× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপর্যয়ের ঝুঁকিতে মৌলভীবাজারের জীববৈচিত্র্য

ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬ ১৩:৫৮ পিএম

আপডেট : ২৯ জুলাই ২০২৬ ১৭:০৬ পিএম

মৌলভীবাজারের কমলগঞ্জে গাছ কাটায় উজাড় হচ্ছে বনভূমি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মৌলভীবাজারের কমলগঞ্জে গাছ কাটায় উজাড় হচ্ছে বনভূমি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মাইলের পর মাইল বিস্তৃত সবুজাভ চা বাগান, বিশাল হাওর-বাঁওড় আর জীববৈচিত্র্যে সমৃদ্ধ জেলা মৌলভীবাজার। কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যের এই আধার চরম পরিবেশ বিপর্যয়ের ঝুঁকিতে রয়েছে। বনভূমি উজাড়, হাওর ও নদ-নদী দখল, অবাধে বালু উত্তোলন ও লাইসেন্সবিহীন ইটভাটার আগ্রাসনে জেলার পরিবেশ ও প্রকৃতি আজ বিপর্যস্ত।

কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানসহ সিলেট বন বিভাগ এবং বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের আওতাধীন বনাঞ্চল থেকে নির্বিচারে গাছ ও বাঁশ কাটা হচ্ছে। প্রভাবশালী মহল বনের জমি দখল করে ফলদ বাগান, পুকুর ও ঘরবাড়ি নির্মাণ করছে। বন বিভাগ জমি উদ্ধারের তৎপরতা দেখালেও কতটুকু জমি অবৈধ দখলে আছে, তার সঠিক তথ্য তাদের কাছে নেই। বনাঞ্চল সংকুচিত হওয়ায় এবং খাদ্য ও পানীয় জলের সংকটে বন্য প্রাণী লোকালয়ে চলে আসছে।

বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল প্রতিদিনের বাংলাদেশকে বলেছেন, আবাসস্থল ধ্বংস ও লাউয়া ছড়ায় পর্যটকদের অবাধ বিচরণের কারণে প্রাণীরা বন ছাড়ছে। ফাউন্ডেশনটি চলতি বছরের জানুয়ারি থেকে ২৭ জুলাই পর্যন্ত লোকালয় থেকে অজগর, চিতা বিড়াল, লজ্জাবতী বানর, তক্ষকসহ ৫৫টি বন্য প্রাণী উদ্ধার করা হয়েছে। এ ছাড়া অনেক প্রাণী মানুষের হাতে বা গাড়ির চাকায় পিষ্ট হয়ে মারা গেছে।

বন বিভাগের তথ্য মতে, জেলায় ২৩টি বাঁশ মহাল দীর্ঘদিন ইজারা না হওয়ার সুযোগে সংঘবদ্ধ চক্র বনের বাঁশ কেটে পাচার করছে। সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান এই প্রতিবেদককে বলেন, সীমিত জনবল দিয়েই তারা বন পাহারার চেষ্টা করছেন এবং বাঁশ চুরির ঘটনায় নিয়মিত মামলা হচ্ছে। বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. কাজী নাজমুল হক বলেন, লাউয়া ছড়ায় ইতোমধ্যে ১০ একর বনভূমি দখলমুক্ত করা হয়েছে এবং উচ্ছেদ অভিযান চলমান রয়েছে।

হুমকিতে হাওর ও জলাভূমি : এশিয়ার অন্যতম বৃহৎ মিঠাপানির জলাভূমি হাকালুকিসহ মৌলভীবাজারে মোট ৬টি বড় হাওর রয়েছে। হাকালুকির ২৩৮টি, হাইল হাওরের ১৩১টি এবং কাউয়াদীঘির ৬৮টি বিলের অর্ধেকেরও বেশি পলি জমে ও খননের অভাবে বিলীন হওয়ার পথে। দখল করে মৎস্য খামার তৈরি এবং অবৈধ কারেন্ট জালের ব্যবহারে জলজ সম্পদ ও মাছের প্রজাতি ধ্বংস হচ্ছে।

জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. আরিফ হোসেন নিশ্চিত করেছেন, হাকালুকি, হাইল ও কাউয়াদীঘি হাওরের প্রায় ৪০ শতাংশ বিল এরই মধ্যে ভরাট হয়ে গেছে। সরকার এসব বিল খননের পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে। হাওর রক্ষা আন্দোলনের জেলা শাখার সদস্য সচিব এম খছরু চৌধুরী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘কৃত্রিম মৎস্য খামার ও শিল্পায়নের নামে হাওরের বাস্তুতন্ত্র ধ্বংস করা হচ্ছে। লুটেরা চক্র হাওরের পরিবেশ নষ্ট করছে। হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন-২০২৬ প্রয়োগ করে দখলদারদের শাস্তির আওতায় আনতে হবে।’

অবৈধ ইটভাটা ও বালু উত্তোলন : মৌলভীবাজার পরিবেশ অধিদপ্তরের তথ্যমতে, জেলায় ৪৫টি ইটভাটা সচল থাকলেও কোনোটিরই পরিবেশগত ছাড়পত্র বা লাইসেন্স নেই। উচ্চ আদালতের রিটের সুযোগ নিয়েÑ এগুলো বছরের পর বছর চলছে। কৃষি জমির উর্বর উপরিভাগ বা ‘টপ সয়েল’ দিয়ে ইট তৈরি হচ্ছে এবং জ্বালানি হিসেবে পোড়ানো হচ্ছে বনের কাঠ, যা বন উজাড়ের অন্যতম কারণ। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাঈদুল ইসলাম জানান, ইটভাটাগুলোর বৈধতা না থাকলেও আইনি সীমাবদ্ধতার কারণে তারা শুধু নিয়মিত তদারকি করতে পারছেন।

অন্যদিকে, জেলার ৬টি নদ-নদী ও অসংখ্য পাহাড়ি ছড়া থেকে অবাধে বালু উত্তোলন চলছে। ৫২টি ছড়ার মধ্যে মাত্র ৩৩টির অনুমোদন থাকলেও প্রায় সব ছড়া থেকেই রাতের আঁধারে প্রভাবশালী চক্র বালু তুলছে, যা স্বাভাবিক পানিপ্রবাহ ও পরিবেশগত ভারসাম্য নষ্ট করছে। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসা. শাহীনা আক্তার গণমাধ্যমকে বলেছেন, ‘অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে এবং দায়ীদের আইনের আওতায় আনা হচ্ছে।’

সমন্বিত উদ্যোগের তাগিদ : বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) জাতীয় পরিষদের কার্যনির্বাহী সদস্য আসম সালেহ সোহেল প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘গাছ পাচার, হাওর ভরাট ও বালু উত্তোলনের কারণে আমাদের পুরো পরিবেশব্যবস্থা চরম হুমকির সম্মুখীন। প্রশাসনের মাঠপর্যায়ে অবহেলা ও দুর্নীতির কারণেই আইন থাকলেও তার প্রয়োগ হচ্ছে না। প্রকৃতি বাঁচাতে সংশ্লিষ্ট সবাইকে এখনই কঠোর ও দায়িত্বশীল হতে হবে।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা