× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অনটনে রয়েল বেঙ্গল টাইগার

মাশরুর মুর্শেদ, খুলনা

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬ ০৯:৩০ এএম

আপডেট : ২৯ জুলাই ২০২৬ ১১:১৭ এএম

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক পর্যটনকেন্দ্র ও বন বিভাগের টহল ফাঁড়ির কার্যালয়ের সামনে শুক্রবার এই বাঘিনীকে ঘোরাঘুরি করতে দেখা যায় । ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক পর্যটনকেন্দ্র ও বন বিভাগের টহল ফাঁড়ির কার্যালয়ের সামনে শুক্রবার এই বাঘিনীকে ঘোরাঘুরি করতে দেখা যায় । ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রবীন্দ্রনাথের ‘মোটা কেঁদো বাঘ’কে অনেকেই জানেন। সাহিত্যতত্ত্ব প্রবন্ধে ‘আয়না- দেখা খ্যাপা বাঘ’ সম্পর্কে কবি লিখেছেন, ‘ ঢেঁকিশালে মাসি ধান ভানে,/ বাঘ এসে দাঁড়ালো সেখানে।’ কবির চোখে এ ছিল একটা ‘আজগবি গল্প’, কেবলই রূপকথা। কিন্তু গল্প শোনা সেই ‘ছোটো মেয়ে’র মতোই আমাদের কাছেও লোকালয়ে বাঘের আনাগোনা ‘সম্পূর্ণ বাস্তব’ হিসেবে রূপ নিচ্ছে যেন।

সুন্দরবনে বাঘের দেখা সচরাচর মিলত না। কিন্তু সম্প্রতি দুটো জায়গায় বাঘকে বনের ভেতর থেকে বেরিয়ে আসতে দেখা গেছে। বন বিভাগের দাবি, সুন্দরবনের পরিবেশ এখন আগের চেয়ে নিরাপদ; নিয়মিত টহল থাকায় ও মানুষের চলাচল কমে যাওয়ায় বাঘগুলো স্বাভাবিক আচরণে বেশি দেখা দিচ্ছে। এটা ঠিক, আগের চেয়ে বাঘের সংখ্যা বেড়েছে, বাঘকে পিটিয়ে হত্যার ঘটনা কমেছে; কিন্তু বন বিভাগের এই স্বস্তির দাবির আড়ালেই লুকিয়ে আছে এক অস্বস্তিকর বাস্তবতা। জঙ্গলের ভেতর বাঘের খাদ্যসংকট বাড়ছে বলেই বাঘকে বাইরে দেখা যাচ্ছে। একদিকে জলবায়ু পরিবর্তনের নীরব আঘাত, অন্যদিকে চোরাশিকারÑ সুন্দরবনকে বাঘের নিরাপদ আবাসস্থল হিসেবে রূপ দিতে এই দুটোই বড় হুমকি। বিশেষজ্ঞরা বলছেন, বন ব্যবস্থাপনায় সুশাসন নিশ্চিত করা না গেলে এই সংকট মোকাবিলা আরও কঠিন হয়ে যাবে। 

বাঘের সুখবর

আগে বাঘ গণনার পদ্ধতি ভিন্ন ছিল। যেমন, কাদামাটিতে পায়ের ছাপ পর্যবেক্ষণ করে বাঘের সংখ্যা নির্ধারণ করা হতো। ২০০৪ সালে বাঘের সংখ্যা ছিল ৪৪০। কিন্তু পদ্ধতিগত ত্রুটির কারণে পূর্বের শুমারিগুলো বিতর্কিত ছিল। এখন বাঘ গণনায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত ক্যামেরা ট্র্যাপিং প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। খুলনার বন সংরক্ষক ইমরান আহমেদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘২০১৪ সাল থেকে সুন্দরবনের চারটি রেঞ্জকে প্রায় সাড়ে ছয়শ গ্রিডে ভাগ করে ক্যামেরা স্থাপন করা হয়। প্রায় ১০ লাখ ছবি বিশ্লেষণের পর ডোরাকাটা নকশা শনাক্ত করে পৃথক প্রাণী হিসেবে বাঘ গণনা করা হয়েছে। ক্যামেরায় ১৯টি শাবকের উপস্থিতি মিললেও বনের প্রতিকূল পরিবেশে অনেক শাবক পূর্ণবয়স্ক হওয়ার আগেই মারা যায়, তাই বৈজ্ঞানিক মানদণ্ড অনুযায়ী সেগুলোকে মূল গণনায় ধরা হয়নি।’

২০২৩-২৪ সালের সর্বশেষ শুমারি অনুযায়ী, সুন্দরবনের বাংলাদেশ অংশে রয়েল বেঙ্গল টাইগারের সংখ্যা ১২৫টি। গত এক সপ্তাহে বনকর্মীদের সামনে বাঘের দুটি বিরল দৃশ্য ধরা পড়েছে। শুক্রবার দুপুরে বাগেরহাটের মোংলায় চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক ইকোট্যুরিজম কেন্দ্রের বন কার্যালয়ের সামনে এক পূর্ণবয়স্ক বাঘিনীকে প্রায় ১৫ মিনিট রাজসিক ভঙ্গিতে ঘুরে বেড়াতে দেখা গেছে। জোয়ারের সময় নদীঘেঁষে আসা বাঘিনীটি কিছুক্ষণ চারপাশ পর্যবেক্ষণ করে ধীরপায়ে জঙ্গলে ফিরে যায়। বনকর্মী শ্যামল কুমার পালের নজরে এলে তার সহকর্মী ইমতিয়াজ মাসরুর সেটির ভিডিও ধারণ করেন।

এর দুই দিনের মাথায় রবিবার সকালে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের টাইগার পয়েন্ট এলাকায় খাল সাঁতরে পার হওয়ার সময় আরেকটি বাঘ বনরক্ষীদের সামনে পড়ে। বন বিভাগের স্মার্ট টিমের বোটচালক সাইফুর রহমান সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেন।

সংকটের চিত্র

বন বিভাগ পর্যাপ্ত খাদ্যের কথা বললেও অনুসন্ধানে ভিন্ন চিত্র মিলেছে। বাঘের প্রধান খাদ্য চিত্রা হরিণ ও বুনো শূকরের সংকট ক্রমশ বাড়ছে। মোংলা, শরণখোলা, কয়রা ও শ্যামনগরকেন্দ্রিক সংঘবদ্ধ শিকারিচক্রের কারণে কমছে হরিণের সংখ্যা। বন বিভাগের অভিযানে নিয়মিত উদ্ধার হচ্ছে হাজার হাজার মিটার নাইলনের ফাঁদ, যাতে আটকা পড়ে বাঘও আহত হচ্ছে। সম্প্রতি এ ধরনের ফাঁদে আহত এক বাঘিনীকে সুস্থ করে বনে অবমুক্ত করা হলেও পরে আর তার কোনো সন্ধান মেলেনি। খাদ্যপ্রাণী কমে গেলে বাঘ লোকালয়ের দিকে চলে আসে, যা সংঘাতের ঝুঁকি বাড়ায়।

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ও লবণাক্ততা বৃদ্ধিতে বাঘ-হরিণের নিরাপদ আশ্রয় এবং মিঠাপানির উৎস নষ্ট হচ্ছে। বন বিভাগ ২০টি কৃত্রিম উঁচু কিল্লা ও মিঠাপানির পুকুর তৈরি করলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। তবে আশার কথা হলো, মানুষ-বাঘ সংঘাত আগের চেয়ে কমেছে।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এজেডএম হাছানুজ্জামান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘সুন্দরবন সংলগ্ন ৭৪ কিলোমিটার এলাকায় নাইলনের রোপ ফেন্সিং, ভিলেজ টাইগার রেসপন্স টিম, কমিউনিটি প্যাট্রোল ও সচেতনতামূলক কার্যক্রমের কারণে মানুষ-বাঘ সংঘাত উল্লেখযোগ্যভাবে কমেছে।’

বিশেষজ্ঞদের সতর্কতা

বর্তমানে বাঘ সংরক্ষণে ড্রোন ও তথ্যপ্রযুক্তিভিত্তিক নজরদারি বাড়ানো হয়েছে। সুন্দরবনের বাঘের মধ্যে প্রাণঘাতী ক্যানাইন ডিস্টেম্পার ভাইরাসের অস্তিত্ব না পাওয়াটাও স্বস্তির। তবে দীর্ঘমেয়াদি সুরক্ষা নিয়ে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. ওয়াসিউল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘বাঘের সংখ্যা বৃদ্ধি ইতিবাচক হলেও এটিকে স্থায়ী সাফল্য বলা যাবে না। কারণ জলবায়ু পরিবর্তন ও চোরাশিকারÑ এই দুই সংকট এখনও সমানভাবে বিদ্যমান। খাদ্যশৃঙ্খল দুর্বল হলে ভবিষ্যতে এই সংখ্যা ধরে রাখা কঠিন হবে।’

সুন্দরবন একাডেমির নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদির এই প্রতিবেদককে বলেন, ‘শুধু মোট বাঘের সংখ্যা জানালেই হবে না; বাঘ ও বাঘিনীর অনুপাতও প্রকাশ করা প্রয়োজন। কারণ দীর্ঘমেয়াদি প্রজনন ও জনসংখ্যার স্থিতিশীলতা অনেকটাই নির্ভর করে এই ভারসাম্যের ওপর। একই সঙ্গে কৃত্রিম কিল্লা ও মিঠাপানির পুকুর বাস্তবে কতটা কার্যকর, সেটিও বৈজ্ঞানিকভাবে মূল্যায়ন করা প্রয়োজন।’

বন্য প্রাণী সংরক্ষণ আইনে অনেক শিকারি গ্রেপ্তার হলেও নেপথ্যের প্রভাবশালী সিন্ডিকেটের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয় না। শুমারিতে বাঘের সংখ্যা ১২৫-এ উন্নীত হওয়া এবং নতুন করে আরও কয়েকটি বাঘের স্বচ্ছন্দ বিচরণ নিঃসন্দেহে ইতিবাচক খবর। কিন্তু আইনের কঠোর প্রয়োগ, খাদ্যপ্রাণী সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার কার্যকর উদ্যোগ ছাড়া এই পরিসংখ্যান ভবিষ্যতে কেবল কাগজের সাফল্য হয়েই থাকবে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা