× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাফিজ সরাফাতের অনিয়ম, লুটপাটের পেছনে ‘ফুপু’

আহমেদ তোফায়েল ও তানভীর হাসান

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬ ০৮:৪৫ এএম

আপডেট : ২৮ জুলাই ২০২৬ ০৮:৫৬ এএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

চৌধুরী নাফিজ সরাফাত ফের আলোচনায়। বিদেশে লুকিয়ে থাকা আলোচিত এই ব্যাংক লুটেরার সঙ্গে অনিয়ম-দুর্নীতিতে তার স্ত্রী-ছেলে ও সহযোগীর নামও উঠে এসেছে এক গোয়েন্দা তথ্যে। গোপালগঞ্জে বাড়ি, সেই সুবাদে শেখ হাসিনাকে ‘ফুপু’ বলে ডাকতেন নাফিজ সরাফাত। পতিত আওয়ামী সরকারের আরও সব প্রভাবশালীর সঙ্গে ছিল তার দহরম-মহরম। ব্যাংক ছাড়াও নাফিজ কানাডিয়ান ইউনিভার্সিটি খুলে ১৭১ কাঠার প্লট দখল করেন।

দৈনিক বাংলা পত্রিকা তিনি নিয়ন্ত্রণে নেন। নিউজ বাংলা পোর্টাল চালু করেন ও ঘোষণা দেন টিভি চ্যানেল খোলার। পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত ও তার পরিবারের সদস্যদের নামে বিভিন্ন তফসিলি ব্যাংকে পরিচালিত হিসাবে মাত্র কয়েক বছরের ব্যবধানে কয়েক হাজার কোটি টাকা লেনদেনের তথ্য উঠে এসেছে একটি গোয়েন্দা প্রতিবেদনে। সার্বিকভাবে মোট ৭৮টি হিসাবের মাধ্যমে প্রায় ১ হাজার ৮০৯ কোটি ৭৫ লাখ টাকা জমা ও প্রায় ১ হাজার ৮০৫ কোটি ৫৮ লাখ টাকা উত্তোলন হয়েছে। অর্থাৎ মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩ হাজার ৬১৫ কোটি টাকা।

এই হিসাবগুলো বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত হয়েছে, যেখানে বড় অঙ্কের লেনদেন হয়েছে আরুশা জনশক্তি, ইউনিক মেঘনাঘাট পাওয়ার, কানাডিয়ান ইউনিভার্সিটি ট্রাস্টসহ কয়েকটি প্রতিষ্ঠানের মাধ্যমে। ভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ স্থানান্তরে মানি লন্ডারিংয়ের আশঙ্কা করছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

নাফিজ সরাফাত ও তার পরিবারের সদস্যদের এসব টাকা বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে স্থানান্তর এবং অস্বাভাবিক জমা-উত্তোলন নিয়ে সন্দেহজনক লেনদেন হয়েছে বলে বিএফআইইউর গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিভিন্ন তফসিলি ব্যাংকে পরিচালিত হিসাবের অর্থের উৎস, লেয়ারিং ও সম্ভাব্য মানি লন্ডারিং কার্যক্রম তদন্তের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

লেয়ারিং হলোÑ অর্থ পাচারের (মানি লন্ডারিং) একটি গুরুত্বপূর্ণ ধাপ। যেখানে অবৈধভাবে অর্জিত টাকা বারবার বিভিন্ন হিসাব, ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে রেখে তার আসল উৎস গোপন করার চেষ্টা করা হয়। এক হিসাব থেকে আরেক হিসাবে বারবার টাকা স্থানান্তর করা হয়। ভুয়া কোম্পানি বা শেল কোম্পানির মাধ্যমে লেনদেন দেখানো হয়। 

বিএফআইইউর প্রতিবেদনে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত ব্যক্তিদের মধ্যে রয়েছেনÑ চৌধুরী নাফিজ সরাফাত, তার স্ত্রী আঞ্জুমান আরা সাহিদ, ছেলে রাহীব সাফওয়ান সরাফাত চৌধুরী ও সহযোগী হিসেবে রয়েছেন রেস ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাসান তাহের ইমাম। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এর মধ্যে সরাসরি পরিবারের সদস্যদের নামে ২১টি হিসাব বর্তমানে সক্রিয় রয়েছে, যেখানে মোট স্থিতি মাত্র ২৯ লাখ ২১ হাজার টাকা। যা মোট লেনদেনের তুলনায় অস্বাভাবিকভাবে কম।

গোয়েন্দা তথ্য অনুযায়ী, নাফিজ সরাফাত ও তার পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলোÑ কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, আরুশা গোল্ড করপোরেশন, আরুশা জনশক্তি লিমিটেড, ব্লু ওসেন সাপ্লাই লিমিটেড (বিদেশে নিবন্ধিত)। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন ধরনের ব্যবসা পরিচালিত হয়েছেÑ যার মধ্যে জুয়েলারি, জনশক্তি রপ্তানি, ট্রাভেল, আইটি ও আন্তর্জাতিক বাণিজ্য রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এসব প্রতিষ্ঠানের মধ্যে আর্থিক লেনদেনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, যেখানে অর্থ লেনদেনের জটিল নেটওয়ার্ক তৈরি করা হয়েছে।

অস্বাভাবিক লেনদেনের অভিযোগ

গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, চৌধুরী নাফিজ সরাফাতের সিটি ব্যাংক পিএলসির গুলশান শাখায় তার মালিকানাধীন প্রতিষ্ঠান সিডিনেট কমিউনিকেশনস লিমিটেড নামে ব্যাংক হিসাবে (হিসাব নং- ৩১০৩৯২২৯৫৫০০১) অস্বাভাবিক লেনদেন হয়েছে। এক বছরে ওই হিসাবে প্রায় ৭৭ কোটি ১৪ লাখ টাকা জমা ও ৭৪ কোটি ১২ লাখ টাকা উত্তোলন করা হয়েছে। এর মধ্যে কয়েকটি বড় অঙ্কের জমা টাকা সন্দেহজনক হিসেবে উল্লেখ করা হয়েছে। ওই হিসাবে ২০২৪ সালের ২১ এপ্রিল ১৭ কোটি ৬২ লাখ টাকা; ২৪ জুন ১২ কোটি ৩৬ লাখ টাকা, ৪ জুলাই ৯ কোটি ২১ লাখ টাকা জমা হয়েছে। এসব অর্থের উৎস স্পষ্ট নয় এবং তা যাচাই করা প্রয়োজন।

লেনদেনের ধরন

গোয়েন্দা তথ্যে দেখা গেছে, লেনদেনকৃত হিসাবগুলোর কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে। যেমনÑ একই ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে ঘন ঘন অর্থ স্থানান্তর; বিভিন্ন ব্যাংকে একই ধরনের হিসাব পরিচালনা; নগদ জমা ও উত্তোলনের উচ্চ প্রবণতা এবং একাধিক প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ স্থানান্তর (লেয়ারিং)। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এসব বৈশিষ্ট্য মানি লন্ডারিং কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। যদিও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তদন্তের ওপর নির্ভর করবে।

২০১৫ সালের ৩০ জুলাই প্রিমিয়ার ব্যাংকের বনানী শাখায় খোলা নাফিজ সরাফাতের একটি সঞ্চয়ী হিসাব বিশ্লেষণে দেখা গেছে, খোলার পর থেকে ২০২৪ সালের ২০ আগস্ট পর্যন্ত ওই হিসাবে জমা হয়েছে মোট ৩৭ কোটি ২৩ লাখ টাকা। হিসাব থেকে প্রায় সমপরিমাণ তুলে নেওয়া হয়েছে। বর্তমানে ওই হিসাবে জমা আছে ১১ লাখ ৩৬ হাজার টাকা। এই হিসাবে বিভিন্ন উৎস থেকে বড় অঙ্কের অর্থ এসেছে, যেমনÑ স্ত্রীর হিসাব থেকে ২০১৬ সালের ১৩ জুন ১ কোটি ও ২০২৪ সালের ১৪ আগস্ট ২ কোটি টাকা জমা হয়েছে। 

নাফিজ সরাফাতের এ হিসাবে সিলিকন ভ্যালি সফটওয়্যার কোম্পানি লিমিটেড থেকে ১.৮০ কোটি টাকা, ফাইনেক্স সফটওয়্যার লিমিটেড থেকে একাধিকবার কয়েক কোটি টাকা আবার এই হিসাব থেকে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের হিসাবে বড় অঙ্কের অর্থ স্থানান্তর করা হয়েছে।

পারিবারিক হিসাবের মধ্যে লেনদেন

প্রতিবেদনে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, পরিবারের সদস্যদের মধ্যে বড় অঙ্কের অর্থ লেনদেন হয়েছে। উদাহরণ হিসেবেÑ আঞ্জুমান আরা সাহিদের হিসাব থেকে নাফিজ সরাফাতের হিসাবে অর্থ স্থানান্তর, একই অর্থ আবার অন্য প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। এ ধরনের লেনদেনকে লেয়ারিং হিসেবে সন্দেহ করা হয়েছে, যেখানে অর্থের উৎস আড়াল করার চেষ্টা থাকতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ প্রবাহ

গোয়েন্দা প্রতিবেদনে দেখা গেছে, বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাব ব্যবহার করে অর্থ স্থানান্তর করা হয়েছে। যেমনÑ ঢাকা ব্যাংক পিএলসির গুলশান শাখায় ‘আরুশা গোল্ড করপোরেশন’ নামে পরিচালিত হিসাবে (হিসাব নম্বর- ২১৫১০০০০১১৯৭৩) ২০২০ সালের ১৫ জুন ১ কোটি ৫০ লাখ টাকা জমা করা হয়। প্রতিবেদনে বলা হয়, ঢাকা ব্যাংকে আরুশা গোল্ড করপোরেশেনের নামে পরিচালিত হিসাবটিতে একই ব্যাংকে ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের নামে দুটি ওডি (ওভারড্রাফট) হিসাব থেকে ২০২০ সালের ১২ আগস্ট ২ কোটি ৪৭ লাখ টাকা করে মোট ৪ কোটি ৯৪ লাখ টাকা এবং ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর নগদে ১ কোটি ৬৬ লাখ টাকা জমা করা হয়েছে। আরুশা গোল্ড করপোরেশন নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশ থেকে স্বর্ণ আমদানির তথ্য পাওয়া গেছে। একটি এলসির মাধ্যমে প্রায় ৭.৭৯ লাখ মার্কিন ডলার মূল্যের স্বর্ণ সংযুক্ত আবর আমিরাতের রেইড ট্রেডিং এলএলসি (RAYD Trading LLC) থেকে আমদানি করা হয়েছে। টাকার হিসাবে প্রায় ৯৫ কোটি ৩৫ লাখ টাকা (১ মার্কিন ডলার ১২২.৪৫ টাকা হিসাবে)। প্রতিবেদনে বলা হয়েছে, এই লেনদেনগুলো বৈধ হলেও অর্থের উৎস ও লেনদেনের প্রকৃতি যাচাই করা প্রয়োজন।

নাফিজ সরাফাতের পদ্মা ব্যাংক পিএলসির গুলশান করপোরেট শাখায় ফাইনেক্স সফটওয়্যার লিমিটেডের নামে পরিচালিত হিসাব (১১৩০০০৩৯২০০২) থেকে ২০২১ সালের ১৮ মে, ৬ জুলাই ও ১০ জুলাই যথাক্রমে ২ কোট ৫০ লাখ, ২ কোটি ও ২ কোটি টাকা ট্রান্সফারের মাধ্যমে জমা করা হয়। আবার ফাইনেক্স সফটওয়্যার লিমিটেডের হিসাব থেকে ২০২৪ সালের ১৪ আগস্ট ২ কোটি টাকা নাফিজ সরাফাতের হিসাবে ট্রান্সফার করা হয়েছে। 

একই হিসাবে সাবেক ফারমার্স ব্যাংক লিমিটেড (বর্তমানে পদ্মা ব্যাংক) মিরপুর শাখায় সাজেদা চৌধুরীর নামে পরিচালিত হিসাব (০১১২০০০০৮৯৪১৪) থেকে ২০২২ সালের ২৭ নভেম্বর ২ কোটি ১৮ লাখ টাকা জমা হয়। আলোচ্য হিসাব থেকে পদ্মা ব্যাংক পিএলসির প্রগতি সরণী শাখায় জান্নাত আরা বেগম নামে পরিচালিত হিসাবে ( ১১২৭০০৪৩৫২২৭) ২০২৩ সালের ২৫ এপ্রিল ১ কোটি ৩৭ লাখ টাকা ক্লিয়ারিং চেকের মাধ্যমে (৫৪০৭৬৫৪) ট্রান্সফার করা হয়েছে।

আঞ্জুমান আরা সাহিদের (প্রিমিয়ার ব্যাংক, বনানী শাখায়) হিসাব নং ০১০৪১৩১০০০০২৮৬৪-এ মোট জমা প্রায় ৩৪ কোটি ৫০ লাখ টাকা, উত্তোলন করা হয়েছে প্রায় সমপরিমাণ টাকা। রেস ম্যানেজমেন্ট প্রাইভেট কোম্পানি লিমিটেডের (ব্র্যাক ব্যাংক, গুলশান) হিসাব নং ১৫০১২০১৯৯৮১৬৯০০১-এ মোট জমা প্রায় ২৮ কোটি ৬২ লাখ টাকা ও উত্তোলন প্রায় সমপরিমাণ।

ইউনিক মেঘনাঘাট পাওয়ার লিমিটেডের (প্রাইম ব্যাংক, বনানী) হিসাব নং ২১৩২১১৮০১৯০৯৭-এ মোট জমা প্রায় ৯৪৬ কোটি টাকা ও উত্তোলন প্রায় সমপরিমাণ।

আরুশা জনশক্তি লিমিটেডের (সাউথইস্ট ব্যাংক, গুলশান) হিসাব নং ০০১০১৩১০০০০১৭১৬-এ মোট জমা প্রায় ২৪৩ কোটি টাকা ও উত্তোলন প্রায় সমপরিমাণ। আরুশা জনশক্তি লিমিটেডের (এক্সিম ব্যাংক, করপোরেট শাখা) হিসাব নং ০৩৯১১১০০৩৬৫০৯২-এ মোট জমা প্রায় ২ হাজার ৩১৭ কোটি টাকা, উত্তোলন প্রায় ২ হাজার ২৯৭ কোটি টাকা। 

কানাডিয়ান ইউনিভার্সিটি অব ট্রাস্টের (সিটি ব্যাংক, বনানী) হিসাব নং ৩১০১৯৮১৬৭১০০১-এ মোট জমা প্রায় ৫৫ কোটি টাকা, উত্তোলন প্রায় ৫৫ কোটি ২২ লাখ টাকা ও বর্তমান স্থিতি ৮ লাখ ১৭ হাজার টাকা।

আঞ্জুমান আরা সাহিদের (পদ্মা ব্যাংক, গুলশান সাউথ) হিসাব নং ০০৪৭১২০০০০০৮৩-এ মোট জমা প্রায় ১১ কোটি টাকা, উত্তোলন প্রায় সমপরিমাণ ও বর্তমান স্থিতি ৪১ লাখ ৯৭ হাজার টাকা।

আরুশা গোল্ড করপোরেশনের (ঢাকা ব্যাংক, গুলশান) হিসাব নং ২১৫১০০১১৯৭৩-এ মোট জমা প্রায় ৯ কোটি টাকা ও উত্তোলন প্রায় সমপরিমাণ। সিডিনেট কমিউনিকেশনস লিমিটেডের (সিটি ব্যাংক, গুলশান) হিসাব নং ৩১০৩৯২২৯৫৫০০১-এ এক বছরে জমা হয়েছে ৭৭ কোটি ১৪ লাখ টাকা ও উত্তোলন হয়েছে ৭৪ কোটি টাকা। সার্বিকভাবে মোট হিসাব রয়েছে ৭৮টি। এতে মোট জমা হয়েছে প্রায় ১ হাজার ৮০৯ কোটি টাকা ও মোট উত্তোলন হয়েছে প্রায় ১ হাজার ৮০৫ কোটি টাকা। মোট লেনদেন হয়েছে প্রায় ৩ হাজার ৬১৫ কোটি টাকা। 

ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) জানিয়েছে, বড় অঙ্কের আর্থিক লেনদেন, বিশেষ করে মানি লন্ডারিং ও অবৈধ অর্থ স্থানান্তরের অভিযোগে তারা নিয়মিত তদন্ত করছে। সাম্প্রতিক সময়ে চৌধুরী নাফিজ সরাফাত ও তার পরিবারের সদস্যদের নামে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির নামে বিপুল অঙ্কের টাকা জমা-উত্তোলনের বিষয়গুলো তাদের নজরে এসেছে এবং এ বিষয়ে মামলার প্রস্তুতি ও অনুসন্ধান চলছে। তারা বলছে, ব্যাংক হিসাবের মাধ্যমে অস্বাভাবিক লেনদেন হলে তা তদন্তের আওতায় আনা হয়।

নাফিজ সরাফাত তার কর্মজীবন শুরু করেন ১৯৯৯ সালে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে চাকরি দিয়ে। পরবর্তীতে তিনি আইএফআইসি ব্যাংকের পরিচালক হন। যদিও একই সময়ে দুটি ব্যাংকের সঙ্গে যুক্ত থাকার কারণে বিতর্কে জড়িয়ে পড়েন। ২০০৮ সালে তিনি আইসিবি ইসলামিক ব্যাংকে যোগ দেন এবং কনজ্যুমার ব্যাংকিংয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি পদ্মা ব্যাংক পিএলসির চেয়ারম্যান হন।

পাশাপাশি তিনি দেশের অন্যতম বড় সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি রেস প্রাইভেট লিমিটেডের কর্ণধার। তবে তার ক্যারিয়ার জুড়ে রয়েছে নানা বিতর্ক। ব্যাংক ও পুঁজিবাজারে তার বিরুদ্ধে লুটপাট, জালিয়াতি ও প্রতারণার অভিযোগ উঠেছে। অনেকেই তার উত্থানকে রাজনৈতিক পৃষ্ঠপোষকতার ফল হিসেবে দেখেন।

আরও যত অপকর্ম 

২০২০ সালে নাফিস সরাফাত পদ্মা ব্যাংকের চেয়ারম্যান হলে তাকে নিয়ে একটি কার্টুন আঁকেন আহমেদ কবির কিশোর। ক্যাপশন ছিল, ‘আমি চৌ. নাফিস সরাফত/জানি ব্যাংক খাওয়ার ধারাপাত।’ ২০২০ সালের ২ মে কার্টুনিস্ট কিশোর ও ৪ মে ক্যাপশন লেখক মুশতাক আহমেদকে তুলে নেওয়া হয়। কিশোর আওয়ামী লীগ সমর্থক ছিলেন এবং শেখ রেহানার মালিকানার সাপ্তাহিক বিচিত্রা পত্রিকার কার্টুনিস্ট ছিলেন। ৫ মে গ্রেপ্তার দেখানোর পর ১০ মাসে ছয়বার তাদের জামিনের আবেদন নাকচ হয়। ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি কাশিমপুর কারাগারে মারা যান মুশতাক। তাকে নির্যাতনে হত্যার অভিযোগ ওঠে। আরও পরে জামিনে ছাড়া পেয়ে কিশোর দেশান্তরি হন। কিশোর ও মুশতাকের সঙ্গে ডিজিটাল মাধ্যমে যোগাযোগ ছিল এই অভিযোগে ঢাকা স্টক এক্সেচেঞ্জের পরিচালক মিনহাজ মান্নান ইমনকেও গ্রেপ্তার করা হয়। ইমনের ছোট ভাই মার্কিন দূতাবাসে কর্মরত অবস্থায় নিহত হয়েছিলেন। একজন প্রভাবশালী মন্ত্রীর নিকটাত্মীয় হওয়া সত্ত্বেও ইমনকে দীর্ঘদিন জেল খাটতে হয়।

চৌধুরী নাফিজ সরাফাতের বক্তব্য

জানতে চাইলে প্রতিবেদন বিষয়ে চৌধুরী নাফিজ সরাফাত হোয়াটসঅ্যাপে টেক্সটের মাধ্যমে প্রতিদিনের বাংলাদেশকে জানান, তার বিরুদ্ধে বিএফআইইউর প্রতিবেদনে ভুল তথ্য ও বিভ্রান্তি রয়েছে। তিনি বলেন, “আমরা ইতোমধ্যে সিআইডিকে প্রতিটি বিষয় বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছি এবং সব নথি জমা দিয়েছি।”

তিনি আরও বলেন, “এই বিষয়টি ৫২টি কোম্পানি ও বিপুল পরিমাণ বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) সম্পর্কিত। বিনিয়োগ এসেছে কাতার ভিত্তিক প্রতিষ্ঠান, নেবরাস পাওয়ার, জেনারেল ইলেকট্রিক ও কেকেআরসহ আন্তর্জাতিকভাবে স্বীকৃত সংস্থা থেকে। সব অর্থ বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে এসেছে এবং কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনপ্রাপ্ত।”

নাফিজ সরাফাত অভিযোগ করেন, তার সব লেনদেন ও বিনিয়োগকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে প্রতিবেদনে। তিনি বলেন, প্রায় ৯০০ মিলিয়ন মার্কিন ডলারের একটি বিদ্যুৎ প্রকল্পে ৭৫ শতাংশ ঋণ ও ২৫ শতাংশ ইকুইটি থাকে। স্পন্সরের ইকুইটি অবদান বৈধ মূলধন বিনিয়োগ।

একটি ক্ষেত্রে ৮০০ কোটি টাকার ইকুইটি বিনিয়োগের মধ্যে ৫০০ কোটি টাকা বন্ড ইস্যুর মাধ্যমে সংগ্রহ করা হয়। এসব বন্ড আর্থিক প্রতিষ্ঠানগুলো ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সাবস্ক্রাইব করেছে এবং স্পন্সর সুদসহ তা পরিশোধ করছে। সরাফাত বলেন, “এটি একটি মানসম্মত ও সম্পূর্ণ বৈধ আর্থিক ব্যবস্থাÑ মানি লন্ডারিং নয়।”

তিনি আরও জানান, নেদারল্যান্ডস ভিত্তিক আন্তর্জাতিক বিনিয়োগকারীদের অর্থও ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। এসব প্রতিষ্ঠান বিশ্বব্যাপী বিদ্যুৎ ও বিনিয়োগ খাতের অন্যতম বড় অংশীদার। তাদের ইকুইটি অংশগ্রহণ এবং স্থানীয় কোম্পানির ঘোষিত ও কর-পরিশোধিত অর্থ বৈধ।

সরাফাতের দাবি, অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করা হয়েছে। তিনি বলেন, “আমরা সিআইডিকে পূর্ণাঙ্গ বিশ্লেষণ দিয়েছি, যাতে প্রমাণ হয় সব লেনদেন বৈধ, স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক। আমরা সম্পূর্ণ আত্মবিশ্বাসী যে, স্বাধীনভাবে আবার যাচাই করলে সব লেনদেনের বৈধতা প্রমাণিত হবে।”


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা