জন্য এসে মারা যান, যাদের পরিচয় কখনোই আর জানা যায় না। সত্যি বলতে দেশের সবচেয়ে বড় এই সরকারি হাসপাতাল স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান হয়ে ওঠার পাশাপাশি পরিচয়হীন অনেক মানুষের শেষ ঠিকানা হয়ে উঠেছে। হত্যার শিকার মরদেহ এনে এখানে ফেলে যাওয়া হয়। অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে পরিচয়হীন অবস্থায় মৃত কিংবা সড়ক ও রেল দুর্ঘটনায় নিহত ব্যক্তিকেও নিয়ে আসা হয় এখানে। অনেকে আবার হাসপাতালে ভর্তি করানোর কথা বলে মুমূর্ষু রোগীকে রেখে পালিয়ে যায়; মৃত্যুর পর যার পরিচয় মেলে না। একের পর এক এমন অজ্ঞাত রোগী ও বেওয়ারিশ মরদেহের ভার বইতে গিয়ে কার্যত দেশের সবচেয়ে বড় এই হাসপাতাল একই সঙ্গে ‘বেওয়ারিশ লাশের ডাম্পিং স্টেশন’ হয়ে উঠেছে।
প্রতিদিন গড়ে অন্তত একটি অজ্ঞাত মরদেহ
অনুসন্ধান থেকে জানা গেছে, শুধু চলতি মাসের ২ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত ২৫ দিনেই এ হাসপাতালের জরুরি বিভাগে এসেছে অন্তত ২৫টিরও বেশি অজ্ঞাত মরদেহ। একই সময় জীবিত কিন্তু মুমূর্ষু কয়েকজন পরিচয়হীন রোগীকে হাসপাতালে ফেলে উধাও হয়েছেন সঙ্গে আসা লোকজন। একসময় এখানে অজ্ঞাত রোগীদের জন্য পৃথক ওয়ার্ড ছিল। কিন্তু এখন আর নেই। ফলে চিকিৎসা, পরিচয় শনাক্ত, নিরাপত্তা ও মরদেহ ব্যবস্থাপনাÑ সবই চলছে সীমিত জনবল, পুলিশি সমন্বয় ও বিচ্ছিন্ন ব্যবস্থাপনার ভিত্তিতে। এ অবস্থায় ভবঘুরে ও নিরাশ্রয় ব্যক্তিদের পুনর্বাসনে দায়িত্বপ্রাপ্ত সমাজসেবা অধিদপ্তরের কার্যকর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।
ঢামেক মর্গের রেজিস্ট্রার শাখার দায়িত্বপ্রাপ্ত সরদার আলম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘কোনো কোনো দিন ১০-১২টিও বেওয়ারিশ মরদেহ আসে। এর মধ্যে নারী, পুরুষ ও শিশুও থাকে। এক মাসের হিসাব তাৎক্ষণিকভাবে দেওয়া সম্ভব নয়।’ চলতি বছরের সাত মাসের পরিসংখ্যান জানতে চাইলে তিনি বলেন, ‘তথ্য প্রস্তুত করতে সময় লাগবে। তবে সোমবারই তিনটি বেওয়ারিশ মরদেহ মর্গে এসেছে।’
মর্গ-সংশ্লিষ্ট সূত্র জানায়, মাসে গড়ে ১২ থেকে ১৫টি অজ্ঞাত মরদেহ সংরক্ষণ করা হয়। সাধারণত এক সপ্তাহ পর্যন্ত পরিচয় শনাক্তের জন্য মরদেহ রাখা হয়। এরপরও পরিচয় না মিললে তা আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়। রাজধানীর বিভিন্ন সড়ক, ফুটপাত, পার্ক, বাসস্ট্যান্ড, রেললাইন কিংবা নির্জন এলাকা থেকে উদ্ধার করা এসব মরদেহের একটি অংশের শরীরে হত্যার আলামতও পাওয়া যায় বলে হাসপাতাল-সংশ্লিষ্ট সূত্রের দাবি।
জরুরি বিভাগে অজ্ঞাত রোগী ও মরদেহ
হাসপাতালের দায়িত্বশীল এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রায়ই দেখা যায়, কিছু ব্যক্তি অচেতন কোনো মানুষকে হাসপাতালে নিয়ে আসেন। বলেন, ‘টিকিট কেটে আসছি।’ কিন্তু এরপর আর তাদের খোঁজ মেলে না। এমন ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে শেষ পর্যন্ত অজ্ঞাতই রয়ে যান।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘অজ্ঞাত রোগী ও মরদেহের চিকিৎসা এবং ব্যবস্থাপনায় পুলিশও সহযোগিতা করে। বেশিরভাগ মরদেহ আসে রেল ও সড়ক দুর্ঘটনা, অজ্ঞান পার্টির খপ্পরে পড়া কিংবা অন্যান্য দুর্ঘটনায় মারা যাওয়া। মৃত বা অর্ধমৃত অবস্থায় আনা অজ্ঞাত ব্যক্তি মারা গেলে তাদের শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। পরে সিআইডি আঙুলের ছাপ ও ডিএনএ সংগ্রহ করে পরিচয় শনাক্তের চেষ্টা করে। পরিচয় না মিললে আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে দাফনের ব্যবস্থা করা হয়।’ তিনি বলেন, ‘হাসপাতালে অসুস্থ ব্যক্তি এনে রেখে পালিয়ে যাওয়ার ঘটনাও প্রায়ই ঘটে। এমনকি একবার নরসিংদীর পলাশ থেকে এক ব্যক্তি নিজের ছেলের মরদেহ রেখে পালিয়ে গিয়েছিলেন। পরে তাকে শনাক্ত করে মরদেহ বুঝিয়ে দেওয়া হয়।’
সমাজসেবা অধিদপ্তরের ভূমিকা প্রসঙ্গে এসআই ফারুক হোসেন বলেন, ‘বেওয়ারিশ লাশের বিষয়ে সমাজসেবা অধিদপ্তরের কোনো ভূমিকা আমরা দেখতে পাইনি।’
এ বিষয়ে জানতে গত সোমবার ঢামেকে সমাজসেবা অধিদপ্তরের কার্যালয়ে গিয়ে কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি। অফিস সহায়ক মনিরুল ইসলাম বলেন, ‘অজ্ঞাত মরদেহের সঙ্গে সমাজসেবার কোনো সম্পর্ক নেই। তবে পরিচয়হীন জীবিত রোগীদের ওষুধ, খাবার ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়।’
তবে হাসপাতাল-সংশ্লিষ্ট একাধিক সূত্রের অভিযোগ, ভবঘুরে ও নিরাশ্রয় ব্যক্তি (পুনর্বাসন) আইন, ২০১১ অনুযায়ী নিরাশ্রয় মানুষের উদ্ধার ও পুনর্বাসনের দায়িত্ব থাকলেও ঢামেকে পড়ে থাকা ভবঘুরে ও পরিচয়হীন ব্যক্তিদের নিয়ে সমাজসেবা অধিদপ্তরের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই।
কী হয় অজ্ঞাত মরদেহের
হাসপাতালের দায়িত্বশীল একটি সূত্র জানায়, অধিকাংশ অজ্ঞাত মরদেহ প্রথমে শাহবাগ থানার কাছে হস্তান্তর করা হয়। অন্য থানার এলাকা থেকে উদ্ধার হলে সংশ্লিষ্ট থানাকে জানানো হয়। পরে পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে পাঠায়। নির্ধারিত সময় পর্যন্ত পরিচয় শনাক্ত না হলে আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে দাফনের ব্যবস্থা করা হয়। তবে অনেক ক্ষেত্রেই দাফনের আগমুহূর্তে কিংবা পরে স্বজনরা এসে মরদেহ শনাক্ত করেন।
ঢামেক প্রশাসনিকভাবে শাহবাগ থানার আওতাভুক্ত হওয়ায় অজ্ঞাত মরদেহ শনাক্তের পুরো প্রক্রিয়ার সমন্বয়ের দায়িত্বও মূলত এই থানার ওপরই পড়ে। মর্গকেন্দ্রিক দায়িত্ব পালন করছেন তিনজন উপপরিদর্শক ও দুজন কনস্টেবল।
মর্গে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্য সালাউদ্দিন আহমেদ খান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘সিআইডি ও পিবিআই নিয়মিত ফিঙ্গারপ্রিন্ট ও ডিএনএ সংগ্রহ করে পরিচয় শনাক্তের চেষ্টা করে। তারা যথেষ্ট সহযোগিতা করেন। তবে মাঝেমধ্যে সার্ভার সমস্যার কারণে শনাক্তে সময় লাগে।’ তিনি বলেন, ‘অনেক অজ্ঞাত ব্যক্তির জাতীয় পরিচয়পত্রই নেই। আবার অনেকের আঙুলের ছাপ নষ্ট হয়ে যায় বা মরদেহ পচে যাওয়ায় বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা সম্ভব হয় না। ফলে জাতীয় পরিচয়পত্রের তথ্যভাণ্ডারের সঙ্গে মিলিয়ে দেখলেও পরিচয় নিশ্চিত করা যায় না। শেষ পর্যন্ত এসব মরদেহ ‘বেওয়ারিশ’ হিসেবেই দাফন করতে হয়।
সালাউদ্দিন আহমেদ খান বলেন, ‘জীবিত অবস্থায় হাসপাতালে আনা অনেক অজ্ঞাত রোগীর তথ্য তাৎক্ষণিকভাবে থানাকে জানানো হয় না। রোগী মারা যাওয়ার পর পুলিশকে জানানো হয়। এতে পরিচয় শনাক্তের গুরুত্বপূর্ণ সময় নষ্ট হয়ে যায়। শুরুতেই তথ্য পাওয়া গেলে অনেক ক্ষেত্রেই স্বজনদের খুঁজে পাওয়া সহজ হতো।’ তিনি মনে করেন, গণমাধ্যমে নিয়মিত অজ্ঞাত রোগী ও মরদেহের ছবি-তথ্য প্রকাশের ব্যবস্থাও পরিচয় শনাক্তে কার্যকর ভূমিকা রাখতে পারে।
শীত ও বর্ষায় অজ্ঞাত মরদেহ বেড়ে যায়
শাহবাগ থানা সূত্র জানায়, শীত ও বর্ষা মৌসুমে অজ্ঞাত মরদেহের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। গত সোমবার এক দিনেই ছয়টি মরদেহ উদ্ধার হয়েছে। এর মধ্যে পাঁচটিই ছিল অজ্ঞাত। অজ্ঞাত পাঁচজনের মধ্যে দুজন নারী, দুজন পুরুষ এবং একটি নবজাতক রয়েছে। নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসলিম হল-সংলগ্ন এলাকা থেকে
পৃথক ইউনিট নেই
হাসপাতাল সূত্র জানায়, কয়েক বছর আগেও ঢামেকে অজ্ঞাত রোগীদের জন্য পৃথক একটি ওয়ার্ড ছিল। সেখানে তাদের চিকিৎসা, পরিচর্যা, নিরাপত্তা এবং পরিচয় শনাক্তের উদ্যোগ একসঙ্গে পরিচালিত হতো। বর্তমানে সেই ওয়ার্ড আর নেই। ফলে জরুরি বিভাগ, বিভিন্ন ওয়ার্ড, ওয়ার্ড মাস্টার এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের সমন্বয়েই পুরো ব্যবস্থাপনা চালাতে হচ্ছে।
পৃথক ইউনিট না থাকায় একদিকে যেমন প্রশাসনিক চাপ বাড়ছে, অন্যদিকে পরিচয়হীন রোগীদের মানবিক সেবাও ব্যাহত হচ্ছে। বিভিন্ন ওয়ার্ডে অন্য রোগীদের সঙ্গে রাখতে হচ্ছে এদের। এতে চিকিৎসা ব্যবস্থাপনায়ও জটিলতা তৈরি হচ্ছে।
এ বিষয়ে বক্তব্য জানতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান খানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। গত সোমবার তার কার্যালয়ে গিয়ে তাকে পাওয়া যায়নি। ফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি। পরে হোয়াটসঅ্যাপে বেওয়ারিশ মরদেহ ব্যবস্থাপনা ও অজ্ঞাত রোগীদের জন্য পৃথক ইউনিট না থাকার বিষয়ে দুটি প্রশ্ন পাঠানো হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি।
বিশেষজ্ঞ অভিমত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক এবং সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক এ প্রসঙ্গে বলেন, ‘ঢামেকে অজ্ঞাত রোগী ও মরদেহ ব্যবস্থাপনার জন্য পুনরায় পৃথক ইউনিট চালু করা জরুরি। জীবিত অবস্থায় আনা পরিচয়হীন রোগীর তথ্য সঙ্গে সঙ্গে থানাকে জানাতে হবে। একই সঙ্গে হাসপাতাল জুড়ে উন্নত সিসিটিভি নজরদারি, বায়োমেট্রিক ও মুখাবয়ব শনাক্তকরণ প্রযুক্তি চালু এবং পুলিশ-হাসপাতালের সমন্বিত ডিজিটাল ডাটাবেজ গড়ে তুলতে হবে।’ তিনি বলেন, ‘এসব ব্যবস্থা চালু হলে পরিচয় শনাক্তের হার বাড়বে। খুনের পর মরদেহ হাসপাতালে ফেলে যাওয়ার মতো অপরাধের তদন্তও আরও কার্যকর হবে। পরিচয়হীন মানুষকে শুধু একটি সংখ্যা হিসেবে নয়, একজন নাগরিক হিসেবে দেখার সংস্কৃতি গড়ে তুলতে হবে। না হলে ঢামেকে প্রতিদিন অজ্ঞাত মরদেহের সংখ্যা বাড়তেই থাকবে।’