এনায়েতুর রহমান, তালতলী (বরগুনা) থেকে ফিরে
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬ ১৫:৫৩ পিএম
আপডেট : ২৯ জুলাই ২০২৬ ১৭:২৩ পিএম
বরগুনার তালতলীর নিদ্রার চর যেন প্রকৃতির নিজ হাতে আঁকা এক জল-অরণ্যের ক্যানভাস। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ভাটা নামলে দূর থেকে নিদ্রার চরকে মনে হয় কাদা আর বালুতে ঢাকা এক মৃত ভূখণ্ড। কিন্তু একটু কাছে গেলেই দৃশ্যপট বদলে যায়। কাদার বুক চিরে অসংখ্য শ্বাসমূল মাথা তুলে দাঁড়িয়ে আছে। সেই শ্বাসমূলই আসলে এই উপকূলীয় ম্যানগ্রোভ বনের প্রাণ।
জোয়ার এলে সবুজ ঘাসে মোড়া চরটি যেন নতুন জীবন ফিরে পায়। কেওড়া-গেওয়ার ছায়া, লাল কাঁকড়ার ছুটে চলা, দূরে জলরেখাÑ সব মিলিয়ে বরগুনার তালতলীর সোনাকাটা ইউনিয়নের নিদ্রার চর যেন প্রকৃতির নিজ হাতে আঁকা এক জল-অরণ্যের ক্যানভাস।
কিন্তু এই সৌন্দর্য এখন হুমকির মুখে। কোথাও কেওড়াগাছ কাটা হয়েছে, কোথাও মাটি কেটে তৈরি হয়েছে রাস্তা। আবার কোথাও ইট, বালু, সিমেন্ট ও রড দিয়ে নির্মাণের চেষ্টা হয়েছে স্থায়ী অবকাঠামো। যে বন প্রকৃতির নিজস্ব প্রতিরক্ষা দেয়াল হিসেবে উপকূলকে আগলে রেখেছে, সেই বনই এখন মানুষের কর্মকাণ্ডে বিপন্ন হয়ে উঠছে।
বন বিভাগ সূত্রে জানা যায়, ২০০৪ সালে নিদ্রার চরে প্রায় ১ হাজার একর এলাকা সংরক্ষিত বন হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু দুই দশক পর বন বিভাগের মূল্যায়ন বলছে, শুধুমাত্র সংরক্ষিত বন হিসেবে ঘোষণা যথেষ্ট নয়। পুরো এলাকাকে এখন ‘বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা’ হিসেবে ঘোষণা করা জরুরি।
বন বিভাগ জানায়, পর্যটকদের অবাধ চলাচল, মোটরসাইকেল প্রবেশ, প্লাস্টিক ও পলিথিন দূষণ এবং অনিয়ন্ত্রিত ভ্রমণের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ম্যানগ্রোভের শ্বাসমূল। শ্বাসমূল ক্ষতিগ্রস্ত হলে ধীরে ধীরে পুরো বনই দুর্বল হয়ে পড়ে। এতে চরটির স্বাভাবিক ভূপ্রকৃতির বিরূপ পরিবর্তন শুরু হয়েছে।
পরিবেশকর্মী ও পর্যটন সংগঠক আরিফুর রহমান জানান, ২০২৪ সালের শেষ দিকে সামাজিক মাধ্যম ও গণমাধ্যমে নিদ্রার চরের সৌন্দর্য প্রকাশের পর দ্রুত পর্যটকের সংখ্যা বাড়ে। কিন্তু পর্যটনের কোনো ব্যবস্থাপনা না থাকায় পর্যটকদের অবাধ বিচরণে এই ম্যানগ্রোভ বনের ব্যাপক ক্ষতি হচ্ছে।
সাকিনা বন বিট কর্মকর্তা রাহিমুল ইসলাম জুমেল বলেন, সম্প্রতি বনকর্মীরা সংরক্ষিত বনভূমির ভেতরে কেওড়াগাছ কাটা, রাস্তা তৈরির জন্য মাটি খনন এবং স্থায়ী বেঞ্চ নির্মাণের অনুমোদনহীন প্রস্তুতি দেখতে পান। বনভূমি দখলের উদ্দেশ্যে এসব কার্যক্রম পরিচালনার অভিযোগে মামলা করা হয়েছে।
তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, পর্যটকদের সুবিধার জন্য ওয়াশরুম, বেঞ্চ ও চলাচলের পথ তৈরির একটি পরিকল্পনা ছিল। তবে বন বিভাগের আপত্তির পর সেটি বাস্তবায়ন হয়নি। তার দাবি, এ কাজে সরকারি কোনো অর্থ ব্যয় হয়নি।
তবে ইউএনওর দাবি প্রত্যাখান করে সোনাকাটা ইউনিয়নের চেয়ারম্যান মো. ইউনুস ফরাজি বলেন, টিআর প্রকল্পের আওতায় পর্যটকদের বসার জন্য পাঁচটি পাকা বেঞ্চ নির্মাণে ১ লাখ ৭ হাজার টাকা বরাদ্দ হয়েছিল। তিনি নিজের অর্থে কাজ শেষ করলেও এখনও বরাদ্দের বাকি অর্থ পাননি।
পটুয়াখালী বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জাহিদুর রহমান মিয়া বলেন, নিদ্রার চর কেবল একটি পর্যটনকেন্দ্র নয়; এটি উপকূলীয় বাস্তুতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ আশ্রয়স্থল। জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় ও লবণাক্ততার বিরুদ্ধে এটি প্রকৃতির প্রতিরক্ষা দেয়াল হিসেবে কাজ করে।