আব্দুল মাজিদ চৌধুরী, সিলেট
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬ ১৩:৫৮ পিএম
আপডেট : ২৯ জুলাই ২০২৬ ১৭:১৮ পিএম
পাহাড় ও টিলা কেটে নির্বিচারে গড়ে তোলা হচ্ছে বহুতল ভবন আর বসতবাড়ি। ছবি : সংগৃহীত
প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হিসেবে পরিচিত সিলেট আজ যেন কংক্রিটের জঙ্গলে পরিণত হতে চলেছে। পাহাড় ও টিলা কেটে নির্বিচারে গড়ে তোলা হচ্ছে বহুতল ভবন আর বসতবাড়ি। পাশাপাশি বন উজাড় ও জলাভূমি ভরাটের মহোৎসবে মারাত্মক হুমকির মুখে পড়েছে এই অঞ্চলের পরিবেশ ও জীববৈচিত্র্য।
উন্নয়নের নামে প্রকৃতির ওপর এই নির্মম আগ্রাসন এখনই বন্ধ না হলে অচিরেই ভয়াবহ পরিবেশগত বিপর্যয়ের মুখে পড়বে পুণ্যভূমি সিলেট।
রাতারগুল জলারবন, হাওরাঞ্চল, বিস্তীর্ণ চা-বাগান এবং পাহাড়ি বন নিয়ে সিলেটের প্রাকৃতিক বৈচিত্র্য দেশের পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু অপরিকল্পিত নগরায়ণ, পাহাড়-টিলা কাটা, জলাভূমি দখল এবং প্লাস্টিক দূষণের কারণে এসব অমূল্য সম্পদ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে বিভিন্ন পরিবেশবাদী ও স্বেচ্ছাসেবী সংগঠন এসব সম্পদ রক্ষায় সচেতনতামূলক নানা কর্মসূচি পালন করলেও বাস্তবে প্রকৃতির ওপর আগ্রাসন থামছে না।
সিলেটের ভূ-প্রকৃতিতে আসা এই নেতিবাচক পরিবর্তন নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশ আন্দোলনের অন্যতম সংগঠক আব্দুল করিম কিম। তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘একসময়ের পাহাড়-টিলাবেষ্টিত সিলেট নগরী এখন কংক্রিটের নগরে পরিণত হচ্ছে। সবুজের আচ্ছাদন কমে গেছে, পুকুর ও জলাশয় বিলীন হচ্ছে। পাহাড় থেকে নেমে আসা প্রাকৃতিক ছড়াগুলো এখন নাগরিক বর্জ্য অপসারণের ড্রেনে রূপ নিয়েছে। প্রকৃতির এই পরিবর্তন জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবকে আরও ত্বরান্বিত করছে।’
পাহাড় ও টিলা কাটা রোধে পরিবেশ অধিদপ্তর কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন অধিদপ্তরের সিলেটের পরিচালক মো. আবুল কালাম আজাদ। তিনি এই প্রতিবেদককে বলেন, ‘পাহাড়-টিলা কাটা রোধে কঠোর আইন রয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। টিলা কাটার দায়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে প্রায় দুই কোটি টাকার বেশি জরিমানা আদায় করা হয়েছে।’
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সিলেট সিটিতেও আমরা পাঁচ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ বাস্তবায়ন করছি। পৃথিবী ও দেশকে রক্ষা করতে সর্বত্র গাছ লাগাতে হবে। তবেই প্রাণ ও প্রকৃতি রক্ষা সম্ভব হবে।’
প্রকৃতি বাঁচাতে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; ব্যক্তি, পরিবার ও সামাজিক পর্যায়েও সবাইকে দায়িত্বশীল হতে হবে। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমানো, নদী-খাল ও জলাশয় পরিচ্ছন্ন রাখা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এখন সময়ের দাবি।